গ্যাসের দাম বাড়ছে দুশ্চিন্তায় উদ্যোক্তারা
প্রিয় পাঠক/শ্রোতা! ১ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
শনিবার ঢাকার দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম হলো:
• রাজনীতিতে মেরুকরণের আভাস
• গতকালও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের: সড়ক হয়ে উঠছে প্রাণঘাতী
• দেশে ফিরে বর্ণাঢ্য সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী: বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত জনতার ঢল
• ‘বন্দি সেনাকে ফেরাতে সব ব্যবস্থা নেবে ভারত’: পাক-ভারত পাল্টাপাল্টি
• গ্যাসের দাম বাড়ছে দুশ্চিন্তায় উদ্যোক্তারা
• আজ আর কোন ভুল নয়-আফগান অধিনায়ক
• এ হারেই সব শেষ নয়- বাংলাদেশি ক্যাপ্টেন
• অবশেষে ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল
• দেশে বাড়ছে নিরামিশভোজী
• বজ্রপাতে এ বছর নিহত ১৯৩ জন সাত বছরে নিহত ৮২৮
এবারে কোলকাতা থেকে প্রকাশিত কয়েকটি বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ শিরোনাম:
• প্রথমবার প্রধানমন্ত্রীর মতো কিছু: করলেন নরেন্দ্র মোদি: রাহুল
• হাফিজকে মারুন, মোদিকে আরজি উরির শহিদপত্নীর
• একটা গুলির জবাব যত খুশি গুলি, বলে দিয়েছেন প্রধানমন্ত্রী
• চাপের মুখেও পাক তর্জন: মার্কিন প্রশাসন পাশে আছে ভারতের
• সদস্যের গড় বয়স কমানোর কাজ শুরু সি পি এমে
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
রাজনীতিতে মেরুকরণের আভাস-দৈনিক যুগান্তর
রাজনীতিতে নয়া মেরুকরণের আভাস পাওয়া গেছে। পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা না হলেও জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এক ধরনের নির্বাচনী প্রচারণা জোরেশোরে আজ থেকে শুরু করছে। সিলেটে এক সমাবেশের মধ্য দিয়ে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দলের নির্বাচনী পরিকল্পনা নিয়ে একটি রোডম্যাপও ঘোষণা করবেন। এ ছাড়া জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সার্বিক প্রস্তুতি নিতে দলটির পক্ষ থেকে ইতিমধ্যে সারা দেশে চিঠিও পাঠানো হয়েছে।
অন্যদিকে বিএনপি পরবর্তী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত হল, যে ফর্মুলায় হোক না কেন বিএনপি নির্বাচনের মাঠে থাকবে। যদিও বৃহৎ এ দলটি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য শেষ পর্যন্ত সব চেষ্টাই চালিয়ে যাবে। অপরদিকে রাজনীতির নানা পরিস্থিতি ও প্রেক্ষাপটের কথা বিবেচনায় নিয়ে সরকারও আগাম নির্বাচন দেয়ার পথে এগোচ্ছে। হঠাৎ যে কোনো সময় এমন ঘোষণা আসতে পারে। রাজনীতির নানা অংকের হিসাব কষে এমনটিই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি ধীরে ধীরে সেদিকেই গড়াবে। অক্টোবর থেকে আগামী এপ্রিল মাসের মধ্যে জাতীয় নির্বাচনকেন্দ্রিক কোনো সিদ্ধান্ত আসতে পারে। রাজনীতির আবহাওয়া এখন পর্যন্ত সে রকম মেরুকরণের আভাস-ইঙ্গিত দিচ্ছে।

দেশে ফিরে বর্ণাঢ্য সংবর্ধনায় সিক্ত প্রধানমন্ত্রী: বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত জনতার ঢল-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশন থেকে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অফ চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় ১৭ দিন সফর শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ত্যাগ করেন। দুবাইয়ে চার ঘণ্টা যাত্রাবিরতি শেষে গতকাল শুক্রবার সন্ধ?্যা ৬টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য ও আন্তরিক গণসংবর্ধনা দেওয়া হয়। সর্বস্তরের লাখো মানুষের পুষ্পবৃষ্টি, বাদ্য-বাজনার তালে স্লোগাণে আর হূদয় নিংড়ানো ভালবাসায় সিক্ত হন শেখ হাসিনা।

গতকালও সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের: সড়ক হয়ে উঠছে প্রাণঘাতী- প্রথম আলো
বাংলাদেশে যানবাহন কম হলেও দুর্ঘটনা বেশি। প্রতিবছর সড়ক দুর্ঘটনায় মারা যায় ২১ হাজারের বেশি মানুষ। বাংলাদেশের সড়কগুলো এখন হয়ে উঠেছে এশিয়ায় অন্যতম প্রাণঘাতী।
জাতিসংঘ ২০১১ থেকে ২০২০ সালকে ‘সড়ক নিরাপত্তা দশক’ হিসেবে ঘোষণা করেছে। এই ১০ বছরে বাংলাদেশসহ সদস্যদেশগুলো সড়ক দুর্ঘটনা ও হতাহতের পরিমাণ অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করেছে। কিন্তু পাঁচ বছরের বেশি পেরিয়ে গেলেও বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেনি।
সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই সড়কে প্রাণহানির ঘটনা ঘটছে। গত ঈদুল আজহার আগে-পরে ১২ দিনে সড়ক দুর্ঘটনায় ২৪৮ জন মারা গেছেন। সর্বশেষ গতকাল শুক্রবারও ঢাকাসহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন। এর মধ্যে ময়মনসিংহের গৌরীপুরে প্রাণ গেছে পাঁচজনের।
বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি- দৈনিক মানবজমিন
বাংলাদেশ সীমান্ত দিয়ে পাক মদতে জঙ্গিরা গোলমাল পাকাতে পারে আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। এ ব্যাপারে সেনাবাহিনীর আশঙ্কার কথাও বিএসএফকে জানানো হয়েছে। বলা হয়েছে, উত্তরবঙ্গে সম্পূর্ণ সীমান্ত ধরে কড়া নজরদারি চালাতে। আর এজন্য বিএসএফের জওয়ানদের সব ছুটি আপাতত বাতিল করা হয়েছে। বিএসএফের পাশাপাশি সীমান্তবর্তী শহরগুলিতেও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলিতে সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির ওপরও নজর রাখতে বলা হয়েছে।

গ্যাসের দাম বাড়ছে দুশ্চিন্তায় উদ্যোক্তারা-দৈনিক নয়াদিগন্ত
লাভজনক গ্যাস খাতে দাম বাড়ানো হচ্ছে। তবে কী পরিমাণ বাড়ছে তা এখনো চূড়ান্ত করা হয়নি। শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এ বিষয়ে ঘোষণা আসতে পারে। বিইআরসির এক দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। এ দিকে দাম বাড়ানোর সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন শিল্পোদ্যোক্তারা। তারা জানিয়েছেন, শিল্পে ব্যবহার করা গ্যাসের (ক্যাপটিভ) দর বৃদ্ধির প্রস্তাবের পর অনেক শিল্পপ্রতিষ্ঠান তাদের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বড় অঙ্কের বিনিয়োগ সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। অনেকেই অনিশ্চয়তার মধ্যে আছেন। এ পরিস্থিতিতে দাম বৃদ্ধি করা হলে লাভজনক শিল্পকারখানার উৎপাদন ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাবে। লোকসান গুনতে হবে অনেককেই। তাদের মতে, গ্যাস খাতের সব কোম্পানি লাভজনক। এর পরও দাম বাড়ানো কতটুকু যুক্তিসঙ্গত হবে তা ভেবে দেখা দরকার।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
প্রথমবার প্রধানমন্ত্রীর মতো কিছু করলেন নরেন্দ্র মোদি: রাহুল – দৈনিক বর্তমান
‘সার্জিকাল স্ট্রাইক’ নিয়ে গতকালই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির পাশে থাকার বার্তা দিয়েছিল কংগ্রেস। শুক্রবার দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী কিছুটা কটাক্ষের সুরেই জানিয়ে দিলেন, আড়াই বছরের মধ্যে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদি এই প্রথম কোনও পদক্ষেপ সঠিক নিয়েছেন। এদিন উত্তরপ্রদেশের দেওরিয়া থেকে দিল্লি কিষান যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাহুল। দীর্ঘ পদযাত্রার ফাঁকে সাংবাদিকদের বলেন, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা যেভাবে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে। অত্যন্ত সন্তর্পণে ‘সার্জিকাল স্ট্রাইক’ করে ফিরে এসেছে, তা প্রশংসনীয়। এর মাধ্যমে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া গিয়েছে। প্রধানমন্ত্রী হিসাবে এই প্রথম কোনও সিদ্ধান্ত মোদিকে সাফল্য এনে দিয়েছে। এরই পাশাপাশি কংগ্রেস রাহুল অবশ্য মোদির কাশ্মীর ও পাকিস্তান নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন।

চাপের মুখেও পাক তর্জন: মার্কিন প্রশাসন পাশে আছে ভারতের- আনন্দবাজার
আমেরিকার সঙ্গে ‘সব রকম’ সমন্বয় রেখেই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ‘সার্জিকাল অপারেশন’ চালিয়েছে ভারত। শুধু এক রাতের একটি অভিযানই নয়, এই প্রথম সন্ত্রাসের বিরুদ্ধে সম্মুখ সমরে আমেরিকাকে পুরোপুরি পাশে পাচ্ছে ভারত। আগামী দিনে ইসলামাবাদকে কূটনৈতিক এবং কৌশলগত দু’রকম ভাবেই আরও কোণঠাসা করতে ভারতকে নিঃশব্দে সাহায্য করছে ওয়াশিংটন।
ভারতের সেনা অভিযান চলাকালীন নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড বর্মা ছিলেন ওয়াশিংটনে। সেখানে নির্ধারিত কাজ অসমাপ্ত রেখেই ‘বিশেষ বার্তা’ নিয়ে তড়িঘড়ি নয়াদিল্লি চলে এসেছেন তিনি। পাশাপাশি মার্কিন সেনেট আজ যে ভাষায় সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে, তা সাম্প্রতিক কালে বিরল বলে দাবি করছে বিদেশ মন্ত্রক।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১