বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ খবর
কথাবার্তা: বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেরও নেতা নেই: ওবায়দুল কাদের
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৪ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী'-ইত্তেফাক
- স্ত্রী হত্যা মামলার বাদী বাবুল যেভাবে প্রধান আসামি হলেন- প্রথম আলো
- বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেরও নেতা নেই: ওবায়দুল কাদের-মানবজমিন
- দ্বাদশ জাতীয় নির্বাচন কবে, জানাল ইসি-যুগান্তর
- ভারত সফরে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে-বাংলাদেশ প্রতিদিন
- জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেবে বাংলাদেশ -কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- জামিন দিন, আমাকে বাঁচতে দিন! শুনানিতে কেঁদে ফেললেন পার্থ, ফের জেল হেফাজত চাইল ইডি -আনন্দবাজার
- সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা কাশ্মীরে, ঘটনাস্থলেই মৃত ৯, আহত একাধিক-আজকাল
- নবান্ন অভিযানের নামে গুন্ডামি, ব্যাগে বোমা এনেছিলেন BJP কর্মীরা’, বললেন মমতা -সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
স্ত্রী হত্যা মামলার বাদী বাবুল যেভাবে প্রধান আসামি হলেন- প্রথম আলো
ছয় বছর আগে চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম খুন হলে তৎকালীন পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার কান্নায় ভেঙে পড়েছিলেন। তাঁর এই কান্না সহকর্মীসহ অন্যদেরও আবেগাপ্লুত করেছিল।
শুরুতে মাহমুদা খুনে জঙ্গিরা জড়িত—এমন সন্দেহ সামনে রেখে তদন্ত শুরু হয়। কিন্তু ঘটনার সপ্তাহ তিনেকের মধ্যেই সন্দেহভাজন হিসেবে বাবুলের নাম আলোচনায় আসে।একপর্যায়ে গভীর রাতে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে বাবুলকে ডেকে নিয়ে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বাবুল পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন। তখন জোর আলোচনা শুরু হয়, বাবুলই কি এই খুনে জড়িত? তারপর পাঁচ বছর কেটে যায়। গত বছরের মে মাসে মাহমুদা হত্যার তদন্ত ভিন্ন মোড় নেয়।
সে সময় বাবুলের দুই ব্যবসায়িক সহযোগী সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, তিন লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে বাবুল তাঁর স্ত্রীকে খুন করান। স্ত্রী খুনের মামলায় গ্রেপ্তার হন বাবুল। বাদী বাবুলই হয়ে যান আসামি।
সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী'-ইত্তেফাক
দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এটি উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে এই হাসপাতালে রয়েছে ১০০টি আইসিইউ বেড।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলেছে, বিশেষায়িত এ হাসপাতালের চিকিৎসা খরচও থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে। এখানে এক ছাদের নিচে সর্বাধুনিক বহুমুখী বিশেষায়িত চিকিৎসাসেবা চলবে। এ ধারণা থেকেই প্রস্তুত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালটি। ১৩ তলাবিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে দ্বিতল বেজমেন্ট। ৭৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন বিভাগে রয়েছে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার।
জাতিসংঘের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেবে বাংলাদেশ -কালের কণ্ঠ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যাসহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো অগ্রাধিকার পাবে। আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এ অধিবেশনে যোগদানের জন্য আগামী ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছাবে।
নিউইয়র্ক ভ্রমণের আগে প্রধানমন্ত্রী ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য ভ্রমণ করবেন। নিউইয়র্কের সফর শেষে তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ওয়াশিংটন ডিসিতে অবস্থান করবেন। তিনি আরো বলে ন, ‘বর্তমানে বিশ্ব করোনা মহামারিসহ একটি বহুমাত্রিক সংকটময় পরিস্থিতি পার করছে। বহুমাত্রিক বিশ্ব সংকট মোকাবেলায় কার্যকর সমাধান খুঁজে বের করা একান্ত প্রয়োজন। এর প্রেক্ষিতে এ বছর সাধারণ বিতর্কের প্রতিপাদ্য হিসেবে ‘ওয়াটার সেট মুভমেন্ট ট্রান্সফরমাটিভ সলিউশন টু ইন্টারলগিং চ্যালেঞ্জেস’র ওপরই দৃষ্টি দেওয়া হয়েছে। ’
দ্বাদশ জাতীয় নির্বাচন কবে, জানাল ইসি-যুগান্তর
আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে। নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।প্রধান নির্বাচন কমিশনার অসুস্থ থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি বলে জানান ইসি আলমগীর।
কর্মপরিকল্পনা প্রকাশ করে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ডিসেম্বরের শেষে অথবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে। আর সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে। ২০২৩ সালের ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
দ্বাদশ ভোটের কর্মপরিকল্পনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইসির অতিরিক্ত সচিব উপস্থিত ছিলেন। ২০১৯ সালের ৩০ জানুয়রি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে ক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশন অনেক প্রশ্নের সম্মুখীন, আস্থাশীলতার ঘাটতি আছে। তবুও কমিশন শতভাগ আন্তরিকতা ও চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন সুষ্ঠু করবে।
বিএনপির আন্দোলনেরও নেতা নেই, নির্বাচনেরও নেতা নেই: ওবায়দুল কাদের-মানবজমিন
বিএনপি আন্দোলনের রূপরেখা তৈরি করবে কিন্তু তাদের আন্দোলনের নেতা কে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনেরও নেতা নেই,নির্বাচনেরও নেতা নেই। তিনি আজ ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিবের উদ্দেশে এ কথা বলেন। ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবকে প্রশ্ন রেখে আরও বলেন, লন্ডন থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশে পদ্মা-মেঘনা-যমুনায় কি ঢেউ আসবে? তাদের আন্দোলন গাছে কাঁঠাল গোঁফে তেল। বিএনপি জাতীয় সরকার গঠন করবে কিন্তু ঐ সরকারের নেতা কে তা কেউ জানে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল বড় বড় কথা বলেন, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার।
আগামী জাতীয় নির্বাচন পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মত বাংলাদেশেও যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকারের দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই, তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে বলেও জানান ওবায়দুল কাদের।
ভারত সফরে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হয়েছে-বাংলাদেশ প্রতিদিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোভিড মহামারির পরিপ্রেক্ষিতে দীর্ঘ তিন বছর বিরতির পর আমার এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। দুই দেশের মধ্যেকার প্রীতির সম্পর্ককে সুসংহত করে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই।
বুধবার গণভবনে সদ্য সমাপ্ত ভারত সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সফরের পুরো সময় জুড়ে আমরা ভারতের আন্তরিকতার বহিঃপ্রকাশ ও সৎ প্রতিবেশী হিসেবে সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে দু’দেশের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার লক্ষ্য করেছি। তিনি বলেন, ভারতীয় নেতৃত্বের শীর্ষ পর্যায়ে, সংবাদ মাধ্যমে এবং সাধারণ মানুষের মধ্যে আমি বাংলাদেশের জন্য যে প্রীতি ও সৌহার্দ্য লক্ষ্য করেছি তা সত্যিই অসাধারণ। এই প্রীতির সম্পর্ককে সুসংহত করে আমরা আরও এগিয়ে যেতে চাই। সফরের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে দুই দেশের মানুষ উপকৃত হবে আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, এই সফরে সহযোগিতার যে সব ক্ষেত্র চিহ্নিত হয়েছে এবং বিদ্যমান সমস্যা সমাধানে যেসব সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়ন করলে উভয় দেশের জনগণ উপকৃত হবে বলে আমি মনে করি।
জামিন দিন, আমাকে বাঁচতে দিন! শুনানিতে কেঁদে ফেললেন পার্থ, ফের জেল হেফাজত চাইল ইডি -আনন্দবাজার
স্কুল সার্ভিস কমিশনের ‘নিয়োগ-দুর্নীতি’ মামলার শুনানি চলাকালীন কেঁদে ফেললেন জেলবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কাঁদতে কাঁদতে আদালতে পার্থকে বলতে শোনা যায়, ‘‘জামিন দিন, আমাকে বাঁচতে দিন।’’
১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার আবার ভার্চুয়াল মাধ্যমে পার্থকে আদালতে হাজির করানো হয়। ভার্চুয়ালি হাজির করানো হয় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও। পার্থের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। শুনানি চলাকালীন নিজের জামিনের প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। শিক্ষা ক্ষেত্রে ‘কেলেঙ্কারি’র অভিযোগে গত ২৩ জুলাই গ্রেফতার হয়েছেন পার্থ। তিন দফায় ইডি হেফাজতের পর পার্থ বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি তিনি। বুধবার ভার্চুয়াল মাধ্যমে শুনানি চলাকালীন বিচারক বিদ্যুৎকুমার রায় জানান, পার্থ চাইলে কিছু বলতে পারেন। এর পরেই বিচারকের উদ্দেশে নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আনেন প্রাক্তন মন্ত্রী। বাম আমলে রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন পার্থ। সেই সময়ের কথাও বলতে শোনা যায় তাঁকে।
নবান্ন অভিযানের নামে গুন্ডামি, ব্যাগে বোমা এনেছিলেন BJP কর্মীরা’, বললেন মমতা -আজকাল
বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Avijan) গুরুত্ব দিতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আন্দোলনের নামে গুন্ডামি হয়েছে বলে অভিযোগ তাঁর। বিজেপি কর্মীরা ব্যাগে করে বোমা এনেছিলেন বলেও দাবি। মুখ্যমন্ত্রী সাফ জানান, পুলিশ চাইলে গুলি চালাতে পারত। কিন্তু তা করেনি। তবে যারা গাড়ি পুড়িয়েছে, পুলিশকে মারধর করেছে, তাদের জন্য আইন আইনের পথে চলবে।
বুধবার নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশকর্মীদের শরীর-স্বাস্থ্যের খোঁজ নিতে নিতে নবান্ন অভিযান প্রসঙ্গ তোলেন মমতা। বলেন, নবান্ন অভিযানে এসিপি আক্রান্ত হয়েছেন। জগাছার এক পুলিশ কর্মীর চোখ নষ্ট হতে বসেছে। পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে। নবান্ন অভিযানে পুলিশ চাইলে গুলি চালাতেই পারত। কিন্তু তারা তা করেনি। পুলিশ সংযতভাবে মোকাবিলা করেছে।” বিজেপির নবান্ন অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। কিন্তু এদিন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশকে ক্লিনচিট দিলেন।
সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা কাশ্মীরে, ঘটনাস্থলেই মৃত ৯, আহত একাধিক-আজকাল
মর্মান্তিক! বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৯ জন। আহত ৮ জনের বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সকালে মান্ডি থেকে সওজিয়ান যাচ্ছিল একটি মিনিবাস। বারেরি নাল্লাহ এলাকার কাছে যাত্রীবোঝাই সেই মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তড়িঘড়ি করে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। উদ্ধারকাজে নেমে পড়ে তৎক্ষণাৎ। উল্টে যাওয়া বাস থেকে নিহতদের উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় অনেককেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। মান্ডির তেহসিলদার শেহজ়াদ লতিফ বলেছেন, ‘পুঞ্চের সওজিয়ান এলাকায় একটি মিনি বাস খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে। সেনারা সেখানে উদ্ধারাভিযান চালাচ্ছে। মান্ডির হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে।’
দুর্ঘটনা ঘিরে ইতিমধ্যেই দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্য়ান্ট গভর্নর জেনারেল মনোজ সিনহা। টুইটারে তিনি লিখেছেন, ‘পুঞ্চের সওজিয়ানে বাস দুর্ঘটনায় শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। পুলিশ ও সিভিল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।'
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।