ডিসেম্বরের পর হাজারিবাগে কোনো ট্যানারি থাকবে না : পরিবেশমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! ২ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প পেছাচ্ছে
- ডিসেম্বরের পর হাজারিবাগে কোনো ট্যানারি থাকবে না : পরিবেশমন্ত্রী
- সৃজনশীলে নম্বর কমাতে রাজপথে স্কুলশিক্ষার্থীরা
- সিরিজ জয়ে উদ্যাপিত শততম জয়
- সরকারি বাসায় ৭ খুনের আসামিদের স্বজনদের গোপন বৈঠক!
- উপ-সচিবের মর্যাদা চান ঢাকা দক্ষিণের কাউন্সিলররা
- উন্নয়নের জন্য জাপার ক্ষমতায় যাওয়া প্রয়োজন: এরশাদ
- মধ্যপ্রাচ্যে নিয়মিত বার্তা পাঠায় কমান্ডার মারজান
- ২০১৯ সালে শেখ হাসিনার অধীনে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে- মোহাম্মাদ নাসিম
- পর্নোগ্রাফিতে আসক্ত ঢাকার ৭৭ ভাগ স্কুলগামী শিশু
ভারত:
- পাক পরমাণু হুমকির যোগ্য জবাব দিতে তৈরি দিল্লিও
- সার্জিক্যাল স্ট্রাইকের জেরে শিবির ছেড়ে পালাচ্ছে জঙ্গিরা
- কাশ্মীরে মৃতের সংখ্যা ৮৮ ছুঁল
- উরিতে শহিদ দাদা, তবু সেনা হওয়ার দৌড়ে ভাই
- পাকিস্তানে গণতন্ত্রের ভিতই তৈরি হয়নি, বললেন মুশারফ
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প পেছাচ্ছে: দৈনিক প্রথম আলো
মাতারবাড়ী কয়লাভিত্তিক সমন্বিত বিদ্যুৎ প্রকল্পের যথাসময়ে বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। এই প্রকল্পের দরপত্রে অংশ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত জাপানি দুটি প্রতিষ্ঠান আলোচনায় আসতে রাজি না হওয়া এই অনিশ্চয়তার কারণ। গত ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর প্রতিষ্ঠান দুটি ঢাকায় আসতে অনীহা প্রকাশ করছে।
২০১৯ সালে শেখ হাসিনার অধীনে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে- মোহাম্মাদ নাসিম: দৈনিক ইত্তেফাক

নওগাঁ নওজোয়ান মাঠে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এক বিশাল জনসভায় ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন নয়। সংবিধানের বিধি মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অসাংবিধানিক কারো অধীনে নয়। আর এ নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সঠিক বলে উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সে সময় খালেদা জিয়াকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চাওয়া হয়েছিল। তারপরও তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। তাই সংবিধান অনুযায়ী সে সময় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচন ছিল অত্যাবশ্যকীয়। ঐ নির্বাচন না হলে দেশে সামরিক আইন জারি করা হত। কোনো রাজনীতি, দেশে কোনো গণতন্ত্র থাকত না।
উন্নয়নের জন্য জাপার ক্ষমতায় যাওয়া প্রয়োজন- এরশাদ: দৈনিক যায়যায়দিন

দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টির (জাপা) ক্ষমতায় যাওয়ার প্রয়োজন বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার সিলেট নগরীর রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।
এ জনসভার মাধ্যমে পূণ্যভূমি সিলেট থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন এরশাদ। মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় শতাধিক নেতার বিশাল বহর নিয়ে শনিবার সিলেট সফরে আসেন তিনি।সিলেটবাসীর উদ্দেশে তিনি বলেন, 'আমরা সবাই এসেছি আপনাদের কাছে। জাতীয় পার্টিকে আবার সুযোগ দিন দেশের কাজ করার জন্য।'
সরকারি বাসায় ৭ খুনের আসামিদের স্বজনদের গোপন বৈঠক! না’গঞ্জ গণপূর্ত প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অধিদপ্তর: দৈনিক ইত্তেফাক

সাত খুনের আসামিদের স্বজনদের সরকারি বাসভবনে গোপন বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার ঘটনায় ফেঁসে যাচ্ছেন নারায়ণগঞ্জ জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান। সাত খুনের মামলার আসামি এমএম রানার শাশুড়ী, তারেক সাঈদের বাবা, নূর হোসেনের ভাই ও ভাতিজাদের নিয়ে সরকারি বাসভবনে বৈঠক ও নানা আয়োজনের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গণপূর্ত অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা।
জানা গেছে, গত বৃহস্পতিবার আদালত চত্বরে সরকারি ওই বাসভবনে সাত খুনের আসামিদের ঘনিষ্ঠ স্বজনদের গোপন বৈঠক ও বিশাল খাবারের আয়োজন করেন ওই প্রকৌশলী। সেখানে মোট ১২/১৩ জন ছিলেন। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তোলপাড়ের সৃষ্টি হয়। এমন ঘটনার সংবাদ প্রকাশ না করতেও নানাভাবে চেষ্টা চালানো হয়।
রাকিবুল হাসান রিগ্যানের তথ্য: মধ্যপ্রাচ্যে নিয়মিত বার্তা পাঠায় কমান্ডার মারজান: দৈনিক যুগান্তর

গুলশান হামলার সমন্বয়কারী নুরুল ইসলাম মারজান নিয়মিত ঢাকার বার্তা পাঠায় মধ্যপ্রাচ্যে। গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় হামলা এবং কল্যাণপুর জাহাজ মঞ্জিলে আস্তানাসংক্রান্ত তথ্য সে বিদেশ পাঠিয়েছে। প্রযুক্তিদক্ষ এই জঙ্গি কমান্ডার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত অ্যাপসের মাধ্যমে বার্তাগুলো পাঠিয়ে থাকে। সমন্বয়ক হিসেবে দেশের বাইরে তথ্য পাঠানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব তার হাতেই ছিল। কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক রাকিবুল হাসান রিগ্যানের কাছে জানা গেছে এসব তথ্য। নতুন ধারা তথা নিউ জেএমবিতে গোপনে সাংগঠনিক তৎপরতা চালানোর চেষ্টা করছে মধ্যম সারির কমান্ডার বাসারুজ্জামান।
পর্নোগ্রাফিতে আসক্ত ঢাকার ৭৭ ভাগ স্কুলগামী শিশু: দৈনিক সমকাল
স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ ভাগ পর্নোগ্রাফি দেখে। বাণিজ্যিকভাবে তৈরি পর্নোগ্রাফির চেয়ে ব্যক্তিগত সম্পর্ক ঘিরে তৈরি পর্নো ভিডিও মানুষ বেশি দেখছে। বেশিরভাগ ক্ষেত্রে দেশে তৈরি এই পর্নোগ্রাফিগুলোয় যাদের ভিডিও দেখানো হচ্ছে তাদের বয়স ১৮-এর কম। অভিভাবকদের অসচেতনতা ও শিশুর প্রতি জীবনদক্ষতার অভাবেই পর্নোগ্রাফির ঝুঁকি বাড়াচ্ছে।
শনিবার সকালে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে শিশু পরিস্থিতি, সংবাদপত্র বিশ্লেষণ ও বিশেষজ্ঞ অভিমত’ উপস্থাপন করে। তাতেই এসব তথ্য জানা যায়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের শিশু সুরক্ষা কার্যক্রমের কর্মসূচি সমন্বয় সমন্বয়ক আবদুল্লাহ আল মামুন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
পাক পরমাণু হুমকির যোগ্য জবাব দিতে তৈরি দিল্লিও– দৈনিক বর্তমান

রাশিয়া, আমেরিকা, জার্মানি। সকলেই ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিল আবার। আন্তর্জাতিক মহলে পাকিস্তানের একঘরে হয়ে যাওয়ার প্রবণতা অব্যাহত। আর সেই সঙ্গে আরও ধাক্কা দিয়েছে আমেরিকা। আজ গোটা বিশ্বকে সচিকত করে আমেরিকা আশঙ্কা প্রকাশ করেছে, কোণঠাসা পাকিস্তান পরমাণু অস্ত্র নিয়ে নাড়াচাড়া শুরু করেছে। মার্কিন প্রশাসন বলেছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ও অন্য সেনা অফিসাররা বিগত ১৫ দিনে বারংবার পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছেন। এটা আন্তর্জাতিক রীতি অনুযাগী গ্রহণযোগ্য নয়। বরং পাকিস্তান এভাবে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন মন্তব্যই করছে। প্রসঙ্গত গতকাল মার্কিন প্রেসিডেন্ট পদের ডেমোক্রাট প্রার্থী প্রাক্তন বিদেশসচিব হিলারি ক্লিন্টন স্বয়ং পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে চরম আশঙ্কা প্রকাশ করেছেন।
সার্জিক্যাল স্ট্রাইকের জেরে শিবির ছেড়ে পালাচ্ছে জঙ্গিরা: দৈনিক সংবাদ প্রতিদিন
অচেতন করে অস্ত্রোপচার করলে জ্ঞান ফিরলেও রোগী অনেক সময় বুঝতে পারে না, আদৌ অস্ত্রোপচার হয়েছে কি না৷ পাকিস্তানের অবস্থাও এখন সেইরকম৷ পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইকের পর এই প্রথম মুখ খুলে প্রতিবেশীকে কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ গোয়েন্দা সূত্রে খবর, সেনা হামলার জেরে আতঙ্ক তৈরি হয়েছে পাক শিবিরে৷
কাশ্মীরে মৃতের সংখ্যা ৮৮ ছুঁল: দৈনিক আজকাল

কাশ্মীরে মৃতের সংখ্যা ৮৮ ছুঁল। রবিবার সকালে ‘শের ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’–এ মৃত্যু হয় মুজফ্ফর আহমেদ পন্ডিত নামের এক যুবকের। বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিবাদে ১৪ সেপ্টেম্বর বিক্ষোভে নেমেছিল সে। ছররা গুলিতে চোখে আঘাত পেয়ে ‘শ্রী মহারাজ হরি সিং হাসপাতালে’ ভর্তি হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে আসে। কিন্তু দু’দিন পরই শারীরিক অবস্থার অবনতি ঘটে। ‘শের ই কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’–এ ভর্তি করা হয়। রবিবার সকালে মারা যায়। ৮ জুলাই সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় হিজবুল মুজাহিদিন সদস্য বুরহান ওয়ানির। তারপর থেকেই বিক্ষোভের আগুনে তেতে উঠেছে কাশ্মীর।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২