অক্টোবর ০৬, ২০১৬ ০৯:২৮ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৬ অক্টোবর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • এবার জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ: আইএমএফের পূর্বাভাস
  • খাদিজাকে দেখতে গিয়ে আ’লীগ নেত্রীদের সেলফি!
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: আয়ুষ্কালজুড়ে রাশিয়ার ওপর নির্ভরশীল থাকতে হবে
  • অবশেষে 'ডট বাংলা' ডোমেইন পেল বাংলাদেশ
  • যতদিন প্রয়োজন ১০ টাকা কেজি চাল কর্মসূচি চলবে
  • হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়ম সহ্য করা হবে না
  • গণতন্ত্রের পথে না আসলে রাজনীতি থেকে ছিটকে পড়বেন খালেদা: নাসিম
  • সরকারের নিরাপত্তা পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা
  • ঢাকা দক্ষিণ সিটিতে ১০০ আধুনিক পাবলিক টয়লেট নির্মাণের ঘোষণা
  • বানের পানির মতো ঢুকছে ইয়াবা, প্রবেশমুখে ঠেকানো যাচ্ছে না

ভারত:

  • আঘাত হানতে সীমান্তে শতাধিক জঙ্গি, সতর্কতা
  • সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করে নিল পাকিস্তান
  • যুদ্ধ করে দারিদ্র ঘোচে না, মোদীকে পাক পার্লামেন্টে পাল্টা খোঁচা শরিফের
  • বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবাহিনী ভারত, অনেক নীচে পাকিস্তান
  • সিঙ্গুরের কাজ দ্রুত শেষ করতে ডাকা হল কোল ইন্ডিয়া, টাটাকে

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

এবার জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৯ শতাংশ: আইএমএফের পূর্বাভাস- দৈনিক যায়যায়দিন

চলতি অর্থবছরে (২০১৬-১৭) মোট দেশজ উৎপাদন ৬ দশমিক ৯ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত এপ্রিলে বাংলাদেশের প্রবৃদ্ধির হার নিয়ে একই পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। মঙ্গলবার প্রকাশিত 'গ্লোবাল ইকোনমিক আউটলুক-অক্টোবর ২০১৬'-এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।

এতে জানানো হয়, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার আরও কিছুটা কমে সাড়ে ৬ শতাংশ হতে পারে বলে মনে করছে সংস্থাটি।

সম্প্রতি ২০১৬-১৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক আশঙ্কা করছে, ২০১৭-১৮ অর্থবছরে এই হার কমে ৬ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে।

খাদিজাকে দেখতে গিয়ে আলীগ নেত্রীদের সেলফি!- দৈনিক যুগান্তর

মৃত্যুর সঙ্গে লড়ছেন সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা বেগম। রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে তিনি। ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। 

এ অবস্থায় আইসিইউতে ঢুকে আওয়ামী লীগের তিন নেত্রীর সেলফি বিলাসে তোলপাড় শুরু হয়েছে। ফেসবুকে আপলোড হওয়া এই সেলফি মুহূর্তের মধ্যে দেশ ছেড়ে বিদেশেও ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে এই তিন নেত্রীকে নিয়ে নানা বিদ্রুপপূর্ণ মন্তব্য।

সেলফি দৃশ্যে দেখা যায়,  ওই নারী এমপি ঠোঁটে লিপস্টিক ও গায়ে আইসিউইউ গাউন পরে আইসিইউ এর মতো স্পর্শকাতর জায়গায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা আহত খাদিজার পাশে সরকার দলীয় নারী নেত্রীদের নিয়ে ছবি তোলায় মত্ত হয়েছেন।  হায়রে সেলফি!

সরকার দলীয় সংসদ সদস্য ও ঢাকা উত্তর এলাকার যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবিনা আক্তার তুহিন নিজেই খাদিজার পাশে দাঁড়িয়ে এই সেলফি তোলেন। তিনি আবার ছবিটি নিজের ফেসবুক আইডিতে আপলোডও করেন। তার পাশে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অপু উকিল এবং যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোহেলী কুদ্দুস মুক্তিকে দেখা গেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: আয়ুষ্কালজুড়ে রাশিয়ার ওপর নির্ভরশীল থাকতে হবে- দৈনিক প্রথম আলো

রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে, তাতে আয়ুষ্কালজুড়েই এটি পরিচালনার জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল থাকতে হবে বাংলাদেশকে। নির্মাণ চুক্তির পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার জন্যও সরকারকে রাশিয়ার সঙ্গে আলাদা পরিচালন ও রক্ষণাবেক্ষণ (ওঅ্যান্ডএম) চুক্তি করতে হবে। বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি (ইউরেনিয়াম) সরবরাহ করবে রাশিয়া। এ ছাড়া প্রকল্পের প্রযুক্তি ও অন্যান্য কারিগরি বিষয় বুঝে নেওয়ার মতো জনবলের অভাব থাকায়, এ ক্ষেত্রেও রাশিয়ার প্রতি আস্থা না রেখে উপায় নেই।

এসবই এ প্রকল্পের দুর্বলতা বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ২০০৯ সালে সরকার যখন রূপপুর প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছিল, তখন থেকে জনবল তৈরির প্রক্রিয়া শুরু করলে এই শূন্যতা সৃষ্টি হতো না। বিদেশি কোনো বিশেষজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করেও সরকার এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারত। সে ক্ষেত্রে রাশিয়ার ওপর সম্পূর্ণ নির্ভর করতে হতো না।

অবশেষে 'ডট বাংলা' ডোমেইন পেল বাংলাদেশ- দৈনিক যায়যায়দিন

ডট বাংলা (.বাংলা) ডোমেইন চূড়ান্ত বরাদ্দ পেয়েছে বাংলাদেশ; এর মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষিত ডট বাংলা আইডিএনের যাত্রা শুরু হলো।

ইন্টারন্যাশনালাইজড ডোমেইন নেম (আইডিএন) একটি ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম, যা ওয়েব ঠিকানা লিখতে প্রচলিত ইংরেজি ভাষা ছাড়া অন্যান্য ভাষা সমর্থন করে। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ এবং সিয়েরা লিওনও '.বাংলা'র জন্য আবেদন করেছিল।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বুধবার বলেন, 'ইন্টারনেট করপোরেশন অব অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বার (আইসিএএনএন)- বোর্ড সভায় বাংলাদেশকে বরাদ্দ দেয়া হয়েছে।'বুধবার আনুষ্ঠানিকভাবে আইসিএএনএন চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

হতদরিদ্রদের চাল বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, যতদিন প্রয়োজন হবে ততদিন দেশের হতদরিদ্রের মধ্যে ১০ টাকা কেজি করে চাল   বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। তবে এই চাল বিতরণ এবং হতদরিদ্রের তালিকা প্রণয়নে কোনো অনিয়ম বা গরমিল সহ্য করা হবে না। চাল বিতরণে অনিয়ম পাওয়া গেলে ডিলারদের ডিলারশিপ বাতিল এবং তালিকা প্রণয়নে কোনো গরমিল বা অনিয়ম পাওয়া গেলে জড়িত নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সকল সংসদ সদস্য এবং দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের স্ব স্ব এলাকায় তালিকা যাচাই-বাছাই ও অনিয়ম খুঁজে বের করার নির্দেশ দেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তরপর্বে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্রের পথে না আসলে রাজনীতি থেকে ছিটকে পড়বেন খালেদা জিয়া: নাসিম- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্রের পথে না এলে আবারো বাংলার রাজনীতি থেকে ছিটকে পড়বেন। গতকাল বুধবার মৌলভীবাজারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সৈয়দ মহসিন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ মহসিন আলী ফাউন্ডেশন এ স্মরণ সভার আয়োজন করে।

মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। আর ২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে, কেয়ারটেকার সরকারের অধীনে নয়। সে নির্বাচনে বেগম জিয়াকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিদ্যুত্ সমস্যার সমাধান করেছেন, জঙ্গিবাদ দমন করেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছেন, উন্নয়ন অবকাঠামো গড়ে তুলছেন। আগামী নির্বাচনে আবার শেখ হাসিনা বিজয়ী হবেন।

বানের পানির মতো ঢুকছে ইয়াবা, প্রবেশমুখে ঠেকানো যাচ্ছে না - দৈনিক নয়াদিগন্ত

বানের পানির মতো ঢুকছে মরণ নেশা ইয়াবা। প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছেয়ে গেছে ইয়াবার আসক্তি। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এখন তা মুড়ি-মুড়কির মতো বিক্রি হচ্ছে। অলি-গলির পান-সিগারেটের দোকানেও মিলছে ইয়াবা। আটকও হচ্ছে। তবে যে পরিমাণ ইয়াবা ঢুকছে তার শতকরা এক ভাগও আটক হচ্ছে না বলে অনেকেই বলেছেন। প্রবেশমুখ বন্ধ করা না গেলে ইয়াবার আরো বিস্তার ঘটবে বলে অনেকেরই আশঙ্কা।

নামীদামিরা ইয়াবার প্রতি আসক্ত, তা নতুন কিছু নয়। নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মডেল ও ধনাঢ্য পরিবারের বখে যাওয়া অনেকের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ রয়েছে ইয়াবা সেবনের। সূত্র জানায়, দেশে ইয়াবা প্রবেশের মূল রুট হচ্ছে কক্সবাজারের টেকনাফ ও এর আশপাশের এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বলেছেন, ইয়াবার পুরোটাই আসছে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে। কিছু নকল ইয়াবা তৈরি হচ্ছে এখানে। সীমান্ত গলিয়ে শুধু স্থল পথেই নয়, নৌপথকেও ব্যবহার করছে ইয়াবা কারবারীরা।

সরকারের নিরাপত্তা পদক্ষেপে সন্তুষ্ট কূটনীতিকরা- দৈনিক সমকাল

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর সরকারের নিরাপত্তা পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

তারা বলেছেন, ভয় কেটেছে, তবে আতঙ্ক পুরোপুরি দূর হয়নি। এ জন্য তারা নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত ও শক্তিশালী করার দাবি জানিয়েছেন। পাশাপাশি গুলশান-বনানী-বারিধারা এলাকায় পুলিশের গড়ে তোলা নিরাপত্তাবলয় আরও এক বছর বহাল রাখার অনুরোধ জানিয়েছেন তারা।

বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রদূতরা এমন অভিমত ব্যক্ত করেন। কূটনৈতিক এলাকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অভিমত জানতে মেয়র আনিসুল হক তাদের এ মতবিনিময়ে আমন্ত্রণ জানান।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

আঘাত হানতে সীমান্তে শতাধিক জঙ্গি, সতর্কতা- দৈনিক বর্তমান

ঠিক পাঁচদিন ধরে নিয়ন্ত্রণরেখার ওপারেই ঘুরতে দেখা যাচ্ছে ইউএভিকে (আনম্যানড এরিয়াল ভেহিকেলস)। আর তারপরই সীমান্তের ১০০ মিটারের মধ্যে আকাশপথে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের ক্লাউড পেনিট্রেটিং রাডার এবং লাইভ স্যাটেলাইট সার্ভেল্যান্স তথা গোয়েন্দা মারফত জানা গিয়েছে, শতাধিক জঙ্গি আবার জড়ো হয়েছে কাশ্মীরের সীমান্তপারে। ঠিক নিয়ন্ত্রণরেখার ওপারে নতুন ১২টি লঞ্চ প্যাড তৈরি করা হয়েছে। লস্কর, জয়েশ এবং হিজবুল মুজাহিদিনের কয়েকশো প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিকে মোতায়েন করা হয়েছে ভারতে হামলার জন্য। বেশ কয়েকটি গ্রুপে ভাগ করা হয়েছে এই জঙ্গি বাহিনীকে। রয়েছে আত্মঘাতী বাহিনীও। এই বিস্ফোরণ সংক্রান্ত তথ্য সামরিক বিভাগের এভিয়েশন রিসার্চ সেন্টারের উপকরণের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই ভারত প্রয়োজনে ফের সার্জিকাল স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়েছে। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই রিপোর্ট পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে। সেই বৈঠকে হাজির ছিলেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এবং মিলিটারি ইনটেলিজেন্সের তিন সুপ্রিমো। এরপরই তড়িঘড়ি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর তলব পেয়ে হাজির হন সামরিক বিভাগের কর্তারাও। যদি সত্যিই এই নয়া লঞ্চ প্যাড থেকে আবার ভারতের সীমান্ত পেরিয়ে হামলার প্ল্যান করার চেষ্টা হয় তাহলে তা প্রতিরোধের জন্য আজ সবুজ সংকেত দিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করে নিল পাকিস্তান- দৈনিক সংবাদ প্রতিদিন

অবশেষে সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করে নিলেন এক পাক পুলিশ আধিকারিক। পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরের এসপি গুলাম আকবর বুধবার একটি টিভি চ্যানেলকে ফোনে জানান, ২৯ সেপ্টেম্বর গভীর রাতে ভারতীয় সেনা সত্যিই সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। রাতের অন্ধকারে জঙ্গিদের ডেরায় ঢুকে তাদের খতম করা হয়েছিল। ঘটনায় নিহত হয় পাঁচ পাক সেনাও।

পুলিশের ছদ্মবেশে স্টিং অপারেশন চালান চ্যানেলের সাংবাদিক মনোজ গুপ্ত। গুলাম আলিকে ফোনে জিজ্ঞাসাবাদ করতেই সব কথা স্বীকার করে নেন তিনি। তাঁর সম্পূর্ণ কথোপকথন চ্যানেলে সম্প্রচার করা হয়েছে। গুলাম জানান, ব্যক্তিগতভাবে তিনি স্ট্রাইকের কথা জানতেন। ভারত-পাক সীমান্ত এলাকার ভিমবেরের সমানা, পুঞ্চের হাজিরা, নিলামের দুধনিয়াল ও হাতিয়ান বালার কায়ানিতে অপারেশন চালায় ভারতীয় সেনা। সার্জিক্যাল স্ট্রাইকের পরই পাক সেনা সেই এলাকাগুলি ঘেরাও করে। এমনকী বেশ কয়েকজন আহত জঙ্গিকে অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গে এলাকা থেকে সরিয়ে ফেলা হয়। অনেক জঙ্গিকে স্থানীয় গ্রামেই কবর দিয়ে দেওয়া হয়।

যুদ্ধ করে দারিদ্র ঘোচে না, মোদীকে পাক পার্লামেন্টে পাল্টা খোঁচা শরিফের- দৈনিক আনন্দবাজার

বাইরে উত্তরোত্তর কোণঠাসা হয়ে পড়ে এ বার ঘরে, নিজের দেশে ‘শত্রু’ প্রতিবেশী ভারতের বিরুদ্ধে জোট বাঁধতে নেমে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার প্রথম দফায় বুধবার, পাক প্রধানমন্ত্রী এ বার ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন সরাসরি পাক পার্লামেন্টে। কোনও দলীয় জনসভায় নয়, এ বার পাক পার্লামেন্টেই প্রধানমন্ত্রী শরিফ বললেন, ‘‘ভারতই লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে নিয়ন্ত্রণরেখায়।’’

লড়াইটা হাড্ডাহাড্ডি, বোঝাতে গিয়ে কোঝিকোড়ে দিনকয়েক আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের একাংশের পাল্টা জবাব দিতেও পিছপা হননি পাক প্রধানমন্ত্রী। শরিফ বললেন, ‘‘ওরা (ভারত) চায়, দারিদ্র্ নির্মূল করতে আমরা ওদের (ভারতের) সঙ্গে পাল্লা দিই। কিন্তু ভারতের বোঝা উচিত, চাষের জমির ওপর দিয়ে সেনারা ট্যাঙ্ক চালালে দারিদ্র্ নির্মূল করা সম্ভব নয়।’’

সিঙ্গুরের কাজ দ্রুত শেষ করতে ডাকা হল কোল ইন্ডিয়া, টাটাকে- দৈনিক আজকাল

সিঙ্গুরে কাজ দ্রুত শেষ করতে সাহায্য চাওয়া হল কোল ইন্ডিয়ার। পাশাপাশি নির্মাণসংস্থা সাপুরজি–পালনজির সহায়তা চাওয়া হয়েছে। ডিনামাইট ফাটিয়েও কংক্রিটের অংশ ভাঙতে বেশি সময় যাচ্ছিল। তাই দুই সংস্থার কাছ থেকে চাওয়া হয়েছে প্রযুক্তিগত সাহায্য। এই মুহূর্তে সিঙ্গুরে ২০টি ‘‌রক ব্রেকার’‌ কাজ করছে। তবুও মাটির তলায় লোহার বিম ৩ ফুটেরও বেশি গভীরে থাকায় কাজে অসুবিধা হচ্ছে। তাই সাপুরজি–পালনজির কাছ থেকে কংক্রিট এলাকার মানচিত্র চাওয়া হয়েছে। যেহেতু এই সংস্থাই টাটার কারখানা তৈরি করেছিল। মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় বুধবার সিঙ্গুর–পরিদর্শনে গিয়েছিলেন। ফিরে নবান্নে ওই সংস্থার কর্তাদের ডেকে পাঠিয়েছিলেন। নবান্ন সূত্রে খবর, সময়সীমার মধ্যে কংক্রিট এলাকা ভেঙে সাফ করতে ওই সংস্থাকে আজ বৃহস্পতিবার থেকে সহযোগিতা করতে বলা হয়েছে।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬