তারেকের ৭ বছরের কারাদণ্ড: রায় জিয়া পরিবার ধ্বংসের নীল নকশা-বিএনপি
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ২১ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
‘তারেককে লন্ডন থেকে ধরে আনার চেষ্টা করা হবে’আইনমন্ত্রী-ইত্তেফাক
হাইকোর্টে তারেকের ৭ বছরের কারাদণ্ড-প্রথম আলো
জিয়া পরিবার ধ্বংসের নীল নকশা এ রায়: বিএনপি-যুগান্তর
দেশে অনাচার চলছে : জাফরুল্লাহ-নয়া দিগন্ত
ঢাকায় সন্দেহভাজন ১০ জনের অন্যতম জাপানে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষক-মানবজমিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে তোপ রাজনাথের -আজকাল
মানুষের বিরুদ্ধে কাজ করলে বরদাস্ত নয়, বার্তা মমতার-আনন্দবাজার
আত্মহত্যায় প্ররোচনা, তৃণমূলের কাউন্সিলার গ্রেপ্তার সোনারপুরে -বর্তমান
মায়াবতীকে অশ্লীল মন্তব্য, দয়াশঙ্করের বিরুদ্ধে এফআইআর -সংবাদ প্রতিদিন
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
তারেক রহমানের মামলা সম্পর্কিত খবরে প্রথম আলো শিরোনাম করেছে-
হাইকোর্টে তারেকের ৭ বছরের কারাদণ্ড
অর্থ পাচার মামলার আপিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাঁকে ২০ কোটি টাকা জরিমানাও করা হয়েছে। তারেকের ব্যবসায়ী বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ডাদেশ আপিলে বহাল রয়েছে। তবে তাঁর জরিমানা ৪০ থেকে কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন। মামলায় নিম্ন আদালত তারেককে খালাস দিয়েছিলেন। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামুনকে নিম্ন আদালত সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করেছিলেন। মামুনের আইনজীবীরা এই সাজার বিরুদ্ধে আপিল করেন। দুটি আপিলের ওপর শুনানি শেষে গত ১৬ জুন হাইকোর্টের এই বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। আজ রায় ঘোষণা করা হলো। দুদকের আইনজীবী জানিয়েছেন, রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ২০০৯ সালের ২৬ অক্টোবর ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করে দুদক।
তারেকের রায় সম্পর্কে বিএনপির প্রতিক্রিয়া ছাপা যুগান্তর পত্রিকায়। শিরোনামটি এরকম: জিয়া পরিবার ধ্বংসের নীল নকশা এ রায়: বিএনপি
জিয়া পরিবারকে ধ্বংস ও বিএনপিকে দুর্বল করার নীল নকশার অংশ হিসেবে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, '১/১১ সরকার অবৈধভাবে তারেক রহমানের বিরুদ্ধে এই মামলা দিয়েছিল। নিম্ন আদালত এর সঙ্গে তার সংশ্লিষ্টতা না পেয়ে তাকে খালাস দেন। কিন্তু দুদকের করা আপিলে উচ্চ আদালতে তথ্য-প্রমাণ আমলে নেয়া হয়নি।' রিজভী বলেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে নতুন নতুন ইস্যু তৈরি করে। তারেক রহমানের বিরুদ্ধে এই রায় তারই অংশ।
রিজভী বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দুদকের মাধ্যমে আপিল করে সাজা দেয়া হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আর আইনমন্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে প্রায় সব দৈনিকে। প্রথম আলো লিখেছে- বিচারিক আদালতের বিচারককে প্রভাবিত করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেছেন, ‘যদি চুক্তি করেও আনতে হয় তাহলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে চুক্তি করার চেষ্টাও করব। আর বাংলাদেশ প্রতিদিনে আইনমন্ত্রীর বরাত দিয়ে লেখা হয়েছে- তিনি বলেছেন প্রয়োজনে তারেক রহমানকে ধরে আনা হবে।’
শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ যাতে না ঢোকে: শিক্ষামন্ত্রী-প্রথম আলো
শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ নামের ব্যাধি যাতে ঢুকতে না পারে, এ বিষয়ে অভিভাবকসহ কলেজ অধ্যক্ষদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসায় জঙ্গিবাদ ঢুকবে আর আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকব, তা হয় না। সমগ্র জাতি একসঙ্গে মিলে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেব।’
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, গাজীপুরের টঙ্গীর মোক্তারবাড়ি এলাকার একটি বাড়িতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গোপন আস্তানার সন্ধান পেয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানায়, ওই ফ্ল্যাটে জেএমবির জঙ্গি প্রশিক্ষণ চলত। আজ বৃহস্পতিবার ভোররাতে মোক্তারবাড়ির ৪৪ নম্বর আউচপাড়ার ছয়তলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাহমুদুল হাসান, আশিকুর আকবর আবেশ, নাজমুস সাকিব ও শরীয়তউল্লাহ নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
জঙ্গি ইস্যুতে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা-যুগান্তর/বাংলাদেশ প্রতিদিন
জঙ্গি হামলা-সংক্রান্ত ইস্যুতে গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি হামলার গুজব ছড়িয়ে যারা আতংক সৃষ্টি করতে চা্য়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ প্রতিদিনের একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনের শিরোনাম:
চোখ নেপথ্য নায়কদের দিকে
বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি কর্মকাণ্ডে নেপথ্য নায়কদের খুঁজছেন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা। অতীতে জঙ্গি তত্পরতায় জড়িত অভিযোগে বিভিন্ন সময় গ্রেফতার হয়েছিলেন এমন ব্যক্তিদেরও রাখা হয়েছে বিশেষ তালিকায়। গোয়েন্দাদের ধারণা, জামিনে মুক্ত হয়ে কিংবা পলাতক থেকেই তাদের অনেকে রাষ্ট্রবিরোধী তত্পরতায় নিজেদের সম্পৃক্ত রেখেছেন। কানাডার নাগরিক তামিম চৌধুরী, জাপানের অধ্যাপক সাইফুল্লাহকে ঘিরে তদন্ত নর্থ সাউথের ছাত্র জুন্নুনের অ্যাকাউন্ট গোয়েন্দা কব্জায়, নিখোঁজদের খোঁজে তত্পরতা।
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মানুষের বিরুদ্ধে কাজ করলে বরদাস্ত নয়, বার্তা মমতার-আনন্দবাজার/বর্তমান
শহিদ দিবসের মঞ্চ থেকে দলের নেতা, কর্মীদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'টাকা তুলে দল চালানো যাবে না'। উপনগরীতে তোলাবাজি ও সিন্ডিকেট রাজ নিয়ে যখন শাসকদলের নেতা, কর্মীদের জড়িত থাকার এক পর এক অভিযোগ আসছে, সেই সময় দাঁড়িয়ে তিনি বললেন, 'কিছু খারাপ লোকের জন্য দলের বদনাম হয়'। মানুষের হয়ে কাজ করতে হবে বলে দলীয় নেতা, কর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন মমতা। পাশাপাশি রেকর্ড ভিড়কে উদ্দেশ্য করে স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন তাঁর নেই। বরং বাংলার হয়েই কাজ করতে চান।
কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে তোপ রাজনাথের-আজকাল
কাশ্মীরে অস্থিরতার জন্য লোকসভায় দাঁড়িয়ে ফের প্রতিবেশী পাকিস্তানকেই দায়ী করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বললেন, কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে, থাকবে। কাশ্মীর এবং ভারতের মুসলিমদের নিয়ে পাকিস্তানকে চিন্তা করতে হবে না। পাকিস্তানই তরুণদের ভরকে কাশ্মীরে অশান্তি সৃষ্টি করছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১