আর্থিক খাতের জন্য অশনি সংকেত
বিআইএফসিতে লোপাট ১১৫৭ কোটি টাকা, আরো কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ
শ্রোতা/পাঠকবন্ধুরা!কথাবার্তার প্রাত্যহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আজ ২২ নভেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি। তারপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
ঢাকার কয়েকটি খবরের শিরোনাম
- ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর, স্বস্তিকর কি-প্রথম আলো
- প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা-বাংলাদেশ প্রতিদিন
- কম দামে চাল কিনতে মানুষের ভিড়-মানবজমিন
- ডলারের ধাক্কায় ১৫৬ কোটি টাকা খরচ বাড়ছে-যুগান্তর
- দৈনিকটির অপর এক খবরের শিরোনাম-বিআইএফসি-লোপাট ১১৫৭ কোটি টাকা
- পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষমতা দুদকের নেই: দুদক চেয়ারম্যান–ইত্তেফাক
- রিজার্ভ আরো কমে সাত বছরের মধ্যে সর্বনিম্ন-কালের কণ্ঠ
কোলকাতার শিরোনাম:
- সমকামীদের সমর্থনে টি-শার্ট পরে কাতারে হেনস্তার মুখে মার্কিন সাংবাদিক, কেড়ে নেওয়া হল মোবাইল -সংবাদ প্রতিদিন
- পুরভোটে টিকিট পাওয়া নিয়ে গোষ্ঠীকোন্দল! কর্মীদের হাতেই মার খেলেন আপ বিধায়ক -আজকাল
- মাথার দাম ৫ লক্ষ টাকা, দিল্লি বিমানবন্দরে এনআইএর জালে খলিস্তানি জঙ্গি কুলবিন্দরজিৎ-আনন্দবাজার পত্রিকা
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবারে বিশ্লেষণে যাচ্ছি।
বিশ্লেষণের বিষয়:
১. রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাদিম মোস্তফাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এই আটকের ঘটনাকে কীভাবে দেখছেন আপনি?
২. বিশ্বে ইরানের পরমাণু কর্মসূচির মতো স্বচ্ছ কোনো কর্মসূচি নেই। এই দাবি করেছে তেহরান। কতটা যৌক্তিক এ দাবি?
বিশ্লেষণের বাইরের কয়েকটি খবর:
বিআইএফসি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদন -লোপাট ১১৫৭ কোটি টাকা-যুগান্তর পত্রিকার এ প্রতিবেদনে লেখা হয়েছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) ১১৫৭ কোটি টাকা লোপাট হয়েছে। এর পুরোটাই মেরে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও স্বার্থসংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে তারা কাজটি করেছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, এটা আর্থিক খাতের জন্য অশনি সংকেত। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা অনিয়মে জড়িয়ে গেলে সেখানে আর কি আশা করা যায়। তবুও এ বিষয়ে আরও গভীর এবং নিবিড় তদন্ত হওয়া উচিত।
কারও বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে খাতটি শেষ হয়ে যাবে। বিআইএফসির অনিয়ম উদঘাটনে কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরকে প্রধান করে উচ্চপর্যায়ের বিশেষ তদন্ত কমিটি গঠন করে। কমিটি প্রায় এক বছর ধরে কাজ করে প্রতিবেদন জমা দিয়েছে। এতে দেখা গেছে, আর্থিক প্রতিষ্ঠানটির অনিয়মের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত ২৫০ কর্মকর্তা জড়িত। ফলে তাদের দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিআইএফসিতে আর্থিক অনিয়ম-জালিয়াতির মূল হোতা পিকে হালদার ও তার সহযোগী মেজর (অব.) মান্নান।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, বিআইএফসিতে আর্থিক অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের জন্য তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ মালিক দায়ী থাকলেও তাকে দায়মুক্তি দেওয়া হয়। বিআইএফসির পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমানসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ব্যবস্থা গ্রহণ করলেও মাহমুদ মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমনকি পরিদর্শন প্রতিবেদনে তার প্রসঙ্গই আনা হয়নি। কিন্তু বিশেষ তদন্তে দেখা গেছে, এসব অপরাধের সঙ্গে জড়িত। তিনি সুকুজা ভেঞ্চার লিমিটেড গঠনের কাজে পিকে হালদারের সঙ্গে জড়িত ছিলেন।
তদন্তে যেসব ব্যাংক থেকে আমানত সংগ্রহ করা হয়েছে সেসব ব্যাংক কর্মকর্তাদের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে। এতে দেখা যায়, আদায়ে অনিশ্চয়তা জানা সত্ত্বেও দায়িত্বহীনভাবে ব্যাংকগুলো বিআইএফসিতে সাধারণ মানুষের আমানতের টাকা প্রদান করেছে এবং বছরের পর বছর ধরে আদায়ের দৃশ্যমান কোনো কার্যক্রম গ্রহণ করেনি। এমনকি খেলাপি তথ্য সময়মতো সিআইবিতে রিপোর্টও করেনি।
ছাত্রদল নেতা নয়নকে গুলি করে কনস্টেবল!-যুগান্তর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ওসির সঙ্গে নেতাকর্মীদের বাগি¦তণ্ডার সময় ছাত্রদল নেতা নয়ন মিয়াকে গুলি করেন এক কনস্টেবল। ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিএনপির নেতাকর্মীরা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে রোববার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। ন্যক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।নেতা-কর্মীদের দাবি, গুলি করার মতো কোনো পরিস্থিতিই তৈরি হয়নি। তার পরও পুলিশ গুলি চালিয়েছে। উলটো এখন আমাদের নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা দিয়েছে।
একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিএনপির নেতাকর্মীদের গুলি করার পর ওই কনস্টেবলকে বকাবকিও করেন।নয়নের বাড়িতে শোকের ছায়া : রোববার চরশিবপুর গ্রামে নয়নের বাড়িতে গিয়ে দেখা যায়, সন্তান হারিয়ে নয়নের মা তাসলিমা বেগম, বাবা রহমত উল্লাহ, স্ত্রী সাজিদা আক্তার আহাজারি করছেন। সাজিদার কোলে তার দুই বছর বয়সি সন্তান আলিফ। কিছু বুঝতে না পারলেও মায়ের কান্না দেখে সেও কাঁদছিল।
তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল।
ডলারের ধাক্কায় ১৫৬ কোটি টাকা খরচ বাড়ছে-যুগান্তর
ডলারের দাম বৃদ্ধির ধাক্কা লেগেছে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পে। ফলে শুধু মুদ্রা বিনিময় হারে তারতম্যের কারণেই খরচ বাড়ছে ১৫৬ কোটি ৫২ লাখ ৪৬ হাজার টাকা।
এছাড়া অন্যান্য কারণে আরও প্রায় ২০৬ কোটি টাকা বাড়ছে। সবমিলিয়ে প্রকল্প ব্যয় বাড়ছে ৩৬২ কোটি সাত লাখ টাকা। এজন্য ‘বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রথম সংশোধন করা হচ্ছে।
তবে বর্তমান সংকটময় মুহূর্তে এ ধরনের প্রকল্প অনুমোদন বা সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। আগামীকাল মঙ্গলবার এ সংক্রান্ত প্রস্তাবটি উপস্থাপন করা হচ্ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে। খবর পরিকল্পনা কমিশন সূত্রের।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন যুগান্তরকে বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রকল্প তো সংশোধন করার কথা নয়। কেননা দেশীয় টাকায় বিদেশ থেকে ডলারে মালামাল কিনতে হবে। কিন্তু সার্বিকভাবে ডলার সংকট চলছে। সেখানে সরকারিভাবেই এমন প্রকল্প নিরুৎসাহিত করা হচ্ছে। এ রকম প্রকল্পের বাস্তবায়ন যাতে ধীরে হয় সেটিই মঙ্গল। তবে বিদেশি অর্থায়ন থাকলে তাহলে ব্যয়ও বাড়ত, লাভও হতো। এ প্রকল্পে দেখা যাচ্ছে বৈদেশিক কোনো ঋণ নেই।
আইএমএফের চাওয়া- খেলাপি ঋণ কমাতে হবে ২ বছরে: প্রথম আলো
রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক, বিডিবিএল—এই ছয় ব্যাংকের খেলাপি ঋণের হার ২৮ দশমিক ৬৬ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের কাছে এ হার ১০ শতাংশে নামিয়ে আনার কৌশল জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সংস্থাটি শুধু রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকই নয়, পুরো ব্যাংক খাতেরই খেলাপি ঋণ ১০ শতাংশের মধ্যে রাখার পরামর্শ দিয়ে গেছে। জবাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আইএমএফকে বলা হয়েছে, সার্বিক খেলাপি ঋণের হার ১০ শতাংশের কমই আছে। ২০২৪ সালের জুনের মধ্যে এ ব্যাপারে উল্লেখযোগ্য উন্নতি সম্ভব হবে।
অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনায় মূল্যস্ফীতি বেশি হচ্ছে: ড. সালেহউদ্দিন আহমেদ- যুগান্তর
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখন শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রায় সব দেশই সতর্কতা অবলম্বন করছে। বাংলাদেশকেও তাই করতে হবে। তবে বৈশ্বিক বা বিভিন্ন দেশের মূল্যস্ফীতির সঙ্গে বাংলাদেশের মূল্যস্ফীতিতে একটু ভিন্নতা রয়েছে। এদেশে মূল্যস্ফীতির হার বেশি হচ্ছে মূলত অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনার কারণে। পণ্যমূল্যে যেমন নিয়ন্ত্রণ নেই, তেমনই সেবা খাতেও নিয়ন্ত্রণ নেই। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বাড়া বা সরবরাহ সংকটের দোহাই দিয়ে পণ্য ও সেবার দাম লাগামহীনভাবে বাড়ানো হচ্ছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রথমে বাজার নিয়ন্ত্রণ আনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণ করছে। কিন্তু সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের মধ্যেও দেশের অভ্যন্তরীণ ঋণপ্রবাহ বাড়ছে। এর মধ্যে সরকারি ও বেসরকারি দুই খাতেই তা বাড়ছে। আবার অপ্রয়োজনীয় ব্যয়ও হচ্ছে। এর মানে, কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির উপকরণগুলো সঠিকভাবে কাজ করছে না। এ খাতে নিয়ন্ত্রণ আনতে হবে। আর মুদ্রানীতি নিয়ে দেশের মূল্যস্ফীতির হার কমানো খুব বেশি সম্ভব নয়। এ হার কমাতে হলে বাজার ও অপ্রয়োজনীয় ব্যয়ে নিয়ন্ত্রণ আনতে হবে। একই সঙ্গে পণ্যের উৎপাদন বাড়িয়ে সরবরাহ বাড়াতে হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়ার কারণে দেশে আমদানির মাধ্যমে এক ধরনের মূল্যস্ফীতি আমদানি করছে। এ প্রভাব থাকবে। এটি নিয়ন্ত্রণ করতে বিলাসী ও অপ্রয়োজনীয় পণ্যের আমদানি কমাতে হবে।
আরো কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ- ইত্তেফাক
ডলার সংকটের কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এতে চাপে পড়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার দেশের রিজার্ভ ৩৪ দশমিক ২১ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী, রিজার্ভ হিসাব করলে রিজার্ভ আরও ৮ দশমিক ৪০ বিলিয়ন ডলার কমে যাবে। সেই হিসেবে এখন প্রকৃত রিজার্ভ ২৫ দশমিক ৮১ বিলিয়ন ডলার। যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৪-১৫ অর্থবছরে রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার।
এবারে কোলকাতার কয়েকটি খবরের বিস্তারিত:
নিয়োগে দুর্নীতি মামলা: বেশ কিছু বেসরকারি ডিএলএড কলেজের কর্তৃপক্ষকে তলব ইডির-- আনন্দবাজার
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এ বার বেসরকারি ডিএলএড কলেজগুলির কর্তৃপক্ষকে তলব করা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজির হন রাজ্যের একাধিক ডিএলএড কলেজের কর্তৃপক্ষ। প্রয়োজনীয় নথি নিয়ে তাঁরা এসেছেন। নিয়োগ দুর্নীতিতে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে চাইছে ইডি, তাই এই তলব বলে জানা গিয়েছে। ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল, বেসরকারি ডিএলএড কলেজগুলির কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথম পর্যায়ে ৫০টি এমন কলেজের কর্তৃপক্ষকে ডেকে পাঠানোর কথাও শোনা গিয়েছিল। সেই অনুযায়ী মঙ্গলবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজির হন রাজ্যের একাধিক বেসরকারি ডিএলএড কলেজ কর্তৃপক্ষ।
পুরভোটে টিকিট পাওয়া নিয়ে গোষ্ঠীকোন্দল! কর্মীদের হাতেই মার খেলেন আপ বিধায়ক- আজকাল
রাজধানীতে দলীয় কর্মীদের হাতেই মার খেলেন আপ বিধায়ক। প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয় থেকে ছুটে পালাতে হল বিধায়ককে। ওই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিরোধীদের দাবি, শাসকদলের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে নিজের দলের কর্মীদের হাতেই মার খাচ্ছেন নেতা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেন আজকাল অনলাইন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, সোমবার সন্ধেয় দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝে বসে ছিলেন আপ নেতা তথা মাটিয়ালা কেন্দ্রের বিধায়ক গুলাব সিং যাদব। তাঁকে ঘিরে কার্যালয়ে উপস্থিত ছিলেন আরও অনেকে। কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। এক সময় দেখা যায় বিধায়কের দিকে তেড়ে আসছেন কর্মীদের একাংশ। তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন। কার্যালয় থেকে পালিয়ে যান। তাঁর পিছনে ধাওয়া করেন অন্যরা। কেউ কেউ মারমুখী কর্মীদের থেকে বিধায়ককে আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কয়েক বার মারও খান গুলাব। বেগতিক বুঝে ছুটতে শুরু করেন গুলাব সিং যাদব। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিজেপি নেতা সম্বিত পাত্র সেই ভিডিওটি টুইট করে লিখেছেন, ‘একটি দলের ‘সৎ রাজনীতি’র নাটকের কিছু দৃশ্য। আপের দুর্নীতি এমনই যে, দলের কর্মীরাই বিধায়কের উপর ক্ষেপে গিয়েছেন। সামনের ভোটে আপের অবস্থাও এমন হতে চলেছে।’ সূত্রের খবর, আসন্ন পুরসভা নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে আপের মধ্যে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে। গুলাবকেও সেই কারণেই কর্মীদের রোষের মুখে পড়তে হয়েছে। যদিও বিজেপির দাবি উড়িয়ে গুলাব সাফাই দিয়েছেন, বিজেপির লোকজন দলীয় কার্যালয়ে গিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে। ঘটনার পর গুলাব সিং থানায় অভিযোগও দায়ের করেন।
সমকামীদের সমর্থনে টি-শার্ট পরে কাতারে হেনস্তার মুখে মার্কিন সাংবাদিক, কেড়ে নেওয়া হল মোবাইল- সংবাদ প্রতিদিন
সমকামিতার সমর্থনে রামধনু রঙের টি-শার্ট পরেছিলেন। সেই অপরাধে এক মার্কিন সাংবাদিককে কাতার বিশ্বকাপের (Qatar World Cup) স্টেডিয়ামে ঢুকতে বাধা দেওয়া হল। গ্রান্ট ওয়াল নামে ওই সাংবাদিককে সাফ জানিয়ে দেওয়া হয়, এই টি-শার্ট পরে স্টেডিয়ামে ঢোকা যাবে না। প্রতিবাদ জানালে তাঁর ফোনও কেড়ে নেওয়া হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সমকামীদের সমর্থন করতে চেয়ে বিশেষ আর্মব্যান্ড পরে মাঠে নামতে চেয়েছিলেন বেশ কয়েকটি ইউরোপীয় দেশের অধিনায়করা। কিন্তু ফিফার (FIFA) তরফে জানানো হয়, এই আর্মব্যান্ড পরে খেললে শাস্তির মুখে পড়তে হবে। কাতারের প্রশাসনের চাপে পড়েই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২