সেপ্টেম্বর ১৯, ২০১৬ ০৮:৪২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৯ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যারা নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তারা জানেন, এ অনুষ্ঠানে আমরা প্রথমে ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম জানিয়ে দেই। এরপর এসব খবরের বিস্তারিত তুলে ধরা হয়।

আজ ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর হলো:

  • কীভাবে সভ্যদেশ খুনিদের আশ্রয় দিতে পারে: প্রধানমন্ত্রী
  • বিমানের প্রতিটি ফ্লাইটে ৫-৬ ঘণ্টা বিলম্ব, হাজিদের ভোগান্তি
  • আ’লীগের কাউন্সিল ২০১৬: বহিষ্কৃতরা কাউন্সিলর হতে পারবেন না
  • কাওড়াকান্দি ঘাট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ভোগান্তি
  • চাঁদাবাজির মামলায় এমপিপুত্র গ্রেপ্তার
  • বিচার ছাড়াই ৪৪ মামলা থেকে মুক্ত রানা
  • টাম্পাকোর ঘটনায় মালিকসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
  • সরকারে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধা আমলাতন্ত্র: মন্ত্রিপরিষদ সচিব
  • নদীতে মায়ের লাশের ওপর জীবিত শিশু!
  • চট্টগ্রামে ধরা পড়ছে ইয়াবার বড় চালান, উদ্বিগ্ন নগর পুলিশ

এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • উরিতে ‘কাপুরুষোচিত’ হামলার মূলচক্রীদের শাস্তি হবেই, হুঁশিয়ারি মোদির
  • কাশ্মীরের জন্য ঐক্যবদ্ধ জাতি, কিন্তু আরও আগে জরুরি ছিল না কি?
  • টাটাদের শেড ভাঙার তোড়জোড়
  • কাজের টোপ দিয়ে বাংলাদেশ থেকে আনা হয় মেয়েদের
  • চেন্নাইয়ে বাঙালি রোগীদের জন্য আলাদা রাঁধুনি, মেনুতে মাছ-ভাত

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাকপ্রথমেই বাংলাদেশের খবর-

কীভাবে সভ্যদেশ খুনিদের আশ্রয় দিতে পারে: প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি অভিযুক্ত অপরাধীদের প্রত্যর্পণের ব্যাপারে জনমত তৈরির জন্য কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি আপনাদের সামনে এই দাবি রেখে যাচ্ছি, যে দেশে আপনারা বসবাস করছেন, সেই দেশের জনপ্রতিনিধিদের চিঠি লিখুন এবং এই চেতনা জাগ্রত করুন কেন এসব দেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে। তাহলে কী সকল খুনিদের ওই দেশগুলো আশ্রয় দেবে?  

কানাডা সফরকালে স্থানীয় সময় শনিবার রাতে সেন্টার মন্ট্রিয়েলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের কানাডা শাখা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, কীভাবে একটি সভ্য দেশ অভিযুক্ত খুনিকে আশ্রয় দিতে পারে? শেখ হাসিনা বলেন, ‘যতদূর আমরা জানি বঙ্গবন্ধুর এক খুনি যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে। একজন কানাডায়, দুইজন পাকিস্তানে এবং অপর দুইজন কোথায় আছে সন্ধান পাওয়া যায়নি, আমরা তাদের আটকের জন্য খুঁজছি।’  

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র ও কানাডা সরকারকে বলেছে, কেন তারা খুনিদের লালন করছে এবং আশ্রয় দিচ্ছে। তিনি বলেন, তারা বলেছে কানাডার সংবিধানে উল্লেখ আছে কোন ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ থাকলে তাকে তার দেশে ফেরত পাঠাবে না। প্রধানমন্ত্রী এ কথায় বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘এটি কি ধরনের কথা’। শেখ হাসিনা বলেন, পিতা হারানোয় তিনি ক্ষতিগ্রস্ত। বঙ্গবন্ধুর খুনিরা বাংলাদেশের নাগরিক এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের শাস্তি ভোগ করতে হবে। কেন হত্যাকারীদের রক্ষার চেষ্টা হচ্ছে?

বিমানের প্রতিটি ফ্লাইটে ৫-৬ ঘণ্টা বিলম্ব, হাজিদের ভোগান্তি-দৈনিক সমকাল

বাংলাদেশ বিমানের প্রতিটি ফিরতি হজ ফ্লাইট নির্ধারিত সময়ের পাঁচ থেকে ছয় ঘণ্টা বিলম্বে দেশে পৌঁছাচ্ছে। এতে ব্যাপক ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন হাজিরা। প্রথম ফিরতি ফ্লাইটই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাড়ে ছয় ঘণ্টা দেরিতে।

শনিবার রাত পৌনে ৯টায় নির্ধারিত সময় থাকলেও এটি অবতরণ করে রাত ৩টার দিকে। রোববার সন্ধ্যা পর্যন্ত শাহজালালে অবতরণ করা বিমানের চারটি ফিরতি ফ্লাইটের সবগুলোই পাঁচ-ছয় ঘণ্টা বিলম্বে পৌঁছেছে। তবে যথাসময়ে পৌঁছেছে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটগুলো।

বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্র জানায়, রোববার বিকেল পৌনে ৬টা পর্যন্ত চারটি বিমান এবং ১০টি সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ও হজ ফ্লাইট হাজিদের নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। এসব এয়ারলাইন্সে প্রায় সাড়ে চার হাজার হাজি দেশে ফেরেন। এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ পালনে সৌদি আরব যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান।

কাওড়াকান্দি ঘাট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ভোগান্তি-দৈনিক যায়যায়দিন

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ঘাট কর্তৃপক্ষের নজরদারি না থাকার অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষের অব্যস্থাপনা ও স্বেচ্ছাচারিতার কারণে ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে দুটি নষ্ট থাকায় ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। ফলে পারাপারের অপেক্ষায় ৫০০ বেশি যানবাহন। তবে ঘাট কর্তৃপক্ষ বলছে, নিয়ম মেনেই তারা যানবাহন পারাপার করছেন। পুলিশের দাবি, সর্বত্রই তাদের নজরদারি রয়েছে। নদী পারাপারে দুর্ভোগ ছাড়াও যানবাহনগুলো বাড়তি ভাড়া নিচ্ছে বলেও যাত্রীরা অভিযোগ করেছেন।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ ঈদ শেষে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট হয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে সমস্যা হওয়ায় কাওড়াকান্দি ঘাটে গত দুদিন ধরে ভিড় ও যানজট লেগে আছে। শিবচরের বন্দরখোলা থেকে ঘাট পর্যন্ত ৫ কিলোমিটার পথ পার হতেই বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের যাত্রীদের ১২ থেকে ১৫ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ভিআইপিদের গাড়ি পারাপারের নামে সিরিয়াল না মেনে অবৈধ অর্থ আদায়ের মাধ্যমে ছোট-বড় যানবাহনকে কৌশলে ফেরিতে উঠিয়ে দেয়াসহ বিভিন্ন কারণে যানজট বৃদ্ধি পায় বলে অভিযোগ ভুক্তভোগীদের। অনেককেই পাঁচ কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘাটে যেতে দেখা গেছে। অনেকে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে স্পিডবোটে নদী পার হচ্ছেন।

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ বৃহস্পতিবার অর্থমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামী ২২ সেপ্টেম্বর অনলাইনে এই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। ২৪ সেপ্টেম্বর আমি দেশের বাইরে যাব। তার আগেই ২২ সেপ্টেম্বর তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করা হবে। উল্লেখ্য, তিন সপ্তাহের সফরে ২৪ সেপ্টেম্বর সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন অর্থমন্ত্রী। এই সফরে তিনি নেদারল্যান্ডস ছাড়াও যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় অংশ নেবেন। সফর শেষে ১২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

চাঁদাবাজির মামলায় এমপিপুত্র গ্রেপ্তার- দৈনিক মানবজমিন

চাঁদাবাজির দুটি মামলায় সাতক্ষীরার বহুল আলোচিত মহিলা এমপি পুত্র রাশেদ সারোয়ার রুমনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ের একটি ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুমন সংরক্ষিত মহিলা আসন ৩১২ এর সংসদ সদস্য রিফাত আমিনের পুত্র।

সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, রুমন একটি মাইক্রোযোগে সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশে পালিয়ে যাওয়ার  প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌরঙ্গী মোড়ের জনৈক মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্জ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের দায়ের করা দুটি চাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ১১ই সেপ্টেম্বর রাতে যুবলীগ নেতা উজ্জ্বলসহ চারজনকে মারপিট করে সংবাদ শিরোনাম হন রুমন। ওই রাতেই রুমন সাতক্ষীরার ভোমরায় নিজের গাড়ি দুর্ঘটনায় পড়ে অজ্ঞাত স্থানে চলে যান। তাকে নিয়ে আবারও শুরু  হয়ে যায় হই চই।

বিচার ছাড়াই ৪৪ মামলা থেকে মুক্ত রানা- দৈনিক যুগান্তর

টাঙ্গাইলের প্রভাবশালী খান পরিবারের বড় ভাই ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি আমানুর রহমান খান রানার বিরুদ্ধে বিভিন্ন সময় ৪৬টি মামলা হয়েছে। এর মধ্যে বিচার ছাড়াই রাজনৈতিক বিবেচনায় ৪৪টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। একটি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যার ঘটনায় আমানুর রহমান খান রানাসহ চার ভাইকে আসামি করে অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে। এ মামলার অভিযোগ গঠনের জন্য ২৯ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য রয়েছে। এ কারণে এই মামলায় তাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।

ফারুক হত্যায় নাম আসার পর প্রায় ২ বছর ধরে আত্মগোপনে ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। রোববার সকালে টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

লীগের কাউন্সিল ২০১৬ বহিষ্কৃতরা কাউন্সিলর হতে পারবেন না- দৈনিক ইনকিলাব

সাধারণ ক্ষমা পেলেও আগামী ২২-২৩ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলের বহিষ্কৃত নেতাদের থাকতে হবে দর্শক সারিতে। সম্মেলনে কাউন্সিলর হওয়ার সুযোগও পাচ্ছেন না তারা। গতকাল রোববার দলের সভাপতিম-লীর একজন প্রভাবশালী সদস্য এ প্রতিবেদককে জানিয়েছেন, বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সুযোগ থাকলেও জাতীয় সম্মেলনে তাদের কাউন্সিলর করা হবে না। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলররাই দলের নতুন নেতা নির্বাচন করেন। গত ৬ সেপ্টেম্বর দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদসহ উপদেষ্টা পরিষদের বৈঠকে দলের বহিষ্কৃত নেতাদের ক্ষমা করার সিদ্ধান্ত হয়। আইনবিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল মতিন খসরু বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার প্রস্তাব করলে ইতিবাচক সিদ্ধান্ত দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সভাপতি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসবের আমেজ নিয়ে জাতীয় সম্মেলনে আসেন। সে উৎসবে শামিলের জন্য অর্থাৎ জাতীয় সম্মেলনে অংশ নেয়ার সুযোগ দিতে বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা করা যেতে পারে। তবে দলে ফিরতে হলে তাদের অবশ্যই আবেদন করতে হবে।

টাম্পাকোর ঘটনায় মালিকসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা-দৈনিক ইত্তেফাক

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় অবহেলার অভিযোগে কারখানা মালিকসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত শনিবার রাতে টঙ্গী থানায় মামলাটি  করেন এসআই অজয় চক্রবর্তী।

এজাহার সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর ভোর ৫ টা ৫৫ মিনিটে কারখানায় বয়লার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়। এর দায় আসামিরা এড়াতে পারেন না।

টঙ্গী মডেল থানার এএসপি (সার্কেল) সোনাহর আলী শরিফ জানান, টাম্পাকো কারখানায় আগুনের ঘটনায় মালিক ও কর্মকর্তাদের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। যে কারণে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ট্যাম্পাকো কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ৩৪ জন নিহত ছাড়াও ১১ জন নিখোঁজসহ প্রায় ৪০ জন আহত হন। আহতদের মধ্যে ৮ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন বলে জানা গেছে।

সরকারে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধা আমলাতন্ত্র: মন্ত্রিপরিষদ সচিব-দৈনিক সমকাল

আমলাতান্ত্রিক জটিলতায় সরকার অনেক সময় দ্রুত সিদ্ধান্ত দিতে পারে না মন্তব্য করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সঙ্গে সমন্বয়ে জোর দিয়েছেন।

এনজিওবিষয়ক ব্যুরোর আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় ‘কার্যকর উন্নয়নের জন্য সরকারের মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয়’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সরকার না পারলেও এনজিও অনেক ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে মত দেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় থাকলে তা দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে।’

নদীতে মায়ের লাশের ওপর জীবিত শিশু!- দৈনিক যুগান্তর

মা। হ্যাঁ, এজন্যই তো তিনি মা। তলিয়ে যাচ্ছেন নদীর অথৈ পানিতে, নিশ্চিত মৃত্যু। কিন্তু শেষ মুহূর্তেও চেষ্টা সন্তানকে বাঁচানোর। এ চেষ্টায় 'মা তানজিলা খাতুন' (৩৫) সফল।

তবে দুনিয়ার তাবৎ মায়েদের প্রতিনিধিত্বকারী এই নারী নিজেকে বাঁচাতে পারেননি। হয়তো শিশুপুত্রকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টায় নিজের জীবনের কথা চিন্তায়ও আনেননি মা তানজিলা।

শনিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদেরঘাট এই হৃদয়বিদারক নজিরের সাক্ষী হয়ে থাকল। নৌকা ডুবে মারা যান প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের প্রবাসী জামিল উদ্দীনের স্ত্রী তানজিলা। কিন্তু অলৌকিকভাবে বেঁচে যায় তার চার বছরের শিশুপুত্র।

স্থানীয়দের ভাষ্যমতে, রাত ৮টার দিকে পদ্মার ভাটিতে আবেদেরঘাট এলাকায় ওই নারী ও শিশুটি ভেসে আসছিল। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে। ওই নারী মারা গেলেও তার কোলে থাকা শিশুটি ছিল জীবিত।

চট্টগ্রামে ধরা পড়ছে ইয়াবার বড় চালান, উদ্বিগ্ন নগর পুলিশ- দৈনিক মানবজমিন

চট্টগ্রামে গত ৩ মাসে একের পর এক ইয়াবার চালান ধরা পড়ার ঘটনায় উদ্বিগ্ন নগর পুলিশ। রাতের আঁধারে সমুদ্র পথ ছাড়াও সড়ক পথে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে সারা দেশে যাচ্ছে সর্বনাশা এই মাদক। সর্বশেষ গতকাল রোববারও নগরীতে পৃথক অভিযানে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ১০ লিটার চোলাই মদ ও এক কেজি গাঁজাও উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা করা হয়েছে। গত শনিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে পাঁচ হাজার ৪৬৮ পিস ইয়াবা, ১০ লিটার চোলাই মদ ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এইসব ঘটনায় ১০টি মামলা করা হয়েছে। অভিযানে ৬৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

উরিতে কাপুরুষোচিত হামলার মূলচক্রীদের শাস্তি হবেই, হুঁশিয়ারি মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন

উরিতে সেনাঘাঁটিতে জঙ্গি হানায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জন জওয়ানের৷ আহত হয়েছেন তিরিশ জনেরও বেশি৷ এই পরিস্থিতিতেই হামলাকারীদের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী মোদি৷ জানালেন, এই কাপুরুষোচিত হামলা যারা করেছে, তাদের শাস্তি হবেই৷

রবিবার ভোররাতে উরির সেনাঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা৷ ঘুমন্ত ভারতীয় সেনাদের লক্ষ্য করে ছোঁড়া হয় গ্রেনেড৷ বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান ১২ জন জওয়ান৷ পরিকল্পিতভাবেই হামলার সময় হিসেবে বেছে নেওয়া হয়েছিল সেনাদের দায়িত্ব পরিবর্তনের সময়টিকে৷ পাল্টা জবাব দিয়ে ওই চার জঙ্গিকেও খতম করেছে ভারতীয় সেনা৷ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী৷ শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “গোটা দেশকে আমি আশ্বস্ত করছি, এই হামলার পিছনে যারা আছে, তাদের শাস্তি হবেই৷”  উরির জঙ্গি হানা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের সঙ্গে আলাদা করে কথাও বলেন প্রধানমন্ত্রী৷ উরির আক্রমণের কারণেই এদিন বিদেশ সফর বাতিল করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তাঁর নেতৃত্বে হয় উচ্চ পর্যায়ের বৈঠক৷ এদিকে সেনাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছান কাশ্মীরে৷

কাশ্মীরের জন্য ঐক্যবদ্ধ জাতি, কিন্তু আরও আগে জরুরি ছিল না কি?-দৈনিক আনন্দবাজার

কাশ্মীরের বিষয়ে যে বিশেষ ভাবে যত্নশীল হওয়া প্রয়োজন, সে ইঙ্গিত বেশ কিছু দিন ধরেই মিলছিল। আমাদের টনক নড়েনি। গোটা দেশ নড়েচড়ে বসল তখন, যখন অশান্তির উপত্যকা আরও কেঁপে উঠল সন্ত্রাসের ভয়ঙ্কর হানায়।

সন্ত্রাস যত বার রক্তাক্ত করেছে আমাদের, তত বারই ঐক্যবদ্ধ ভাবে রুখে দাঁড়িয়েছি আমরা। কেন্দ্র থেকে রাজ্য, শাসক থেকে বিরোধী— বিপদের ক্ষণে কাঁধে কাঁধ মিলেছে প্রত্যেক বার। এ বারও, স্বাভাবিক ভাবেই, প্রত্যাশিত ভাবেই। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী থেকে উত্তপ্ত উপত্যকার নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী থেকে প্রধান বিরোধী পক্ষের নেত্রী— সব কণ্ঠেই সন্ত্রাসের চক্রীদের বিরুদ্ধে দ্বিধাহীন নিন্দার, ঘৃণার স্বর শোনা গিয়েছে। গোটা ভারত যে হাতে হাত রেখে এই দুঃসময় উত্তীর্ণ হবে, সে সঙ্কল্পের বাণীও শোনা গিয়েছে।

প্রশ্ন হল, হাতে হাত রেখে দুঃসময় উত্তীর্ণ হওয়ার সঙ্কল্পটা আরও আগে কেন ধ্বনিত হল না? সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্নে কোনও আপোস যে থাকতে পারে না, সে নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই। ভারতীয় ভূখণ্ডকে বার বার রক্তে ভেজানোর অভিসন্ধিগুলোকে প্রতিহত করতে হবেই এবং তা ঐক্যবদ্ধ ভাবেই করতে হবে, সে নিয়েও সংশয় নেই। কিন্তু উপত্যকা ধূমায়িত হতে শুরু করল যখন থেকে, তখনই কেন হাত হাত রেখে সঙ্কটগুলোকে ঘিরে ফেলার চেষ্টা করলাম না?

‌টাটাদের শেড ভাঙার তোড়জোড়-দৈনিক আজকাল

জমি খালি করতে টাটাদের শেড ভাঙার তোড়জোড় শুরু হল। কলকাতা পুরসভা এবং পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের শেড সরানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই কাজ ঠিক কবে শুরু হবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানাননি জেলাশাসক সঞ্জয় বনশল। তবে প্রস্তুতি দেখে অনুমান করা হচ্ছে এই সপ্তাহের মাঝামাঝি কাজ শুরু হয়ে যাবে। প্রকল্প এলাকার ভেতরে খালি পড়ে থাকা ৬২৩ একর জমি জরিপ করে সীমানা নির্ধারণের কাজ শেষ হয়েছে। জমি জরিপের কাজ এখন বন্ধ রয়েছে। জেলা এবং কলকাতা থেকে আসা সমীক্ষক দল কাজ শেষ করে ফিরে গেছে। এখনও বেশ অনেকটাই অংশে সীমানা নির্ধারণের কাজ বাকি আছে। কারণ অবশিষ্ট অংশে ৭৩ একর জমিতে রয়েছে টাটাদের কারখানার শেড। এছাড়াও প্রায় ৫০ একরে রয়েছে অনুসারী শিল্পের একাধিক বড়–ছোট শেড। নয়ানজুলি, পুকুর, ঝিল বা মাটি তোলার ফলে তৈরি হওয়া গর্তের এলাকা প্রায় ৩৮ একর। রয়েছে প্রায় ২০ কিলোমিটার পাকা রাস্তা। সব মিলিয়ে ৩৫০ একর জমিজুড়ে রয়েছে কংক্রিটের পরিকাঠামো। সেগুলিকে নির্মূল করতে না পারা পর্যন্ত নতুন করে আবার জরিপের কাজ শুরু করা যাচ্ছে না।

কাজের টোপ দিয়ে বাংলাদেশ থেকে আনা হয় মেয়েদের- দৈনিক আনন্দবাজার

বাংলাদেশে বাড়ি বছর পনেরোর মেয়েটির। কাজের লোভ দেখিয়ে চোরা পথে এ দেশে নিয়ে আসা হয়েছিল তাকে। গরিব পরিবারের মেয়ে অল্প কিছু টাকাতেই এ দেশে কাজ করতে রাজি হয়েছিল সে। তার পরিবারও ছেড়ে দিয়েছিল।

সম্প্রতি পুলিশ ওই কিশোরীকে হাবরার বঁদর এলাকার একটি ইটভাটা থেকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, রুবেল দেওয়ান নামে এক নারী পাচারকারী তাকে এ দেশে নিয়ে আসে। বসিরহাট সীমান্ত দিয়ে চোরা পথে তারা এখানে ঢোকে। ইটভাটায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে কাজ তারা করছিল। ঢাকার এক মানবাধিকার কর্মীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। পুলিশ রুবেলকে গ্রেফতার করে।

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশ থেকে ২৫ জন মেয়েকে সে এ দেশে নিয়ে এসে মুম্বইয়ের যৌনপল্লিতে বিক্রি করে দিয়েছে। এক থেকে সাত লক্ষ টাকায় সে মেয়েদের বিক্রি করে।

কী ভাবে সে মেয়েদের এ দেশে নিয়ে আসে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমের নাটক করে বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কিশোরী, তরুণীদের এ দেশে আনা হয়। ওই কিশোরী পুলিশকে জানায়, ভারতে ভাল ব্যবসা করে বলে রুবেল জানিয়েছিল। এরপরেই মেয়েটিকে বিয়ে করে সে এ দেশে নিয়ে আসে। এ দিকে এখানে এসে মেয়েটি জানতে পারে মানিকগঞ্জে রুবেলের স্ত্রী ও সন্তান আছে। মুম্বইয়ে বিক্রি করে দেওয়ার জন্য তাকে মিথ্যা কথা বলে নয়ে আসা হয়েছিল। কোথায় বিক্রি তা  ঠিক করতে দেরি হওয়ায় ইটভাটায় আত্মগোপন করেছিল তারা বলে ওই কিশোরীর দাবি।

সম্প্রতি হাবরার পুলিশ মছলন্দপুর থেকে মহম্মদ ডালিম নামে এক আন্তজার্তিক নারী পাচারকারীকে গ্রেফতার করে। বছর বত্রিশের ডালিমের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। পুলিশ জানিয়েছে, সে স্বরূপনগর ও গাইঘাটা সীমান্ত দিয়ে চোরাপথে এ দেশে যাতায়াত করে। পুলিশকে সে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে গরিব পরিবারের মেয়েদের কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে এসে মুম্বই, চেন্নাই, দিল্লি, পাটনার  যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া হয়।

বনগাঁর পুলিশও সম্প্রতি দুই বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে। তাদের পাচার করে আনা হয়েছিল। স্থানীয় এক পাচারকারীর বাড়িতে তাদের রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে।

চেন্নাই অ্যাপোলোতে বাঙালি রোগীদের জন্য আলাদা রাঁধুনি, মেনুতে মাছ-ভাত- দৈনিক বর্তমান

যত বড় হাসপাতাল, তার তত বড় রান্নাঘর। রোগী, বাড়ির লোকজন, কর্মী-অফিসার মিলিয়ে দু’-পাঁচ হাজার নয়, প্রতিদিন ১৫ হাজার মিল তৈরি হচ্ছে চেন্নাইয়ে বাঙালিদের অন্যতম পছন্দের হাসপাতাল অ্যাপোলোর হেঁসেলে! প্রতিদিন তৈরি হচ্ছে ১৫০-১৮০ ধরনের খাবার। এবং শুধুমাত্র বাঙালি রোগীদের মন ভরাতে সেখানে আনা হয়েছে বাঙালি পাচকদের একটা ফুল টিম। তিনজন ফুলটাইম রাঁধুনি রয়েছেন শুধুমাত্র বাঙালিদের মন জুগিয়ে খাবার বানাতে। এবং অবশ্যই তাঁদের শরীর বুঝে। প্রতিদিন অন্তত ১৫ ধরনের বাঙালি খাবার তৈরি হচ্ছে এ হেঁসেলেই। আলু-পোস্ত, পাঁচমিশালি তরকারি, লাউয়ের ডালনা, শুক্ত, ধোঁকার ডালনা, কই, পাবদা, বেলে, কাতলা মাছের পদ। চাইলে মিলবে চিকেনও।

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮