পাকিস্তানকে মেরে ভারতের মাথা উঁচু করেছেন জওয়ানরা: রাজনাথ
প্রিয় পাঠক/শ্রোতা! ৩ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- পবিত্র আশুরা ১২ অক্টোবর
- সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকবে, ঝগড়াঝাঁটিও চলবে
- নির্বাচন কমিশন গঠনে বিএনপির সঙ্গে সংলাপ হবে না
- জনবিরোধী প্রকল্প প্রতিরোধ করবে বিএনপি: ফখরুল
- খালেদা-তারেকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা
- বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতি ১০০ কোটি টাকার বেশি
- স্মার্টকার্ড যুগে বাংলাদেশ
- বেসরকারি বিনিয়োগ ৩ বছরের মধ্যে সর্বনিম্ন
- হাসনাত করিম জড়িত কি না নিশ্চিত নয় পুলিশ
- দেশে অতি দরিদ্র ১২.৯ শতাংশ: বিশ্বব্যাংক
ভারত:
- জম্মু-কাশ্মীরে ফের সেনা ছাউনিতে জঙ্গিহানার চেষ্টা, হত ১ জওয়ান
- পাকিস্তানকে মেরে ভারতের মাথা উঁচু করেছেন জওয়ানরা: রাজনাথ
- সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করে ভারতের পাশেই রাশিয়া
- রাষ্ট্রপতির বাড়ির পুজোয় তৈরি হচ্ছে দেড় কুইণ্টাল গুড়ের নাড়ু
- বিজয়ার পর ওপারে মা–ইলিশ ধরা বন্ধ
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
পবিত্র আশুরা ১২ অক্টোবর- দৈনিক যুগান্তর
বাংলাদেশের আকাশে রোববার ১৪৩৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার থেকে পবিত্র মহররম গণনা শুরু হয়েছে। আগামী ১২ অক্টোবর (১০ মহররম) বুধবার সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে ইরাকের কারবালার ময়দানে শহীদ হন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর নৃসংসতার শিকার হন তারা। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে তাদের এ আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক থাকবে,ঝগড়াঝাঁটিও চলবে-দৈনিক প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে পাকিস্তানের বিরূপ মন্তব্যের পরও দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে। তিনি বলেছেন, দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলবে, ঝগড়াঝাঁটিও চলবে। মুক্তিযুদ্ধে পাকিস্তান পরাজিত শক্তি। তাদের পছন্দের লোকদের বিচার হচ্ছে। তাই তারা তো কাঁদবেই।
গতকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁর যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করতে এই সংবাদ সম্মেলন করেন। বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হয়।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান, কানাডা সফর, দুটি পুরস্কার গ্রহণ, ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়া, বিভিন্ন সেমিনারে বক্তব্য দেওয়াসহ ১৭ দিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি এ সফরকে অত্যন্ত ফলপ্রসূ বলে মন্তব্য করেন।
নির্বাচন কমিশন গঠনে বিএনপির সঙ্গে সংলাপ হবে না: জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, বিএনপি কী ধরনের নির্বাচন কমিশন চায় সেটা তো স্পষ্ট নয়। তারা কী চায় এমন নির্বাচন কমিশন, যে কমিশন অতীতে তাদের শাসনালের মতো ১ কোটি ৩১ লাখ ভূয়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে? এতো ভূয়া ভোটার থাকলে তো আর নির্বাচনের দরকার হয় না। এ ধরনের কোনো নির্বাচন কমিশন আর কেউ দেখতে চায় না। বিএনপির পরামর্শ গ্রহণ করলে তো এমন নির্বাচন কমিশন করতে হবে, যারা ভূয়া ভোটার তালিকা তৈরি করবে।
খালেদা-তারেকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা- দৈনিক মানবজমিন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং নির্বাহী কমিটির সদস্য ইরাদ আহাম্মদ সিদ্দিকীর বিরুদ্ধে চট্টগ্রামে ৫৭ ধারায় মামলা হয়েছে। ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগে আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে এ অভিযোগ করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবদুল কাদের সুজন।
স্মার্টকার্ড যুগে বাংলাদেশ- দৈনিক মানবজমিন
স্মার্টকার্ড যুগে প্রবেশ করলো বাংলাদেশ। নাগরিকদের উন্নতমানের পরিচয়পত্র প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে গতকাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ থেকে মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে তা দেশের সব নাগরিকের হাতে তুলে দেয়া হবে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্টকার্ডে নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন।
তিনি বলেন, যত ধরনের নতুন প্রযুক্তি রয়েছে, গ্রহণ করা হবে। তবে, তার ফায়ারওয়াল থাকতে হবে। তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ সময় এই স্মার্টকার্ড নকল করা সহজ হবে না বলে আশাবাদ ব্যক্ত করে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও তিনি নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট স্মার্টকার্ড প্রদানকারী কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।
জনবিরোধী প্রকল্প প্রতিরোধ করবে বিএনপি: ফখরুল- দৈনিক প্রথম আলো
সুন্দরবনের কাছে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জনবিরোধী যেকোনো প্রকল্প প্রতিরোধ করবে। আজ সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক গোলটেবিল আলোচনায় মির্জা ফখরুল এ কথা বলেন।
সরকার অন্য দেশের স্বার্থে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে, এমন অভিযোগ করে ফখরুল বলেন, সরকার বাঁধা আছে। কারণ, তারা ক্ষমতায় টিকে আছে অনৈতিকভাবে। ভবিষ্যতেও তথাকথিত একটি নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য কৌশল নির্ধারণ করছে। সে কৌশল নির্ধারণের একটি উপায় হচ্ছে, যারা তাদের এই অনৈতিক কাজটি করতে সাহায্য করেছিল, তাদের স্বার্থকে তারা বজায় রাখছে।
টাকা বেশি লাগে নাও, কিন্তু রাস্তা ভালো চাই : আনিসুল হক- দৈনিক নয়াদিগন্ত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, রাজধানীতে বর্তমানে যেসব সড়কের উন্নয়ন করা হচ্ছে তা খুবই মানসম্মত হচ্ছে। ঠিকাদারদের কাজে ফাঁকি দেয়ার কোনো সুযোগ দেয়া হচ্ছে না। তাদের আমি বলেছি- টাকা বেশি লাগে নাও, কিন্তু রাস্তা ভালো চাই। আজ সোমবার দুপুরে রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গ্রাহক সেবা সপ্তাহ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনিসুল হক বলেন, এখন রাস্তায় কাজ করতে গেলে ঠিকাদাররা চাঁদাবাজি, মাস্তানির শিকার হন না। তারা শান্তিমত কাজ করতে পারছেন। তাদের বিল নিয়েও কোনো সমস্যা হয় না। তারা নিজেরা সিটি করপোরেশনে না এলে চেক তাদের অফিসে পাঠিয়ে দেয়া হয়।তিনি বলেন, কাজ ভালো হলে মেয়রের ব্যক্তিগত কোনো লাভ নেই। তবে নগরবাসী সুনাম করবে এটাই মেয়রের লাভ।
বেনাপোল বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতি ১০০ কোটি টাকার বেশি- দৈনিক ইত্তেফাক
বেনাপোল বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে ১০০ কোটি টাকার বেশি বলে জানানো হয়েছে। এখন চলছে বন্দরে পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ।
ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডের তদন্তের জন্য নৌ ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সাফায়েত হোসেনকে প্রধান করে ৪ সদস্যর একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ল্যান্ড পোর্টের সচিব হাবিবুর রহমান, ফায়ার সার্ভিসের ডেপুটি ডাইরেক্টর পরিমল কুন্ডু ও যশোর জেলা প্রশাসকের দপ্তরের একজন প্রতিনিধি।
রবিবার বিকাল থেকেই তদন্ত টিম কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীরা তাদের পুড়ে যাওয়া মালামাল শনাক্ত করছে। বন্দর থেকে পোড়া মালামাল অন্যত্র সরানোর কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দরের ২৩ নং শেডে থেকে থেকে আগুন জ্বলছে এখনো। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছে।
হাসনাত করিম জড়িত কি না নিশ্চিত নয় পুলিশ-দৈনিক প্রথম আলো
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিম জড়িত কি না, এ ব্যাপারে এখনো নিশ্চিত নয় পুলিশ। তাঁকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (টিআইএস) সমন্বিতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। ওই প্রতিবেদন ও গুলশান হামলা মামলায় তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি মিলিয়ে সিদ্ধান্তে আসা যাবে তিনি জড়িত কি না।
আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
জম্মু-কাশ্মীরে ফের সেনা ছাউনিতে জঙ্গিহানার চেষ্টা, হত ১ জওয়ান- দৈনিক বর্তমান
ফের জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গিহানার চেষ্টা। রবিবার রাতে বারামুল্লা জেলার ৪৬ রাষ্ট্রীয় রাইফেলস এবং বিএসএফের ছাউনি লক্ষ্য করে ‘আত্মঘাতী’ হামলা চালাল চার জঙ্গি। যদিও তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। প্রায় দেড় ঘণ্টার গুলির লড়াইয়ে দুই জঙ্গি প্রাণ হারিয়েছে। জখম তিন জওয়ান। অবশ্য বিভিন্ন সূত্রের দাবি, জঙ্গিদের গুলিতে এক বিএসএফ জওয়ান প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও একজন। জখমদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চারদিন আগে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার অতর্কিত হামলার পর প্রত্যাঘাতের আশঙ্কা করেছিলেন গোয়েন্দারা। সেই মতো সতর্কতা গ্রহণ করা হয়। এদিনের হামলা ‘সার্জিক্যাল স্টাইকে’র জবাব বলে মনে করছেন সেনা আধিকারিকরা। জানা গিয়েছে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সেনা ছাউনিতে অনেকটা উরি হামলার ধাঁচেই জঙ্গিরা হানা দিয়েছিল।
সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন করে ভারতের পাশেই রাশিয়া- দৈনিক সংবাদ প্রতিদিন
সন্ত্রাস দমন প্রসঙ্গে ভারতের পাশেই এসে দাঁড়াল রাশিয়া৷ সে দেশের পক্ষ থেকে পাক জঙ্গি ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে পূর্ণ সমর্থন জানানো হল৷
উরিতে পাক জঙ্গিদের হামলার পর থেকেই কূটনৈতিকভাবে অন্যান্য দেশকে পাশে পাওয়ার চেষ্টা চালাচ্ছিল ভারত৷ সেই নিরিখে বড় সাফল্যই পেয়েছে ভারত৷ ইসলামাবাদে সার্ক বাতিল হওয়া তার মধ্যে অন্যতম৷ সার্কভুক্ত সমস্ত দেশগুলিই সন্ত্রাস প্রশ্নে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে৷ মার্কিন কংগ্রেসেও পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণায় বিল পেশ হয়েছে৷ সে দেশে শুরু হওয়া এক অনলাইন পিটিশনেও পাকিস্তানকে সন্ত্রাসবাদী দেশ ঘোষণার পক্ষে এখনও পর্যন্ত সায় দিয়েছেন পাঁচ লক্ষ মানুষ৷ এরই মধ্যে চিনও জানিয়েছিল, পাকিস্তানের ভারত বিরোধিতায় সর্বোতভাবে তারা পাশে থাকছে না৷ এরপর পাশে দাঁড়াল রাশিয়াও৷ পাকিস্তানকে ভারতের সীমান্তে সন্ত্রাস বন্ধ করতে আবেদন করা হল সে দেশের পক্ষ থেকে৷
বিজয়ার পর ওপারে মা–ইলিশ ধরা বন্ধ-দৈনিক আজকাল
আসছে বছর আবার যাতে প্রচুর বড় ইলিশ পাওয়া যায়, তার জন্য বিজয়া দশমীর পর ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করল বাংলাদেশ সরকার। নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না তা দেখবে বাহিনী, বিমানবাহিনী, উপকূলরক্ষী, পুলিস, বি জি বি, নৌ–পুলিস। পাশাপাশি নজরদারিতে থাকবে জঙ্গি দমনে দক্ষ র্যাব–ও। ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ইলিশ ধরা যাবে না। মা–ইলিশ সংরক্ষণে প্রজনন–ক্ষেত্র হিসেবে পরিচিত ৭ হাজার বর্গ কিলোমিটার এলাকা–সহ সারা বাংলাদেশেই ইলিশ ধরার ওপর এই নিষেধাদেশ জারি করা হয়েছে। রবিবার সচিবালয়ে ‘মা–ইলিশ সংরক্ষণ অভিযান’ নিয়ে এক মত–বিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এ কথা জানান।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩