সঠিক সাংবাদিকতার জন্য কেউ জেলে যাননি: তথ্যমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! ২৮ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বুধবার ঢাকা থেকে প্রকাশিত প্রায় সবগুলো দৈনিকে কবি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। ৮১ বছর বয়সি সৈয়দ শামসুল হক ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় ইন্তেকাল করেন। এ ছাড়া, ঢাকার সবগুলো দৈনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিনের খবর ফলাও করে প্রকাশ করেছে।
বুধবার ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর হলো:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ-দৈনিক যুগান্তর
- বাংলাদেশসহ ৪ দেশের বর্জন, স্থগিত হচ্ছে সার্ক সম্মেলন- দৈনিক যুগান্তর
- সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক- দৈনিক ইত্তেফাক
- হান্নান শাহ’র ইন্তেকালে বিএনপির ৪ দিনের শোক-দৈনিক নয়াদিগন্ত
- যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬: যোগ্যতা ও মেজাজের প্রমাণ দিলেন হিলারি-দৈনিক প্রথম আলো
- ৬০ কোটি টাকা পাচার করেছে অগ্রণী ব্যাংক!-দৈনিক প্রথম আলো
- সঠিক সাংবাদিকতার জন্য কেউ জেলে যাননি: তথ্যমন্ত্রী-দৈনিক মানবজমিন
- ৯০% মানুষ দূষিত বায়ুতে নিঃশ্বাস নিচ্ছে: ডব্লিউএইচও- দৈনিক সমকাল
এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- পাক মাটিতে সার্ক বয়কট, বাণিজ্যেও সুবিধা বন্ধের ভাবনা- দৈনিক আনন্দবাজার
- সমস্ত জঙ্গি ঘাঁটি গোটাও, শরিফকে বার্তা আমেরিকার- দৈনিক বর্তমান
- মুর্শিদাবাদকে মমতা: এতদিন রাজনীতি হয়েছে এবার কাজ হবে- দৈনিক আজকাল
- হরতালেও পাহাড় সচল রাখার নির্দেশ হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, এসব খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশের খবর-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭০তম জন্মদিন আজ বুধবার। ১৯৪৭ সালের আজকের দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করায় সেখানে তাদের সঙ্গেই জন্মদিন পালন করবেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। দক্ষিণ এশিয়াসহ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন তিনি। বঙ্গবন্ধুর বড় মেয়ে ব্যক্তিজীবনে প্রয়াত পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাদের দুই সন্তান- তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় এবং আন্তর্জাতিক অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল।
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি পালনের খবর বিভিন্ন পত্রিকার প্রিন্ট সংস্করণে প্রকাশিত হলেও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে এসব কর্মসূচি স্থগিত হয়ে যাওয়ার খবর সবগুলো পত্রিকার অনলাইন সংস্করণ প্রকাশ করেছে।
বাংলাদেশসহ ৪ দেশের বর্জন, স্থগিত হচ্ছে সার্ক সম্মেলন- দৈনিক যুগান্তর
বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে আগামী ৯ ও ১০ নভেম্বর অনুষ্ঠেয় ১৯তম সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যাচ্ছে। ভারত মঙ্গলবার বিবৃতি দিয়ে সার্ক সম্মেলন বর্জনের ঘোষণা দেয়ার পর পাকিস্তান তাৎক্ষণিকভাবে এক প্রতিক্রিয়ায় ভারতের এ সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে।
জানা গেছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ব্রিগেডে হামলার ঘটনায় নয়াদিল্লি ও ইসলামাবাদের টানাপোড়েনের জেরে পাকিস্তানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের শীর্ষ সম্মেলনে যাচ্ছে না ভারত। আর মানবতাবিরোধী অপরাধের বিচার ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের অব্যাহত হস্তক্ষেপ এবং তা নিয়ে কূটনীতিক টানাপোড়েনের মধ্যে ঢাকা এ সম্মেলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সদস্য রাষ্ট্র আফগানিস্তান ও ভুটানও সম্মেলনে যোগ দিচ্ছে না। সার্ক সনদ অনুযায়ী দক্ষিণ এশিয়ার আট-জাতির আঞ্চলিক জোটের কোনো সদস্য দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান না গেলে শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে যায়। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে আজকের মধ্যে এই সম্মেলন স্থগিত করবে বলে ধারণা করা হচ্ছে।
সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক- দৈনিক ইত্তেফাক
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সৈয়দ হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য সংস্কৃতি জগতের অপূরণীয় ক্ষতি। তার কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা। প্রধানমন্ত্রী বলেন, তিনি তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। তার অসংখ্য কবিতা, প্রবন্ধ ও গানসহ সাহিত্যকর্ম বাঙালি জাতির জন্য ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে।
ফুসফুসে জটিলতার জন্য শামসুল হক চিকিৎসা করাতে যুক্তরাজ্যে গেলে ক্যান্সার ধরা পড়ে। লন্ডনের রয়্যাল মার্সডেনে চিকিৎসা নেন। পরে চিকিৎসকরা তার আশা ছেড়ে দেন। সৈয়দ হক দেশে ফিরে আসেন ১ সেপ্টেম্বর। পরে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। গত ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামসুল হককে হাসপাতালে দেখে এসে তার চিকিৎসার ব্যয়ভার নেওয়ার ঘোষণা দেন।
হান্নান শাহ’র ইন্তেকালে বিএনপির ৪ দিনের শোক-দৈনিক নয়াদিগন্ত
বর্ষীয়ান রাজনীতিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ইন্তেকালে চার দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে এই শোক পালন শুরু হয়েছে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন থাকবে শুক্রবার পর্যন্ত।
শুক্রবার মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সারাদেশে ও জেলায় দোয়া মাহফিল হবে। নয়া পল্টনে শোক বই খোলা হয়েছে। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই শোক বই সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সিঙ্গাপুরের রেফারেল হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার আনুমানিক রাত ৩টা ৩৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হান্নান শাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬: যোগ্যতা ও মেজাজের প্রমাণ দিলেন হিলারি-দৈনিক প্রথম আলো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম মুখোমুখি বিতর্কে নিজেকে যোগ্য প্রমাণে সফল হতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। ৯৫ মিনিট স্থায়ী এই বিতর্কে হিলারি ক্লিনটন কেবল অধিক প্রস্তুত ও অভিজ্ঞ প্রার্থী হিসেবেই নিজেকে প্রমাণ করেছেন তা নয়, দেশের প্রেসিডেন্ট হতে হলে যে মেজাজ দরকার, সেটি তাঁর আছে, সে কথাও প্রমাণে সক্ষম হয়েছেন তিনি।
বিতর্ক-পরবর্তী তাৎক্ষণিক জনমত জরিপে এ কথা বেরিয়ে এসেছে। সিএনএনের এই জরিপে দর্শকদের ৬২ শতাংশ বলেছেন যে বিতর্কে জয়ী হয়েছেন হিলারি। মাত্র ২৬ শতাংশ মনে করেন জয়ী হয়েছেন ট্রাম্প। তবে ট্রাম্পের কট্টর সমর্থকদের চোখে তিনিই জয়ী।
সঠিক সাংবাদিকতার জন্য কেউ জেলে যাননি: তথ্যমন্ত্রী-দৈনিক মানবজমিন
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সঠিক সাংবাদিকতা অথবা সত্য তথ্য প্রকাশের জন্য কোনো সাংবাদিক হয়রানির শিকার হননি। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে যেসব সাংবাদিক কারাগারে গেছেন, তারা রাজনৈতিক ‘দুষ্কর্ম ও সুনির্দিষ্ট অপরাধ’ করেছেন। গতকাল তথ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। ইনু বলেন, সঠিক তথ্য প্রকাশ করায় কোনো সাংবাদিক নিগৃহীত হয়েছে বলে আমার জানা নেই। যারা কারাগারে গেছেন, তারা রাজনৈতিক দুষ্কর্ম করেছেন। তথ?
তথ্যমন্ত্রী বলেন, আইসিটি আইনের ৫৭ ধারা সাংবাদিকদের মাথার ওপরে নেই, এটা দেশের আইন। বাংলাদেশে সিআরপিসি অনুযায়ী ৩৪টির বেশি আইন আছে যে আইনে প্রাথমিক গ্রেপ্তারের পর জামিন পাবেন না। সুতরাং আপনারা আরও তথ্য জানবেন, দণ্ডবিধি জানবেন। ৫৭ ধারাতে যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের কেউই আত্মপক্ষ সমর্থন করে বলতে পারেননি যে নিরাপরাধ। তারা যে অপরাধে গ্রেপ্তার হয়েছেন তা সুনির্দিষ্ট অভিযোগে, তার সঙ্গে গণমাধ্যমে তথ্য প্রকাশের কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, আইসিটি আইনের ৫৭ ধারার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি দাবি করে এই আইনের ১ ও ২ নম্বর ধারা বাতিলের দাবি জানিয়ে আসছেন সম্পাদক পরিষদসহ গণমাধ্যমকর্মীরা।
৬০ কোটি টাকা পাচার করেছে অগ্রণী ব্যাংক!-দৈনিক প্রথম আলো
হংকং-সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ব্যাংকের মাধ্যমে ৭৫ লাখ ডলার (৬০ কোটি টাকা) সিঙ্গাপুরে একটি হিসাবে পাঠিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক। যার পুরোটাই মানি লন্ডারিং হয়েছে বলে পুলিশ সদর দপ্তরকে এক চিঠিতে জানিয়েছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। এইচএসবিসি ব্যাংকের যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের একটি শাখার মাধ্যমে আল মুস্তাফা রেস্টুরেন্টের হিসাবে এই অর্থ পাঠানো হয়েছে বলে উল্লেখ করেছে ইন্টারপোল।
এর পরিপ্রেক্ষিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে চিঠি দিয়ে অগ্রণী ব্যাংকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি তথ্য গোপন করলে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫)-এর ধারা ২৩ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে অগ্রণী ব্যাংক তদন্ত করে বলছে, অগ্রণী ব্যাংকের কোনো শাখা সিঙ্গাপুরে এই হিসাবে কোনো অর্থ পাঠায়নি। এ ছাড়া এইচএসবিসি ব্যাংকের সঙ্গে ২০১২ সালের ২১ এপ্রিল থেকে ব্যাংকটির হিসাব বন্ধ হয়ে গেছে। ফলে এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের লেনদেন হয়নি।
৯০% মানুষ দূষিত বায়ুতে নিঃশ্বাস নিচ্ছে: ডব্লিউএইচও- দৈনিক সমকাল
বিশ্বে প্রতি ১০ জনে ৯ জন মানুষ দূষিত বায়ুতে নিঃশ্বাস নিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়ে দূষণের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে। দূষণের কারণে প্রতিবছর বিশ্বে ৬০ লাখেরও বেশি মানুষ মারা যান।
সংস্থার জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নাইরা বলেন, 'নতুন এ প্রতিবেদন আমাদের সবাইকে ব্যাপকভাবে উদ্বিগ্ন করার জন্য যথেষ্ট।'
সংস্থার বিশেষজ্ঞরা বলেন, 'নগরীতে দূষণের সমস্যাটা প্রকট। তবে গ্রামীণ এলাকার পরিস্থিতিও ধারণার চেয়ে খারাপ।' নাইরা বলেন, 'উন্নত দেশের তুলনায় দরিদ্র দেশের বায়ু বেশি নোংরা। তবে বিশেষ করে বিশ্বের সব দেশ ও সমাজের সকল অংশে জনসংখ্যার প্রভাব রয়েছে।'
তিনি আরও বলেন, 'বায়ুদূষণ রোধে পদক্ষেপ শিগগিরই নিতে হবে। রাস্তায় যানের সংখ্যা হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসাধন ও রান্নায় দূষণমুক্ত জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্বের তিন হাজারেরও বেশি স্থাপনা থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
পাক মাটিতে সার্ক বয়কট, বাণিজ্যেও সুবিধা বন্ধের ভাবনা- দৈনিক আনন্দবাজার
উরির হামলা নিয়ে পাকিস্তানকে আরও চাপে ফেলতে নভেম্বরে ইসলামাবাদের সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দেবে না ভারত। সেই সঙ্গে পাকিস্তানকে দেওয়া বিশেষ সুবিধাপ্রাপ্ত দেশ (মোস্ট ফেভার্ড নেশন বা এমএফএন) মর্যাদা কেড়ে নেওয়ার চিন্তাভাবনাও শুরু হয়েছে দিল্লির দরবারে। এ নিয়ে বৃহস্পতিবার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী।
সার্ক বৈঠক বয়কটি নিয়ে আজ সন্ধ্যায় বিদেশ মন্ত্রকের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্তপারের সন্ত্রাসে মদত দিয়ে ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে একটি দেশ এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যার ফলে ইসলামাবাদে সার্ক সম্মেলন সফল করা সম্ভব নয়।’
যেহেতু শীর্ষ সম্মেলন, তাই ইসলামাবাদ যাওয়ার কথা ছিল খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু উরির ঘটনার পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার জন্য বিপুল চাপ তাঁর উপরে। শাসক দলের একাংশ তো সীমান্ত পেরিয়ে পাল্টা হামলা চালানোর পক্ষপাতী। এই অবস্থায় যুদ্ধের সম্ভাবনা খারিজ করে কূটনৈতিক পথে পাকিস্তানকে জবাব দেওয়ার কথা বলেছেন মোদী। সার্ক সম্মেলনে যোগ না-দেওয়া সেই চাপেরই একটি পর্যায়।
সমস্ত জঙ্গি ঘাঁটি গোটাও, শরিফকে বার্তা আমেরিকার- দৈনিক বর্তমান
রাষ্ট্রসংঘে সুষমা স্বরাজের ভাষণের একদিন পরেই উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনায় এবার পাকিস্তানের উপর চাপ বাড়াল আমেরিকা। এদিন ওয়াশিংটনের তরফে ইসলামাবাদকে কড়া ভাষায় বলা হয়েছে, প্রতিবেশী দেশে নাশকতা চালানো প্রতিটি জঙ্গি সংগঠন ও জঙ্গি ঘাঁটিকে বন্ধ করে দিতে হবে। পাকিস্তানকে আমেরিকার এই কড়া সতর্কবার্তায় উৎসাহিত হয়েছে দিল্লি।
গতকালই রাষ্ট্রসংঘে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, আমাদের মধ্যেই এমন একটি দেশ রয়েছে যেখানে রাষ্ট্রসংঘ ঘোষিত সন্ত্রাসবাদীরা অবাধে ঘুরে বেড়ায়। শুধু তাই নয়, কোনও ঝুঁকি ছাড়াই তারা প্রকাশ্যে ভাষণ দিয়ে প্রতিবেশী দেশের বিরুদ্ধে বিষবায়ু ছড়িয়ে দেয়। যে দেশ সন্ত্রাসবাদীদের পুষে রাখে, তাদের মদত দেয় ও সন্ত্রাস রপ্তানি করে, তাদের একঘরে করে রাখার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আমেরিকা জানিয়ে দিল, জঙ্গিদের প্রতিটি মুক্তাঞ্চল অবিলম্বে বন্ধ করে দিতে হবে পাকিস্তানকে। হোয়াইট হাউজের সহকারি মুখপাত্র মার্ক টোনার বলেছেন, পাকিস্তান তাদের দক্ষতার পূর্ণ সদ্ব্যবহার করুক এবং তাদের মাটি ব্যবহার করা জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।
মুর্শিদাবাদকে মমতা: এতদিন রাজনীতি হয়েছে এবার কাজ হবে- দৈনিক আজকাল
‘মুর্শিদাবাদে এতদিন রাজনীতি বেশি হয়েছে, কাজ কম হয়েছে। আজ থেকে মুর্শিদাবাদে উন্নয়নের জোয়ার শুরু হল। নতুন পথ চলা শুরু হল। যে যাত্রা শুরু করলাম, তা চলবেই। আমার ওপর আস্থা রাখুন।’ মঙ্গলবার বহরমপুরে এ কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির নাম না করে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘পলাশির প্রান্তরে সিরাজুদ্দৌলা–মিরকাশিমরা লড়াই করেছিলেন। মিরজাফরের নামও সবাই জানেন। মুর্শিদাবাদে এই মিরজাফরের নামই বেশি শোনা যায়।’
বহরমপুর স্টেডিয়াম মাঠে সরকারি প্রকল্প ঘোষণা ও পরিষেবা দানের সভায় মুখ্যমন্ত্রী ছিলেন খুবই হাসিখুশি। বিশেষ করে মুর্শিদাবাদের সর্বত্র এখন ঘাসফুল। কংগ্রেস ভেঙে খানখান। অধীরের ভাঙা গড়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জোর দিলেন উন্নয়নে।
হরতালেও পাহাড় সচল রাখার নির্দেশ হাই কোর্টের-দৈনিক সংবাদ প্রতিদিন
বুধবার গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে বনধ ডেকেছে৷ কিন্তু এই হরতালের দিনেও পাহাড়ে জনজীবন স্বাভাবিক রাখার জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷
এই বনধের পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ সেই মামলার শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতি গিরিশ গুপ্তর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পাহাড়ে জনজীবন স্বাভাবিক রাখার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের৷ এর আগেও একবার পাহাড়ে বনধের দিন একইভাবে রাজ্য সরকারকে জনজীবন স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছিল এই আদালত৷ আদালতের নির্দেশ মেনেই কাজ শুরু করেছে সরকার৷
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮