জুন ৩০, ২০১৬ ১৫:০৭ Asia/Dhaka
  • ছয় মাসে ক্রসফায়ারে নিহত ৭৯: আসক

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৩০ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

ঈদে নিরাপত্তা জোরদারে তল্লাশিচৌকি বাড়ানো হবে'–ইত্তেফাক

ছয় মাসে হিন্দু সম্প্রদায়ের ৫ জন খুন -প্রথম আলো

রংপুরে হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড- মানবজমিন

লালমনিরহাটে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, এলাকাবাসীর বিক্ষোভ-বাংলাদেশ প্রতিদিন

সংসদে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পাস- কালের কণ্ঠ

লুটপাট নিয়ে সংসদে তোপের মুখে অর্থমন্ত্রী-নয়া দিগন্ত

মিতু হত্যাকাণ্ড-নানা গোঁজামিলে তদন্তের সর্বনাশ-যায় যায় দিন

অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডিসহ গ্রেফতার ৩- যুগান্তর

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

অনুপ্রবেশ, জাল নোট বন্ধ করতে হবে: মমতা -বর্তমান

সন্দেহের বশে মা’কে খুন করল দুই ছেলে!--সংবাদ প্রতিদিন

লিঙ্গান্তরীদের সংরক্ষণের পক্ষে সুপ্রিম কোর্ট-আজকাল

মাওবাদীর হাতে এম-১৬ রাইফেল, উদ্বিগ্ন কেন্দ্র-আনন্দবাজার

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

চাঞ্চল্যকর মিতু হত্যার ফলোআপ খবরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে এরকম

‘অনেক প্রশ্নের জট খুলছে না’

বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের ঘটনার অনেক প্রশ্নের উত্তর রহস্যজটের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। খুনের পর ২৫ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি এর নির্দেশদাতা ও পরিকল্পনাকারীর। কোন গোষ্ঠী বা ব্যক্তি সাত লাখ টাকায় মিতুর খুনিদের ভাড়া করেছিল, খুনের ভিডিও ফুটেজে মুছাকে দেখার পরও কেন বাবুল আক্তার ঘনিষ্ঠ এ সোর্সের বিষয়ে মুখ খোলেননি, হত্যাকাণ্ডের পর কিলিং মিশনের সদস্যরা মিতুর মোবাইল নিয়ে গেলেও এর বর্তমান অবস্থান কোথায় ইত্যাদি অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি। উল্টো দিন বাড়ার সঙ্গে ঘনীভূত হচ্ছে এ হত্যার রহস্য। কঠিন থেকে কঠিনতর হচ্ছে রহস্যজট।

এ সম্পর্কে দৈনিক প্রথম আলোর একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনাম:

বাবুল আক্তারকে নিয়ে পুলিশ উভয়সংকটে

পুলিশ সুপার বাবুল আক্তারের পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, তা নিয়ে উভয়সংকটে পড়েছেন পুলিশের নীতিনির্ধারকেরা। কর্মকর্তাদের একটি অংশ মনে করে, বাবুল যদি অপরাধী হন, তাহলে প্রচলিত আইনে তাঁর সাজা হওয়া উচিত। আরেকটি অংশ মনে করে, বর্তমান পরিস্থিতিতে বাবুল সন্দেহের ঊর্ধ্বে নন। বাহিনীর ভাবমূর্তি রক্ষায় তাঁর সরে যাওয়া উচিত।

বাবুল আক্তারের শ্বশুর সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন এখনো মনে করেন, বাবুল স্ত্রী হত্যায় জড়িত থাকতে পারেন না।গত শুক্রবার রাতে ডিবি কার্যালয়ে নেওয়ার পর তিনজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা বাবুলকে ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। সে সময়ই তাঁর পদত্যাগপত্রে সই নেওয়া হয়। তবে পদত্যাগপত্রটি এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশ সদর দপ্তরে জমা পড়েনি।

দৈনিক কালেরকণ্ঠসহ বেশ কয়েকটি দৈনিকের শিরোনামে লেখা হয়েছে,

ক্রসফায়ারে এগিয়ে পুলিশ, ছয় মাসে নিহত ৭৯

বাংলাদেশে গত ছয় মাসে আইনশৃংখলা বাহিনীর হেফাজতে থাকা ৭৯ ব্যক্তি কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। নিহতের মধ্যে ৩০জন পুলিশের সঙ্গে, ২৪ জন র‌্যাবের ও সাত জন ডিবি পুলিশের সঙ্গে ক্রসফায়ারে নিহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ছয় মাসে আইনশৃংখলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা ৫০জনকে তুলে নিয়েছে। এর মধ্যে ছয় জনের লাশ পাওয়া গেছে। তাছাড়া বাংলাদেশে শিশুদের নির্যাতন ও হত্যার হার গত ছয় মাসে আশংকাজনকভাবে বেড়ে গেছে বলে প্রতিবেদনে জানিয়েছে আসক।

কালেরকণ্ঠের রাজনীতি বিষয়ক খবরের শিরোনাম- রিজভী বলেছেন

‘সরকারই অস্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চায়’

কখন কি ঘটে যায়-এই আশঙ্কায় সরকার সবসময় দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, সম্প্রতি যেসব ভিন্নমত পোষণকারীরা উগ্রবাদীদের হাতে নিহত হয়েছেন, তাদের নিয়ে সরকার প্রধান ও সরকারি লোকজনদের বক্তব্য ও রহস্যজনক। জনমনে এখন স্পষ্ট হচ্ছে যে- এসব হত্যাকাণ্ড সরকারের অগোচরে হচ্ছে না। কারণ সরকার তার অবৈধ সত্ত্বা নিয়ে উদ্বিগ্ন। কখন কি ঘটে যায়-এই আশঙ্কায় সরকার সবসময় দেশে একটি অস্থিতিশীল পরিবেশ বজায় রাখতে চায়। কারণ নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সরকারের টিকে থাকার গ্যারান্টি।

যায় যায় দিনের খবর-

ফাহিমের জন্য খালেদার মায়াকান্না কেন: হাসিনা

মাদারীপুরে শিক্ষককে হত্যাচেষ্টার ঘটনায় আটক 'জঙ্গি' ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর তার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'মায়াকান্না' করছেন মন্তব্য করে এর কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম আলোর একটি মর্মস্পর্শী প্রতিবেদন

রাস্তার বাতির আলোয় পড়ে রাফিজা

খুলনার কিশোরী রাফিজা আক্তার। সে সপ্তম শ্রেণিতে পড়ে। তার ছবি ছাপা হয়েছে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ’র বিশ্ব শিশু পরিস্থিতি, ২০১৬ প্রতিবেদনে। ইউনিসেফের প্রতিবেদনের ছবিতে ডাস্টবিনের কাছে রাস্তার বাতির আলোয় রাফিজাকে পড়তে দেখা যায়। পাশেই তার ঘর। কিন্তু ঘরে বিদ্যুৎ নেই। তাই রাতে তাকে এভাবে পড়তে হয়। রাফিজা জানায়, ডাস্টবিনের কাছে রাস্তার বাতির আলোয় পড়তে তার ভয় লাগে। পড়ার সময় এলাকার বখাটেরা তাকে বিরক্তও করে।

রাফিজা পড়ছে খুলনার নূরনগর মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে। সে জানায়, দ্বিতীয় শ্রেণি থেকে এ পর্যন্ত ক্লাসে তার রোল নম্বর ১। পঞ্চম শ্রেণির সমাপনীতে জিপিএ-৫ পেয়েছে।

জন্মের কয়েক দিনের মাথায় রাফিজার বাবা মারা যান। তার মা দ্বিতীয় বিয়ে করেন। এই সংসারে একটি মেয়ের জন্ম হয়। পরে সৎবাবা রাফিজাদের ফেলে চলে যান। এখন রাফিজা, তার সৎবোন ও তাদের মা একসঙ্গে থাকে। তার মা মানছুরা বেগম অসুস্থ। তিনি আর আগের মতো কাজ করতে পারেন না। অসুস্থতা নিয়েও মা দুটি দোকানে পানি বিক্রি করেন। অন্যের বাড়িতে থালাবাসন পরিষ্কার করেন।

কালের কণ্ঠের শিরোনাম:

সংসদে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পাস

২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ’৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায়, উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। গত ২ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বাজেট পেশ করেন। নির্দিষ্টকরণ বিল-২০১৬ সংসদে গৃহীত হওয়ার মধ্য দিয়ে এই বাজেট পাস করা হয়।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সমকামী-উভকামীদের তৃতীয় লিঙ্গের স্বীকৃতি নয়: রায় দিল সুপ্রিম কোর্ট-আনন্দাবাজার

শুধুমাত্র রূপান্তরকামীরাই সরকারি সংরক্ষণের সুবিধা পাবেন, সমকামী বা উভকামীরা নন। রায় দিল সুপ্রিম কোর্ট। রূপান্তরকামীদের জন্য শিক্ষা-চাকরি-সহ নানা ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা এখনও চালু না হওয়ায় কেন্দ্রীয় সরকারকে সর্বোচ্চ আদালতের মৃদু ধমকও শুনতে হল বৃহস্পতিবার।

২০১৪ সালে রূপান্তরকামীদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয় সুপ্রিম কোর্ট। ২০১৫ সালে সর্বোর্চ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে। কিন্তু তখনই প্রশ্ন উঠে গিয়েছিল, তৃতীয় লিঙ্গ হিসেবে ঠিক কাদের ধরা হবে? বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, রূপান্তরকামীদেরই তৃতীয় লিঙ্গ হিসেবে ধরা হবে। কিন্তু কেউ রূপান্তরকামী না হয়েও যদি সমকামী বা উভকামী হন, তা হলে তাঁকে তৃতীয় লিঙ্গ হিসেবে ধরা হবে না। সংরক্ষণ পাওয়ারও প্রশ্ন উঠছে না। এই ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি সুপ্রিম কোর্ট এ দিন ভারত সরকারকে নির্দেশ দিয়েছে, খুব দ্রুত তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষণের ব্যবস্থা চালু করতে।

অনুপ্রবেশ, জাল নোট বন্ধ করতে হবে: মমতা-বর্তমান

অনুপ্রবেশ, গোরু ও জাল নোট পাচার ঠেকাতে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল জনাদেশে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসীন হয়ে প্রথমদিন থেকেই মমতা বুঝিয়েছেন বিশৃঙ্খলা, দুর্নীতি আর অরাজকতা দমনে আরও কঠোর হবেন তিনি। এবার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবারের জন্য উত্তরবঙ্গ সফরে এসে গোড়া থেকেই সেই বার্তাই দিচ্ছিলেন মমতা

বিনিয়োগ টানতে মার্কিন বিদেশকর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ বৃহস্পতিবার নবান্নে বৈঠক করবেন মার্কিন প্রশাসনের বিশেষ দূত থমাস এ স্যানন৷ তিনি মার্কিন সরকারের রাজনৈতিক দফতরের আন্ডার সেক্রেটারি৷ দু’দিনের কলকাতা সফরে আজ আসছেন স্যানন৷ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কের ভিত আরও মজবুত করতে চায় মার্কিন সরকার৷

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০