আগস্ট ০৬, ২০১৬ ১৪:০১ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৬ আগস্ট শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম: 
যার যার অবস্থান থেকে কাজ করলে জঙ্গিবাদ নিমূর্ল সম্ভব’-ইত্তেফাক
বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা-প্রথম আলো
গুলশানে ১০ আগস্ট নামছে এসি বাস, ভাড়া ১৫ টাকা-যুগান্তর
বিএনপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে : বাণিজ্যমন্ত্রী -কালের কণ্ঠ
দিনাজপুরে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা নিহত-বাংলাদেশ প্রতিদিন

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:
সনিয়া অসুস্থ, তাই ঝাঁপাচ্ছেন রাহুল-আনন্দবাজার
আবেশের মৃত্যু দুর্ঘটনাতেই, পরিবারকে জানাবে পুলিশ-সংবাদ প্রতিদিন
ঋণ মকুব নিয়ে জেটলির বক্তব্যে মর্মাহত:‌ অমিত-আজকাল

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।
আটক জঙ্গিরা বলে, ‘মেরে ফেলেন, জান্নাতে যাব : আইজিপি-প্রথম আলো
পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, আটক জঙ্গিদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না। কোনো জঙ্গিকে আটক করলে বলে, ‘আমাকে মেরে ফেলেন। আমি জান্নাতে যাব।’
আজ র জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানিয়ে ধর্মের ভুল ব্যাখ্যা থেকে তরুণসমাজকে বাঁচাতে আলেমসমাজের প্রতি আহ্বান জানান আইজিপি।
শহীদুল হক বলেন, একটি দেশে অন্য কোনো ধর্মের মানুষ থাকতে পারবে না—এটি অপপ্রচার। ইসলামি ব্যক্তি, আলেমসমাজ, মাদ্রাসার শিক্ষকদের এ ধরনের অপপ্রচার বন্ধে কাজ করতে হবে।
আইজিপি বলেন, জঙ্গিবাদ কোনো স্থানীয় সমস্যা না। এটি একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গিরা মানবতার ওপর আঘাত হানে আর ব্লগাররা ধর্ম নিয়ে কটাক্ষ করে।

বাসাভাড়া নিতে ডিএমপির 'ভাড়াটিয়া পরিচয়পত্র' লাগবে-যুগান্তর
রাজধানী ঢাকায় বাসাভাড়া নিতে এখন থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেয়া 'ভাড়াটিয়া পরিচয় পত্র' লাগবে।
শনিবার সকালে ডিএমপির নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ কথা জানান।
কমিশনার বলেন, ইতিমধ্যে আমরা ২০ লাখ ভাড়াটিয়া তথ্য ফর্ম সংগ্রহ করেছি। এসব ফর্ম পর্যালোচনা শেষে ভাড়াটিয়াদের ডিএমপির পক্ষ থেকে ভাড়াটিয়া আইডি দেয়া হবে। একজন ভাড়াটিয়া যখন এক এলাকা থেকে বাসা পরিবর্তন করে অন্য এলাকায় যাবে, তখন সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি ওই থানার পুলিশকে জানিয়ে দেবে।

বাড়ী মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ব্যাচেলরদের বাড়িভাড়া দিতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনারা তাদের আইডি কার্ড দেখে ভাড়াটিয়া তথ্য ফর্ম সঠিকভাবে পূরণ করিয়ে বাসা ভাড়া দিতে পারেন।

বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা
বিএনপির ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি ৭৩ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের নামও ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদে কতজন থাকবেন, তা নির্ধারণ করবেন বিএনপি চেয়ারপারসন। আজ বিএনপি কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব নাম ঘোষণা করেন।
বিএনপির নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদ মিলিয়ে মোট ৫৯২ জনের নাম ঘোষণা করা হয়েছে। ছাত্র ও যুব-বিষয়ক তিনটি পদ এখনো ফাঁকা। নির্বাহী কমিটিতে সম্পাদক বা কর্মকর্তা হিসেবে আছেন ২০৯ জন। নির্বাহী কমিটির সদস্য আছেন ২৯৩ জন।
কেন্দ্রীয় কাউন্সিল করার সাড়ে চার মাস পর দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি আংশিকভাবে ঘোষণা করেছে বিএনপি। ১৯ সদস্যের স্থায়ী কমিটির মধ্যে ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে। এতে নতুন করে দুজন জায়গা পেয়েছেন। তাঁরা হলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

ঐক্যের হিসাব মিলছে না খালেদার-বাংলাদেশ প্রতিদিন
কাদের সিদ্দিকীর শর্ত মানা কঠিন । বাম দলগুলো আসবে না । ড. কামাল ও বি. চৌধুরী দেশের বাইরে । আলাদা প্লাটফর্ম করছেন আ স ম রব
 ‘বঙ্গবন্ধুর মৃত্যুদিনে জন্মদিন পালন করা যাবে না, জাতির পিতাকে গালাগাল করা যাবে না, জামায়াতকে ছাড়তে হবে’চায়ের দাওয়াতে গিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন এমন শর্ত তুলে ধরেন, তখন চুপচাপ ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশে বসা সিনিয়র নেতারাও ছিলেন নিশ্চুপ। বৈঠকে অংশ নেয়া বিএনপির এক নেতার ভাষায়, ‘জাতীয় ঐক্যের শুরুতেই যখন শর্তযুক্ত প্রস্তাব আসে, তখনই এ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দেয়। কৃষক শ্রমিক জনতা লীগ কি ঐক্য করতে এসেছে না বিএনপির কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরতে এসেছে— তা নিয়েও প্রশ্ন ওঠে।’ ঐক্য প্রক্রিয়ার সফলতা নিয়ে সন্দিহান খোদ বিএনপির হাইকমান্ড। জঙ্গিবাদবিরোধী প্লাটফরমের ভবিষ্যৎ নিয়ে দলের নীতিনির্ধারকরা নতুন করে হিসাব-নিকাশ শুরু করছেন। 

বিএনপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে : বাণিজ্যমন্ত্রী – কালের কণ্ঠ
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সন্ত্রাসী দল হিসেবে যারা চিহ্নিত সেই জামায়াতকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপি মানুষের সাথে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ বেলা সাড়ে ১১টায় ভোলা বাংলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবাদ, সন্ত্রাস, গুপ্তহত্যা ও নৈরাজ্যের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে ঐক্যের ডাক দিয়েছেন। ওই ডাকে মানুষ আজ ঐক্যবদ্ধ। 

দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম: ৫০ লাখ পরিবার পাবে ৩০ কেজি করে চাল: খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী মাস থেকে ৫০ লাখ পরিবারকে ফেয়ার প্রাইজ কার্ডের মাধ্যমে ৩০ কেজি করে চাউল দেয়া হবে। খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে। হোটেল সোনারগাঁওয়ে শনিবার দুপুরে এক চুক্তি স্বাক্ষরের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খাদ্য মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন খাদ্য উদ্ধুত্ত দেশ। আমরা বিশ্বের মধ্যে খাদ্য উৎপাদনে তৃতীয় অবস্থানে। ছোট এই আয়তনের দেশে ১৬ কোটি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অনেক বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্চ সফলতার সঙ্গে সরকার উত্তীর্ণ হয়েছে। 
পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

পুরুলিয়ায় উদ্ধার রকেট লঞ্চার- আনন্দবাজার /বর্তমান
পুরুলিয়া থেকে উদ্ধার হল রকেট লঞ্চার, রকেট এবং একে৪৭ মতো অস্ত্র। ঘটনার জেরে জেলায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কোটশিলা থানার খটংগা থেকে শুক্রবার রাতে উদ্ধার হয় এগুলি। সম্প্রতি খটংগা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে রথু পরামানিক এবং জামালউদ্দিন আনসারি নামে দুই ব্যক্তিকে। তাদের কাছ থেকে তখন উদ্ধার হয় একটি নাইন এমএম সাব মেশিনগান কার্বাইন। আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশি হেফাজত হয় তাদের।

বর্তমানের একটি খবরের শিরোনাম--নোবেল উদ্ধারে আত্মবিশ্বাসী মমতা, চিঠি দিচ্ছেন কেন্দ্রকে
নোবেল চুরির রহস্য উদ্ঘাটন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নাকি রাজ্যের হাতে এসে গিয়েছে। আর তার ভিত্তিতেই তা উদ্ধারে রীতিমতো আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের শীর্ষ মহল থেকে এমনই ইঙ্গিত মিলছে।

কড়া পাক-নীতির প্রশ্নে এককাট্টা সকলে-আনন্দবাজার
কাশ্মীর ক্ষত বেগ দিচ্ছে মাস খানেক ধরেই। আজও ভূস্বর্গে বিক্ষোভ ও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে হিজবুল জঙ্গি নেতা বুরহান ওয়ানির মৃত্যুর জেরে। বদগাম জেলায় দুজন ও সোপোরে এক জনের মৃত্যু হয়েছে। ভূস্বর্গে বাহিনীর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক স্তরে ও ঘরোয়া রাজনীতিতেও একাধিক বার অস্বস্তিতে পড়তে হয়েছে কেন্দ্রকে। কিন্তু ইসলামাবাদে সার্ক দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠককে হাতিয়ার করে সেই ক্ষত অনেকটাই ভরাট করে নিতে সক্ষম হল নরেন্দ্র মোদীর সরকার। রাজনাথ সিংহ যে ভাবে পাকিস্তান সফর সামলেছেন তাতে মোটের উপরে খুশিই ছিল কেন্দ্র। আর আজ পূর্ব ভারতে বড়সড় জঙ্গি হামলার দিনে সন্ত্রাসের প্রশ্নে যে ভাবে গোটা সংসদ সরকারের পাশে এসে দাঁড়াল, তাতে দিনের শেষে স্বস্তিতে সরকার।#

 
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬