আগস্ট ১৬, ২০২২ ১৩:১১ Asia/Dhaka
  • গার্ডার পড়ে নিহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

সুপ্রিয় পাঠক/শ্রোতাবন্ধুরা! আজ ১৬ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ২৫শে আগস্ট সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম জোট/ প্রস্তুত থাকেন খেলা হবে: শামীম ওসমান-মানবজমিন
  • উত্তরার একটা অংশে গার্ডার স্থাপনের কাজ আপাতত বন্ধ-প্রথম আলো
  • গার্ডার পড়ে নিহতের ঘটনা তদন্ত করে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর-যুগান্তর
  • বরগুনার ঘটনায় এতটা বাড়াবাড়ি ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ 
  • ঢাকায় ব্যস্ততার পর জাতিসংঘ মানবাধিকার প্রধান যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে: আলোচনায় মানবাধিকার বাকস্বাধীনতা নির্বাচন-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ‘নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখুন’, সুকান্তর মন্তব্যে বিতর্ক -সংবাদ প্রতিদিন
  • খেলা হবে দিবস’-এর শুভেচ্ছা মমতার, আজ থেকেই পথে নামছে তৃণমূল  -আজকাল 
  • করোনা কমায় উৎসবে শামিল পড়ুয়ারা -আনন্দবাজার পত্রিকা

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 


জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার বিশ্লেষণে আপনাকে স্বাগত জানাচ্ছি। 
১. প্রস্তুত থাকেন খেলা হবে- বলেছেন নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমান। দেশ কী তাহলে রাজনৈতিক সংঘাতের দিকে যাোচ্ছ?
২. আমেরিকার সঙ্গে সরাসরি যুদ্ধের বিষয়ে হুঁশিয়ার করল রাশিয়া। এই খবরকে কীভাবে দেকছেন?
জি ধন্যবাদ জনাব শিরাজুল ইসলাম।


২৫শে আগস্ট সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম জোট -শীর্ষক খবরে মানবজমিন লিখেছে, জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী ২৫ আগস্ট সারা দেশে অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে বাম জোট। আজ রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে এ কর্মসূচি থেকে এ ঘোষণা দেয়া হয়। জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার বলেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে ২৫শে আগস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স, বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক আব্দুল্লাহ আল কাফি রতন প্রমুখ।
সমাবেশে বাম গণতান্ত্রিক জোট এবং গণতান্ত্রিক বাম জোটের নেতারা বলেন, অনতিবিলম্বে জ্বালানি তেল, ইউরিয়া সারের দাম ও পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকারের ফ্যাসিবাদী দুঃশাসনে দেশ ও জনগণ গভীর সংকটের মধ্যে রয়েছে।
দেশ জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি চলছে। তার মধ্যেই দিল্লি পুলিশকে জঙ্গি হামলা নিয়ে সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো। আইবি-র তরফে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের আগেই জঙ্গি হামলা চালাতে পারে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো সংগঠনগুলি। লালকেল্লা সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্য়বস্থায় আরও কড়াকড়ি করতে নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। সেই কথা মতোই লালকেল্লার নানা অংশে এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে দিল্লি পুলিশ।
এদিকে, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আমরা জায়গা দিয়েছি, আমাদের নেত্রী আল্লাহর রহমতে দেশের করোনা ও বন্যা পরিস্থিতি সামাল দিলো। কিন্তু এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে শেখ হাসিনার কিছু করার নাই। সারা পৃথিবী রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বিপাকে পড়ে গেছে। সারা পৃথিবীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা অসহায় বোধ করছেন৷ বাংলাদেশ পৃথিবীর বাইরের কোন দেশ নয়। এই সুযোগকে কেউ কেউ মনে করছে, বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর হবে। এই সুযোগে আঘাত করবে, আগুন দিয়ে মানুষ পুড়াবে। বিদেশ থেকে টাকা ঢুকেছে, সেই টাকা দিয়ে নাশকতা চালাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি টাকা ঢুকেছে।  তিনি আরো বলেন, দেশের ক্ষতিতে সেসব রাজনীতিবিদ খুশি হয়, যারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে। আমি বলতে চাই, সামনে প্রচন্ড আঘাত আসবে। এটা ফাইনাল আঘাত করবে ওরা আমাদের ওপরে। নয়তো ৪২ বছরের রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো বলে নাই। 

উত্তরার একটা অংশে গার্ডার স্থাপনের কাজ আপাতত বন্ধ - শীর্ষক খবরে প্রথম আলো লিখেছে, রাজধানীর উত্তরার একটা অংশে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উড়ালসড়কের গার্ডার স্থাপনের কাজ আপাতত বন্ধ রয়েছে। স্থানীয় লোকজন, পথচারী, যাত্রীরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত না করে আবার কাজ শুরু হলে গতকাল সোমবারের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।
গতকাল বিকেল সোয়া চারটার দিকে উত্তরা পশ্চিম থানার সেক্টর-৩-এর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্যারাডাইস টাওয়ারের সামনে প্রকল্পের উড়ালসড়কের গার্ডারের চাপায় একটি প্রাইভেট কারের পাঁচ আরোহী নিহত হন। আহত হন দুজন। নিহত ও আহত আরোহীরা সবাই পরস্পরের স্বজন। এ দুর্ঘটনার জেরে বিমানবন্দর থেকে রাজলক্ষ্মী পর্যন্ত প্রকল্পের উড়ালসড়কের গার্ডার স্থাপনের কাজ বন্ধ রয়েছে। 
আজ মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুর্ঘটনাস্থলের পাশে ক্রেন ও গার্ডার পড়ে আছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় রয়েছে।

এবারে কোলকাতার দৈনিকগুলোর দিকে নজর দেয়া যাক। 
‘নবান্ন অভিযানে ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখুন’, সুকান্তর মন্তব্যে বিতর্ক –শীর্ষক খবরে দৈনিকসংবাদ প্রতিদিন পত্রিকা লিখেছে, নবান্ন অভিযানে কর্মীদের দলের ঝান্ডার সঙ্গে ডান্ডা তৈরি রাখার পরামর্শ দিলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার বারাসতে বাইক র‌্যালির পর এমনই বিতর্কিত মন্তব্য করলেন তিনি। পরে অবশ্য সাফাই দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সুকান্ত। তাঁর এহেন মন্তব্যের তুমুল সমালোচনা করেছে তৃণমূল। এ প্রসঙ্গে ঘাসফুল শিবিরের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “প্ররোচনামূলক মন্তব্য। গোষ্ঠীবাজিতে বিদীর্ণ, জনবিচ্ছিন্ন দল বিজেপি।”
এদিন বারাসতে বাইক মিছিল করে বিজেপি। সেখানে বাইক চালাতে দেখা যায় সুকান্তকে। র‌্যালি শেষে জনসভা করেন বিজেপির রাজ্য সভাপতি। সেখান থেকে দলীয় কর্মী-সমর্থকদের মিছিলে যোগ দেওয়ার ডাক দেন সুকান্ত। এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “চোর নেতারা ভবিষ্যত প্রজন্মকে নষ্ট করছে। তার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযান হবে। সকলের ঝান্ডা নেবেন, ঝান্ডার সঙ্গে ডান্ডা নেবেন। ডান্ডা-ঝান্ডা নিয়ে নবান্ন অভিযান করব আমরা।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্য হিংসায় প্ররোচনা দিচ্ছে বলে সরব হয় তৃণমূল।

খেলা হবে দিবস’-এর শুভেচ্ছা মমতার, আজ থেকেই পথে নামছে তৃণমূল-শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, দিন কয়েক আগেই মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সাফ জানিয়েছিলেন, ১৬ আগস্ট খেলা হবে দিবস থেকেই পথে নামছে তৃণমূল কংগ্রেস। বলেছিলেন, রাস্তায় নামতেই হবে। রাস্তাই দেখাবে রাস্তা। ১৬ আগস্ট খেলা হবে দিবস হিসেবে পালন করা হচ্ছে। আজ রাজ্যের একাধিক জায়গায় মিটিং-মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। নিজের সামাজিক মাধ্যমে খেলা হবে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মমতা ব্যানার্জি।
গত কয়েকদিনে তৃণমূলের দুই হেভিওয়েট নেতা গ্রেপ্তার হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। দুর্নীতি থেকে গ্রেপ্তারি, উঠে আসা সমস্ত অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দল। মমতা ব্যানার্জি নিজে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে সুর চড়িয়েছেন। সোজা প্রশ্ন করে জানতে চেয়েছেন, কেন গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। ইতিমধ্যে যুব তৃণমূল পথে নেমেছে ইডি-সিবিআই এর তদন্তের নিরপেক্ষতা নিয়ে।
আজ, খেলা হবে দিবস থেকে ফের রাস্তায় নামছে তৃণমূল। সুপ্রিমোর কথা মতোই আজ থেকেই রাজ্য জুড়ে মিছিল, প্রতিবাদ সভা করবেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আগামী মাসের শুরুতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে বুথ ভিত্তিক কর্মী সম্মেলন করবেন খোদ মমতা ব্যানার্জি।

করোনা কমায় উৎসবে শামিল পড়ুয়ারা-শীর্ষক খবরে আনন্দ বাজার লিখেছে, হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত জানালেন, তাঁদের ৫০ জন ছাত্র রেড রোডের অনুষ্ঠান দেখতে গিয়েছিল। সঙ্গে ছিলেন কয়েক জন শিক্ষকও।
করোনার প্রকোপ কমায় দু’বছর পরে রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাজির হয়েছিল শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। তাদের একাংশ সেই অনুষ্ঠানে অংশ নিয়েছে। বাকিরা ছিল দর্শক। পাশাপাশি, সোমবার শহরের প্রায় সব স্কুলই পালন করেছে স্বাধীনতা দিবস।
হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত জানালেন, তাঁদের ৫০ জন ছাত্র রেড রোডের অনুষ্ঠান দেখতে গিয়েছিল। সঙ্গে ছিলেন কয়েক জন শিক্ষকও। তবে যারা যায়নি, তারা সকলেই স্কুলে এসেছিল স্বাধীনতা দিবস পালন করতে। পতাকা উত্তোলনের পাশাপাশি হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
এ বছর শহরের আটটি স্কুলের পড়ুয়ারা রেড রোডের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ৩০টি স্কুলের পড়ুয়াদের একাংশ ছিল দর্শকাসনে। যে সব স্কুল থেকে ৫০ জন করে পড়ুয়া এসেছিল, তাদের সঙ্গে ছিলেন পাঁচ জন শিক্ষক। আর যে সব স্কুল ১০০ জন করে পড়ুয়াকে পাঠিয়েছিল, তাদের সঙ্গে ছিলেন ১০ জন শিক্ষক।
শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই শেষ করছি। আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।