জানুয়ারি ০৬, ২০২২ ১২:৫৭ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৬ জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বুয়েটছাত্র আবরার হত্যা: ডেথ রেফারেন্সের জন্য নথি হাইকোর্টে পাঠানো হলো: প্রথম আলো
  • বাংলামোটরে যমুনা টিভিতে অগ্নিকাণ্ড, সাংবাদিকরা বেরিয়ে রাস্তায়-দৈনিক কালেরকণ্ঠ
  • মাহবুব তালুকদার প্রসঙ্গে সিইসি‘তিনি একেক সময় একেকটা শব্দ চয়ন করেন মিডিয়ায় প্রচারের জন্য’- দৈনিক মানবজমিন

  • ১২ বছরের বেশি বয়সিরা টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না’ -যুগান্তর
  • সেরা হয়ে লাভ কি যদি দেশের জন্য না খেলে, সাকিবকে নিয়ে পাপন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন 

  • টিকার সনদ ছাড়া ট্রেন-লঞ্চে চলাচল নিষেধ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • উত্তরপ্রদেশে আসাদউদ্দিন ওয়াইসিকে ঘর দিতে অস্বীকার করল হোটেল কর্তৃপক্ষ, ক্ষুব্ধ নেতারা- দৈনিক পুবের কলম
  • মোদির নিরাপত্তা নিয়ে গোয়েন্দাদের তথ্য অগ্রাহ্য পাঞ্জাব পুলিশের!‌ সুপ্রিম কোর্টে শুনানি কাল আজকাল
  • বুল্লি বাই’ অ্যাপ-নির্মাতা বি-টেকের ছাত্র, অসম থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ!-দৈনিক আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি

বুয়েটছাত্র আবরার হত্যা: ডেথ রেফারেন্সের জন্য নথি হাইকোর্টে পাঠানো হলো: প্রথম আলো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যায় ২০ আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার নথিপত্র বিচারিক আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এই নথিপত্র হাইকোর্টে পাঠান। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া।

আইনজীবীরা বলছেন, মামলায় বিচারিক আদালতে কোনো আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) মামলা হিসেবে পরিচিত।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়।

এই পর্যায়ে সাজার রায়ের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তিরা কারাগারে থেকে জেল আপিল করতে পারেন। এ ছাড়া দণ্ডাদেশের বিরুদ্ধে নিয়মিত আপিল ও বিবিধ আবেদনও করতে পারেন আসামিরা।

বাংলামোটরে যমুনা টিভিতে অগ্নিকাণ্ড, সাংবাদিকরা বেরিয়ে রাস্তায়-দৈনিক কালেরকণ্ঠ

রাজধানীর বাংলামোটরে আগুন লাগা রাহাত টাওয়ারে যমুনা টিভির নগর কার্যালয়ে সেন্টার রয়েছে। আগুন লাগার পর প্রতিষ্ঠানটির কর্মীরা নিরাপদে রাস্তায় নেমে গেছেন। যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট সুশান্ত সিনহা এ কথা জানিয়েছেন।

সুশান্ত সিনহা বলেন, ‘এখন আমাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। আমাদের অফিস ভস্মীভূত হয়ে যাচ্ছে। দমকল বাহিনীর কর্মীরা চেষ্টা করছেন। কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।’ তিনি আরো বলেন, ‘আমাদের অফিসের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমাদের ল্যাপটপ, ক্যামেরা, কম্পিউটার পুড়ে যাচ্ছে। আমরা সবাই যে নিরাপদে বের হতে পেরেছি, সেটা অনেক বড় বিষয়।’

১২ বছরের বেশি বয়সিরা টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না’ যুগান্তর

১২ বছরের বেশি বয়সি শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে যেতে হবে। করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নেওয়া না থাকলে তাদের স্কুলে যেতে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সরকার জোরালোভাবে ভাবছে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।

তিনি জানান, ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে বলা হয়েছে।  আজ কেবিনেট বৈঠকে শিক্ষামন্ত্রীকে বলা হয়েছে। এতক্ষণে শিক্ষা মন্ত্রণালয় নিশ্চয় এ ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সিদ্ধান্ত শুধু স্কুল শিক্ষার্থীদের জন্য যাদের বয়স ১২ থেকে ১৭ বছর। কলেজ বা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ ধরনের নির্দেশনা নয়।

টেকনিক্যাল কমিটির সঙ্গে বসে দুয়েক দিনের মধ্যে সেটা জানিয়ে দেওয়া হবে। তবে স্কুল শিক্ষার্থীদের ক্ষেত্রে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। 

এর আগে করোনার টিকা ছাড়া হোটেল রেস্টুরেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।  

মাহবুব তালুকদার প্রসঙ্গে সিইসি‘তিনি একেক সময় একেকটা শব্দ চয়ন করেন মিডিয়ায় প্রচারের জন্য’- দৈনিক মানবজমিন 

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মিথ্যাচার করেন। তিনি এজেন্ডা বাস্তবায়নের জন্য ইসি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের আরও বলেন, উনি তো এরকম বলেন সবসময়। একেকটা সময় একেকটা শব্দ চয়ন করেন, মিডিয়ায় প্রচার করার জন্য। এই কথাগুলো অপ্রাসঙ্গিক কথা। অপ্রচারমূলক কথা। নির্বাচন কমিশনকে অপবাদ দেওয়ার কথা।গতকাল বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এছাড়াও তিনি নিজেদের দায় শিকারমূলক মন্তব্যও করেন।বিষয়টি নিয়ে সিইসি বলেন, ভোটযুদ্ধ আছে ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে? টেলিভিশনে দেখিয়েছে সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই।

সেরা হয়ে লাভ কি যদি দেশের জন্য না খেলে, সাকিবকে নিয়ে পাপন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন 

বাংলাদেশের সর্বকালের সেরা তো বটেই বিশ্বের সেরা অলরাউন্ডারদেরও একজন সাকিব। রেকর্ড ভাঙা আর গড়ার খেলাটা সাকিব আল হাসানের জন্য নতুন কিছু নয়। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ব্যাটে-বলে পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। 

দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান, রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়াই যেন তার কাজ। মাঠে নামলেই গড়েন কোন না কোন রেকর্ড। কিন্তু পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে থাকায় জৈব সুরক্ষা বলয়ের কারণে সব ফরম্যাটে খেলা বেশ খানিকটা কঠিন হয়ে গেছে সাকিবের জন্য। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বাংলাদেশের খেলা আট টেস্টের মাঝে মাত্র তিনটিতে খেলেছেন সাকিব। বাকি পাঁচটির মাঝে দুটি হাতছাড়া করেছেন ইনজুরির কারণে। 

গত বছর শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলা বাদ দিয়ে আইপিএলে খেলতে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব নিজেও জানিয়েছেন, একসঙ্গে তিন ফরম্যাট খেলা প্রায় অসম্ভব। ইঙ্গিত দিয়েছিলেন টেস্ট ক্রিকেট ছাড়ার। আর সেই সাকিব সম্প্রতি আবার সমালোচনার মুখে পড়েছেন বিভিন্ন সময় ক্রিকেট থেকে ছুটি কিংবা কোন ফরম্যাট থেকে সরে যাওয়ার ইচ্ছে পোষণ করায়। এবার সাকিবকে কাঠ গড়ায় দাঁড় করালেন স্বয়ং বিসিবি সভাপতিই।

বেসরকারি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাকিবের টেস্ট খেলাসহ বেশ কয়েকটি বিষয়ের কথা জানান বিসিবি সভাপতি। সাকিবের টেস্ট ফরম্যাটে খেলার ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, "টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে -এরকম আমরা শুনিনি। মানে আমার সঙ্গে কোনো কথা হয়নি বা এমনকি কেউ বলেনি। তবে ওর ব্যাপারে একটা অনিশ্চয়তা তো আছেই। কারণ ও কখন খেলবে আর কখন খেলবে না -এটা নিয়ে সব সময়ই একটা অনিশ্চয়তা আছে আমাদের মধ্যে। আমি মনে করি এটি দলের জন্য তো খারাপই তেমনি ওর জন্যও খারাপ। "

যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সাকিব টেস্ট খেলার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করলেও পরবর্তীতে সব ফরম্যাটে খেলার কথা জানিয়েছেন তিনি বলে দাবি করেন পাপন। এছাড়া দেশের জন্য না খেলে সেরা খেলোয়াড় হওয়া যায়না উল্লেখ করে পাপন বলেন,"আমার সঙ্গে ওর সর্বশেষ যে কথা হয়েছে, যতদূর জানি এখন থেকে নিয়মিত খেলবে সব ফরম্যাটেই। আমরা সবসময় বলে আসছি নিঃসন্দেহে ও আমাদের সেরা খেলোয়াড়। কিন্তু সেরা খেলোয়াড় হয়ে লাভ নেই, যদি না খেলে দেশের জন্য।"

টিকার সনদ ছাড়া ট্রেন-লঞ্চে চলাচল নিষেধ-দৈনিক নয়া দিগন্ত

মহামারি করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ রোধে টিকা নেয়ার সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলে প্রবেশ করা যাবে না। একই সাথে ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওমিক্রন নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। গত ৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে (মূলত ছিলেন প্রধান অতিথি) একটি সভা হয়েছে। সেখানে যেই বিষয়টি পয়েন্ট আউট করা হয়েছে, সেটা হলো ভ্যাকসিনটা আরো জোরদার করতে হবে। বুস্টারটাকে আরো কীভাবে কমফোর্ট্যাবল ও বিস্তৃত করা যায় সেটা দেখতে হবে।’

দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা, দ্বিতীয় দিল্লি-দৈনিক নয়াদিগন্ত

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে উঠে এসে বাংলাদেশের রাজধানী ঢাকা। অপরদিকে ভারতের রাজধানী দিল্লি আছে তালিকার দ্বিতীয় স্থানে।

বৃহস্পতিবার সারাবিশ্বের বাতাসের মানের সূচক নিরীক্ষণকারী আইকিউএয়ারে এই তথ্য জানানো হয়। আইকিউ এয়ারে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই) ১৯৭ রেকর্ড করা হয়, যা অস্বাস্থ্যকর। অপরদিকে, দিল্লির একিউআই রেকর্ড করা হয় ১৮৯। তালিকার শীর্ষ পাঁচে থাকা অপর শহরগুলো হচ্ছে উত্তর মেসিডোনিয়ার স্কোপিজে, পাকিস্তানের লাহোর ও ভারতের অপর শহর কলকাতা। এই শহরগুলোর একিউআই রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৮৪, ১৮১ ও ১৭৯।

উত্তরপ্রদেশে আসাদউদ্দিন ওয়াইসিকে ঘর দিতে অস্বীকার করল হোটেল কর্তৃপক্ষ, ক্ষুব্ধ নেতারা- দৈনিক পুবের কলম

উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে নিজের দলকে শক্তিশালী করতে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি একটানা সফরে রয়েছেন।  তাঁর সভাগুলোতে প্রচুর মানুষজনের উপস্থিতি থেকে দলের পক্ষ থেকে আশাপ্রকাশ করা হচ্ছে যে তারা রাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক আসনে জয়ী হবে। দলটির দাবি, তাদের পক্ষে জনগণের সমর্থন থাকায় ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয় দলের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে।

দু’দিন আগে মোরাদাবাদ সফরের আগে দলীয় কর্মীরা শহরের একটি হোটেলে আসাদউদ্দিন ওয়াইসির জন্য কয়েকটি রুম বুক করেছিলেন। কিন্তু ওয়াইসির পৌঁছানোর সময় হলে হোটেল কর্তৃপক্ষ তাঁর জন্য রুম দিতে অস্বীকার করেন। তারা বলেন, এটি এলআইইউ-এর (স্থানীয় গোয়েন্দা ইউনিট) পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে, হোটেলের নির্ধারিত রুম না পেয়ে দলীয় নেতারা ক্ষোভ প্রকাশ করে ওই ইস্যুতে তোলপাড় সৃষ্টি করেন। 

মোদির নিরাপত্তা নিয়ে গোয়েন্দাদের তথ্য অগ্রাহ্য পাঞ্জাব পুলিশের!‌ সুপ্রিম কোর্টে শুনানি কাল-দৈনিক আজকাল

বিক্ষোভ যে হতে পারে, সেই নিয়ে‌ গোয়েন্দারা সমস্ত তথ্য দিয়েছিল। তার পরেও পাঞ্জাব পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়নি। এমনকী ‘‌ব্লু বুক’‌–এর নির্দেশও মানেনি। আর একটু হলেই বিপদে পড়তে পারতেন দেশের প্রধানমন্ত্রী। অনেক কিছুই হতে পারত। এবার পাঞ্জাব পুলিশের দিকে এই নিয়েই আঙুল তুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিষয়টি এবার পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি আগামীকাল। 

বুল্লি বাই’ অ্যাপ-নির্মাতা বি-টেকের ছাত্র, অসম থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ!-দৈনিক আনন্দবাজার পত্রিকা

বুল্লি বাই অ্যাপের নির্মাতা, ২১ বছর বয়সী নীরজ বিষ্ণোইকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্ত নীরজকে দিল্লি পুলিশ অসম থেকে গ্রেফতার করে। এই মামলায় এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

এই অ্যাপটিতে সম্মতি ছাড়াই নিলামের জন্য বেশ কয়েকজন মুসলিম মহিলার ছবি আপলোড করার অভিযোগ উঠেছিল। এর পরেই নেটমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে সরব হন ব্যবহারকারীরা। নীরজ ভোপালের ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের বি.টেক-এর ছাত্র৷ সে অসমের দিগম্বরের যোরহাট এলাকার বাসিন্দা। পুলিশ তার বাড়ি থেকে একটি কম্পিউটারও বাজেয়াপ্ত করেছে যাতে এই অ্যাপটি তৈরি করা হয়েছিল। একজন প্রবীণ পুলিশকর্তা জানিয়েছেন, অভিযুক্তকে নিয়ে দিল্লি পুলিশের দল বিকেল সাড়ে ৩টেয় দিল্লি বিমানবন্দরে পৌঁছবে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।