ফেব্রুয়ারি ২২, ২০২২ ১৫:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ইউক্রেন সংকট-পুতিনের ঘোষণার পর তেলের দাম বাড়ছে, শেয়ারবাজারের সূচক পড়ছে-প্রথম আলো

  • রাশিয়ার পদক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন: জাতিসংঘ প্রধান-ইত্তেফাক
  • যে মুসলিম দেশ ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে-যুগান্তর
  • গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর-মানবজমিন
  • ২৬ ফেব্রুয়ারি পরও প্রথম ডোজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • আমার সঙ্গে টেলিভিশন বিতর্কে বসুন’, সরাসরি মোদিকে প্রস্তাব ইমরানের–সংবাদ প্রতিদিন
  • আনিসের দোষীদের শাস্তির দাবিতে পথে পড়ুয়ারা, বিক্ষোভ বাড়ছে শহরে-আজকাল 
  • কেন এসেছেন? দিদিকে সিবিআই ডাকতে বলুন, বাড়িতে ‘সিট’ ঢুকতেই বললেন আনিসের বাবা-আনন্দবাজার পত্রিকা

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

কথাবার্তার প্রশ্ন 
১. শহীদ মিনারে ফুল দেয়া নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষ। এ খবর দিয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। কী বলবেন আপনি?
২. ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন দেশের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পদক্ষেপকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

ইউক্রেন সংকট-পুতিনের ঘোষণার পর তেলের দাম বাড়ছে, শেয়ারবাজারের সূচক পড়ছে-বাংলাদেশ প্রতিদিন

পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে সেখানে সেনা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তাতেই বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, এমন আশঙ্কায় পণ্যটির দাম আরও বেড়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল সোমবার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। পরে সেখানে সেনা পাঠানোরও নির্দেশ দেন তিনি। তাতে আজ মঙ্গলবার সকাল থেকেই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। বৈশ্বিক শেয়ারবাজারেও গতকাল থেকে সূচক পড়ছে।

আন্তর্জাতিক বাজারের আগাম কেনাবেচায় আজ এরই মধ্যে ব্রেন্ট ক্রুড জ্বালানি তেলের প্রতি ব্যারেলের (৪২ মার্কিন গ্যালন বা ১৫৯ ব্রিটিশ লিটার) দাম বেড়ে ৯৮ দশমিক ২১ মার্কিন ডলারে উঠে গেছে, যা বিগত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড অয়েলের দামও প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৮২ ডলারে উন্নীত হয়েছে।

এদিকে ইউক্রেন সীমান্তে রুশ প্রেসিডেন্টের আরও সেনা পাঠানোর নির্দেশ ও পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ায় যুক্তরাজ্য ও তার বেশ কয়েকটি পশ্চিমা মিত্র উদ্বেগ প্রকাশ করেছে। তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। সে ক্ষেত্রে রাশিয়াও পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে রাশ টানতে পারে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক হলো রাশিয়া। সবচেয়ে বেশি পরিমাণ তেল রপ্তানি করে সৌদি আরব।

ম্যানুলাইফ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সু ট্রিন বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সীমান্ত ‘উত্তেজনার ‌উল্লেখযোগ্য প্রভাব’ থাকতে পারে। তিনি বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে তারা তখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমিয়ে দিতে পারে, যা ‘বিশ্ব অর্থনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে’।

পশ্চিমা শক্তিগুলো মনে করে, বিদ্রোহী-নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের অঞ্চলগুলোকে ভ্লাদিমির পুতিনের স্বীকৃতি প্রদানের ফলে রুশ সৈন্যদের আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের পূর্বাঞ্চলে প্রবেশের পথ সুগম করেছে। দোনেৎস্ক ও লুহানস্কের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্র রাশিয়া-সমর্থিত বিদ্রোহীদের আবাসস্থল, যাঁরা ২০১৪ সাল থেকে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াই করে আসছেন। রাশিয়ার পদক্ষেপ কার্যত ওই অঞ্চলে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার পথকে ক্ষীণ করে তুলেছে।

এদিকে রুশ-ইউক্রেন উত্তেজনা জ্বালানি তেলের মতো বৈশ্বিক শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব ফেলছে। আজ এরই মধ্যে জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কেই ২২৫ সূচক ২ শতাংশের বেশি ও চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের সমন্বিত সূচক ১ দশমিক ৪ শতাংশ পড়ে গেছে। এর আগে গতকাল সোমবারের লেনদেনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৬ শতাংশ, ডাও জোন্স ১ দশমিক ৪ শতাংশ ও নাসড্যাক ১০০ সূচক ২ দশমিক ২ শতাংশ কমেছে।এ ছাড়া গতকাল লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ২৪ শতাংশ ও এফটিএসই ২৫০ সূচক ১ দশমিক ৭৪ শতাংশ, নেদারল্যান্ডসের এইএক্স ১ দশমিক ২২ শতাংশ, প্যারিসের সিএসি ৪০ সূচক ১ দশমিক ৬১ শতাংশ, ফ্রাঙ্কফুর্টের ড্যাক্স ২ শতাংশ পড়েছে।

সিআইএমবি প্রাইভেট ব্যাংকিংয়ের অর্থনীতিবিদ সং সেং উন বলেছেন, বিনিয়োগকারীদের মনে এখন রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধের আশঙ্কা ঘুরপাক খাচ্ছে। সে ক্ষেত্রে তেল সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি পরিবহনের খরচও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মিজুহো ব্যাংকের অর্থনীতি ও কৌশল বিভাগের প্রধান বিষ্ণু ভারথান বলেছেন, রাশিয়ার পদক্ষেপগুলো একটি পূর্ণাঙ্গ সংঘাতের সূত্রপাত করবে কি না, তা স্পষ্ট নয়। সেটি ঘটলে প্রথমেই দেশটির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে পশ্চিমা দেশগুলো।

জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম সম্প্রতি ৯০ ডলার অতিক্রম করে। সব মিলিয়ে পণ্যটির দাম চলতি বছরে এ পর্যন্ত ২০ শতাংশ বেড়েছে। আর গত বছরের এই সময়ের তুলনায় বেড়েছে ৮০ শতাংশ। বর্তমান পরিস্থিতির আলোকে যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যানের পূর্বাভাস হচ্ছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ১২৫ ডলারে এবং আগামী ২০২৩ সালে ১৫০ ডলারে উঠতে পারে। এর আগে ২০০৮ সালে জ্বালানি তেলের প্রতি ব্যারেলের দাম ১৪৭ ডলারে উঠেছিল, যা এযাবৎকালের সর্বোচ্চ। সূত্র: বিবিসি, সিএনবিসি

২৬ ফেব্রুয়ারি পরও প্রথম ডোজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী-কালের কণ্ঠ

আগামী ২৬ ফেব্রুয়ারির পরও করোনা টিকার প্রথম ডোজ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাই।

আজ মঙ্গলবার দুপুরে মহাখালীতে বিসিপিএস ভবনে 'আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম' বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা সবাইকে টিকা দেব। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো বলেন, আমরা বিশেষ এই টিকা কর্মসূচিতে ১ কোটি ডোজ টিকা দেওয়ার টার্গেট নিয়েছি। দরকার হলে দেড় কোটি ডোজ দেব। আমাদের হাতে দশ কোটি ডোজ টিকা আছে। এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।

টিকা প্রয়োগ কার্যক্রমে রাশিয়া-তুরস্কের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা ব্লু মবার্গ প্রশংসা করে আমাদের জানিয়েছে বিশ্বের ২০০টি দেশের মধ্যে টিকাদানে বাংলাদেশ দশম অবস্থানে জায়গা করে নিয়েছে।

জাহিদ মালেক বলেন, আমরা সাড়ে ১৮ কোটি ডোজ টিকা দিয়েছি। সেখানে জার্মানি ১৭ কোটি টিকা দেওয়া হয়েছে, রাশিয়ায় ১৬ কোটি টিকা দেওয়া হয়েছে। তুরস্ক ১৪ কোটি ডোজ টিকা দিয়েছে, থাইল্যান্ড ১২ কোটি ডোজ টিকা দিয়েছে, দক্ষিণ আফ্রিকা মাত্র ৩ কোটি ডোজ দিয়েছে। সেদিক থেকে আমরা টিকায় অনেক এগিয়ে বলে উল্লেখ করেন তিনি।

যে মুসলিম দেশ ইউক্রেনের দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে যাচ্ছে-যুগান্তর

সোমবার সকল হুমকি ধামকি উপেক্ষা করে ইউক্রেনের বিরোধপূর্ণ লুহানেস্ক ও ডোনাস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিন তিনি এক সরকারি আদেশ জারি করে এ সিদ্ধান্তের কথা জানান।

এরপর থেকে পুরো বিশ্বের প্রায় সবগুলো দেশ রাশিয়ার এমন উদ্যোগের নিন্দা জানিয়েছে। তবে রাশিয়ার পর আরেকটি দেশ লুহানেস্ক ও ডোনেস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আর সেটি হলো বিশ্বের অন্যতম বড় মুসলিম দেশ সিরিয়া।

দিমিত্রি সাবলিন রাশিয়ার একজন সাংসদ, যিনি সিরিয়ার বিষয় নিয়ে কাজ করেন তিনি রাশিয়ার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছেন তিনি। আর প্রেসিডেন্ট বাসার আল আসাদ জানিয়েছেন তিনি নতুন দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেবেন।

এ ব্যাপারে সাংসদ দিমিত্রি সাবলিন বলেন, আমি প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সিরিয়া দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দিতে প্রস্তুত আছেন যেভাবে ২০০৮ সালে জর্জিয়ার বিরোধপূর্ণ অঞ্চল দক্ষিণ ওসেতিয়া ও আবখাজিয়াকে স্বীকৃতি দিয়েছিলেন।

গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর-মানবজমিন

অপচয় রোধ ও চুরি ঠেকাতে পর্যায়ক্রমে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে এসব স্থানে ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুতে ভর্তুকির কমাতে বলেছেন।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরেন।প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বড় বড় খাতে যারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন তারা গরিব নয়। গুলশানে যারা বসবাস করেন তারা গরিব নয়। সেজন্য প্রাথমিকভাবে বড় বড় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন। এছাড়া ভর্তুকি কমানোর কৌশল বের করতে বলেছেন তিনি।

রাশিয়ার পদক্ষেপ ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন: জাতিসংঘ প্রধান-ইত্তেফাক

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার রুশ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, এটি ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন। 

এক বিবৃতিতে তিনি বলেন, রুশ ফেডারেশনের এই সিদ্ধান্ত আঞ্চলিক অখণ্ডতা ও ইউক্রেনের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।

মস্কোর স্থানীয় সময় সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। 

এছাড়াও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুটি প্রজাতন্ত্রের স্বাধীনতার স্বীকৃতি দেয়ায় দ্রুতই এর নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, পুতিনের এ পদক্ষেপ মিনস্ক শান্তি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

ন্যাটো জোটের প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার এই উদ্যোগ ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে আবারো খাটো করলো। একইসঙ্গে এটি মিনস্ক চুক্তিরও লঙ্ঘন করলো। রাশিয়া মূলত ইউক্রেনে হামলার অজুহাত খুঁজছে।

ইউরোপীয় ইউনিয়নের দুই জ্যেষ্ঠ সদস্য উরসালা ভন দার লিয়েন এবং চার্লস মাইকেল টুইটারে এক বিবৃতিতে বলেছেন, পুতিনের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের তীব্র লঙ্ঘন।

কেন এসেছেন? দিদিকে সিবিআই ডাকতে বলুন, বাড়িতে ‘সিট’ ঢুকতেই বললেন আনিসের বাবা-আনন্দবাজার পত্রিকা

সিট’কে আলাদা করে বয়ান দিতে চাননি আনিসের বাবা। আনিস মৃত্যুর তদন্তে সিট গঠন করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করতে যাননি তিনি।

ছেলের মৃত্যুর তদন্ত করতে আসা ‘সিট’কেই এবার প্রশ্ন করলেন মৃত ছাত্র নেতা আনিসের বাবা। তিনি বললেন, ‘‘দিদিই আমাদের মুখ্যমন্ত্রী, ওঁকে অমান্য করব না। কিন্তু আপনাদের কেন পাঠাচ্ছেন?’’ এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের পুলিশ এবং প্রশাসনের তদন্ত প্রক্রিয়ার উপর অনাস্থা জানালেন তিনি। প্রকাশ্যে।

সোমবারই আনিস মৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার বিকেলে আমতায় আনিসের বাড়িতে পৌঁছন আনিস মৃত্যু রহস্যের বিশেষ তদন্তকারী দল ‘সিট’-এর সদস্য মিরাজ খালিদ এবং ধ্রুবজ্যোতি দে। ঘটনাস্থল এবং আশপাশের এলাকা পরীক্ষা করার পর আনিসের পরিবারের সঙ্গে কথা বলতে এলে আনিসের বাবা তাঁকে প্রশ্ন করেন, ‘‘আপনারা কেন এসেছেন? কতবার একই কথা বলব?’’ কার্যত ‘সিট’কে আলাদা করে বয়ান দিতে অস্বীকারই করেন তিনি।

আনিসের দোষীদের শাস্তির দাবিতে পথে পড়ুয়ারা, বিক্ষোভ বাড়ছে শহরে-আজকাল 

 তিন দিন হয়ে গিয়েছে।

এখনও আনিস–কাণ্ডে ধরা পড়েনি এক জনও। কেন?‌ এই প্রশ্ন তুলে পথে নামলেন পড়ুয়ারা। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, নিজেদের মতো করে প্রতিবাদ করছেন তাঁরা। দাবি একটাই, আনিস কাণ্ডে দোষীদের সাজা দিতে হবে।এদিন আনিস–কাণ্ডে প্রতিবাদ জানিয়ে মহাকরণ পর্যন্ত অভিযানে নামে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যদিও গন্তব্যে পৌঁছনো হয়নি। পথে পার্ক সার্কাস ক্রসিংয়ে তাঁদের আটকে দেয় পুলিশ। পড়ুয়াদের আটকানোর জন্য প্রস্তুত হয়েছিল পুলিশ আগেই। ডোরিনা ক্রসিংয়ে ত্রিস্তরীয় ব্যারিকেড দেওয়া হয়। যদিও তার আগে পার্ক সার্কাসেই তাঁদের আটকানো হয়।তবে পড়ুয়ারাও নাছোড়। তাঁরা পার্ক সার্কাসেই রাস্তায় শুয়ে পড়েম। স্লোগান দিতে থাকেন। মল্লিক বাজার, মৌলালি হয়ে মহাকরণের দিকে যাওয়ার কথা এই মিছিলের। এর ফলে তীব্র যানজটের মুখেও পড়েছেন নিত্যযাত্রীরা। এসএন ব্যানার্জি রোডেও রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সাউথ–ইস্ট ডিভিশনের ডেপুটি কমিশনার অব পুলিশ নিজে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

আমার সঙ্গে টেলিভিশন বিতর্কে বসুন’, সরাসরি মোদিকে প্রস্তাব ইমরানের–সংবাদ প্রতিদিন

মাস দুয়েক আগে পাকিস্তানের (Pakistan) অভ্যন্তরীণ রাজনীতিতে বিপাকে পড়ে ‘শত্রু’ ভারতের প্রশস্তি গেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এবার ফের দু’দেশের সম্পর্কের দূরত্ব মেটাতে আগ্রহ প্রকাশ করলেন ইমরান। তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে টেলিভিশন-বিতর্কে অংশ নিতেও রাজি তিনি। রাশিয়ায় একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার এমনটাই জানালেন পাক প্রধানমন্ত্রী। ঠিক কী বলেছেন ইমরান?

প্রায় ২৩ বছর পরে রাশিয়া সফরে যাচ্ছেন কোনও পাকিস্তানি প্রধানমন্ত্রী। বুধবার ইমারনের রাশিয়ায় পৌঁছানোর কথা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাশিয়া সফরের প্রাক্কালে সাক্ষাৎকারে ইন্দো-পাক সম্পর্ক নিয়ে বলতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিভিশনে বিতর্কে অংশ নিতে চাই। আমার মনে হয়, এমন একটি বিতর্কের ফলে উপমহাদেশের কোটি কোটি মানুষের উপকার হবে।”

পার্সটুডে/বাবুল আখতার//২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।