ওমিক্রন: লকডাউন না,বাড়ছে আক্রান্ত
করোনায় লকডাউনের চিন্তা নেই-পররাষ্ট্রমন্ত্রী, ১ সপ্তাহে করোনা শনাক্ত ১১৫% বেড়েছে
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- পার্থ গোপাল বণিকের ৮ বছর কারাদণ্ড-প্রথম আলো
- লকডাউনের চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী-মানবজমিন
- সংলাপে বিএনপি অংশ না নিলেও কোনো কিছু থেমে থাকবে না’-ইত্তেফাক
- বাবুলের মামলায় তাকেই গ্রেফতার দেখানোর আদেশ-যুগান্তর
- দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সেটিই আমি চাই: শেখ হাসিনা-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- বিজেপি নেতাদের ‘বিদ্রোহ’ অব্যাহত! এবার যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পাণ্ডা -আনন্দবাজার পত্রিকা
- সরকারি হিসেবের চেয়েও ৬ গুণ বেশি ভারতীয় করোনা আক্রান্ত, দাবি গবেষকদের-সংবাদ প্রতিদিন
- ভ্যাকসিন ভেদ করেই ঢুকছে শরীরে! ৮১ শতাংশ ওমিক্রন আক্রান্তেরই নেওয়া ছিল ডবল ডোজ –আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ঘুষ ও অর্থপাচার মামলায় ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের ৮ বছরের কারাদণ্ড। বাংলাদেশের সবগুলো পত্র পত্রিকায় এ খবর এসেছে। কিভাবে দেখছেন বিষয়টিকে?
২. তেহরান সফরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এই সফর থেকে আসলে তালেবান সরকার কি পেতে চাইছে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সেটিই আমি চাই: শেখ হাসিনা-কালের কণ্ঠ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুক, সেটিই আমি চাই।’ আজ রবিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৮টি বিভাগীয় শহরের মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০০শয্যাবিশিষ্ট পূর্ণাঙ্গ ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন। সেখানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা দিয়ে যাচ্ছি। ৩১ কোটি ডোজ টিকার ব্যবস্থা করে রেখেছি। সবাইকে অনুরোধ করবো, ভয় না পেয়ে টিকাটা নিয়ে নিন। টিকা নিলে অন্তত আপনার জীবনটা রক্ষা পাবে।’
লকডাউনের চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী-মানবজমিন
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকলেও ফের লকডাউন দেয়ার কোনো পরিকল্পনা এখনও নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ওমিক্রনে আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে রোববার ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের টিকার বুস্টার ডোজ প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দেশে এক সপ্তাহে করোনা শনাক্ত ১১৫% বেড়েছে: স্বাস্থ্য অধিদপ্তর-প্রথম আলো
দেশে গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ১১৫ শতাংশ। নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম। আজ রোববার বেলা দুইটায় এই ব্রিফিং হয়।
আজকের ব্রিফিংয়ে অধ্যাপক নাজমুল ইসলাম জানান, গতকাল শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে দেশে ৬ হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ৩ হাজার ৩৭৬ জন বেশি। অর্থাৎ এক সপ্তাহে সংক্রমণ প্রায় ১১৫ শতাংশ বেড়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের গুজবে কান না দিতে আহ্বান শিক্ষামন্ত্রীর-প্রথম আলো
করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেছেন, যারা বলছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে, তারা শুধু সংবেদনশীলতা সৃষ্টি করার জন্য করছে; অন্য কিছু না। তারা নানাভাবে গুজব ছড়ায়, সব সময়ই গুজব হয়, গুজবে কান দেবেন না। যদি বন্ধ করতে হয় আমরাই বলব। প্রয়োজনে বন্ধ করব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সেই প্রয়োজন অনুভুত হবে, ততক্ষণ পর্যন্ত বন্ধ করা হবে না।
আজ রোববার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
বাবুলের মামলায় তাকেই গ্রেফতার দেখানোর আদেশ-যুগান্তর
স্ত্রী মাহমুদা খানম হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলায় তাকেই গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। রোববার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবুলকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে ম্যাজিস্ট্রেট আবদুল হালিম বলেন, মামলার আসামিদের জবানবন্দি ও তদন্তে স্ত্রী খুনে বাবুল জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। তাই বাদী বাবুল তার করা মামলায় আসামি হয়েছেন। তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করা হয়েছে। শুনানি শেষে আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, আদালত বাবুলের করা মামলাটি তদন্তের জন্য গত বছরের ৩ নভেম্বর পিবিআইকে নির্দেশ দেন। একই ঘটনায় বাবুলের শ্বশুরের করা মামলাটিও তদন্ত করছে পিবিআই। এ মামলায় বাবুলকে ১২ মে গ্রেফতার করা হয়।
‘সংলাপে বিএনপি অংশ না নিলেও কোনো কিছু থেমে থাকবে না’-ইত্তেফাক
রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নিলেও কোনো কিছু থেমে থাকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার (৮ জানুয়ারি) এ মন্তব্য করেন তিনি।
এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন বিএনপি অংশ নেয়নি তাই রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন। বিএনপি ছাড়াও এদেশে আরও রাজনৈতিক দল আছে এ কথা সম্ভবত তারা ভুলে গেছে। বিএনপি অংশ না নিলে কোনও কিছুই থেমে থাকবে না, থেমে থাকবে না রাষ্ট্রের গণতন্ত্র এবং সাংবিধানিক প্রক্রিয়ার ধারাবাহিকতা।’
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
সরকারি হিসেবের চেয়েও ৬ গুণ বেশি ভারতীয় করোনা আক্রান্ত, দাবি গবেষকদের-সংবাদ প্রতিদিন
ভারতে এই মুহূর্তে ঠিক কতজন করোনা আক্রান্ত? হিসেব অজানা। কারণ, যাঁরা করোনা আক্রান্ত তাঁদের অনেকে নিজেরাই জানেন না যে তাঁরা আক্রান্ত। বিপুল জনসংখ্যার এই দেশে সকলের করোনা পরীক্ষা করা কার্যত অসম্ভব। এই অবস্থায় যাঁদের শরীরে লক্ষণ রয়েছে, তাঁদেরও অনেকে ভয়ে এবং অনেকে অর্থ বাঁচাতে পরীক্ষা করাচ্ছেন না।বহু ক্ষেত্রে চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন পরীক্ষা না করেই সমস্ত নিয়ম মেনে পাঁচ থেকে সাত দিনে সুস্থ হয়ে ওঠার। ফলে প্রতিদিন সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টে যে সংখ্যা পাওয়া যাচ্ছে আক্রান্তের সংখ্যা তার থেকে অনেকটাই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিজেপি নেতাদের ‘বিদ্রোহ’ অব্যাহত! এবার যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শঙ্কুদেব পাণ্ডা-আনন্দবাজার পত্রিকা
যতদিন যাচ্ছে, প্রকট হচ্ছে বিজেপির অন্তর্কলহ। সম্প্রতি বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়েছে সাংসদ শান্তনু ঠাকুরের। খানিকটা তাঁর পথ অনুসরণ করেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এবার এই তালিকায় নবতম সংযোজন শঙ্কুদেব পাণ্ডা। জানা গিয়েছে, বিজেপির যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন তিনি।একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলায় প্রকট হয়েছে গেরুয়া শিবিরের (BJP) ভাঙন। বিজেপি ছেড়ে অনেকেই নাম লিখিয়েছেন শাসকদলে। আবার একাধিক তারকা মুখ সরে দাঁড়িয়েছেন রাজনীতি থেকেও। এমন পরিস্থিতিতে নতুন করে পদ্মশিবিরের অস্বস্তি বাড়ালেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি শঙ্কুদেব। রবিবারই জানা যায়, তিনি ওয়েস্টবেঙ্গল বিজেপি যুব মোর্চার গ্রুপ থেকে বেরিয়ে যান। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ভ্যাকসিন ভেদ করেই ঢুকছে শরীরে! ৮১ শতাংশ ওমিক্রন আক্রান্তেরই নেওয়া ছিল ডবল ডোজ-দৈনিক আজকাল
প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় দৈনিক করোনা আক্রান্ত ১৯ হাজার ছুঁইছুঁই। কিন্তু এরই মধ্যে বাড়ছে ওমিক্রন উদ্বেগ। এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে ছাড় পাচ্ছেন না ডবল ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাও। পরীক্ষায় দেখা গিয়েছে, ৮১ শতাংশ ওমিক্রন আক্রান্তের কোভিড ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়া ছিল। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে শিশুরাও। রাজ্যে যত শিশু আক্রান্ত হয়েছে তাদের ৬৯ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯