সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১৩:৫৬ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৬ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন।

সোমবার ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর হলো:

  • বাংলাদেশই জিতলো- দৈনিক মানবজমিনের শীর্ষ শিরোনামের খবর
  • যুক্তরাষ্ট্র থেকে সরকারি জরুরি কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী –দৈনিক নয়াদিগন্ত
  • শিশুর প্রতি নিষ্ঠুরতা: ঘরের ভেতরে অরক্ষিত শিশু গৃহশ্রমিকেরা- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম
  • আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন চাই না: বিএনপি-দৈনিক ইত্তেফাক
  • যুক্তরাজ্য সোনালী ব্যাংকের জরিমানা: ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার-দৈনিক যুগান্তরের প্রধান খবর
  • গ্যাসের দাম বাড়ছেই-প্রথম আলো অনলাইন
  • মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির দায় নিলেন সেতুমন্ত্রী- দৈনিক মানবজমিন
  • টাম্পাকোর ধ্বংসস্তূপে মিলল আরও ৩ মৃতদেহ- দৈনিক যুগান্তর অনলাইন
  • টাম্পাকোর মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ-দৈনিক সমকাল অনলাইন
  • স্কুলছাত্রের চিঠিতে বিরল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর- দৈনিক ইনকিলাব

এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • ভারতীয় জওয়ানরা মুখে বলে না, কাজে করে দেখায়: মোদি- দৈনিক বর্তমান
  • কাশ্মীর নিয়ে রিপোর্ট দিতে পারল না বি জে পি!- দৈনিক আজকাল
  • বন্‌ধ করতে না দিলে লাগাতার আন্দোলনের হুমকি গুরুংয়ের-দৈনিক বর্তমান
  • ১৯৭ রানে ঐতিহাসিক ৫০০তম টেস্ট জয় ভারতের-দৈনিক আনন্দবাজার
  • প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করবে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাকপ্রথমেই বাংলাদেশের খবর-

বাংলাদেশই জিতলো- দৈনিক মানবজমিনের শীর্ষ শিরোনামের খবর

সব আশঙ্কা উড়িয়ে জিতেই মাঠ ছাড়লো বাংলাদেশ। তামিমের ব্যাটিং, তাসকিনের বোলিং আর সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় দুলতে থাকা জয়ে খুশি নন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। খেলার পরে টিভিতে প্রতিক্রিয়া জানাতে সবার সামনেই স্বীকার করলেন যেভাবে খেলেছে তার দল তা মোটেও প্রত্যাশিত ছিল না।

বাংলাদেশ দলের ধুকতে থাকার জন্য কোন অজুহাত দেখাতে চাননি তিনি। প্রায় ১০ মাস পর ওয়ানডে খেলতে নেমে বাংলাদেশ দলকে খানিকটা অগোছালো দেখা যায়। এলোমেলো ব্যাটিংয়ের পরে ফিল্ডিংয়েও অনেক দৈন্যতা ফুটে ওঠে। তবে শেষ দিকে পেসারদের নৈপুণ্যেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ১০ উইকেটের সাতটিই নেন পেসাররা। আর এতেই রকেট ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

শিশুর প্রতি নিষ্ঠুরতা: ঘরের ভেতরে অরক্ষিত শিশু গৃহশ্রমিকেরা- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

শিশু গৃহশ্রমিকেরা চারদেয়ালের ভেতরে সব ধরনের নজরদারির বাইরে রয়ে গেছে। গৃহশ্রমিকদের নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের পরিসংখ্যান বলছে, এই শ্রমিকদের ওপর নির্যাতনের মাত্রা কমছে না। নির্যাতনের পর অর্ধেক ঘটনারও কম ঘটনায় মামলা হচ্ছে। অনেক ক্ষেত্রেই মামলা আদালতের বাইরে আপোস হয়ে যাচ্ছে।

এই গৃহশ্রমিকদের সুরক্ষায় এখন পর্যন্ত আইন নেই দেশে। গত বছর সরকার গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়ন করলেও তার বাস্তবায়ন শুরু হয়নি। ২০১১ সালে গৃহকর্মীদের সুরক্ষায় হাইকোর্ট নির্দেশনা দিয়েছেন। যত দিন আইন প্রণয়ন না হচ্ছে, তত দিন এ নির্দেশনা আইন হিসেবে প্রযোজ্য। তবে তা মানারও নজির নেই।

মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির দায় নিলেন সেতুমন্ত্রী- দৈনিক মানবজমিন

মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় সরকারের পক্ষ থেকে সংসদে দাঁড়িয়ে দায় স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যানজট ও সড়ক দুর্ঘটনা সরকারকে ভীষণভাবে ভাবিয়ে তুলেছে। এটা এখন আমাদের কাছে চ্যালেঞ্জিং বিষয়। তবে আমরা দুর্ঘটনা রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গতকাল সংসদে প্রশ্নোত্তরপর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও পীর ফজলুর রহমানের পৃথক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি চালকও নই, গাড়ির মালিকও নই। তারপরও আমি সড়ক দুর্ঘটনায় পাখির মতো মানুষের প্রাণহানির দায় স্বীকার করে নিয়েছি। তিনি জানান, দেশের মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনার কারণ নির্ণয় করে তা রোধে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগের অধীনে জাতীয় নির্বাচন চাই না : বিএনপি-দৈনিক ইত্তেফাক

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের অধীনে মধ্যবর্তী নির্বাচনই শুধু নয় বরং জাতীয় নির্বাচনও চাই না। আমরা নির্বাচন নিয়ে সংলাপ চেয়েছি। গণতন্ত্র মানে আলোচনা, গণতন্ত্র মানে সংলাপ, গণতন্ত্র মানে আপোষ। আমরা একটা নির্বাচন চাই, আমরা ভোট দিতে চাই, সেই পরিবেশটা চাই। তত্ত্বাবধায়ক সরকারের নাম নিয়ে যদি আপত্তি থাকে, আমাদের কোনো অসুবিধা নাই, অন্য কোনো নামে হতে পারে। এটা সরকার, বিরোধী দল, পেশাজীবী, সাংবাদিক নানা পেশার মানুষকে মিলে উদ্যোগ নিলে একটা কিছু হতে পারে। তড়িঘড়ি করে নির্বাচন করার পরিস্থিতি থেকে আমরা বেরুতে চাই।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুদু বলেন, সরকার দলীয় ব্যক্তিদের দিয়ে সার্চ কমিটি নয়, বরং জনগণের দ্বারা নির্বাচিত সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনের পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে সবার নিকট গ্রহণযোগ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি।  

'দেশে রাজনৈতিক পরিবেশ ভাল, বিরোধীদল মিটিং মিছিল এবং র‌্যালি ও সমাবেশ করার সুযোগ পাচ্ছে’- ভয়েস অব আমেরিকাকে প্রধানমন্ত্রীর দেওয়া সাক্ষাতকারের সমালোচনা করেন তিনি।  দুদু বলেন, ‘ভয়েস অব আমেরিকা হলো একটি আন্তর্জাতিক গণমাধ্যম। তারা জেনে বুঝেই বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেছেন। দেশে যদি বিরোধীদলের রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক স্পেস থাকতো তাহলে তারা এ ধরনের প্রশ্ন করতো না।

যুক্তরাজ্য সোনালী ব্যাংকের জরিমানা: ব্যাপক দুর্নীতি ও অর্থ পাচার-দৈনিক যুগান্তরের প্রধান খবর

ব্যাংকিং সেক্টরের অনিয়ম ও দুর্নীতি এবার দেশ ছেড়ে বিদেশেও আস্তানা গেড়েছে। অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ে জড়িয়ে পড়েছে সরকারের নিয়ন্ত্রণাধীন যুক্তরাজ্য সোনালী ব্যাংক। শুধু ভল্ট থেকে পাউন্ড চুরি করাই নয়, সফটওয়্যার প্রতিষ্ঠানকে চুক্তির অতিরিক্ত অর্থও পরিশোধ করা হয় বিশেষ উদ্দেশ্যে। এছাড়া অর্থ পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে ব্যাংকটির কয়েকটি শাখাও।

এসব অনিয়ম ও দুর্নীতির প্রমাণ বেরিয়ে এসেছে দেশটির এ সংক্রান্ত দুটি তদারকি সংস্থার তদন্তে। আর অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়েছে ৫৫ লাখ বিট্রিশ পাউন্ড, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৮ কোটি টাকা। শাস্তির খক্ষ শুধু এখানেই শেষ নয়, আগামী জুনের পর সোনালী ব্যাংকের অভিযুক্ত সব ক’টি শাখা গ্রাহকদের কাছ থেকে কোনো আমানতও সংগ্রহ করতে পারবে না।

একই সঙ্গে সোনালী ব্যাংকের এসব শাখার সব কর্মকাণ্ডকে কঠোর নজদারির মধ্যে নিয়ে এসেছে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বা আর্থিক আচরণের কর্তৃপক্ষ (এফসিএ) এবং প্রুডেন্সিয়াল রেগুলেটরি অথরিটি বা দূরদর্শী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (পিআরএ)।

এদিকে দেশের জন্য সম্মানহানিকর এমন ঘটনা সামাল দিতে লন্ডন ছুটে গেছেন ব্যাংকিং বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান। ঘটনার সত্যতা স্বীকার করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান যুগান্তরকে বলেন, জরিমানার একটি অংশ পরিশোধ করতে তারা সময় বেঁধে দিয়েছে। তবে এর আইনগত দিক পর্যালোচনা করে সরকার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

যুক্তরাষ্ট্র থেকে সরকারি জরুরি কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী দৈনিক নয়াদিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে সফরকালেও দেশের গুরুত্বপূর্ণ সরকারি জরুরি কাজ করে যাচ্ছেন। কানাডা ও যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে দেশ ত্যাগ করার পর থেকেই তিনি এ কাজ করছেন।

প্রধানমন্ত্রী রোববার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে আরো ১৫ টি গুরুত্বপূর্ণ ফাইলে ইলেকট্রোনিক স্বাক্ষর দিয়ে তা অনুমোদন করেন। তিনি বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরের শেষ পর্যায়ে রয়েছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ সকালে বাসস’কে বলেন, ওই ১৫টি ফাইলসহ তিনি গত দুই দিনে মোট ২৪টি জরুরী ফাইল অনুমোদন করেছেন।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়টি গুরুত্বপূর্ণ ফাইল অনুমোদন করেন। করিম বলেন, ‘প্রধানমন্ত্রী তার সরকারি কার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি সব ফাইল অব্যাহতভাবে তার কাছে পাঠাতে তার দপ্তরকেও নির্দেশ দিয়েছেন।’

শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল পদক্ষেপের সুযোগ নিয়ে ফাইলগুলো প্রধানমন্ত্রীর কাছে ই-মেইল করা হয়।

টাম্পাকোর ধ্বংসস্তূপে মিলল আরও ৩ মৃতদেহ- দৈনিক যুগান্তর অনলাইন

গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানার ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার উদ্ধার হওয়া তিন মৃতদেহ নিয়ে এখন পর্যন্ত কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৯ জনের মৃতদেহ উদ্ধার হলো। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে দুইজন ও ১টার দিকে উদ্ধার একজনের মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় গত ১০ সেপ্টেম্বর সকালে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে।

টাম্পাকোর মালিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ-দৈনিক সমকাল অনলাইন

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানার মালিকের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের শুনানিতে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। হাইকার্টের রুলে দুর্ঘটনায় হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আদালত বলেছেন, শ্রমিকদের বেতন ও ক্ষতিপূরণের জন্য ব্যাংক হিসাব থেকে অর্থ তোলা যাবে। কোন খাতে কী পরিমাণ ব্যয় হয়েছে, তা জানিয়ে এক মাস পর মালিককে আদালতে প্রতিবেদন দিতে হবে।

গ্যাসের দাম বাড়ছেই-প্রথম আলো অনলাইন

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে হিসাব–নিকাশ চূড়ান্ত করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। পেট্রোবাংলা ও এর অধীনস্ত সংস্থাগুলোর প্রস্তাব ও তার ওপর অনুষ্ঠিত গণশুনানির আলোকে বিইআরসি বিষয়টি চূড়ান্ত করেছে। এতে পেট্রোবাংলা ও এর অধীন সংস্থাগুলো যতটা বাড়ানোর প্রস্তাব করেছিল, তার চেয়ে অনেক কম বাড়বে বলে জানা গেছে।

বিইআরসির নির্ভরযোগ্য সূত্র জানায়, পেট্রোবাংলা প্রথমে প্রস্তাব দিয়েছিল গড়ে ৯০ শতাংশের বেশি দাম বাড়ানোর। কিন্তু শুনানির সময় তা কমিয়ে ৬৫ শতাংশ বাড়ানোর সংশোধিত প্রস্তাব দেয়। সেই প্রস্তাবের ওপর শুনানিতে অনেক বিষয় উঠে আসে, যাতে ৬৫ শতাংশ দাম বাড়ানোরও যৌক্তিকতা প্রমাণিত হয়নি। কাজেই ওই প্রস্তাব অনুযায়ী দাম বাড়ছে না।

ওই সূত্র জানায়, গ্যাসের দাম যতটাই বাড়ানো হোক না কেন, এর প্রধান কারণ হবে গ্যাসের দামের ওপর থেকে সরকারের শুল্ক ও কর সংগ্রহের সিদ্ধান্ত এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি। সরকার যদি শুল্ক ও কর সংগ্রহের হার কিছুটা কমায়, তাহলে দাম অনেক কম বাড়বে।

এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে বিইআরসির আরও কিছুদিন সময় লাগবে বলে উল্লেখ করে সূত্রটি জানায়, সংস্থার সর্বশেষ চেয়ারম্যান এ আর খান মেয়াদ শেষে অবসরে গেছেন। এখন কমিশনে কেবল দুজন রয়েছেন। কিন্তু বিইআরসি আইনে বলা আছে, কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনের সভার কোরাম পূর্ণ হতে অন্তত তিন সদস্যের উপস্থিতি অপরিহার্য। তাই কোরাম পূর্ণ করে কমিশনের সভা করা এখন সম্ভব হচ্ছে না। নতুন একজন সদস্য নিয়োগ করা হলেই এই সমস্যা কেটে যাবে।

স্কুলছাত্রের চিঠিতে বিরল দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর- দৈনিক ইনকিলাব

পটুয়াখালীর চতুর্থ শ্রেণির এক ছাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল। সেই চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। চিঠি এখনো হাতে না পেলেও জবাব আসার খবরে উচ্ছ্বসিত সে। চিঠিতে পায়রা নদীর ওপর একটি সেতু নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। চতুর্থ শ্রেণির ওই ছাত্রের নাম শীর্ষেন্দু বিশ্বাস। পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের ছাত্র সে।

শীর্ষেন্দুর চিঠির জবাবে প্রধানমন্ত্রী লিখেছেন- স্নেহের শীর্ষেন্দু, আমার স্নেহাশীষ নিও। তোমার চিঠি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। তুমি শুধু এ দেশের একজন সাধারণ নাগরিক নও, বরং দেশের ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার অগ্রজ সৈনিক। আমি জানি, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রা নদীটি অত্যন্ত খরস্রোতা। নিজের পিতা-মাতাসহ অন্যান্য পরিবারের সদস্যদের নিয়ে এই নদীকেন্দ্রিক তোমার নিরাপত্তা সচেতনতা আমাকে মুগ্ধ করেছে। আমি বুঝতে পারি তোমার বীর মুক্তিযোদ্ধা দাদুর প্রভাব রয়েছে তোমার ওপর। মির্জাগঞ্জের পায়রা নদীতে একটি সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তোমাকে আশ্বস্ত করছি। তোমার সার্বিক মঙ্গল কামনা করি। আমার দোয়া নিও। তোমার বাবা-মাসহ মুরুব্বিদের সালাম ও ছোটদের দোয়া দিও। অনেক অনেক আদর নিও। -শেখ হাসিনা

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

ভারতীয় জওয়ানরা মুখে বলে না, কাজে করে দেখায়: মোদি- দৈনিক বর্তমান

উরি হামলার ক্ষত ভারতবাসী ভুলবে না। ভুলতে পারে না। রেডিওবার্তা ‘মন কি বাত’ থেকে ফের এভাবেই পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়ে দিলেন, ‘১৮ জওয়ানের মৃত্যুতে গোটা ভারত আজ ফুঁসছে। থমকে রয়েছে সেনাবাহিনী। ভুলবেন না, আমরা, রাজনীতিকরা কথা বলি। আমাদের জওয়ানরা কিন্তু কথা বলেন না। ওঁরা কাজে করে দেখান। উরি হামলার জন্য যারা দায়ী, তাদের আমরা ছেড়ে দেব না। শাস্তি ওরা পাবেই। সময় মতোই উচিত জবাব দেবে ভারতীয় সেনা।’ তবে শুধু পাকিস্তান নয়। ‘মন কি বাত’-এ কাশ্মীরের মানুষের প্রতিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দু’মাস ধরে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া ভূস্বর্গের প্রতি তাঁর অনুরোধ, ‘শান্তি, একতা আর সংহতিই পারে যাবতীয় সমস্যার সমাধান করতে। কাশ্মীরের মানুষ আজ বুঝতে পারছেন, কারা ক্ষতি করতে চায়। কারা দেশবিরোধী। কাশ্মীরের বাসিন্দারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চান। সেই ব্যবস্থার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। কাশ্মীরের মানুষের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। আমি বিশ্বাস করি, আলোচনা করলে সব মিটে যাবে।’

কাশ্মীর নিয়ে রিপোর্ট দিতে পারল না বি জে পি!- দৈনিক আজকাল

জম্মু–‌কাশ্মীরের দলীয় নেতাদের ব্যর্থতা ঢাকতে এগিয়ে আসতে হল খোদ বি জেপি সভাপতি অমিত শাহকে। বি জে পি–‌র কেন্দ্রীয় নেতৃত্ব দলের রাজ্য শাখাকে নির্দেশ দিয়েছিল কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বিশদে একটি রিপোর্ট জমা দিতে। ওই রিপোর্টের ওপর ভিত্তি করেই জাতীয় কর্ম সমিতির বৈঠকে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু দলের রাজ্য শাখার নেতৃত্ব তেমন কোনও রিপোর্টই দিতে পারেনি। তাদের অজুহাত, দক্ষিণ কাশ্মীরের যে অংশ বর্তমানে সবচেয়ে উত্তপ্ত সেখানে বি জে পি–‌র কোনও অস্তিত্বই নেই। কাশ্মীরে বি জে পি–‌র প্রভাব কেবল জম্মু এবং লাদাখে, কাশ্মীর উপত্যকায় নয়। তাই দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি বিশ্লেষণ করার মতো কোনও নেতা তাঁদের দলে নেই। একই সঙ্গে দলের রাজ্য নেতৃত্ব এমন পরামর্শও দেয় যে, দক্ষিণ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরির দায়িত্ব যেন বি জে পি–‌র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধবকে দেওয়া হয়।

প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করবে ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনেই ভারত জলবায়ু বদল সংক্রান্ত ‘সিওপি ২১’ (কনফারেন্স অফ পার্টিস-২১)  প্যারিস চুক্তি কার্যকর করবে বলে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই চুক্তি অনুসারে বিশ্বের প্রতিটি দেশ নিজেদের কার্বন উৎপাদন কম করবে বলে উল্লেখ রয়েছে৷ মোদির এই ঘোষণার ফলে দূষণ নিয়ন্ত্রণের পক্ষে থাকা উন্নত দেশগুলি ভারতের ‌এই উদ্যোগকে সাধুবাদ দেবে৷ অন্যদিকে, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ আজ সোমবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ দেবেন৷ তার ঠিক আগের দিন শনিবার কোঝিকোড়ে বিজেপির জাতীয় পর্যদের বৈঠকে মোদির এই ঘোষণা তাৎপর্যপূর্ণ৷ পন্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রকৃতির সঙ্গে ভাব বিনিময় ও সবুজ রক্ষার কথা বলতেন৷ তাঁর জন্মশতবার্ষিকীতে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী৷

‘গ্লোবাল ওয়ার্মিং’ বা বিশ্ব উষ্ণায়ন বাড়লে তাতে যে সকলেই সমস্যায় পড়বে এদিন মোদির ভাষণে সে বিষয়টিও উঠে এসেছে৷ সারা বিশ্ব তো বটেই সঙ্গে উপকূল এলাকাও সতর্ক হয়ে রাস্তা খুঁজছে যাতে গ্লোবাল ওয়ার্মিং আর না বাড়ে৷ কারণ জলস্তর বাড়লে উপকূলবর্তী রাজ্য কেরলও বড় সমস্যার মুখে পড়বে বলে জানান তিনি৷

বন্‌ধ করতে না দিলে লাগাতার আন্দোলনের হুমকি গুরুংয়ের-দৈনিক বর্তমান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর চলাকালীনই গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং পাহাড়ে আগামী ২৮ সেপ্টেম্বর বন্ধ ডাকার হুমকি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বন্‌ধ বরদাস্ত করা হবে না। রবিবার কালিম্পংয়ের ডেলোতে পালটা সভা করে বিমল হুঁশিয়ারি দিয়েছেন, পুলিশ প্রশাসন যদি জোর করে ওই বন্‌ধ ব্যর্থ করার চেষ্টা করে তবে সেই বন্‌‌ধ লাগাতার হবে। মোর্চা সুপ্রিমোর ওই হুংকারে ফের পাহাড়ে গোলমালের আশঙ্কা তৈরি হয়েছে। পুলিশ জনজীবন স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে।

প্রসঙ্গত,গত ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কালিম্পংয়ে থাকার সময়ে রাজ্য সরকার এবং তৃণমূলকে শক্তিপ্রদর্শন করতেই ওই জনসভার ডাক দিয়েছিল নারী মোর্চা। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় এদিন সভা করে তারা। মুখ্যমন্ত্রী কালিম্পং ছাড়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই সেখানে সভা করে রাজ্য সরকারকে পালটা চ্যালেঞ্জ জানালেন মোর্চা সুপ্রিমো।

১৯৭ রানে ঐতিহাসিক ৫০০তম টেস্ট জয় ভারতের-দৈনিক আনন্দবাজার

১৯৭ রানে ৫০০তম টেস্ট জিতে নিল ভারত। কিউয়িদের সামনে ৪৩৪ রানের টার্গেট রেখেছিল কোহালিরা। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে নাস্তানাবুদ হতে হয় উইলিয়ামসনদের। অশ্বিনের ঘূর্ণি এবং শামির পেস ঝড়ে একেবারে দুমড়ে মুচড়ে যায় কিউয়িদের ব্যাটিং লাইন আপ। সেই সঙ্গে সিরিজে ১-০ তে এগিয়ে গেল ভারত। 

রবিবার দ্বিতীয় ইনিংসে ৪৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথমেই বেকায়দায় পড়ে ‘ব্ল্যাক ক্যাপ’রা। ইনিংসের শুরুতেই ২ রানে লাথামের উইকেট তুলে নেন অশ্বিন। এর পর গাপ্টিলকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান তিনি। ওপেনিং জুটির কোমর ভেঙে দেওয়ায় স্বভাবতই বেশ চাপে পড়ে যায় কিউয়িরা। এর পর হাল ধরেন কেন উইলিয়ামসন। তবে তিনিও বেশি ক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ফের অশ্বিনের ঘূর্ণির কাছে হার মানতে হয় তাঁকে। ২৫ রানে ফিরে যান তিনি। এর পর রঙ্কি-স্যান্টনার জুটি ক্রিজে জমিয়ে বসেন। ৬ উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ হয়।

পঞ্চম এবং শেষ দিনে খুব সতর্ক ভাবে খেলা শুরু করেন রঙ্কি-স্যান্টনার জুটি। ভারত তখন মরিয়া এই জুটিতে যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিতে। ধীরে ধীরে এঁরা ১০২ রানের পার্টনারশিপ করে ফেলেছিলে আগেই। এই জুটিকে ভাঙতে নিয়ে আসা হয় জাডেজাকে। ব্যস! এই ছকটাই কাজে লেগে যায় কোহালির। ৮০ রানের মাথায় তাঁর উইকেটটি তুলে নেন জাডেজা। স্যান্টনার তখনও লড়ে যাচ্ছিলেন অশ্বিন, জাডেজা এবং শামির ত্রিমুখী আক্রমণের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত সেই অশ্বিনের হাতে বধ হন ৭১ রানে। এই জুটি ভাঙার পর নিজেদের টার্গেটে পৌঁছতে আর বেশি দেরি করতে হয়নি কোহালি-অশ্বিন-রোহিতদের। পুরো খেলাটাকেই কার্যত একা হাতে ঘুরিয়ে দিলেন অশ্বিন।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬