মে ০৪, ২০২২ ১১:৪৪ Asia/Dhaka
  • আজান বিতর্কে রাজ ঠাকরের বিরুদ্ধে FIR মুম্বই পুলিশের, আটক ২৬০ দলীয় সমর্থক

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সয়াবিন তেল উধাও-কাটছাঁট ঈদের রান্নায়, অতিথিসেবায়ও সংকট- প্রথম আলো

  • নিজেদের ভিটেবাড়িতে ফিরে যেতে মোনাজাতে কাঁদলেন রোহিঙ্গারা–ইত্তেফাক
  • হাজী সেলিম কীভাবে বিদেশে গেলেন, প্রশ্ন রিজভীর-এনটিভিবিডি অনলাইন
  • এবার রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ–যুগান্তর
  • ইউক্রেনে রুশ হামলা, ন্যাটোকেই দুষলেন পোপ: রিপোর্ট-সমকাল
  • ১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • পৃথিবীর কক্ষপথের চার পাশে গোপন সামরিক মহাকাশ অভিযান রাশিয়ার! লক্ষ্য কোন দেশ?-আনন্দবাজার
  • আজান বিতর্কে রাজ ঠাকরের বিরুদ্ধে FIR মুম্বই পুলিশের, আটক ২৬০ দলীয় সমর্থক-সংবাদ প্রতিদিন
  •  ‌‌৯ মে ইউক্রেনের বিরুদ্ধে ‌‘‌যুদ্ধ’‌ ঘোষণা করবেন পুতিন?‌-আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

সয়াবিন তেল উধাও-কাটছাঁট ঈদের রান্নায়, অতিথিসেবায়ও সংকট- প্রথম আলো

রাজধানীর কলাবাগান এলাকার বাসিন্দা শাহনাজ পারভীন। ঈদের দিন রোস্ট রান্না করতে গিয়ে দেখেন ঘরে তেল নিয়ে। বাধ্য হয়ে একই ভবনের প্রতিবেশীর কাছ থেকে ধার করলেন সামান্য কিছু তেল। প্রতিবেশীর ঘরেও ছিল তেলের স্বল্পতা। তাই ইচ্ছে থাকলেও বেশি তেল দিতে পারেননি শাহনাজ পারভীনকে। সামান্য যেটুকু তেল ছিল, তা ভাগাভাগি করতে গিয়ে হাত ফসকে কিছু তেল ফ্লোরে পড়ে যায়। তাতেই শাহনাজ পারভীন ও তাঁর প্রতিবেশীর হাহাকার। একে অপরের মুখের দিকে অপলক চেয়ে ছিলেন। কারণ, তেলের এ আকালে কয়েক ফোঁটা তেলও যে মহামূল্যবান দুজনের কাছেই। এ ঘটনা ঈদের আগের দিনের।

তেল না পেয়ে ঈদের আগের দিন আর রোস্ট রান্না করা হলো না শাহনাজ পারভীনের। সেই দুঃখের কথায় তিনি জানালেন তাঁর প্রতিবেশীকে। তেল না পেয়ে ওই দিন আর রোস্ট রান্না করা হলো না শাহনাজ পারভীনের।

১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

১৫ আগস্ট নিহত স্বজনদের কবর জিয়ারত করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ও তার ছোট বোন শেখ রেহানা আজ বুধবার সকালে বনানী কবরস্থানে যান। সেখানে দুজন পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও আত্মার মাগফেরাত চেয়ে দোয়া করেন।পরে শেখ হাসিনা ও শেখ রেহানা স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সেনাবাহিনীর একদল বিপথগামী কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বঙ্গবন্ধু ছাড়াও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসেরসহ পরিবারের ১৮ সদস্যকে নির্মমভাবে নিহত হন।

এবার রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ–যুগান্তর

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন জানিয়েছেন, রাশিয়ার ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ই্উরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভন ডের লেয়েন বলেন, ইইউ রাশিয়ান তেলের উপর নির্ভরতা শেষ করছে। চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অবশ্য এই বিষয়টি সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি। কারণ কিছু দেশ রাশিয়ার তেল আমদানির উপর নির্ভরশীল।ইতোমধ্যেই হাঙ্গেরি রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে।

অবশ্য রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বন্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদের মধ্যে কোনো ঐকমত্য নেই। রাশিয়ার গ্যাসের ব্যাপারে এখনো নিষেধাজ্ঞা আরোপ করেনি ই্ইউ।

ইউক্রেনে রুশ হামলা, ন্যাটোকেই দুষলেন পোপ: রিপোর্ট-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

গত ২৪ ফেব্রয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়ার দাবি, ইউক্রেনকে অস্ত্রনিরপেক্ষ মর্যাদা ধারণ করতে হবে, অর্থাৎ কখনওই ন্যাটোতে যোগ দিতে পারবে না তারা। একই সঙ্গে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি ও ডোনবাসকে (ডোনেটস্ক ও লুহানস্ক) স্বাধীনতার স্বীকৃতি দিতে হবে। এসব দাবিতে মূলত ইউক্রেনে এই অভিযান চালাচ্ছে রুশ বাহিনী।

এদিকে, ইউক্রেনে রাশিয়ার এই হামলার জন্য উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট ‘ন্যাটো’কেই দুষলেন ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তিনি মন্তব্য করে বলেছেন, ন্যাটো রাশিয়াকে বারবার বিরক্ত করায় ইউক্রেনে হামলা হয়ে থাকতে পারে।  একই সঙ্গে ইউক্রেনকে অন্য দেশগুলোর আরও অস্ত্র সরবরাহ করা উচিত কি না, সে বিষয়ে জানতে চাইলেও কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। ইতালির দৈনিক ‘কোরিয়েরে ডেলা সেরা’ পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এই মন্তব্য করেন। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাজী সেলিম কীভাবে বিদেশে গেলেন, প্রশ্ন রিজভীর-এনটিভিবিডি অনলাইন

দুর্নীতির মামলায় উচ্চআদালতের রায়ে ১০ বছরের সাজার পরেও আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম কীভাবে বিদেশে গেলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তোলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, দেশে দুই ধরনের আইন চলছে। ক্ষমতাসীনদের জন্য এক আইন, আর বিরোধীদলের জন্য আলাদা।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার অনুমতি না দেওয়ার সমালোচনা করে রিজভী বলেন, ‘দণ্ডিত আসামির বাইরে যাওয়ার সুযোগ না থাকলেও হাজী সেলিম গেলেন কীভাবে? উচ্চ আদালতের রায়ের পর হাজী সেলিমের কারাগারে থাকার কথা, বাতিল হওয়ার কথা এমপি পদও। যারা তাঁকে দেশত্যাগে সাহায্য করেছেন, তাঁরা উচ্চ আদালতের আদেশ অমান্য করেছেন।’ সাজাপ্রাপ্ত হাজী সেলিমের বিদেশযাত্রার ঘটনায় ক্ষমতাসীনদের কাছে আদালত অসহায় বলে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দুর্নীতির মামলায় হাজী সেলিম আত্মসমর্পণ না করেই দেশ ছেড়েছেন। নির্বিঘ্নে তাঁর বিদেশ পাড়ি দেওয়ার ঘটনায় এটা প্রমাণিত হয়েছে যে, ক্ষমতাসীন দলের নেতা-মন্ত্রীদের কাছে আদালতও অসহায়।’

নিজেদের ভিটেবাড়িতে ফিরে যেতে মোনাজাতে কাঁদলেন রোহিঙ্গারা–ইত্তেফাক

কক্সবাজারে আশ্রয় শিবিরগুলোতে আনন্দ আর উৎসবের সঙ্গে উদ্‌যাপিত হয়েছে ঈদুল ফিতর। ক্যাম্পে কয়েক হাজার মসজিদে ঈদের নামাজ আদায় করেন রোহিঙ্গারা। শিশু-কিশোর থেকে শুরু করে বড়রা নিজেদের সবচেয়ে ভালো পোশাকটা পরেই নামাজ আদায় করেছেন। নামাজ শেষে রোহিঙ্গারা যাতে তাদের হারানো অধিকার ও ভিটেবাড়ি ফিরে পেয়ে স্বদেশে ফিরে যেতে পারেন এ কামনা করা হয়। এ সময় অনেকে জোরে জোরে কাঁদতে থাকেন।

ঈদে ক্যাম্পে সবচেয়ে বেশি আনন্দে মেতে ওঠে রোহিঙ্গা শিশুরা। একে অপরের সঙ্গে খেলায় মেতে ওঠার পাশাপাশি মেতে ওঠে নাগরদোলায়। পাশাপাশি রোহিঙ্গারা যার যার নিজের সামর্থ্য মতো খাবার রান্না করেছেন। 

পৃথিবীর কক্ষপথের চার পাশে গোপন সামরিক মহাকাশ অভিযান রাশিয়ার! লক্ষ্য কোন দেশ?-আনন্দবাজার

নতুন আঙ্গারা ১.২ রকেট ব্যবহার করে পৃথিবীর কক্ষপথের চার পাশে এক গোপন সামরিক মহাকাশ অভিযান শুরু করেছে ক্রেমলিনের মহাকাশ গবেষণা কেন্দ্র। উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য।  ২৯ এপ্রিল উত্তর-পশ্চিম রাশিয়ার আরখানগেলস্ক ওব্লাস্টের মিরনি শহরের প্লেসেটস্ক কসমোড্রোমে এই মহাকাশযান নিক্ষেপ করা হয়েছিল বলেই দাবি করেছে বিভিন্ন সংবাদ সংস্থা। 

একটি বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের একটি সশস্ত্র দল এই বিশেষ মহাকাশযানের সময় উপস্থিত ছিল। সম্ভবত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্যই এই গোপন সামরিক উপগ্রহটি পাঠানো হয়েছে বলেও একাংশের ধারণা। রাতের বেলা রকেট উৎক্ষেপণের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। এই রকেটটি রাশিয়ার একটি নির্জন জায়গা থেকে মহাকাশের দিকে পাড়ি দিচ্ছে বলেও এই ভিডিয়োতে দেখা গিয়েছে।

আজান বিতর্কে রাজ ঠাকরের বিরুদ্ধে FIR মুম্বই পুলিশের, আটক ২৬০ দলীয় সমর্থক-সংবাদ প্রতিদিন

তাঁর হুমকির কারণেই মুম্বই (Mumbai) এবং পার্শ্ববর্তী এলাকার বহু মসজিদে এদিন সকালেও লাউডস্পিকারে আজান (Azan) বাজানো হয়নি। যেহেতু তিনি হুমকি দিয়েছিলেন, লাউডস্পিকারে আজান বাজানো হলেই মসজিদের সামনে পালটা লাউডস্পিকারে হনুমান চালিশা (Hanuman Chalisa) পাঠ করা হবে। এ হেন রাজ ঠাকরের (Raj Thackeray) বিরুদ্ধে অবশেষে এফআইআর (FIR) দায়ের করল মুম্বই পুলিশ।

মঙ্গলবারও নিজের বাসভবনের সামনে দাঁড়িয়ে একই হুঁশিয়ারি দিয়েছিলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনা (MNC) প্রধান রাজ ঠাকরে। তিনি বলেন, “আমি সমস্ত হিন্দুদের কাছে আবেদন করছি, আগামিকাল ৪ মে, আপনি যদি লাউডস্পিকারে আজানের শব্দ শুনতে পান, সেই সব জায়গায় লাউডস্পিকারে হনুমান চালিশা বাজাবেন। তখনই ওরা লাউডস্পিকারের সমস্যা বুঝতে পারবে।” কার্যত এই হুমকির পরেই রাজের বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর দায়ের করে পুলিশ।

 ‌‌৯ মে ইউক্রেনের বিরুদ্ধে ‌‘‌যুদ্ধ’‌ ঘোষণা করবেন পুতিন?‌-আজকাল

যুদ্ধ নয়।

‘‌বিশেষ সামরিক অভিযান’‌। গত ২৪ ফেব্রুয়ারি একথাই বলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার প্রায় আড়াই মাস কেটেছে। এখনও ইউক্রেনে বোমাবর্ষণ করে চলেছে রাশিয়া। আর তাতেই পশ্চিমী দুনিয়া আতঙ্কিত। তাদের আশঙ্কা ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণার জন্য আগামী ৯ মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন। প্রশ্ন উঠছে কেন ৯ মে দিনটিকেই বেছে নিতে পারেন পুতিন। সামরিক বিশেষজ্ঞদের মতে, ৯ মে দিনটিকে রাশিয়া ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। আর এই দিনেই পুরো বিশ্বের সামনে নিজেদের শক্তি প্রদর্শন করে তারা। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৯ মে হিটলারের নাৎসি সেনাদের পরাজিত করেছিল সোভিয়েত ইউনিয়ন বাহিনী। আর সেই থেকেই এই দিনটিকে ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে আসছে মস্কো। আবার রাশিয়া–ইউরেশিয়া প্রোগ্রামের অধিকর্তা জেমস নিক্সি জানিয়েছেন, দেশের মানুষের কাছে পুতিনের যে ভাবমূর্তি রয়েছে তাতে যাতে কোনও দাগ না পড়ে, তাই যুদ্ধ ঘোষণার জন্য ৯ মে দিনটিকে বেছে নিতে পারেন পুতিন। তবে যুদ্ধ ঘোষণা করলে সমস্যায় পড়তে পারেন পুতিন। কারণ দেশের একটা অংশ যুদ্ধ চাইলেও অপর অংশ পুতিনের ভূমিকায় বিরক্ত। ফলে যুদ্ধ ঘোষণা করলে দেশের মধ্যে সমস্যা যাতে তৈরি না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে পুতিনকে। এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।# 

পার্সটুডে/বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।