সেপ্টেম্বর ২১, ২০১৬ ০৬:২৪ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২১ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যারা নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করেন তারা জানেন, এ অনুষ্ঠানে আমরা প্রথমে ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম জানিয়ে দেই। এরপর এসব খবরের বিস্তারিত তুলে ধরা হয়।

বুধবার ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর হলো:

  • আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু আওয়ামী লীগের-দৈনিক প্রথম আলো
  • ভোটের মৃদুমন্দ হাওয়া-দৈনিক সমকাল
  • আস্থাহীন শেয়ারবাজারে ছয় হাজার কোটি টাকার তহবিল!-দৈনিক প্রথম আলো
  • শাহজালাল ঘিরে মহাপরিকল্পনা-দৈনিক যায়যায়দিন
  • ডিমওয়ালা ইলিশ ধরায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা-দৈনিক নয়াদিগন্ত
  • খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল গণতান্ত্রিক ব্যবস্থার অংশ নয়: আশরাফ-নয়াদিগন্ত
  • মোদীকে লেখা চিঠিতে শেখ হাসিনা: কঠিন সময়ে বাংলাদেশ দৃঢ়ভাবে ভারতের পাশে আছে- দৈনিক ইত্তেফাক
  • পাকিস্তান বাদে সার্ক শীর্ষ সম্মেলন ভারতে?-দৈনিক মানবজমিন
  • দেশবাসীর কাছে বিচার চাইলেন তনুর মা-দৈনিক সমকাল
  • ভারতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি বাংলাদেশী জুনাইদ- দৈনিক যুগান্তর

এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ওরা দশটা গুলি চালালে পঞ্চাশটা চালান: রাজনাথ সিং- দৈনিক বর্তমান
  • সারা দেশে শিশুমৃত্যু কমানোর হারে এগিয়ে এ রাজ্যই-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিশ্বমানের শিক্ষা পেতে ১২৬ বছর!‌-দৈনিক আজকাল
  • সিঙ্গুরে আজ থেকেই চাষিদের হাতে জমি ফেরত দেওয়ার কাজ শুরু-দৈনিক বর্তমান
  • রাজধানীতে প্রকাশ্যে তরুণীকে ২২ বার ছুরিকাঘাত, উদাসীন পথচারীরা-দৈনিক গণশক্তি

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাকপ্রথমেই বাংলাদেশের খবর-

আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু আওয়ামী লীগের-দৈনিক প্রথম আলো

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নেতা-কর্মীদের প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ জন্য দলীয় সাংসদদের চলমান উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নে তদারক করার এবং নিজ নিজ নির্বাচনী এলাকায় জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী মাসে দলের ২০তম জাতীয় কাউন্সিলে পরবর্তী নির্বাচনের সাংগঠনিক কর্মপরিকল্পনা ও নির্দেশনা আসতে পারে।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়সহ কেন্দ্রীয় ১০ জন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের তারিখ নির্ধারিত আছে আগামী ২২ ও ২৩ অক্টোবর। পরবর্তী জাতীয় নির্বাচনের আগে এটাই দলের শেষ জাতীয় সম্মেলন।

ভোটের মৃদুমন্দ হাওয়া-দৈনিক সমকাল

২০১৯ সালের ২৮ জানুয়ারির তিন মাস আগে যে কোনো দিন জাতীয় নির্বাচন। হাতে দু'বছরের বেশি সময় থাকলেও ইতিমধ্যেই ভোটের কলগুঞ্জন শুরু হয়েছে। প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি মোটামুটি হোমওয়ার্ক করে ফেলেছে। গত নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে পর্বতপ্রমাণ ভুল করেছে, তা তারা এখন মর্মে মর্মে উপলব্ধি করছে। তাদের 'আগাম নির্বাচনে'র দাবি যে হালে পানি পাবে না, তাও তারা জানে। তাই আগামী নির্বাচন, তা যে কোনো ব্যবস্থা, যে কারও অধীনে হোক না, বিএনপি অংশ নেবেই। আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে সম্ভাব্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকাও রয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব ও থিঙ্কট্যাঙ্কও অনুরূপ তালিকা তৈরি করেছে।

খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল গণতান্ত্রিক ব্যবস্থার অংশ নয়: আশরাফ-নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অংশ নয়। মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ একথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সাধারণ অধিবেশন শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরার সময়ে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুপাশে দাঁড়িয়ে যে সংবর্ধনা দেয়া হাবে সে অনুষ্ঠানের প্রস্তুতি উপলক্ষ্যে সম্পাদক মন্ডলীর মধ্যে এই সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও সভায় সিদ্ধান্ত্ গ্রহণ করা হয়, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওইদিন সকালে গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হবে। সৈয়দ আশরাফ বলেন, ষড়যন্ত্র করা, কূটচাল করা, জঙ্গিদের লেলিয়ে দেয়া এটা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অংশ না। আশা করি তারা আবার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অন্তভুক্ত থাকবে। এবং গণতন্ত্রকে আরো এগিয়ে নেয়ার জন্য উদ্যোগ গ্রহণ করবে।

মোদীকে লেখা চিঠিতে শেখ হাসিনা: কঠিন সময়ে বাংলাদেশ দৃঢ়ভাবে ভারতের পাশে আছে- দৈনিক ইত্তেফাক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনা ঘাঁটিতে কাপুরুষোচিত জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই কঠিন সময়ে বাংলাদেশ দৃঢ়ভাবে ভারতের পাশে রয়েছে। ওই হামলায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠানো এক চিঠিতে এই আশ্বাস দেন শেখ হাসিনা।

গত সোমবার পাঠানো বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসী হামলায় নিহত ও আহত সৈনিকদের পরিবারের প্রতি সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও উগ্রবাদী সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই বাংলাদেশ এই কঠিন সময়ে ভারতের পাশে থাকবে। ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে এই অঞ্চলে ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের হুমকি নির্মূলে আমরা একসঙ্গে কাজ করব। সব ধরনের সন্ত্রাস ও উগ্রবাদী সহিংসতার নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এর আগে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রীর বার্তার উল্লেখ করে ভারতের পাশে থাকার কথা জানান।

পাকিস্তান বাদে সার্ক শীর্ষ সম্মেলন ভারতে?-দৈনিক ভোরের কাগজ

সার্ক কি ভেঙ্গে যাচ্ছে বা পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক পুনগর্ঠিত হতে পারে? দক্ষিণ এশিয় পর্যবেক্ষকদের অনেকে তেমন সম্ভাবনার কথা ভাবছেন। গত রোববার জুম্মু ও কাশ্মিরের উরিতে ভারতের সেনা ঘাঁটির হামলায় ১৭ ভারতীয় সৈন্যের নিহত হওয়ার ঘটনার পরে ভারতের মিডিয়ায় দুটি নতুন তথ্য ছাপা হয়েছে। প্রথমত আগামী নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে ভারত, আফগানিস্তান ও বাংলাদেশ বয়কট করতে পারে। দ্বিতীয়ত ভারত সরকার পাকিস্তানকে বাদ দিয়ে সার্কের বাকি ছয় সদস্য দেশের শীর্ষ নেতাদের নিয়ে ভারতে একটি শীর্ষ সম্মেলনের উদ্যোগ নিচ্ছে।   

শাহজালাল ঘিরে মহাপরিকল্পনা- দৈনিক যায়যায়দিন

দেশের প্রধান বিমানবন্দর শাহজালালের উন্নয়নে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৫টি প্রকল্প হাতে নেয়া হয়েছে। খুব শিগগিরই দৃশ্যমান হবে এ মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বছরে দুই কোটি যাত্রী ধারণ করতে পারবে শাহজালাল। বিশ্বের সুপরিসর উড়োজাহাজ এখানে ওঠানামা করতে পারবে। এছাড়া বিমানবন্দরটি হবে দেশের অন্যতম নান্দনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যকীর্তি। ২০৩৫ সাল পর্যন্ত ব্যবহারের উপযোগী করে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। জাপানি সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। ইতিমধ্যে এর চূড়ান্ত নকশাও অনুমোদন করেছে জাইকা।

ডিমওয়ালা ইলিশ ধরায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা-দৈনিক নয়াদিগন্ত

সাগর উপকূলে ১৫ দিন ধরে ডিমওয়ালা ইলিশ ধরা পড়ায় আসন্ন মূল প্রজনন মওসুমে জাতীয় এ মাছের উৎপাদন ব্যাহত করতে পারে। কয়েক মাসের খরা কাটিয়ে ভাদ্রের মধ্য-ভাগ থেকেই বঙ্গোপসাগরে সংযুক্ত বিভিন্ন নদ-নদীর মোহনা এবং অভ্যন্তরীণ নদীগুলোতে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বিগত শীত মওসুমের পর লাগাতর দুঃসহ তাপপ্রবাহ আর খরার পরে মওসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ইলিশ প্রজনন ও এর উৎপাদনে যথেষ্ট সহায়ক পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করছেন মৎস্য বিজ্ঞানীগণ। কিন্তু ডিমওয়ালা ইলিশের আগাম বিচরণ ও আহরণ আসন্ন মূল প্রজনন মওসুমের সময়টিতে যথেষ্ট বিরূপ পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে মনে করছেন মৎস্য বিজ্ঞানীগণ।

আস্থাহীন শেয়ারবাজারে ছয় হাজার কোটি টাকার তহবিল!- দৈনিক প্রথম আলো

শেয়ারবাজার চাঙা করতে এবার ছয় হাজার কোটি টাকা চাওয়া হয়েছে। শেয়ারবাজারের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকগুলো মনে করছে, এতে বাজার গতিশীল হবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বাজারে অর্থসংকটের চেয়েও বড় সমস্যা আস্থাহীনতা। সাধারণ মানুষের আস্থা নেই বলেই বাজার গতিশীল হচ্ছে না।

সচিবালয়ে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করে মার্চেন্ট ব্যাংকগুলোর সমিতি বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশন (বিএমবিএ) লিখিত এই প্রস্তাব দিয়েছে। প্রতিনিধিদলটি শেয়ারবাজারের জন্য চারটি বিকল্প প্রস্তাবও দেয়। বিএমবিএর সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বাধীন দলটিতে সংগঠনের সহসভাপতি এম মোশাররফ হোসেন ও কোষাধ্যক্ষ খন্দকার কায়েস হাসান উপস্থিত ছিলেন।

দেশবাসীর কাছে বিচার চাইলেন তনুর মা-দৈনিক সমকাল

মেয়ে হত্যাকাণ্ডের বিচার ও দুই ছেলের বেঁচে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম। তিনি বলেছেন, ‘মেয়েটা পাব না, বিচার চাই। এখন মনে হয়, ছেলে দুইটাকে নিয়ে বাঁচতে পারব না। আমাদের নজরদারিতে রাখা হয়। বাসা থকে বের হওয়ার সময় সেনানিবাসের গেটে ছবি তুলে রাখা হয়। আমাদের ওরা চাপে রাখে। আমি দেশবাসীর কাছে বিচার চাই।’ তনু হত্যাকাণ্ডের ছয় মাস উপলক্ষে কুমিল্লা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে মঙ্গলবার বাউলশিল্পীদের প্রতিবাদ সমাবেশ তিনি এসব কথা বলেন।

গণজাগরণ মঞ্চ কুমিল্লার উদ্যোগে বাউলদের নিয়ে গানে গানে ওই প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত খুনিদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

ভারতে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি বাংলাদেশী জুনাইদ- দৈনিক যুগান্তর

ভারতে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের জুনাইদ কামাল আহমেদ। মঙ্গলবার সংস্থাটির নয়াদিল্লি কার্যালয়ের এক বিবৃতিতে এ নিয়োগের কথা জানানো হয়।

ভারতে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রধানের দায়িত্বে থাকা ওনো রুহলের স্থলাভিষিক্ত হন জুনাইদ। সাবেক কূটনীতিকের ছেলে জুনাইদ ১৯৯১ সালে তরুণ পেশাদার হিসেবে বিশ্ব ব্যাংকে যোগ দেন। নয়াদিল্লিতে দায়িত্ব নেয়ার আগে বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জং ইয়ং কিমের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্ব ব্যাংকের ওয়েবসাইটে বলা হয়, জুনাইদ গত ১ সেপ্টেম্বর তাদের নয়াদিল্লি কার্যালয়ে যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত অর্থনীতিতে পিএইচডি অর্জন করা জুনাইদ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন ব্রাউন ইউনিভার্সিটি থেকে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

ওরা দশটা গুলি চালালে পঞ্চাশটা চালান: রাজনাথ সিং- দৈনিক বর্তমান

ভারত ও পাকিস্তানের মধ্যে কি যুদ্ধের আশঙ্কা করছে আমেরিকাই? আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে মার্কিন বিদেশ সচিব জন কেরি শরিফকে সতর্ক করে দিয়ে বলেছেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচি যেন নিয়ন্ত্রণের মধ্যেই রাখা হয়। হঠাৎ করে আমেরিকা পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে কেন আশঙ্কার কথা শোনাচ্ছে? উরিতে সেনা দপ্তরে হামলার পর আমেরিকা আজ ভারতকে শান্ত করতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে। কেরি আজ নওয়াজকে বলেছেন, সন্ত্রাসবাদীদের মদত দিয়ে নিজেদের মাটিকে জঙ্গিদের স্বর্গরাজ্য হতে দেবেন না। ভারতের অন্দরে যে প্রত্যাঘাতের প্রবল চাপ রয়েছে তা আমেরিকা বুঝেছে। ভারত যে পালটা হামলার কথা ভাবছে সেই আভাস পেয়েই তৎপর আমেরিকা। যদিও এরকম বার্তা আমেরিকা আগেও দিয়েছে। কাজ হয়নি। তাই ভারত আমেরিকার এই পদক্ষেপে তুষ্ট হবে কিনা তা নিয়ে সংশয় আছেই। কারণ ভারত সীমান্তে প্রক্সি ওয়ারই শুরু করে দিয়েছে পাকিস্তান। ভারতও জবাব দিতে শুরু করেছে। উরির সেনা ঘাঁটিতে ভয়াবহ হামলার ৪৮ ঘন্টার মধ্যে সেই ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে আজ তীব্র গুলিবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স বাহিনী। এরপরই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সীমান্তরক্ষী রাহিনীর ডিজিকে ফোন করে নির্দেশ দেন প্রত্যাঘাত করতে। রাজনাথ বিএসএফকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়ে বলেছেন, যোগ্য জবাব দিন। ওরা ১০টি গুলি চালালে পালটা যেন ৫০টি গুলি চালানো হয়। এদিনই ১০ জঙ্গিকেও নিকেশ করেছে ভারতীয় সেনা।

সারা দেশে শিশুমৃত্যু কমানোর হারে এগিয়ে এ রাজ্যই-দৈনিক সংবাদ প্রতিদিন

সারা দেশে শিশুমৃত্যু কমানোর হারে এগিয়ে পশ্চিমবঙ্গই।  কেন্দ্র সরকারের তরফ থেকেই রাজ্যের জন্য মিলেছে এই বিশেষ স্বীকৃতি। এ কথা জানিয়ে রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

স্বাস্থ্য পরিষেবা প্রদানে কোন রাজ্যের ভূমিকা কেমন, তা নিয়েই জাতীয় স্তরে আয়োজন করা হয় এক সম্মেলনের। সেখানেই বাংলার জন্য এসেছে এই স্বীকৃতি। পরিসংখ্যান অনুযায়ী, সারা দেশে ২০১১ সালে শিশুমৃত্যুর হার ছিল ৪৪, ২০১৪ সালে তা কমে হয় ৩৯। সেখানে রাজ্যে ২০১১ সালে এই হার ছিল ৩২। ২০১৪ সালে তা আরও কমে হয়েছে ২৮।  এই পরিংখ্যান তুলে ধরেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সারা দেশের নিরিখে এ ব্যাপারে এগিয়ে আছে এ রাজ্যই। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অক্লান্ত পরিশ্রমের জেরেই যে তা সম্ভব হয়েছে সে কথাও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। জাতীয় স্তরের সম্মেলনে রাজ্যকে বিশেষ ট্রফি ও সার্টিফিকেটও দেওয়া হয়েছে।

বিশ্বমানের শিক্ষা পেতে ১২৬ বছর!‌-দৈনিক আজকাল

ভারতে শিক্ষার জন্য খরচের যা বহর তাতে বিশ্বমানের শিক্ষা পেতে লাগবে আরও ৬ পুরুষ বা ১২৬ বছর। দেশের শিক্ষা ব্যবস্থায় নাটকীয় পরিবর্তনের দাবি করে রিপোর্ট প্রকাশ করল অ্যাসোচেম। রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি ভারতে শিক্ষাখাতে খরচ কিছু বেড়েছে। কিন্তু উন্নত দেশের তুলনায় তা মোটেই পাতে দেওয়ার যোগ্য নয়। আর উন্নত দেশগুলি শিক্ষার জন্য খরচে কোনও কাটছাঁটও করেনি। তাই এভাবে চললে উন্নত দেশের মতো শিক্ষার মান অর্জন করতে আমাদের আরও ৬ পুরুষ বা ১২৬ বছর লেগে যাবে।

সিঙ্গুরে আজ থেকেই চাষিদের হাতে জমি ফেরত দেওয়ার কাজ শুরু-দৈনিক বর্তমান

আজ, বুধবার থেকেই সিঙ্গুরের চাষিদের জমি ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার। এদিন থেকেই তাঁদের অনেকে মাঠে নামতে পারবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গোপালনগর মৌজার প্রায় ৪০ একরের বেশি জমি এদিন চাষিদের হাতে তুলে দেওয়া হবে। বেড়াবেড়ি মৌজারও কিছুটা জমি ফেরানো হতে পারে। ইতিমধ্যে বেশ কিছু চাষির নামের তালিকা ঠিক হয়ে গিয়েছে। মঙ্গলবার কারখানার ভিতরে এলাকার পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের নিয়ে বৈঠক করেন হুগলির জেলাশাসক সঞ্জয় বনশল এবং পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি। সরকারি সূত্রে জানা গিয়েছে, জমি ফেরতের পর প্রথমেই সিঙ্গুরের মাটিতে আলু, পালং ও নটে শাকের চাষ হবে। আগামী শুক্রবার থেকে চাষিদের পরামর্শ দেওয়া শুরু করবে কৃষি দপ্তর। তারাই ট্রাক্টর দিয়ে জমি চষে দেবে।

রাজধানীতে প্রকাশ্যে তরুণীকে ২২ বার ছুরিকাঘাত, উদাসীন পথচারীরা-দৈনিক গণশক্তি

দিনের আলোয় দিল্লির রাস্তায় এক তরুণীকে টানা ২২ বার ছুরির আঘাত করল এক ব্যক্তি৷ বারংবার আঘাতে পথে লুটিয়ে পড়লেন তিনি৷ আশেপাশে দাঁড়িয়ে তা দেখলেন দু’একজন৷ কেউ কেউ আবার বাইক নিয়ে চলেও গেলেন৷ কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে এলেন না৷ আরও একবার যেন রাজধানীর অমানবিক মুখ দেখল গোটা দেশ৷ মঙ্গলবার আচমকাই করুণার উপর চড়াও হন ওই ব্যক্তি৷ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, বারংবার তাঁকে ছুরি দিয়ে আঘাত করছে এক ব্যক্তি৷ টানা ছুরিকাঘাতে লুটিয়ে পড়া করুণাকে লাথি মেরে চলে যায় ওই ব্যক্তি৷ করুণার দাদা আদিত্য মালিক জানাচ্ছেন, সুরিন্দর সিং নামে ওই ব্যক্তি প্রায় বছরখানেক ধরে জ্বালাতন করছেন করুণাকে৷ এ নিয়ে দুই পরিবারের মধ্যে বচসাও হয়৷ কিছুদিন আগে পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগও দায়ের করে করুণার পরিবার৷ পেশায় করুণা ছিলেন স্কুল শিক্ষিকা৷ অন্যদিকে সুরিন্দরের থেকে ডিভোর্স চেয়েছে তার স্ত্রী৷ সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি৷ এর মধ্যেই বেশ কয়েক মাস ধরেই এখানে ওখানে করুণার পিছু পিছু ঘুরতে থাকে সে৷ কিন্তু করুণা তার প্রতি আগ্রহ দেখাননি৷ মনে করা হচ্ছে, সেই রাগেই এমন নৃশংস কাজ করেছে ওই ব্যক্তি৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল বৃহস্পতিবার। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮