বাংলাদেশ সফরে সম্পর্ক ‘নতুন পর্যায়ে’ নেওয়ার বার্তা দেবেন চীনা প্রেসিডেন্ট
প্রিয় পাঠক/শ্রোতা, ৩০ সেপ্টেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের সিদ্ধান্ত
- জঙ্গি মদদদাতাদের বিচারের মুখোমুখি হতে হবে: প্রধানমন্ত্রী
- ছুরি বল্লম নিয়ে তাজিয়া মিছিল নয়
- রামপাল বিদ্যুৎকেন্দ্র: ছাত্রলীগের বাধায় পণ্ড পরিবেশবাদীদের র্যালি
- গাজীপুরে হান্নান শাহর জানাজায় মানুষের ঢল
- বাংলাদেশ সফরে সম্পর্ক ‘নতুন পর্যায়ে’ নেওয়ার বার্তা দেবেন চীনা প্রেসিডেন্ট
- বজ্রপাতে রংপুরে মা-মেয়ের মৃত্যু
ভারত:
- পাকিস্তানে আটক জওয়ানকে ফেরাতে সব রকম চেষ্টা হচ্ছে: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ
- পাকিস্তানে ঢুকে হামলার ঘটনায় মোদি সরকারের পাশেই দাঁড়াল দেশের রাজনৈতিক দলগুলি
- প্রস্তুত সেনাবাহিনী, সীমান্তে গ্রাম খালি করে দিচ্ছে ভারত
- সীমান্তে হামলা: পতন শেয়ার বাজারে
- ক্যামেরাবন্দি হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক, জানাল ভারত
বাছাইকৃত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ:

আজ কন্যাশিশু দিবস: হিংস্রতার শিকার দুগ্ধপোষ্য শিশুরাও-দৈনিক প্রথম আলো
বাংলাদেশে গত বছরের জানুয়ারি থেকে এ বছরের জুন পর্যন্ত তিন বছরের নিচে কমপক্ষে ২৪টি শিশু ধর্ষণের শিকার হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ ঘটনা প্রমাণ করে বাংলাদেশের সমাজ ক্রমেই মানবীয় ও ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে সরে যাচ্ছে। এ কারণে সমাজে ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। একইসঙ্গে বিচারের মাধ্যমে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। হাদিসে বলা হয়েছে, যার প্রথম সন্তান কন্যা, সে সৌভাগ্যবান।
গৃহকর্মী নির্যাতন ও আইনি সুরক্ষা-দৈনিক ইত্তেফাকের সম্পাদকীয়
বাংলাদেশে গৃহকর্মী নির্যাতন বেড়েই চলেছে। গৃহকমী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা অনুযায়ী ১৪ বছরের বেশি বয়সী শিশুদেরকে চুক্তিসাপেক্ষে হালকা কাজের জন্য নিয়োগ দিলেও খেয়াল রাখতে হবে তাদের শিক্ষাগ্রহণে যাতে বিঘ্ন সৃষ্টি না হয়। কিন্তু এ নীতিমালা মানা হয় না। সাম্প্রতিক কিছু নির্যাতনের ঘটনায় প্রমাণিত হয়েছে মানুষ কতটা নিষ্ঠুর ও অমানবিক হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, যে ব্যক্তি গৃহকমী রাখেন তিনি যদি একবার নিজেকে অথবা তার সন্তানকে গৃহকর্মীর স্থানে কল্পনা করতেন তাহলে গৃহকর্মীর দুঃখ উপলব্ধি করতে সক্ষম হতেন। মনে রাখতে হবে, গরীবের ঘরে জন্ম হয়েছে বলেই শিশুটি অন্যের ঘরে কাজ করতে বাধ্য হচ্ছে। ভাগ্যক্রমে গৃহকর্তা ও তাদের সন্তানদের জন্মও এমন গরীব ঘরে হতে পারত। একইসঙ্গে আমাদেরকে প্রতিটি অন্যায় কাজের জন্য পরকালে বিচারের সম্মুখীন হতে হবে।
সম্পর্ক ‘নতুন পর্যায়ে’ নেওয়ার বার্তা দেবেন চীনা প্রেসিডেন্ট- দৈনিক প্রথম আলো
দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফরের সময় বাংলাদেশ ও চীন ‘সহযোগিতার জন্য নিবিড় সমন্বিত অংশীদারত্ব’ প্রতিষ্ঠায় রাজি হয়েছে। এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকায় এসে এই সম্পর্ককে ‘নতুন পর্যায়ে’ উন্নীত করার বার্তা দেবেন। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সম্পর্কটাকে ‘নতুন পর্যায়ে’ নিতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের সঙ্গে কৌশলগত উপাদান যুক্ত হবে।
শেখ হাসিনার আমন্ত্রণে শি জিনপিং আগামী ১৪ অক্টোবর বাংলাদেশে আসছেন। পরদিন ঢাকা থেকে তাঁর ভারতের গোয়ায় যাওয়ার কথা। গত তিন দশকের মধ্যে এটি হবে চীনের কোনো প্রেসিডেন্টের প্রথম ঢাকা সফর।
ভারত:

পাশে থাকার বিনিময়ে তিস্তায় গতি চায় ঢাকা-দৈনিক আনন্দবাজার
পাকিস্তানকে একঘরে করার কুটনৈতিক লড়াইয়ে ভারতের পাশে থাকার বিনিময়ে তিস্তা চুক্তি রূপায়ণে আরও একটু গতি চাইছে ঢাকা।
বাংলাদেশ সরকারের এক শীর্ষ কর্তার কথায়, ঘরোয়া রাজনীতিতে ভারতের সঙ্গে তিস্তা জলবণ্টনের বোঝাপড়া চূড়ান্ত করার বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুকুটে তিস্তা চুক্তি রূপায়ণ সাফল্যের অন্যতম সেরা পালক হতে পারে। কারণ, তিস্তার বাড়তি জল পেলে উত্তর বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বাৎসরিক দুর্ভিক্ষ পরিস্থিতির অবসান হয়ে জনজীবনই বদলে যাবে।
২১ অক্টোবরের মধ্যে সিঙ্গুরে কাজ শেষ করার নির্দেশ দিলেন মমতা-দৈনিক বর্তমান
সিঙ্গুরের প্রকল্প এলাকা থেকে যাবতীয় নির্মাণ আগামী ২১ অক্টোবরের মধ্যে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার চুঁচুড়ায় জেলাশাসকের নবনির্মিত ভবনে হুগলি জেলার প্রশাসনিক বৈঠকে ওই নির্দেশ দেন তিনি। গত ১৪সেপ্টেম্বর সিঙ্গুরের বিজয় উৎসবের মঞ্চ থেকে কৃষকদের জমির পরচা ও ক্ষতিপূরণের চেক বিলি করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর ১৫দিন কেটে গেলেও, কেন এখন সরানো যায়নি প্রকল্পস্থলের যাবতীয় নির্মাণ, তা নিয়ে বৈঠকে উষ্মা প্রকাশ করেন তিনি।
প্রিয় পাঠক/শ্রোতা, আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০