ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৩:২২ Asia/Dhaka
  • এক নজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৬ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • এক শহর দখলে নিল রাশিয়া, লাল পতাকা দিয়ে স্বাগত জানাল কয়েকজন -প্রথম আলো
  • ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণ-মানবজমিন
  • বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক
  • প্রথমবারের মতো ‘রেসপন্স ফোর্স’ মোতায়েন করছে ন্যাটো: প্রধানমন্ত্রী-যুগান্তর
  • কিয়েভে আঘাত হানল দুই ক্ষেপণাস্ত্র-কালের কণ্ঠ
  • ইউক্রেনে অস্ত্র পাঠাতে ৬০০ মিলিয়ন ডলারের স্মারকে সই করলেন বাইডেন -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • সিবিআই তদন্তের দাবিতে প্রাণনাশের হুমকির ঘটনায় আমতা থানায় অভিযোগ আনিসের দাদার-সংবাদ প্রতিদিন
  • রুশ ফৌজের অগ্রগতি ঠেকাতে আড়াই হাজার বছরের পুরনো চিনা রণনীতি ইউক্রেনের-আনন্দবাজার পত্রিকা
  • ইউক্রেনের পশ্চিমে থাকুন, আটকে পড়া ভারতীয়দের বার্তা দূতাবাসের -আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

এক শহর দখলে নিল রাশিয়া, লাল পতাকা দিয়ে স্বাগত জানাল কয়েকজন -প্রথম আলো

কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিটপোল শহর দখলে নিয়েছে রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের আজ এমন কথা জানায়। খবর  বিবিসির। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের আজভস্কয়ের জনবহুল এলাকার কাছে নামার পর স্থানীয় সময় ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাশিয়ার সেনাদের একটি দল কোনো প্রতিরোধ ছাড়া মেলিটপোলে প্রবেশ করে। শহরে টহলরত রুশ সেনাদের স্বাগত জানাচ্ছে বাসিন্দারা। প্রাপ্তবয়স্ক অনেকে লাল পতাকা নিয়ে রাস্তায় নামেন। এদিকে প্রথম আলোর ভিন্ন একটি শিরোনামের খবর ।ইউক্রেন-রাশিয়া সংঘাত চলছে। রুশ সেনারা ইউক্রেনের কিয়েভে ঢুকে পড়েছেন। বিস্ফোরণ ও গোলাগুলি চলছে, মানুষ হতাহত হচ্ছে। এরই মধ্য ইউক্রেন থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। তবে জেলেনস্কি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

কিয়েভে আঘাত হানল দুই ক্ষেপণাস্ত্র- দৈনিক কালের কণ্ঠ

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ শনিবার সকালে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ঠিক কোথায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি হামলা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

কিয়েভ শহর প্রশাসন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি আঘাত হেনেছে আবাসিক ভবনে। রয়টার্স জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র রাজধানীর ঝুলিয়ানি বিমানবন্দরের পাশেই আঘাত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত সেই ভবনের ছবি ছড়িয়ে পড়েছে। কিছু ভিডিওতে ওই ভবনে আগুন জ্বলার দৃশ্যও দেখা গেছে।

প্রথমবারের মতো ‘রেসপন্স ফোর্স’ মোতায়েন করছে ন্যাটো: প্রধানমন্ত্রী-যুগান্তর

রাশিয়ার ইউক্রেন আগ্রাসন মোকাবিলায় প্রতিরক্ষাব্যবস্থা জোরদারে ন্যাটো জোট এই প্রথমবারের মতো দ্রুত পাল্টা ব্যবস্থা গ্রহণের মতো ‘রেসপন্স ফোর্স’ মোতায়েন করছে বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলেনবার্গ। খবর ফক্স নিউজের।

শুক্রবার ন্যাটো নেতাদের অংশগ্রহণে এক ভিডিও সম্মেলনের পর স্টলেনবার্গ বলেন, বর্তমানে একটি ঘোলাটে পরিস্থিতি বিরাজ করছে। এ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন বাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করে যাচ্ছে এবং তারা সত্যিকার অর্থে আগ্রাসী রুশ বাহিনীকে প্রতিরোধে সফল হয়েছে। তিনি বলেন, ব্যাপক পরিসরে রাশিয়ার-ইউক্রেন আগ্রাসন চলছে। তারা রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে এবং মস্কো বলেছে, ইউক্রেন সরকারের পরিবর্তন করা হচ্ছে তাদের উদ্দেশ্য। স্টলেনবার্গের সতর্ক বাণী হচ্ছে, ক্রেমলিনের আগ্রাসনে নন-ন্যাটো সদস্য দেশ ইউক্রেনের পাশের ইউরোপের সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন স্বাভাবিক’ হুমকি সৃষ্টি করেছে।

বন্ধ হচ্ছে না করোনা টিকার প্রথম ডোজ: স্বাস্থ্যমন্ত্রী-ইত্তেফাক

করোনার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় ডোজের সঙ্গে প্রথম ডোজের টিকা কার্যক্রম চলমান থাকবে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম ঘোষণা দিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারির পর করোনার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে। 

সেদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি এক দিনেই সারাদেশে করোনা ভাইরাসের এক কোটি ডোজ টিকা দেওয়া হবে।  এর ধারাবাহিকতায় আজ বিশেষ ক্যাম্পেইনে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক কোটি। তবে এই টিকা দিতে লাগছে না কোনো নিবন্ধন। দেওয়া হচ্ছে সিনোভ্যাক ও সিনোফার্মার টিকা।

ইউক্রেনে অস্ত্র পাঠাতে ৬০০ মিলিয়ন ডলারের স্মারকে সই করলেন বাইডেন -বাংলাদেশ প্রতিদিন

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে। এদিকে, পরিস্থিতি বিবেচনায় বড় সিদ্ধান্তে উপনীত হল পশ্চিমা দেশগুলো। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ মোট ২৮ দেশ ইউক্রেনকে অস্ত্রসহ অন্যান্য সহায়তা দিতে সম্মত হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে জরুরি অস্ত্র সহায়তা দিতে একটি ৬০০ মিলিয়ন ডলারের স্মারকে স্বাক্ষর করেছেন।

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষণ-মানবজমিন

গোপালগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তাররা হলেন, রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪), তূর্য মোহন্ত (২৬)।র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৮ শুক্রবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে।র‌্যাব বলছে, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় জোরপূর্বক তুলে নিয়ে ওই শিক্ষার্থীকে গণধর্ষণ করা হয়। জড়িতরা পেশাদার অপরাধী। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকায় একাধিক মামলা রয়েছে। তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

রুশ ফৌজের অগ্রগতি ঠেকাতে আড়াই হাজার বছরের পুরনো চিনা রণনীতি ইউক্রেনের-আনন্দবাজার পত্রিকা

খিস্ট্রপূর্ব পঞ্চম শতকে চিনা সমর বিশারদ সান ঝু তাঁর ‘আর্ট অফ ওয়ার’-এ লিখে গিয়েছিলেন প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে এমন কৌশলের কথা। ১৮৮২ সালে নোপোলিয়নের রাশিয়া আক্রমণের সময় জার (রুশ সম্রাট) প্রথম আলেকজন্ডারের সেনা প্রথম হাতেকলমে প্রয়োগ করেছিল সেই নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর আগ্রাসন প্রতিরোধে একই কৌশল নিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। এ বার রুশ বাহিনীর ত্রিমুখী হানা ঠেকাতে সেই ‘পোড়ামাটি (স্কর্চড আর্থ) যুদ্ধকৌশলই নিয়েছে ইউক্রেন সেনা।‘শক্তিশালী শত্রুসেনার অগ্রগতি শ্লথ করাই ‘পোড়ামাটি নীতি’র মূল কথা। পিছু হঠার সময় রাস্তা, সেতু, সম্ভাব্য বাসস্থান এবং রসদের উৎস নষ্ট করে দেওয়া তার অন্যতম অঙ্গ। উদ্দেশ্য একটাই, বার বার বাধা পেয়ে শক্রুর আগ্রাসনের গতি কমলে পরবর্তী পর্যায়ের প্রতিরোধ গড়ে তোলার জন্য সময় পাওয়া যায়। হানাদার বাহিনীর মনোবলও ধাক্কা খাওয়ার সম্ভাবনা থাকে। যুদ্ধের দ্বিতীয় এবং তৃতীয় দিনে সেই কৌশলই নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সেনা।

সিবিআই তদন্তের দাবিতে প্রাণনাশের হুমকির ঘটনায় আমতা থানায় অভিযোগ আনিসের দাদার-সংবাদ প্রতিদিন

সিবিআই তদন্তের দাবিতে প্রাণনাশের হুমকি ফোনের ঘটনায় পুলিশের দ্বারস্থ আনিস খানের (Anis Khan) দাদা। আমতা থানায় অভিযোগ দায়ের করলেন সাবির খান। তাঁর দাবি, ওসি কিঙ্কর মণ্ডলের পরামর্শ মতোই থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত।

গত ১৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাক পরিহিত একজন-সহ মোট চারজন এদিন ছাত্রনেতার বাড়িতে আসে বলেই দাবি। তাই প্রথম থেকেই পুলিশি তদন্তের উপর আস্থা নেই বলেই দাবি আনিসের বাবা সালাম খানের। সিবিআই তদন্তের দাবিতে সরব তাঁরা। আনিসের দাদার বক্তব্য অনুযায়ী, সিবিআই তদন্তের দাবিতে অনড় থাকায় তাঁকে ফোনে হুমকি দেওয়া হয়। আনিসের বাবা সালাম এবং তাঁর দাদা সাবিরকে খুন করার হুমকি দেওয়া হয় বলেই দাবি।

ইউক্রেনের পশ্চিমে থাকুন, আটকে পড়া ভারতীয়দের বার্তা দূতাবাসের -আজকাল

হাজার হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। তাঁদের দেশে ফেরাতে তৎপর হল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার একটি বিমান ইতিমধ্যেই রওনা দিয়েছে। আরও দুটি যাবে রোমানিয়া এবং পোল্যান্ডে। ভারতীয়দের ওই দুই দেশ হয়ে ফেরানোর চেষ্টা চলছে বলে খবর। এদিকে আটকে পড়া ভারতীয়দের নতুন পরামর্শ দিল ইউক্রেনের ভারতীয় দূতাবাস। তারা জানিয়েছে, ইউক্রেনের পশ্চিম দিকে থাকাই এখন নিরাপদ। সেই সঙ্গে তাঁদের কোনও সীমান্ত চৌকির দিকে যেতে নিষেধ করা হয়েছে। 

রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের অবস্থা এখন সঙ্গিন। শিশুদের নিয়ে দেশ ছেড়ে পালাচ্ছেন মহিলারা। সক্ষম পুরুষদের দেশে থেকে যেতে হচ্ছে কারণ তাঁদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতে পারে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই ফেঁসে রয়েছেন ভারতীয় নাগরিকরা, যাদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। তাঁদের উদ্দেশে বার্তা দিয়ে ইউক্রেনের ভারতীয় রাষ্ট্রদূত পার্থ শতপথী বললেন, ‘প্রত্যেক ভারতীয় দেশে ফিরবেন। প্লেন তৈরি রয়েছে। তৈরি কর্মীরাও। কিন্তু যুদ্ধ পরিস্থিতি। পশ্চিমে পৌঁছতে রসদ এবং পদ্ধতি বুঝে ব্যবস্থা নিতে হবে আমাদের।’

পার্সটুডে/বাবুল আখতার/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।