সেপ্টেম্বর ২৭, ২০১৬ ০৭:৪২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মঙ্গলবার ঢাকা থেকে প্রকাশিত প্রায় সবগুলো দৈনিকের অনলাইন সংস্করণ বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুর খবর দিয়েছে। ৭৭ বছর বয়সি হান্নান শাহ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন।

এ ছাড়া, মঙ্গলবার ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ আরো কয়েকটি খবর হলো:

  • প্রধানমন্ত্রী নেই তাই মন্ত্রী-এমপিরাও গরহাজির- দৈনিক মানবজমিন
  • অনুমোদন ছাড়াই বছরে ২৮ কোটি টাকা খাবারের ব্যয়- দৈনিক প্রথম আলো
  • ভারতে বাংলাদেশিসহ ৬ জঙ্গি গ্রেপ্তার- দৈনিক মানবজমিন
  • পদোন্নতি নিয়ে প্রশাসনে কোন্দল মাথাচাড়া দিচ্ছে: দুয়ারে দুয়ারে ৮৬ ব্যাচ কর্মকর্তাদের ধরনা- দৈনিক ইত্তেফাক
  • আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত ইউনেসকোর প্রতিবেদন: হাছান মাহমুদ- দৈনিক প্রথম আলো
  • না চলার মতো চলছে প্রায় ৫০০ ইউপি- দৈনিক সমকালের শীর্ষ শিরোনাম
  • গ্যাসের চোরাই লাইন ও বুস্টার মেশিন সংযোগ: ভয়ংকর ঝুঁকিতে ৭০০ কারখানা-দৈনিক যায়যায়দিনের শীর্ষ শিরোনাম
  • যুক্তরাষ্ট্রে আরো এক বাংলাদেশী খুন- দৈনিক নয়াদিগন্ত
  • ৯ ব্যাংকের মূলধন ঘাটতি ১৬,৬৫৬ কোটি টাকা- দৈনিক যুগান্তর
  • বিশ্বমানবতার মুক্তি দাতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা: ওমর ফারুক- দৈনিক ইত্তেফাক

এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • সিন্ধু বিতর্ক: জল-রক্ত একসঙ্গে বইতে পারে না: মোদী- দৈনিক আনন্দবাজার
  • কাশ্মীরের স্বপ্ন দেখা পাকিস্তান ছেড়ে দিক: রাষ্ট্রসংঘে সুষমা- দৈনিক বর্তমান
  • কিষাণ যাত্রা’য় রাহুলের দিকে উড়ে এল জুতো- দৈনিক সংবাদ প্রতিদিন
  • পাশে থাকার কোনও আশ্বাস পাকিস্তানকে দেওয়া হয়নি: চিন- দৈনিক আনন্দবাজার
  • বরখাস্ত ৩ মন্ত্রীকে ফিরিয়ে নিতে বাধ্য হলেন অখিলেশ-দৈনিক আজকাল

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাকপ্রথমেই বাংলাদেশের খবর-

প্রধানমন্ত্রী নেই তাই মন্ত্রী-এমপিরাও গরহাজির- দৈনিক মানবজমিন

সংসদ অধিবেশন কক্ষে সামনের সারিতে মোট আসন সংখ্যা ২৯টি। অথচ উপস্থিত মাত্র একজন। দ্বিতীয় সারিতে আসন সংখ্যা ৩৬টি। উপস্থিতি ১১ জনের। বাকি সব আসন ফাঁকা। গতকাল সংসদ অধিবেশন কক্ষের চিত্র ছিল এটা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন রয়েছেন যুক্তরাষ্ট্র সফরে। তাই সংসদে তিনি অনুপস্থিত। তার এ অনুপস্থিতিকে সুযোগ হিসেবে নিয়েছেন মন্ত্রী ও এমপিরা। সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে অধিবেশন কক্ষের চিত্র থাকে ভিন্ন। মন্ত্রী ও এমপিরা প্রায় সবাই উপস্থিত থাকেন। শুধু তাই নয় মন্ত্রীদের কাছে প্রশ্ন করতে তারা রীতিমতো লবিং করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতি নিশ্চিত হয়ে অনেক এমপি আগে থেকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে অধিবেশনে প্রশ্ন করার সুযোগ চান। প্রধানমন্ত্রী না থাকলে স্পিকারকে এ ধরনের অনুরোধের মুখোমুখি হতে হয় না। গতকাল ৫টায় অধিবেশন শুরুর নির্ধারিত সময় থাকলেও প্রায় ৩০ মিনিট দেরিতে শুরু হয়। এমপিদের উপস্থিতি কম থাকায় এ দেরি। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী ৬০ জন এমপির উপস্থিতি ছাড়া অধিবেশনের কোরাম পূরণ হয় না। তাই প্রধানমন্ত্রী বিদেশে থাকায় কোরাম সংকটে পড়তে হচ্ছে সংসদকে।

আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত ইউনেসকোর প্রতিবেদন: হাছান মাহমুদ- দৈনিক প্রথম আলো

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর দেওয়া প্রতিবেদন বাংলাদেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ইউনেসকোর প্রতিবেদনে যে কয়েকটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা পড়ে আমরা অবাক হয়েছি। বিষয়গুলো হাস্যকরও বটে। মনে হয়েছে প্রতিবেদনটি আমাদের দেশের আন্দোলনকারীদের দ্বারা প্রভাবিত।’

গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলের জাতীয় সম্মেলনের জন্য গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

গ্যাসের চোরাই লাইন ও বুস্টার মেশিন সংযোগ: ভয়ংকর ঝুঁকিতে ৭০০ কারখানা-দৈনিক যায়যায়দিনের শীর্ষ শিরোনাম

লোকচক্ষুর আড়ালে রাতের আঁধারে তাড়াহুড়ো করে অনিরাপদভাবে চোরাই গ্যাসের সংযোগ নেয়ার পাশাপাশি মূল লাইন থেকে বাড়তি গ্যাস টেনে নিতে অবৈধ বুস্টার মেশিন লাগানোর ফলে ঢাকা, টঙ্গী, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার ছোট-বড় প্রায় সাতশ' শিল্পকারখানা ভয়ংকর ঝুঁকিতে রয়েছে। সামান্য অসাবধানতা থেকে এসব প্রতিষ্ঠানে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিস্ফোরণ কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এতে শ্রমিকদের ব্যাপক প্রাণনাশের পাশাপাশি বিশাল অংকের আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাসসহ বেশ কয়েকটি সংস্থার পৃথক অনুসন্ধানে ভয়াবহ এ তথ্য বেরিয়ে এসেছে।

উদ্বিগ্ন এ পরিস্থিতিতে চলতি মাসের মাঝামাঝি থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিশেষ অভিযানে নেমেছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার ও গ্যাস কারচুপি রোধে কোম্পানির বিশেষ পরিদর্শন ও সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম চলছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অবৈধ লাইন অপসারণ ও সংযোগ বিচ্ছিন্নের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এর আওতায় গত কয়েক দিনে আবাসিকের প্রায় ৫০ হাজার অবৈধ চুলার গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হলেও এ তালিকায় খুবই নগণ্যসংখ্যক শিল্পপ্রতিষ্ঠান ঠাঁই পেয়েছে। স্থানীয়দের অভিযোগ, কারখানা মালিকরা মোটা অংকের উৎকোচ দিয়ে চোরাই সংযোগ বিচ্ছিন্নকরণ টিমকে ম্যানেজ করছে বলেই এ চিত্র তৈরি হয়েছে।

৯ ব্যাংকের মূলধন ঘাটতি ১৬,৬৫৬ কোটি টাকা-দৈনিক যুগান্তর

দুর্নীতি, স্বজনপ্রীতি, অবস্থাপনা ও তদারকির অভাবে ব্যাংকিং খাতে মন্দ ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে। এতে ব্যাংকগুলো মূলধন সংকটে পড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি মালিকানাধীন ৮ ব্যাংকের মধ্যে ৭ ব্যাংকই মূলধন ঘাটতিতে পড়েছে। যেখানে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে মাত্র ৯টি ব্যাংকের মূলধন ঘাটতি রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে ব্যাংকিং খাতের আর্থিক পরিস্থিতি নাজুক হয়ে যাবে। বিশেষ করে সরকারি ব্যাংকগুলোর পরিস্থিতি খুবই খারাপ।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ সোমবার রাতে যুগান্তরকে বলেন, সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও তদারকির অভাবে খেলাপি ঋণ বাড়ছে। আর খেলাপি ঋণ বাড়লে মূলধন ঘাটতি বাড়বেই। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন যুগান্তরকে বলেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে মূলধন ঘাটতি বেড়েছে। ব্যাংকগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারলে মূলধন ঘাটতি কমানো সম্ভব নয় বলে মনে করেন তিনি।

ভারতে বাংলাদেশিসহ ৬ জঙ্গি গ্রেপ্তার- দৈনিক মানবজমিন

ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গত কয়েকদিনে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ তথা ৬ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে ভারতে জেএমবি’র বড় ধরনের সন্ত্রাসের ছক বানচাল করা সম্ভব হয়েছে। ধৃতদের কাছ থেকে পাওয়া গেছে প্রচুর বিস্ফোরক। সঙ্গে নাশকতা সম্পর্কিত বিভিন্ন কাগজপত্র, বেশ কয়েকটি মোবাইলফোন, প্রায় দু’কেজি সাদা বিস্ফোরক পাউডার, বিয়ারিং বল, তার কাটা যায় এমন জিনিস এবং ব্যাটারি। এক সন্ত্রাসীর কাছে কেমিক্যাল কম্পাউন্ডের একটি বইও পাওয়া গেছে। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্কফোর্স তথা এসটিএফ-এর প্রধান বিশাল গর্গ সোমবার এই খবর জানিয়ে বলেছেন, ধৃত ৬ সন্ত্রাসীর মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক। বাকিরা ভারতের

পদোন্নতি নিয়ে প্রশাসনে কোন্দল মাথাচাড়া দিচ্ছে: দুয়ারে দুয়ারে ৮৬ ব্যাচ কর্মকর্তাদের ধরনা- দৈনিক ইত্তেফাক

প্রশাসনে পদোন্নতিকে ঘিরে আন্ত:ব্যাচ কোন্দল মাথাচাড়া দিয়ে উঠছে। ১৯৮৬ ব্যাচকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচনা না করাকে এই ব্যাচ এখন প্রকাশ্যেই দুষছে তাদের ঊর্ধ্বতন  ১৯৮৫ ব্যাচের কর্মকর্তাদের। তবে ১৯৮৫ ব্যাচের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি বোর্ড যদিও প্রশাসনের সার্বিক পরিস্থিতি মূল্যায়নে ৮৬ ব্যাচকে পদোন্নতি দেয় তাতে তাদের কোনো আপত্তি নেই। ৮৫ ব্যাচের কর্মকর্তা এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব অতিরিক্ত সচিব মোশাররফ হোসেন বলেন, বর্তমানে ৮৬ পূর্ববর্তী ১৯৮২ থেকে ৮৫ ব্যাচ পর্যন্ত ৩৫১ জন অতিরিক্ত সচিব রয়েছেন। এরপরেও যদিও এ পদে কর্মকর্তার প্রয়োজন থাকে সেটি সরকার বিবেচনা করলে তাদের আপত্তি থাকার কথা নয়। তাছাড়া আলোচ্য ব্যাচের কর্মকর্তাদের সঙ্গে অন্যান্য ব্যাচের বিশেষ করে ৮৫ ব্যাচের কর্মকর্তাদের বয়স খুবই কাছাকাছি।  

এদিকে গতকালও ১৯৮৬ ব্যাচের শতাধিক কর্মকর্তা দলবেঁধে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোজাম্মেল হক খান, অর্থ বিভাগের সচিব মাহবুব আহমেদ ও আইন বিচার মন্ত্রণালয়ের সচিব শেখ জহিরুল হক দুলালের দপ্তরে ধর্ণা দেন। তারা অতিরিক্ত সচিব পদে প্রয়োজনের থেকে বেশি সময়কাল কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে তাদের পদোন্নতি বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন। তারা ইতিপূর্বে কোন্ ব্যাচের কর্মকর্তারা কতদিন যুগ্ম সচিব পদে কাজ করার পর অতিরিক্ত সচিব হয়েছেন তারও ফিরিস্তি তুলে ধরেন। তারা বলেন, পদোন্নতির পর তারা বর্তমান পদে থেকেই কাজ করে যাবেন, নতুন কোনো পোস্টিং দাবি করবেন না। এসএসবির সভাপতি ও অপরাপর সদস্যরা তাদের বক্তব্য শুনেছেন এবং বিষয়টি নিয়ে এসএসবির সভায় আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলে ৮৬ ব্যাচের কর্মকর্তাদের সূত্রে দাবি করা হয়েছে।

না চলার মতো চলছে প্রায় ৫০০ ইউপি-দৈনিক সমকালের শীর্ষ শিরোনাম

চৌদ্দ বছর আগে শেষবারের মতো নির্বাচন হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর ও বিশ্বনাথের দশঘর ইউনিয়নে। মিরপুরের নির্বাচিত চেয়ারম্যান বর্তমানে জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান। তার অবর্তমানে নিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বয়সজনিত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। ভারপ্রাপ্তের ভারপ্রাপ্ত হয়েছেন নতুন একজন। ওদিকে, দশঘরের চেয়ারম্যান এখন যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা। এ দুই ইউনিয়ন পরিষদের সদস্য বা মেম্বারদের অনেকেও চলে গেছেন এলাকা ছেড়ে; কেউ মারা গেছেন। সবচেয়ে বড় সমস্যা অনেক ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন হচ্ছে না আইনি জটিলতার কারণে। এর ফলে প্রায় ৫শ' ইউনিয়ন চলছে না চলার মতো। জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্টিফিকেটের মতো সাধারণ সেবা পেতেও এসব স্থানের মানুষ তাই হিমশিম খাচ্ছেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, সীমানা নির্ধারণসহ আইনি জটিলতা নিরসন বিষয়ে কমিশনের বিশেষ কিছু করণীয় নেই। আইন অনুযায়ী, এসব কাজের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। আর মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানাচ্ছেন, দেশে কতগুলো ইউপির নির্বাচন আটকে আছে, সে হিসাবও তাদের কাছে নেই! সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এহেন উদসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

যুক্তরাষ্ট্রে আরো এক বাংলাদেশী খুন- দৈনিক নয়াদিগন্ত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তার নাম মো. আবুল কালাম রহিম (৫৫)। গত ২৪ সেপ্টেম্বর শনিবার মধ্যরাতে লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউডে এই ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই মাসের মধ্যে ৪ বাংলাদেশি খুন হলেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, আবুল কালাম রহিম একটি লিকার স্টোরে কাজ করতেন। মধ্য রাতে স্টোর বন্ধ করার কিছুক্ষণ আগে এক মহিলা স্টোরে ঢুকে তাকে খুব কাছে থেকে পিস্তল দিয়ে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ধারণা করা হচ্ছে ডাকাতিতে বাধা দেওয়ার কারণেই তিনি এই হত্যার শিকার হন।

পুলিশ ভিডিও ফুটেজ থেকে থেকে হত্যাকারীর ছবি ও গাড়ির লাইসেন্স নম্বর শনাক্ত করেছে। ডিটেকটিভ ব্রাঞ্চ হত্যাকারীর ফিংগার প্রিন্ট উদ্ধার করেছে। রহিমের পারিবারিক ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মোহাম্মদ ইকবাল জানান, রহিম গত ১৬ বছর ধরে আমেরিকাতে বসবাস করছেন। তিন মেয়ে ও এক ছেলের জনক রহিম একমাত্র ছেলে ও ছোট মেয়ে নিয়ে আমেরিকাতে থাকতেন। বাকি দুই মেয়ে বিবাহিত এবং তারা বাংলাদেশেই বসবাস করছেন। মাত্র ২ মাস আগে তিনি বাংলাদেশ এসেছিলেন। আমেরিকাপ্রবাসী হওয়ার আগে তিনি জাপানপ্রবাসী ছিলেন।

অনুমোদন ছাড়াই বছরে ২৮ কোটি টাকা খাবারের ব্যয়- দৈনিক প্রথম আলো

সরকারি প্রতিষ্ঠানে প্রত্যেক কর্মচারী হালকা নাশতা (টিফিন) বাবদ মাসে ২০০ টাকা ভাতা পান। আর বাংলাদেশ ব্যাংকের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী হালকা নাশতা ও দুপুরের খাবার (লাঞ্চ ভর্তুকি) বাবদ প্রতিদিন পান ২০০ টাকা করে। কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ ব্যয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে কোনো অনুমোদন নেয়নি। অনুমোদন ছাড়াই খাবারের ভর্তুকি হিসেবে বছরে ২৮ কোটি টাকা খরচ করছে তারা। সরকারি প্রতিষ্ঠানে শুধু কর্মচারীদের জন্য এ ব্যবস্থা থাকলেও বাংলাদেশ ব্যাংকের সব কর্মকর্তাই এ সুবিধা পাচ্ছেন।

সম্প্রতি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টিকে ‘অনিয়ম’ ও ‘ক্ষমতাবহির্ভূত’ আখ্যায়িত করে বলা হয়েছে, দ্রুত এটি বন্ধ করে এ পর্যন্ত এই খাতে যত টাকা দেওয়া হয়েছে, তা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আদায় করা প্রয়োজন। ২০ সেপ্টেম্বর প্রতিবেদনটি উত্থাপন করা হয় জাতীয় সংসদের সরকারি হিসাবসম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে।

বিশ্বমানবতার মুক্তি দাতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা: ওমর ফারুক- দৈনিক ইত্তেফাক

যুবলীগ চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী বলেন, ‘বিশ্বমানবতার মুক্তি দাতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এই মুহূর্তে বিশ্বে সবচেয়ে প্রাজ্ঞ, দূরদৃষ্টি সম্পন্ন, মানবিক এবং জনকল্যাণ মুখী নেতা। যিনি তার প্রিয় বাংলাদেশকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। তার অনন্য নেতৃত্বগুণে বাংলাদেশ আজ বিশ্বে ‘রোল মডেল’। বিশ্বের বিস্ময়। এই বিশ্বে তিনি আজ সবচেয়ে প্রশংসিত নেতা। বিশ্বে তিনি আলোকিত এক অনুকরণীয় ব্যক্তিত্ব। বিশ্বকে শান্তির পথ দেখাচ্ছেন।’

সোমবার বিকালে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউস্থ যুবলীগ দলীয় কার্যালয়ে শেখ হাসিনার ২৮ সেপ্টেম্বর শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কৃত হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর গণসংবর্ধনায় অংশগ্রহণের জন্য বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

সিন্ধু বিতর্ক: জল-রক্ত একসঙ্গে বইতে পারে না: মোদী- দৈনিক আনন্দবাজার

সিন্ধু নদের জলবণ্টন চুক্তি খতিয়ে দেখতে ডাকা এক বৈঠকে এই ভাষাতেই পাকিস্তানের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উরির হামলার পর নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছিল, সন্ত্রাসে মদত দেওয়ায় ইসলামাবাদকে একঘরে করে দেওয়ার চেষ্টা হবে। পাশাপাশি, ৫৬ বছরের পুরনো সিন্ধু জলচুক্তি নিয়েও পাকিস্তানের উপর প্রবল চাপ তৈরি করা হবে। সেই পরিকল্পনা অনুযায়ী কোঝিকোড় থেকে ফিরেই সিন্ধু চুক্তি নিয়ে প্রধানমন্ত্রী আজ বৈঠকে বসেছিলেন।

ভারত-পাক টানাপড়েনের মধ্যে নয়াদিল্লির বার্তা স্পষ্ট। মোদী সরকারের শীর্ষ কর্তারা এমনিতেই মনে করেন, চুক্তিটি বেশি রকম ভাবে পাকিস্তানের দিকে ঝোঁকা। এর আওতায় থাকা ছ’টি নদীর প্রায় ৮০ শতাংশ জল পাকিস্তানকে দিয়ে দেয় ভারত। তবে বেশ কিছু দিন ধরেই পরিস্থিতি পাল্টানোর জন্য সক্রিয় হয়েছে নয়াদিল্লি। উরির ঘটনা সেই মনোভাবকে আরও উস্কে দিয়েছে।

কাশ্মীরের স্বপ্ন দেখা পাকিস্তান ছেড়ে দিক: রাষ্ট্রসংঘে সুষমা- দৈনিক বর্তমান

বালুচিস্তান সামলান। কাশ্মীর নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করুন। কাশ্মীর ভারতের ছিল, থাকবেও। আপনাদের স্বপ্ন কোনওদিন পূর্ণ হবে না। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সপাটে জবাব দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেই সঙ্গেই পাকিস্তানের প্রতি বিদেশমন্ত্রীর তীব্র কটাক্ষ, কাচের ঘরে বসে অন্যদের ঢিল ছোঁড়া উচিত নয়। সন্ত্রাসবাদে মদত দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে পুরোপুরি একঘরে করে দেওয়ার দাবি তুলে দিলেন বিদেশমন্ত্রী।

ক’দিন আগেই রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগের ফুলঝুরি ছুটিয়েছিলেন নওয়াজ শরিফ। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ভারতকে কাঠগড়ায় তোলার চেষ্টা করেছিলেন পাক প্রধানমন্ত্রী। এদিনও পাকিস্তান উরি কাণ্ডে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে নিজেদের দোষ ঢাকতে চেয়েছে। পাকিস্তানের এইসব অসাড় বক্তব্যের সুদে আসলে জবাব দিলেন সুষমা। তাঁর সাফ কথা, সন্ত্রাসবাদই হল সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন।

কিষাণ যাত্রায় রাহুলের দিকে উড়ে এল জুতো- দৈনিক সংবাদ প্রতিদিন

দেশের কৃষকদের প্রতি প্রধানমন্ত্রীর অবহেলার ছবিটা তুলে ধরতেই ‘কিষাণ যাত্রা’য় বেরিয়েছিলেন রাহুল গান্ধী৷ সোমবার আচমকাই সেই রোড শো চলাকালীন তার দিকে উড়ে এল জুতো৷ উত্তরপ্রদেশের সীতাপুর শহরের কাছে এদিন রোড শো করছিলেন কংগ্রেসের সহ-সভাপতি৷ হুড খোলা গাড়িতে চড়ে তিনি বেরিয়েছিলেন অনুগামী, সমর্থকদের সঙ্গে৷ আচমকাই দেখেন তাঁর দিকে উড়ে আসছে জুতো৷ যদিও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়৷ উল্টোদিকে চোখ ফেরান তিনি৷ পরে রোড শো যেমন চলছিল, তেমন চলতে থাকে৷

অনুপ মিশ্র নামে যে ব্যক্তি জুতো ছুড়েছেন, তিনি সাংবাদিক বলে পরিচয় দিয়েছেন৷ স্বাধীনতার পর বিগত ছয় দশকে কংগ্রেস দেশকে পিছিয়ে দিয়েছে, এমনটাই অভিযোগ তাঁর৷ কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন দেশের জন্য কী করেছে, সে প্রশ্নও তুলেছেন তিনি৷ আর এই রাগ থেকেই রাহুলের দিকে জুতো ছুড়েছেন বলে জানান তিনি৷ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে৷

পাশে থাকার কোনও আশ্বাস পাকিস্তানকে দেওয়া হয়নি: চিন- দৈনিক আনন্দবাজার

আবার জোর ধাক্কা খেল ইসলামাবাদ। এ বার সর্বক্ষণের মিত্র বেজিং-এর কাছ থেকে। ভারত-পাক দ্বন্দ্বে চিন পাকিস্তানের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে বলে যে দাবি পাকিস্তান করছে, সোমবার তাকে নস্যাৎ করে দিল চিনা বিদেশ মন্ত্রক। বেজিং-এর তরফে এ দিন স্পষ্ট করে জানান হল, ভারত-পাক দ্বন্দ্বে কোনও একটি দেশের পক্ষ নেওয়ার কথা চিন কোথাও বলেনি।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং সোমবার জানিয়েছেন, কাশ্মীর প্রসঙ্গে চিন কোনও পক্ষ নিচ্ছে না। শুয়াং বলেন, ‘‘পাকিস্তান ও ভারত, দু’দেশেরই প্রতিবেশী এবং মিত্র হিসেবে আমরা আশা করব, তারা নিজেদের মতভেদ আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবে, পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, সুস্থিতি ও উন্নতির লক্ষ্যে কাজ করবে।’’

বরখাস্ত ৩ মন্ত্রীকে ফিরিয়ে নিতে বাধ্য হলেন অখিলেশ-দৈনিক আজকাল

মুখ পুড়ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। বাবা, সমাজবাদী সুপ্রিমো মুলায়ম সিংয়ের আপস রফা সূত্র মেনে বরখাস্ত ৩ মন্ত্রীকে মন্ত্রিসভায় ফিরিয়ে নিতে বাধ্য হলেন তিনি। সোমবার অষ্টম এবং সম্ভবত আগামী বিধানসভা নির্বাচনের আগে শেষবারের মতো সম্প্রসারিত হল অখিলেশ মন্ত্রিসভা। শপথ নিলেন নতুন ১০ মন্ত্রী। তার মধ্যে আছেন দুর্নীতিগ্রস্ত বলে মার্কামারা গায়ত্রী প্রসাদ প্রজাপতি, মনোজ পান্ডে এবং শিবকান্ত ওঝা। এই ৩ জনকেই দুর্নীতি এবং অকর্মণ্যতার অভিযোগে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন অখিলেশ। গায়ত্রী প্রসাদকে ১২ সেপ্টেম্বর, মনোজ পান্ডেকে জুন মাসে এবং শিবকান্ত ওঝাকে গত বছর ডিসেম্বরে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছিলেন। এঁদের মধ্যে প্রাক্তন খনি মন্ত্রী গায়ত্রী প্রসাদ প্রজাপতির বিরুদ্ধে বেআইনিভাবে খনির কাজ করা, জোর করে জমি দখল করার অভিযোগও উঠেছে। উত্তরপ্রদেশে বেআইনি খনি নিয়ে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে সি বি আই তদন্তও শুরু হয়েছে।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭