কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ৩ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
রাজধানীতে হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ফাঁসির আদেশ -ইত্তেফাক
আসামি পালিয়ে যাওয়ায় তিন পুলিশ সদস্য বরখাস্ত -প্রথম আলো
কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে -যুগান্তর
ঋণ শোধ করতে না পেরে দিনমজুরের আত্মহনন! -কালের কণ্ঠ
সব রহস্য তামিম জিয়াকে ঘিরে টার্গেট কিলিংয়ের নেতৃত্বে তারা-বাংলাদেশ প্রতিদিন
কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক তলানিতে, পাকিস্তান যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্টমন্ত্রী -আনন্দবাজার
উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে শিক্ষিকাকে গণধর্ষণ -সংবাদ প্রতিদিন
গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন না শাহ: নাইডু -আজকাল
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৭, বৈঠক মমতার -বর্তমান
পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে-যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদ, সন্ত্রাসের কোনও স্থান নেই। কিন্তু কিছু বিপথগামী ইসলামের নামে সন্ত্রাস সৃষ্টি করছে। তাদের কারণে আমরা যারা ধর্মপালন করি, তাদের পৃথিবীতে বসবাস করা কঠিন হয়ে যাচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০টায় হজ ব্যবস্থাপনা কার্যক্রম-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।
পিস স্কুলের অনুমোদন নেই, দায়দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের: শিক্ষামন্ত্রী-সমকাল/ইত্তেফাক/প্রথম আলো
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'পিস' নামে চালু দেশের অনুমোদনহীন স্কুলগুলো বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মিডিয়া ও পুলিশ এজেন্সির মাধ্যমে এ স্কুলের অনেকগুলো শাখার তথ্য পেয়েছি। এখানে যারা পড়াচ্ছেন তারাও স্বাধীনতার পক্ষে নয়। পিস স্কুলগুলোর শিক্ষার্থীদের দায়দায়িত্ব ওই সব স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে। আজ সকালে সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, পিস স্কুলগুলোর লেখাপড়া, মানসিকতা নতুন প্রজন্মের শিক্ষার্থী ও দেশের জন্য মঙ্গলজনক নয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে আমরা ইতোমধ্যে পিস স্কুলের কার্যক্রম বন্ধ রেখেছি। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় আরও খতিয়ে দেখা হবে।
বিএনপিকে পঙ্গু করতে মওদুদকে বাড়ি ছাড়ানোর চেষ্টা: ফখরুল-প্রথম আলো
সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল, দুর্বল ও পঙ্গু করার নীল নকশার অংশ হিসেবে মওদুদ আহমদকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। এমাজউদ্দীনের বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেছেন, জামায়াতকে জোটে রাখা না রাখা নিয়ে অধ্যাপক এমাজউদ্দীন যে বক্তব্য দিয়েছেন, সেটি তাঁর ব্যক্তিগত মতামত।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জাতীয় দায়িত্ব থেকে খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপির প্রাথমিক আলোচনা শুরু হয়েছে। এটি ফলপ্রসূ হলে গণমাধ্যমকে জানানো হবে।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন- বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে-যুগান্তর/বাংলাদেশ প্রতিদিন
সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি।
সংস্থাটি বলছে, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠী আইএসআইএল ও আল-কায়েদার ভারতীয় উপমহাদেশের শাখা ‘একিউআইএস’ বিস্তার রোধ করাই সরকারের প্রাথমিক চ্যালেঞ্জ।
আইসিজির জুলাই মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে এ কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে সন্ত্রাসবাদ মোকাবেলার নীতি গ্রহণের ক্ষেত্রে সরকারকে নিরপেক্ষভাবে আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইসিসি।
সব রহস্য তামিম জিয়াকে ঘিরে-গুলশান-শোলাকিয়ায় জঙ্গি হামলা, দেশজুড়ে টার্গেট কিলিংয়ের নেতৃত্বে এরা-বাংলাদেশ প্রতিদিন
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশে সাম্প্রতিক উগ্রপন্থি কর্মকাণ্ডের পেছনে রয়েছেন কানাডার পাসপোর্টধারী বাংলাদেশি তামিম আহমেদ চৌধুরী ও সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া মেজর সৈয়দ মো. জিয়াউল হক। গতকাল তামিম ও জিয়াকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক গতকাল পুলিশ সদর দফতরে এক ব্রিফিংয়ে বলেন, ‘তদন্ত করতে গিয়ে আমরা যা পেয়েছি, এখানে মাস্টারমাইন্ড তামিম চৌধুরী। নতুন জেএমবির নেতৃত্ব দিচ্ছে সে। এই তামিম চৌধুরীর পর যারা দ্বিতীয় ও তৃতীয় প্রধান তাদেরকেও আমরা চিহ্নিত করেছি। তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা করছি। আরেকটা গ্রুপ আছে আনসারুল্লাহ বাংলা টিম। তাদের নেতৃত্ব দিচ্ছে চাকরিচ্যুত মেজর জিয়া। পুলিশ তামিম ও জিয়াকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।’
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৭, বৈঠক মমতার-বর্তমান
মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান। আর তাতেই কলকাতাসহ রাজ্যে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দ্বিগুণ ছাড়াল। সোমবার পর্যন্ত ডেঙ্গু ও অজানা জ্বরে রাজ্যে মৃতের সংখ্যা ছিল চার। তার মধ্যে তিনজনই ছিল ডেঙ্গুতে আক্রান্ত। ইএম বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে মৃত এক শিশুর টেস্ট রিপোর্ট না আসায় তার মৃত্যু ডেঙ্গুতে কি না নিশ্চিত ছিল না। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, রাজ্যে আরও চারজন ডেঙ্গুতে মারা গিয়েছে। সেই বেসরকারি হাসপাতালে মৃত আট বছরের বিবস্বান গুহঠাকুরতারও ডেঙ্গুই হয়েছিল বলে জানা গিয়েছে।
উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে শিক্ষিকাকে গণধর্ষণ-সংবাদ প্রতিদিন
মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনার পরপরই ফের গণধর্ষণ উত্তরপ্রদেশের হাইওয়েতে৷ এবার অকুস্থল বেরিলি৷ এবার গণধর্ষণের শিকার এক শিক্ষিকা৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই শিক্ষিকা তাঁর স্কুলে যাচ্ছিলেন৷পথ আটকায় একটি গাড়ি৷ কয়েকজন দুষ্কৃতী তাঁকে জোর করে গাড়িতে তোলে৷ শিক্ষিকার বয়ান অনুযায়ী, চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে তিনজন৷ তারপর দিল্লি-লখনউ হাইওয়ের পাশে একটি ফাঁকা জায়গায় ফেলে চলে যায়৷ শিক্ষিকার অভিযোগ, ধর্ষণের সময় মোবাইলে তা ভিডিও করে রাখে এক দুষ্কৃতী৷ পরে সেই ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় তাঁকে৷
ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে সঙ্গে নিয়ে অকুস্থল থেকে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে৷ তবে ওই এলাকার আইন-শৃঙ্ঘলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ অফিসার রাজেশ সিংকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে৷
মাত্র দু’দিন আগেই বুলন্দশহরে মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে৷ অকুস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই ছিল একটি পুলিশ ফাঁড়ি৷ পুলিশের নাকের ডগায় এ ঘটনা কী করে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ এখনও সে ঘটনায় মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ৷
গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন না শাহ: নাইডু-আজকাল
গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন না অমিত শাহ। আপাতত বি জে পি–র সভাপতিই থাকছেন। কারণ জাতীয় রাজনীতিতেই তাঁর প্রয়োজন বেশি। জানিয়ে দিলেন কেন্দ্রীয়মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। বুধবার গুজরাটের রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকারিভাবে ইস্তফা দেবেন আনন্দীবেন প্যাটেল। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, আগামীকাল সিদ্ধান্ত নেবেন অমিত শাহ। সেজন্য বুধবার রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক তলানিতে, পাকিস্তান যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্টমন্ত্রী-আনন্দবাজার
ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক তলানিতে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানোর প্রবণতা একেবারেই বাল চোখে দেকছে না সেখ হাসিনার সরকার। তাই আজ, বুধবার, থেকে ইসলামাবাদে শুরু হওয়া সার্ক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ বিদেশ মন্ত্রক সূত্রেই এই খবর জানা গিয়েছে।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ ইসলামাবাদের বৈঠকে যোগ দিচ্ছেন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২