কথাবার্তা
কথাবার্তা: ছাত্রলীগ নেত্রীর অভিযোগ ভীতিকর, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- ছাত্রলীগ নেত্রীর অভিযোগ ভীতিকর, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই-প্রথম আলো
- সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা: বিদায়ী র্যাব ডিজি- যুগান্তর
- ১০ বিভাগীয় শহরে গণসমাবেশের ঘোষণা বিএনপি -ইত্তেফাক
- ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা-কালের কণ্ঠ
- বাংলাদেশে গণতন্ত্র, বহুমাত্রিকতা সহিষ্ণুতা, সুশাসন, মানবাধিকার রক্ষা চায় যুক্তরাষ্ট্র - মানবজমিন
ভারতের শিরোনাম:
- চাকরি তৈরি আছে, আপনারা পুজোয় পরিবারের সঙ্গে সময় কাটান” চাকরিপ্রার্থীদের বার্তা ব্রাত্য বসুর-আজকাল
- পার্থের কান্না নয়, চাকরিপ্রার্থীদের চোখের জল বিবেচনা করা হোক, আদালতে বলল ইডি–আনন্দবাজার পত্রিকা
- আরএসএসকেও নিষিদ্ধ করা হোক’, PFI’কে নিষিদ্ধ করার পরই দাবি কেরলের বিরোধী জোটের-সংবাদ প্রতিদিন
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
ছাত্রলীগ নেত্রীর অভিযোগ ভীতিকর, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই-প্রথম আলো
ইডেন কলেজ ছাত্রলীগের এক নেত্রী ভয়ংকর অভিযোগ করেছেন। সম্প্রতি ইডেন কলেজে আন্তসংঘর্ষের পর ছাত্রলীগের এক নেত্রী অভিযোগ করেছেন, হলে থাকা টার্গেটকৃত ছাত্রীদের নির্ধারিত ব্যক্তির সঙ্গে জোরপূর্বক যৌনতায় লিপ্ত হতে বাধ্য করছেন ছাত্রলীগের নেত্রীরা। এ ধরনের কাজে রাজি না হলে ওই ছাত্রীদের ওপর নেমে আসে নির্যাতনের খড়্গ। সঙ্গে অর্থও আদায় করা হয়। ছাত্রলীগের ওই নেত্রী আরও অভিযোগ করেছেন, শিক্ষার্থীদের বিভিন্ন কক্ষে ডেকে নিয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন নেত্রীরা। পরে এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নির্ধারিত ব্যক্তিদের সঙ্গে একান্তে দেখা করতে পাঠাতেন। এর সঙ্গে নানা ধরনের ভয়ভীতিও দেখানো হতো এবং ওই নেত্রীরা রীতিমতো ব্যবসা শুরু করে দিয়েছিলেন বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।
ছাত্রলীগ নেত্রীর অভিযোগ ভীতিকর। শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে এ ধরনের অভিযোগ ভয় এবং আশঙ্কারও। এই অভিযোগ ক্ষয়ে যাওয়া সমাজের কুৎসিত দিক তুলে ধরে। দুই দিক থেকেই অভিযোগটি অত্যন্ত ভয়ংকর। অভিযোগটি সত্য হলে আমরা বাক্হারা। আমরা কোথায় যাচ্ছি? আমাদের গন্তব্য কি কেবলই পতনের খাদের দিকে? আর মিথ্যা হলেও চরম নৈতিক অধঃপতনের উদাহরণ হয়ে থাকবে এই অভিযোগ। দলীয় কোন্দলের কারণে দলের নেত্রীদের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ অত্যন্ত কুরুচিপূর্ণ।
ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে মামলা-কালের কণ্ঠ
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌসীকে নির্যাতনের অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলা করেন জান্নাতুল ফেরদৌসী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে লালবাগ থানাকে তদন্ত করে আগামী ২৩ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার বিষয় নিশ্চিত করেছেন আদালতের পেশকার তহিদুল ইসলাম। এ মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন নূর-ই আলম। মামলার অন্য আসামিরা হলেন ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি। মামলায় অজ্ঞাতনাম আরো ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা: বিদায়ী র্যাব ডিজি- যুগান্তর
পুলিশের বিরুদ্ধে কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলে, দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের বিদায়ী মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আগামী শুক্রবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে আবদুল্লাহ আল-মামুনের।
এক প্রশ্নের জবাবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, মাঝেমধ্যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসে। কেউ এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ করলে, সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর ভোটের সময় নির্বাচন কমিশনের কাঠামোর আলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করে। নিষেধাজ্ঞার কারণে র্যাবে ডিজি হিসেবে দায়িত্ব পালন করাটা কঠিন সময় ছিল কি না? এবং এ কারণে বন্দুকযুদ্ধ ও মৃত্যুর সংখ্যা কমেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তা মনে করি না। বঙ্গবন্ধু বলেছিলেন তোমরা এদেশের পুলিশ, এদেশেরই নাগরিক। আমাদের দেশের মানুষের বিরুদ্ধে কেন আমরা দাঁড়াব। যখন আমরা আক্রান্ত হই, মাদক, অস্ত্র উদ্ধার, মানবপাচারকারী যখন আমাদের ওপর আক্রমণ করে তখন আমরা প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। আইনে যে ক্ষমতা র্যাবকে দিয়েছে তা আমরা ক্রস করি না।
১০ বিভাগীয় শহরে গণসমাবেশের ঘোষণা বিএনপি -ইত্তেফাক
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে গণসমাবেশ করবে বিএনপি।
বুধবার (২৮ সেপ্টেমম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কর্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। এর আগে, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ৮ অক্টোবর চট্টগ্রাম বিভাগ দিয়ে শুরু হবে এই সমাবেশ। সর্বশেষ সমাবেশ হবে ১০ ডিসেম্বর রাজধানীতে। ৮ অক্টোবর চট্টগ্রাম, ১৫ অক্টোবর ময়মনসিংহ, ২২ অক্টোবর খুলনা, ২৯ অক্টোবর রংপুর, ৫ নভেম্বর বরিশাল, ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে। মির্জা ফখরুল বলেন, ‘সরকার চাল, ডাল, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্যবৃদ্ধি, চলমান আন্দোলনে ভোলায়, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহতের প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ৮ অক্টোবর থেকে সারাদেশে বিভাগীয় শহরে গণসমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বাংলাদেশে গণতন্ত্র, বহুমাত্রিকতা সহিষ্ণুতা, সুশাসন, মানবাধিকার রক্ষা চায় যুক্তরাষ্ট্র - মানবজমিন
শান্তিপূর্ণ-স্থিতিশীল এক বাংলাদেশে গণতন্ত্র, স্বচ্ছতা, বহুমাত্রিকতা, সহিষ্ণুতা, সুশাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন দেখতে চায় যুক্তরাষ্ট্র। যত দ্রুত সম্ভব নিরাপদে এবং সম্মানের সঙ্গে (নিজ দেশে) ফিরে যাওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দানে বাংলাদেশকে সাহায্য করা অব্যাহত রাখবে দেশটি। এ দেশে শ্রম অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতেও সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র।
গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ’ (আইবিএফবি)’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস এসব কথা বলেন। বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) উৎস হিসেবে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে এবং এ দেশের একক বৃহৎ রপ্তানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র একথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত হাস বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রগুলোর মধ্যে অর্থনীতি হলো এমন একটি খাত যেটিতে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে দূরে যাওয়া যাবে। নানা চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাওয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি।
পার্থের কান্না নয়, চাকরিপ্রার্থীদের চোখের জল বিবেচনা করা হোক, আদালতে বলল ইডি–আনন্দবাজার পত্রিকা
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কান্না নয়, হাজার হাজার চাকরিপ্রার্থীদের চোখের জল বিবেচনা করা হোক। বুধবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ভার্চুয়াল শুনানিতে নগর দায়রা আদালতে এমনই আবেদন জানাল ইডি। প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর জামিনের আর্জি জানিয়ে আদালতে কেঁদে ফেলেছিলেন পার্থ। আদালতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “জামিন দিন, আমাকে বাঁচতে দিন।”
বুধবার এই মামলার শুনানি শুরু হতেই পার্থর কান্নার প্রসঙ্গ টেনে আনেন ইডির আইনজীবীরা। সেই সঙ্গে পার্থর চোখের জলের চেয়ে চাকরিপ্রার্থীদের চোখের জলকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আর্জি জানান তাঁরা। ইডির আইনজীবীরা আদালতে বলেন, “উনি (পার্থ চট্টোপাধ্যায়) শেষ বার কেঁদেছিলেন। কিন্তু হাজার হাজার জনের চোখের জল বিবেচনা করুন যাঁরা পুজোর সময়েও গান্ধী মূর্তির নীচে বসে আছেন।”
চাকরি তৈরি আছে, আপনারা পুজোয় পরিবারের সঙ্গে সময় কাটান” চাকরিপ্রার্থীদের বার্তা ব্রাত্য বসুর-আজকাল
যোগ্য প্রার্থীদের চাকরি দিতে প্রস্তুত রাজ্য সরকার।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আদালতের নির্দেশ মেনে যাতে নিয়োগ হয় সেজন্য নতুন করে শূন্যপদ তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য জানিয়েছেন, রাজ্যে নতুন করে প্রায় ১৫০০০ পদ তৈরি হচ্ছে। তার মধ্যে ইতিমধ্যেই ৫০০০ পদ তৈরি আছে রাজ্য সরকারের তরফে। বাকি পদ তৈরি করতে হবে।
ব্রাত্য বসু আরও জানিয়েছেন, আদালত যদি চায় তাহলে যারা নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পেয়েছেন প্রত্যেককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি যাক। সেজন্য আরও বেশ কিছু নতুন পদ তৈরির কথা ভাবছে রাজ্য সরকার। সবার চাকরি যাতে বহাল থাকে তার জন্য হাইকোর্টে আবেদন জানাবে রাজ্য সরকার। এদিন সাংবাদিক বৈঠক থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন প্রত্যাহার করার কথাও বলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, প্রত্যেকের চাকরি হবে। বাড়িতে ফিরে গিয়ে আত্মীয়, পরিবারের সঙ্গে ভাল করে পুজো কাটান।
আরএসএসকেও নিষিদ্ধ করা হোক’, PFI’কে নিষিদ্ধ করার পরই দাবি কেরলের বিরোধী জোটের-সংবাদ প্রতিদিন
দেশজুড়ে এনআইএ (NIA) অভিযানের পর মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’-কে (PFI) নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার। সন্ত্রাসবিরোধী আইনে পিএফআই-র পাশাপাশি আরও আটটি সংগঠনের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েও কেরলের (Kerala) কংগ্রেস ও তাদের জোটসঙ্গী ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ IUML দাবি তুলল, আরএসএসকেও নিষিদ্ধ করা হোক। একই দাবি তুলতে দেখা গিয়েছে সিপিএমকে।
সিনিয়র কংগ্রেস নেতা ও রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা এপ্রসঙ্গে জানাচ্ছেন, ”আরএসএসকেও একই ভাবে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। কেরলে ওই দুই সংগঠনই ঘৃণা ছড়িয়ে সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা করছে।” কংগ্রেস যে বরাবরই সংখ্যাগুরু ও সংখ্যালঘু, দুই ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হয়েছে সেই দাবিও করেন তিনি।
এদিকে আইইউএমএল নেতা এমকে মুনির জানিয়েছেন, পিএফআই কোরানের অপব্যাখ্যা করে সকলকে হিংসার পথ বেছে নিতে উসকানি দিয়েছে। তাঁর কথায়, ”পিএফআই যে কেবল দেশের তরুণ প্রজন্মকে বিপথে চালিত করেছে তাই নয়। তারা সমাজের মধ্যে বিভেদ ও ঘৃণা ছড়াতে চাইছে।”#
পার্সটুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।