সেপ্টেম্বর ২৩, ২০১৬ ১২:৩৮ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৩ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন।

শুক্রবার ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর হলো:

  • এক নারী চিকিৎসকের একলা লড়াই-দৈনিক প্রথম আলো
  • বাংলাদেশে সন্ত্রাসের মূলোত্পাটনে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা- দৈনিক ইত্তেফাক
  • উগ্রবাদী সহিংসতা মোকাবেলায় ১০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ – দৈনিক নয়াদিগন্ত
  • হলি আর্টিজানে নিহত পাঁচ উগ্রবাদীসহ ছয়জনের লাশ দাফন- দৈনিক কালের কণ্ঠ
  • সাইবার অপরাধের মামলা হু হু করে বাড়ছে- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম
  • কার্গো বিমান ও হেলিকপ্টার নিয়ে গঠন হচ্ছে পুলিশের ‘এভিয়েশন ইউনিট’- দৈনিক মানবজমিন
  • পাকিস্তানের বিমান বাহিনী সদা প্রস্তুত-প্রথম আলো
  • পাক-ভারত যুদ্ধ হলে কে জিতবে?- দৈনিক যুগান্তর
  • করের আওতায় ২১ লাখ মানুষ- দৈনিক সমকাল
  • বরিশালে দুর্ঘটনায় ২৪ লাশ উদ্ধার, নিখোঁজ ৬ জন: ‘ঐশীর’ সবই ছিল অবৈধ-দৈনিক ইত্তেফাক

এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • কাশ্মীরের সমস্যায় নাক গলাতে নারাজ রাষ্ট্রপুঞ্জ- দৈনিক আনন্দবাজার
  • পাহাড়ে পরিবর্তনের ডাক দিলেন মমতা, সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান- দৈনিক বর্তমান
  • সিঙ্গুরের কৃষকদের ফেরানো হবে জমির দখলি স্বত্ব: ‌পার্থ- দৈনিক আজকাল
  • পর্যাপ্ত শিক্ষক, ক্লাসঘর, শৌচালয় ছাড়াই চলছে ওড়িশার একাধিক স্কুল- দৈনিক সংবাদ প্রতিদিন
  • মিটমাটে ১৯০ কোটি পাচ্ছেন ভারতীয় দম্পতি- দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাকপ্রথমেই বাংলাদেশের খবর-

এক নারী চিকিৎসকের একলা লড়াই-দৈনিক প্রথম আলো

ইয়েমেনে দুই বছর ধরে যুদ্ধ চলছে। দেশটিতে সৌদি আরবের নেতৃত্বে প্রায় দেড় বছর ধরে চলছে অবরোধ। এ অবস্থায় ইয়েমেনের লাখো মানুষ খাদ্যাভাবে ভুগছে। অনেকে মারাও যাচ্ছে। এই দুঃসময়ে কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশটির বন্দর শহর হুদায়দার এক নারী চিকিৎসক বিপন্ন মানবতাকে রক্ষায় কাজ করে যাচ্ছেন।

ওই নারী চিকিৎসকের নাম আসওয়াক মুহারাম। তিনি ২০ বছর ধরে চিকিৎসা পেশায় আছেন। দীর্ঘ এই পেশাজীবনে নিজ দেশ ইয়েমেনের এমন বিপর্যস্ত পরিস্থিতি আর দেখেননি তিনি। মুহারামের ভাষ্য, সোমালিয়ায় দুর্ভিক্ষের যে করুণ চিত্র একসময় টিভিতে দেখতেন, আজ নিজ দেশেই তা দেখছেন। এমন দৃশ্য ইয়েমেনে দেখতে হবে, তা কখনো ভাবেননি।

ইয়েমেনের মানুষের এই কঠিন সময়ে মুহারাম এগিয়ে এসেছেন। তিনি তাঁর সর্বোচ্চ দিয়ে মানুষের সেবা করছেন। নিজের খরচে অসুস্থদের ওষুধ দিচ্ছেন। ক্ষুধার্ত মানুষকে খাবার দিচ্ছেন। নিজের গাড়িকে ভ্রাম্যমাণ ক্লিনিক হিসেবে ব্যবহার করছেন তিনি।

ইয়েমেনে আমদানি করা খাদ্য আনার ক্ষেত্রে বন্দর শহর হুদায়দা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। কিন্তু শহরটি এখন অবরুদ্ধ। সেখানে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেদার বিমান হামলা চালাচ্ছে। এসব হামলায় বন্দর বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে অবকাঠামো।

মুহুর্মুহু বোমা আর দীর্ঘমেয়াদি অবরোধে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এ ব্যাপারে মুহারাম বলেন, যদি কেউ বিমান হামলায় নিহত না-ও হয়, তা হলে তার মৃত্যু হবে অসুস্থতা ও ক্ষুধায়। এর চেয়ে কষ্টকর আর কিছু নেই।

বাংলাদেশে সন্ত্রাসের মূলোত্পাটনে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা- দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সময়ের দুটি বৈশ্বিক চ্যালেঞ্জ হলো জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা। মানবতার স্বার্থে বিশ্ব থেকে সংঘাত দূর করে শান্তির পথে এগিয়ে যেতে বিশ্ব নেতৃবৃন্দর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই চ্যালেঞ্জগুলো কোনো নির্দিষ্ট গন্তব্যে আবদ্ধ না থেকে বিশ্বের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, কোনো দেশই আপাতদৃষ্টিতে নিরাপদ নয়। কোনো ব্যক্তি এদের লক্ষ্যের বাইরে নয়। আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা থেকে এশিয়ায় সন্ত্রাসীরা অগণিত নিরীহ মানুষকে অহরহ হত্যা করছে। আমরা মনে করি, সন্ত্রাসীদের কোনো ধর্ম, বর্ণ বা গোত্র নেই। এদের সমূলে মূলোত্পাটন করার সংকল্পে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উগ্রবাদী সহিংসতা মোকাবেলায় ১০ লাখ ডলার পাচ্ছে বাংলাদেশ দৈনিক নয়াদিগন্ত

উগ্রবাদী সহিংসতা মোকাবেলায় গ্লোবাল কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড রেজিলিয়েন্ট ফান্ড (জিসিইআরএফ)-এর আওতায় ১০ লাখ ডলারের বেশি অর্থ বাংলাদেশ পাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেইট ডিপার্টমেন্টের উগ্রবাদী সহিংসতা মোকাবেলা কার্যক্রম(সিবিএ)-এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী জাস্টিন সিভারেল।

উগ্রবাদ মোকাবেলায় বিশ্বের ৬০টি সিটিকে সিটি নেটওয়ার্ক এর আওতায় নেয়া হয়েছে । তারমধ্যে বাংলাদেশের ঢাকা সিটি দক্ষিণ রয়েছে বলে জানান এই উর্ধতন কর্মকর্তা। বুধবার দুপুরে নিউ ইয়র্কস্থ ফরেন প্রেস সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

হলি আর্টিজানে নিহত পাঁচ উগ্রবাদীসহ ছয়জনের লাশ দাফন- দৈনিক কালের কণ্ঠ

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত পাঁচ উগ্রবাদীসহ ছয়জনের লাশ প্রায় তিন মাস পর দাফন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ (সিএমএইচ) লাশগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে আঞ্জুমান মুফিদুল ইসলাম লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করে।

পাঁচ উগ্রবাদী হলো- রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর এ হায়াৎ কবীর ওরফে মীর সামিহ মুবাশ্বির, শফিকুল ইসলাম উজ্জ্বল ও খায়রুল ইসলাম পায়েল। এছাড়াও ওই রোস্তোরাঁর বাবুর্চি সাইফুল ইসলাম ওরফে সাইফুল চকিদারের লাশও দাফন করা হয়।

সাইবার অপরাধের মামলা হু হু করে বাড়ছে- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

বাংলাদেশে সাইবার অপরাধের মামলা হু হু করে বাড়ছে। অঙ্কের হিসাবে তিন বছরে মামলা বেড়েছে প্রায় ২০০ গুণ। আর এসব মামলার প্রায় সবই করা হচ্ছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায়। ধারাটি জামিন অযোগ্য।

আইন বিশেষজ্ঞরা বলছেন, শুরু থেকেই আইনটির ৫৭ ধারা নিয়ে উদ্বেগ করা হচ্ছিল। আইনটির অপব্যবহারের মাধ্যমে লোকজনকে হয়রানির আশঙ্কাও করা হচ্ছিল। সাইবার ট্রাইব্যুনালের তথ্য-উপাত্ত এখন সেই আশঙ্কাকে সত্য করে তুলেছে। পুরো আইনটিই এখন ৫৭ ধারাকেন্দ্রিক হয়ে পড়ছে।

কার্গো বিমান ও হেলিকপ্টার নিয়ে গঠন হচ্ছে পুলিশের এভিয়েশন ইউনিট- দৈনিক মানবজমিন

আকাশ, নৌ ও স্থলপথে কঠোর নজরদারির জন্য ১টি কার্গো বিমান ও ২টি হেলিকপ্টার নিয়ে গঠন হচ্ছে ‘পুলিশের এভিয়েশন’ ইউনিট নামে নতুন একটি শাখা। গত ২১শে জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পুলিশের একটি প্রতিবেদনে ওই এভিয়েশন গঠনের কথা বলা হয়েছে। এর আগে মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের  মাসিক সভায় বিষয়টি আলোচনা হয়। বাংলাদেশ পুলিশের আবেদনের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ইউনিট গঠনে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। খুব শিগগিরই ইউনিটটির কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেন পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান।

পাকিস্তানের বিমান বাহিনী সদা প্রস্তুত-প্রথম আলো

সড়ক থেকেই যুদ্ধবিমান উড্ডয়ন করছে, এমন ছবি টুইটারে পোস্ট করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ লিখেছেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষাকারীরা সদা প্রস্তুত। সড়কই আমাদের রানওয়ে।’

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ টুইট করলেন খাজা আসিফ। কাশ্মীরের উরির সেনাছাউনিতে গত রোববারের সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে জোর কূটনৈতিক লড়াই শুরু করেছে ভারত। সেখানে অনেকের মুখে সামরিক ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে। পাকিস্তানের গণমাধ্যমের খবর মতে, এমন প্রেক্ষাপটে ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা দেখা দিয়েছে সেখানে।

পাক-ভারত যুদ্ধ হলে কে জিতবে?- দৈনিক যুগান্তর

দক্ষিণ এশিয়ায় যুদ্ধের দামামা বাজিয়ে চলছে পরমাণু শক্তিধর দুই দেশ। জন্মলগ্ন থেকে শত্রুভাবাপন্ন দেশ দুটির মধ্যে কাশ্মীর সংকটকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়।

এ ঘটনায় ইসলামাবাদকে দায়ী করে প্রতিশোধ নেয়ার কথা বলছে নয়াদিল্লি। ভারতীয় সেনাবাহিনীর বড় অংশই চাচ্ছে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের ভেতরে আক্রমণ করতে। জবাবে পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ বলেছেন, তার দেশ সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ হুমকি মোকাবেলায় প্রস্তুত। পাকিস্তান আক্রান্ত হলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন রাহিল। এ অবস্থায় প্রশ্ন তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ায় প্রধান শক্তিধর দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায় কী হবে পরিণতি? ক্ষয়ক্ষতি কি দুই দেশেই সীমাবদ্ধ থাকবে, নাকি আশপাশের দেশগুলোতেও বিস্তৃত হবে ধ্বংসযজ্ঞ।

ভারত-পাকিস্তান এ পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১-তে যুদ্ধের পর ও ১৯৯৯ সালে কাশ্মীরকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়েছে তারা। তবে প্রতিবারের যুদ্ধই হারজিতের পরিবর্তে সমঝোতার মধ্য দিয়ে শেষ হয়েছে। এবারের উত্তেজনার মধ্যেও দেখা যাচ্ছে, পরমাণু অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাত্মক যুদ্ধে না জড়ানোর ব্যাপারে সচেতন রয়েছেন দু’দেশের নীতিনির্ধারকরা।

বিশ্লেষকদের মতে, বাগাড়ম্বর যতই চলতে থাকুক শেষ পর্যন্ত সামরিক যুদ্ধে জড়ানোর মতো ঝুঁকিতে যাবে না দুই দেশ। কারণ পরমাণু শক্তিধর দুই দেশের যুদ্ধ বাঁধলে কোনো পক্ষই জিতবে না।

করের আওতায় ২১ লাখ মানুষ- দৈনিক সমকাল

একুশ লাখ লোককে করের আওতায় এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ হিসাব চলতি বছরের আগস্ট পর্যন্ত। এর মধ্যে তিন লাখ নতুন। গত এক বছরে নতুনদের শনাক্ত করা হয়েছে। এনবিআর সূত্র বলেছে, আগামী ডিসেম্বরের মধ্যে আয়করের আওতায় আসবে পঁচিশ লাখের বেশি মানুষ। সরকারের লক্ষ্য ২০১৯ সালের মধ্যে কমপক্ষে ত্রিশ লাখ লোককে করের আওতায় আনা।

বরিশালে দুর্ঘটনায় ২৪ লাশ উদ্ধার, নিখোঁজ ৬ জন: ঐশীর সবই ছিল অবৈধ-দৈনিক ইত্তেফাক

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে বুধবার নিমজ্জিত যাত্রীবাহী লঞ্চ ঐশীকে গতকাল বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান শেষে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান ইত্তেফাককে জানান- নিমজ্জিত ঐশি মুলত একটি ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার)। এটির কাঠামো পরিবর্তন করে লঞ্চে রুপ দেওয়া হয়েছে। এর সার্ভে সনদ কিংবা রুটপারমিট তো দূরের কথা যাত্রী পরিবহন বা নদীতে চলাচলের কোন অনুমতি নেই। সম্পূর্ণ অবৈধ নৌ-যান হিসাবে বে-আইনীভাবে ঐশি যাত্রী পরিবহন করে আসছিল। ছোট্ট ট্রলারের পর্যন্ত রেজিস্ট্রেশন থাকে। কিন্ত ঐশীর জন্য স্থানীয়ভাবে কোন দপ্তর থেকেই অনুমতি পর্যন্ত নেয়া হয়নি।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

কাশ্মীরের সমস্যায় নাক গলাতে নারাজ রাষ্ট্রপুঞ্জ- দৈনিক আনন্দবাজার

কাশ্মীর সমস্যায় রাষ্ট্রপুঞ্জকে জড়িয়ে ফেলতে মরিয়া চেষ্টা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু ব্যর্থ হল নওয়াজ শরিফের সেই চেষ্টাও। কাশ্মীরের সমস্যা ভারত ও পাকিস্তানকে আলোচনা করেই মেটাতে হবে বলে সাফ জানিয়ে দিলেন মহাসচিব বান কি মুন।

কাশ্মীরে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতার দাবি দীর্ঘ দিন ধরেই জানিয়ে আসছে ইসলামাবাদ। সাধারণ সভার চলতি অধিবেশনেও কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতার পক্ষে সওয়াল করেছিলেন নওয়াজ শরিফ। এর পরে বান কি মুনের সঙ্গে বৈঠকও করেন তিনি। কিন্তু পাক দূতাবাসের দেওয়া। বিবৃতি থেকেই জানা যাচ্ছে, কাশ্মীর সমস্যার মীমাংসায় নাক গলাতে রাজি হয়নি রাষ্ট্রপুঞ্জ।

পাক দূতাবাস জানিয়েছে, কাশ্মীরে ভারতীয় বাহিনীর ‘মানবাধিকার লঙ্ঘন’ নিয়ে একটি নথি এ দিন বানের হাতে তুলে দিয়েছেন শরিফ। সেই সঙ্গে জানিয়েছেন, কাশ্মীরের পরিস্থিতি জানতে রাষ্ট্রপুঞ্জের নিরপেক্ষ দলের তদন্ত একান্ত প্রয়োজন। ভারতকে রাষ্ট্রপুঞ্জের কাশ্মীর সংক্রান্ত প্রস্তাব মেনে চলতে বলার জন্যও বানকে অনুরোধ করেন শরিফ। জবাবে বান কাশ্মীর সমস্যার সমাধানে ভারত-পাক আলোচনার উপরেই জোর দিয়েছেন। তাঁর মতে, কাশ্মীর নিয়ে আলোচনা ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার স্বার্থে অত্যন্ত জরুরি।

পাহাড়ে পরিবর্তনের ডাক দিলেন মমতা, সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান- দৈনিক বর্তমান

যাবতীয় অস্থিরতা, অরাজকতা আর বিচ্ছিন্নতাকে দূরে সরিয়ে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ‘পরিবতনের’ ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিবর্তন পর্বের কাণ্ডারি হিসাবে পাহাড়ের মানুষকেই এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি। আলাদা গোর্খাল্যান্ড রাজ্য নয়, বিভিন্ন জনগোষ্ঠীর জন্য উন্নয়ন পর্ষদ গড়েই পাহাড়ের সামগ্রিক উন্নয়ন সম্ভব। তাঁর এই উপলব্ধিতে যে স্থানীয় মানুষের সায় রয়েছে, তা বুধবারই পাহাড়ে আসার পথে জেনে গিয়েছিলেন মমতা। সেই উপলব্ধিকে কাজে লাগিয়েই কালিম্পংয়ের সভামঞ্চ থেকে আরও চারটি জনগোষ্ঠীর জন্য উন্নয়ন ও সাংস্কৃতিক পর্ষদ গড়ার ঘোষণাও করে দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই ঘোষণায় আরও কোণঠাসা হওয়া গোর্খা জনমুক্তি মোর্চার মাতব্বররা যে আরও বিপাকে পড়েছেন, তা স্পষ্ট। পালটাতে শুরু করা পাহাড়বাসীকে ফের আলাদা রাজ্যের ‘খোয়াব’ দেখাতে আগামী রবিবার কালিম্পংয়ে আসছেন মোর্চা প্রধান বিমল গুরুং।

সিঙ্গুরের কৃষকদের ফেরানো হবে জমির দখলি স্বত্ব: ‌পার্থ- দৈনিক আজকাল

কৃষকেরা যাতে তাড়াতাড়ি তাঁদের জমির দখলি স্বত্ব ফিরে পান, তার চেষ্টা চলছে। একই সঙ্গে সিঙ্গুরের সমস্ত কৃষককে জমির দখলি স্বত্ব ফিরিয়ে দেওয়া হবে। কে এম ডি এ, কে এম সি, এইচ আর বি সি এবং পূর্ত দপ্তর ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে গোটা প্রকল্প এলাকা ঘুরে দেখে গেছে। তারা চেষ্টা করছে নির্দিষ্ট সময়ের আগে যত শিগগিরই সম্ভব কাজ শেষ করতে। বৃহস্পতিবার সিঙ্গুরে প্রকল্প এলাকায় কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এই মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তিনি বলেন, কৃষিকাজে সিঙ্গুরের কৃষকদের সাহায্যের জন্যে প্রস্তুত কৃষিবিশেষজ্ঞরা। রাজ্য কৃষি দপ্তরকে আগাম নির্দেশ দিয়ে রাখা হয়েছে। কৃষকেরা জমিতে দখল পাওয়া মাত্রই সব ধরনের সাহায্য নিয়ে তারা কৃষকদের পাশে দাঁড়াবে।

পর্যাপ্ত শিক্ষক, ক্লাসঘর, শৌচালয় ছাড়াই চলছে ওড়িশার একাধিক স্কুল- দৈনিক সংবাদ প্রতিদিন

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ওড়িশায় ৫২,০০০ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পিছু শিক্ষক নেই৷ এমনকী ৪১,০০০ স্কুলে ক্লাস পিছু ক্লাসরুমও নেই৷ এই তথ্য জানিয়েছেন ওড়িশা স্কুল অ্যান্ড মাস এডুকেশন মন্ত্রী দেবী প্রসাদ মিশ্র স্বয়ং৷

অধিবেশনে বিজেপি বিধায়ক দিলীপ রায়-এর প্রশ্নের পরিপ্রেক্ষিতে এই তথ্য প্রকাশ্যে আসে৷ এই তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রায় ২১২টি স্কুলে শৌচালয়ের সুবিধাও নেই৷ যদিও কেন এমন পরিস্থিতি, তার সদুত্তর পাওয়া যায়নি৷ অপরদিকে মন্ত্রীর দাবি ৫১,০০০ স্কুলে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ তাও স্কুলে শিক্ষক না নিয়োগ হওয়া ও শৌচালয় না থাকার এই ভয়ঙ্কর সত্য প্রকাশ্যে আসায় কার্যত প্রশ্ন উঠেছে স্কুল অ্যান্ড মাস এডুকেশন দফতরের ভূমিকা নিয়ে৷

মিটমাটে ১৯০ কোটি পাচ্ছেন ভারতীয় দম্পতি- দৈনিক আজকাল

ভারতীয় দম্পতিকে ১৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে চলেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম এএনজেড ব্যাঙ্ক। বুরেফ ফার্টিলাইজারে নিজেদের শেয়ার বিক্রির সময় রিসিভার হিসেবে ছিল এএনজেড ব্যাঙ্ক। পঙ্কজ এবং রাধিকা অসওয়াল অভিযোগ করেছিলেন রিসিভার তাঁদের শেয়ার বিক্রির পর ৫৮ কোটি ডলার কম দিয়েছে। এরপরই আদালতে সওয়াল জবাব চলে। সেখানে চুক্তির খুঁটিনাটি বেরিয়ে আসতে পারে। তাই এএনজেড–এর পক্ষ থেকে মিটমাটের জন্য এই বিরাট অঙ্কের প্রস্তাব দেওয়া হয়। ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়, ‘‌তাঁরা মিটমাটের অঙ্কে খুশি। কিন্তু ওসওয়ালরা চুক্তির খুঁটিনাটি প্রকাশ করতে পারবেন না।’‌ তবে আদালতে ওসওয়ালদের তোলা একাধিক অভিযোগে আপত্তি জানিয়েছেন এএনজেড–এর মুখপাত্র। তবে শেয়ার হোল্ডারদের কাছে ভুল বার্তা যাবে তাই মুখ বন্ধ রাখার শর্তে এই অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩