অক্টোবর ০৭, ২০১৬ ০৬:২১ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ৭ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • গুলশান হামলার বর্ণনা তামিমের বয়ানে: আইএসের নতুন সাময়িকীতে আরও হামলার হুমকি- প্রথম আলোর শীর্ষ শিরোনাম
  • জঙ্গিদের অসুরের মত বধ করতে হবে: শাজাহান- দৈনিক ইত্তেফাক
  • খাদিজার বাবা বিচার চান দ্রুত বিচার ট্রাইব্যুনালে- দৈনিক যুগান্তর
  • অপরাধী কোন দলের বিবেচ্য নয়, শাস্তি হবেই: প্রধানমন্ত্রী- দৈনিক সমকাল
  • ভারত-পাকিস্তানকে সংযত আচরণের আহ্বান হাসিনার- দৈনিক যায়যায়দিন
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: পারমাণবিক দুর্ঘটনার দায় বাংলাদেশের- দৈনিক প্রথম আলো
  • চীনা প্রেসিডেন্টকে সর্বোচ্চ সম্মান জানানো হবে- দৈনিক ইত্তেফাক
  • সুযোগ আসলে প্রত্যেকটি গুম-হত্যার বিচার হবে : গয়েশ্বর- দৈনিক যুগান্তর
  • জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস- দৈনিক মানবজমিন
  • টাইগারদের ‘ইংলিশ পরীক্ষা’ শুরু আজ- দৈনিক যায়যায়দিন

ভারত:

  • আজ মহাষষ্ঠী, দেবীর আগেই ভিড়ের বোধন- দৈনিক আনন্দবাজার
  • জওয়ানের রক্তে দালালি করছেন মোদি:‌ রাহুল- দৈনিক আজকাল
  • একঘরে হয়ে যাচ্ছি, সেনাকে কড়া বার্তা পাক প্রধানমন্ত্রীর- দৈনিক আনন্দবাজার
  • কুপওয়ারা, হান্দওয়ারা ও নওগাঁয় হামলার চেষ্টা রুখে দিল সেনাবাহিনী, নিহত ৭ জঙ্গি- দৈনিক বর্তমান
  • সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে কেজরিকে ‘বাঁদর’ বললেন রাম গোপাল!- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

গুলশান হামলার বর্ণনা তামিমের বয়ানে: আইএসের নতুন সাময়িকীতে আরও হামলার হুমকি- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

সিরিয়া-ইরাকভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নতুন সাময়িকী রুমাইয়াহতে বাংলাদেশে আরও হামলার হুমকি দেওয়া হয়েছে। বহুভাষিক এই সাময়িকীতে নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত জঙ্গিনেতা তামিম চৌধুরীর একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে। তাতে গুলশানের হলি আর্টিজানে হামলার বিবরণ এবং ওই হামলায় নিহত পাঁচ জঙ্গির ছবি দিয়ে তাদের শহীদ আখ্যা দিয়ে বলা হয়, এটাই শেষ হামলা নয়, আরও হামলা হবে। এই নিবন্ধে সম্ভাব্য হামলার কয়েকটি লক্ষ্যের কথাও বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা সতর্ক আছি। ইতিমধ্যে পুলিশের সাম্প্রতিক অভিযানে জঙ্গিদের উল্লেখযোগ্যসংখ্যক শক্তি ক্ষয় হয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে অব্যাহত চেষ্টা করে যাচ্ছি, যাতে তারা আর দাঁড়াতে না পারে।’

জঙ্গিদের অসুরের মত বধ করতে হবে: শাজাহান- দৈনিক ইত্তেফাক

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'দেবী দুর্গা যেভাবে অসুরকে বধ করেছেন তেমনি জঙ্গিদেরকে বধ করা হবে।' বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের রাজৈরের কেজেএস বিদ্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শাজাহান খান আরো বলেন, 'যারা সমাজের অশান্তি, সন্ত্রাস, হত্যাকাণ্ডসহ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে তারাই হল জঙ্গি, এ যুগের অসুর। এ অশুভ শক্তিকে দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বানে সবাই ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করছে।

খাদিজার বাবা বিচার চান দ্রুত বিচার ট্রাইব্যুনালে- দৈনিক যুগান্তর

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের বাবা ও ভাই দেশে ফিরেছেন। সৌদি প্রবাসী বাবা মাসুক মিয়া কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে বৃহস্পতিবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। সেখান থেকে সরাসরি স্কয়ার হাসপাতালে মেয়ের শয্যাপাশে যান তিনি। খাদিজার বড় ভাই চীনে অধ্যয়নরত শাহীন আহমদ শাহজালালে পৌঁছান দুপুরে। বিমানবন্দরে নামার পর তিনিও সরাসরি যান বোনের কাছে। এ সময় বাবা, ভাই ও স্বজনদের কান্নায় হাসপাতালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

হাসপাতালে মাসুক মিয়া যুগান্তরকে বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান তিনি। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান মাসুক মিয়া।

এর কিছুক্ষণ আগে যুগান্তরের সিলেট ব্যুরো মুঠোফোনে কথা বলে মাসুক মিয়ার সঙ্গে। এসময় তিনি বলেন, আমি জীবনের বেশিরভাগ সময় প্রবাসে কাটিয়েছি। শুধু সন্তানদের মানুষ করব সেটাই ভেবেছি। বদরুল আমার বাড়িতে লজিং ছিল সেটা আমি এ ঘটনার পর জানতে পেরেছি। খাদিজাকে উত্ত্যক্ত করায় বদরুলকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন আমার ভাই আবদুল কুদ্দুস। এখন তো দেখছি আমার বাড়িতে বিষাক্ত সাপ হয়ে ঢুকেছিল সে। মাসুক মিয়া আরও বলেন, সন্তান জন্ম দেয়া, তাকে লালন-পালন করা কত কষ্টের। এ কষ্টকে আরও বিষাদময় করে তোলে সন্ত্রাসীদের হামলা। আমার মেয়ের মতো কেউ যেন আর এমন ঘটনার শিকার না হয়। তিনি দুপুর ১২টার দিকে হাসপাতালে পৌঁছান। পরে মেয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

অপরাধী কোন দলের বিবেচ্য নয়, শাস্তি হবেই: প্রধানমন্ত্রী- দৈনিক সমকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'কে কোন দল করে তা বিবেচ্য বিষয় নয়, অপরাধ যে করবে তার বিচার হবেই।'বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ১২তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, 'মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যা আমাদের অত্যন্ত অবাক করে দেয়। একটি মেয়েকে জনসম্মুখে কোপানো হয়েছে, মানুষ দাঁড়িয়ে তা দেখেছে। কেউ ভিডিও করছে, মোবাইল ফোনে ছবি তুলছে, কেউ মেয়েটাকে বাঁচাতে এগিয়ে আসেনি। কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল, কেন ওই মেয়েটিকে বাঁচাতে এগিয়ে গেল না।'

ভারত-পাকিস্তানকে সংযত আচরণের আহ্বান হাসিনার- দৈনিক যায়যায়দিন

কাশ্মিরে সেনা ঘাঁটিতে হামলা নিয়ে ভারত-পাকিস্তানের ভেতর উত্তেজনার মধ্যে পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশকে সংযত আচরণ করার আহবান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে এ আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, 'ভারত, পাকিস্তান- দুটি দেশকেই আমরা আহবান করব যে, তারা যেন সংযত আচরণ করে, কোনো উত্তেজনা যেন সৃষ্টি না হয়, যাতে দক্ষিণ এশিয়ার মানুষগুলো কোনো রকম কষ্টে না পড়ে সেটাই আমরা চাই।'

প্রতিবেশী দুই দেশকে সংঘাত থেকে বিরত থাকার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, 'দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকুক। দক্ষিণ এশিয়ায় কোনো রকম সংঘাত হোক, কোনো রকম উত্তেজনা হোক, সেটা আমরা কখনো চাই না।'

এই অঞ্চলের এক দেশের সঙ্গে আরেক দেশের সংঘাত হলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প: পারমাণবিক দুর্ঘটনার দায় বাংলাদেশের- দৈনিক প্রথম আলো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনার যেকোনো পর্যায়ে, যেকোনো কারণে পারমাণবিক দুর্ঘটনা ঘটলে তার দায় প্রকল্পের স্বত্বাধিকারী হিসেবে বাংলাদেশকে নিতে হবে। এই প্রকল্প বাস্তবায়নকারী, যন্ত্রপাতি নির্মাণ ও সরবরাহকারী রাষ্ট্র রাশিয়া দুর্ঘটনার কোনো দায় নেবে না।

এই বিদ্যুৎকেন্দ্র থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে ছড়িয়ে পড়া থেকে কোনো বিপর্যয় ঘটলে কিংবা কেন্দ্রটির জন্য সরবরাহ করা পারমাণবিক জ্বালানি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পর তা থেকে কোনো দুর্ঘটনা ঘটলে দায়দায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে।

এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের মূল নির্মাণকাজের জন্য বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যে সাধারণ চুক্তি (জেনারেল কন্ট্রাক্ট) সই হয়েছে, তার ১৪ নম্বর অনুচ্ছেদে পারমাণবিক দুর্ঘটনার দায়দায়িত্ব নিরূপণের (নিউক্লিয়ার লায়াবিলিটি) বিষয়ে এই বিধান যুক্ত করা হয়েছে।

গত বছরের ২৫ ডিসেম্বর রাতে উভয় পক্ষ এই চুক্তিতে সই করে। এটিই হচ্ছে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রধান চুক্তিপত্র। এ ছাড়া অন্যান্য যে চুক্তি বা প্রটোকল দুই দেশের মধ্যে সই হবে, তার সব কটিই সাধারণ চুক্তিকে সমর্থন করে। অর্থাৎ সাধারণ চুক্তিটিই হলো সব চুক্তির ভিত্তি।

চীনা প্রেসিডেন্টকে সর্বোচ্চ সম্মান জানানো হবে- দৈনিক ইত্তেফাক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’কে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান জানাবে বাংলাদেশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার এবং তোপোধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে। 

আগামী ১৪ অক্টোবর (শুক্রবার) দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন চীনা প্রেসিডেন্ট। ৩০ বছরে এটিই কোনো চীনা প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। 

চীনা প্রেসিডেন্টের আসন্ন সফর উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা অনুষ্ঠিত হয়। এতে শি জিনপিংয়ের সফরের প্রটোকল আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চীনা প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ বিমান বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশের পরপরই তাকে সম্মান জানানোর আনুষ্ঠানিকতা শুরু হবে। একইসঙ্গে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ছাড়াও তার সম্মানে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হবে। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সুযোগ আসলে প্রতিটি হত্যা-গুমের বিচার হবে: গয়েশ্বর- দৈনিক যুগান্তর

খাদিজা বেগমের ওপর হামলার ঘটনার বিচার নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র  রায় বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে কোনও হত্যাকান্ডের বিচার হবে না। বলার জন্য বলা আর চাওয়ার জন্য এই বিচার চাওয়া। তবে একটি কথা স্পষ্ট, যদি সময় সুযোগ এলে প্রতিটি হত্যা, গুমের বিচার হবে।   

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র  রায় এসব কথা বলেন। তিনি বলেন, খাদিজাকে হত্যার চেষ্টার সঙ্গে যে ছাত্রলীগের নেতা জড়িত অবশ্যই তার দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো সময়ক্ষেপন মেনে নেয়া হবে না। আমরা চাই ওই ব্যক্তির কঠিন শাস্তি।  বর্তমান সরকারকে দানব আখ্যা দিয়ে তিনি বলেন, এটা দানবের বিরুদ্ধে মানববন্ধন। তাই আশংকা থেকে যায় এ ঘটনা যেন তনু হত্যার মতো না হয়ে যায়।  

তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের বিরোধী দলীয় নেত্রী সকলে নারী, তারপরও যত্রতত্রভাবে নারী নির্যাতন, নারী ধর্ষণ এটা একটা নজির হয়ে দাঁড়িয়ে এই সরকারের আমলে। আজকে জনগনের দায়বদ্ধ সরকার নেই বলে এইসব ঘটনা ঘটছে। এর কোনো বিচার হচ্ছে না। 

জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস- দৈনিক মানবজমিন

জাতিসংঘ মহাসচিব নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম উত্তেজনাপূর্ণ নির্বাচনে এবং অনেক আগে থেকেই নির্বাচনী দৌড়ে অন্য ১২ জন প্রার্থীর চেয়ে এগিয়ে থাকা মহাসচিব পদপ্রার্থী পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক প্রাক্তন হাইকমিশনার অ্যান্তোনিও গুতেরেস শেষ পর্যন্ত নয়া মহাসচিব নির্বাচিত হলেন।

এর ফলে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একধরনের স্বস্তি নেমে এসেছে। কারণ অ্যান্তোনিও গুতেরেস হলেন কফি আনানের পর এই প্রথম মহাসচিব যাকে জাতিসংঘ কর্মকর্তারা নিজেদের অভ্যন্তরের মানুষ বলে মনে করতে পারছেন। এ বছরের ৩১শে ডিসেম্বর বর্তমান মহাসচিব বান কি-মুনের মেয়াদ শেষ হবে এবং নয়া মহাসচিব গুতেরেস আগামী ২০১৭ সালের জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

টাইগারদের ইংলিশ পরীক্ষা শুরু আজ- দৈনিক যায়যায়দিন

ঘরের মাঠে টানা ৬টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় দিয়ে শুরু। এরপর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, ফের জিম্বাবুয়ে ও সর্বশেষ এ বছর আফগানিস্তান। এরই মধ্যে টানা সিরিজ জিতে উপমহাদেশের ক্রিকেট শক্তি ভারতকে স্পর্শ করেছে বাংলাদেশ। এবার পাকিস্তানকে স্পর্শ করার পালা। এরই মধ্যে টানা সাত সিরিজ জিতেছে পাকিস্তান। তবে এসব নিয়ে ভাবছেন না জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। তার লক্ষ্য শুধু এই সিরিজের দিকে। কারণ, প্রতিপক্ষ যে ইংল্যান্ড। মাশরাফি বলেন, ‘আমরা দূরের কোনো কিছু নিয়ে ভাবতে চাই না। তাহলে অতিরিক্ত বিষয়ে চাপ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য কালকের (আজ) ম্যাচ, এই সিরিজ। ইংল্যান্ড দারুণ শক্তিশালী দল। তবে আমরাও ঘরের মাঠে ভালো খেলছি। আমাদের চেষ্টা থাকবে যেন ভালো খেলে সিরিজটা নিজেদের করে নিতে পারি।’

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

একঘরে হয়ে যাচ্ছি, সেনাকে কড়া বার্তা পাক প্রধানমন্ত্রীর

জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বিশ্বে পাকিস্তান একঘরে হয়ে পড়ছে বলে পাক সেনাকে জানিয়ে দিল নওয়াজ শরিফ সরকার। সোমবার এক গোপন বৈঠকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শীর্ষ কর্তাকে এই বার্তা দেওয়া হয়েছে বলে দাবি পাক সংবাদমাধ্যমের একাংশের। তাদের দাবি, পাকিস্তানের ইতিহাসে নির্বাচিত সরকারের তরফে সেনাকে এমন বার্তা দেওয়ার নজির নেই। তবে বিষয়টি অস্বীকার করেছে শরিফের দফতর।

উরি হামলার পরে পাকিস্তানের কড়া সমালোচনা করেছে আমেরিকা-সহ বহু দেশ। এমনকী চিনও জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বলে আগেই কূটনৈতিক সূত্রে ইঙ্গিত মিলেছিল। আজ পাকিস্তানের এক প্রথম সারির সংবাদপত্র জানিয়েছে, সোমবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর দফতরে এক গোপন বৈঠকে বসেন সরকার ও সেনার কর্তারা। সেনার প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন আইএসআইয়ের ডিজি রিজওয়ান আখতার। জঙ্গিদের মদত দেওয়ার ক্ষেত্রে আইএসআই-ই মূল ভূমিকা পালন করে বলে দাবি দিল্লির।

জওয়ানের রক্তে দালালি করছেন মোদি:‌ রাহুল- দৈনিক আজকাল

পাক অধিকৃত কাশ্মীরে ‘‌সার্জিক্যাল স্ট্রাইক’‌–‌কে সমর্থন করেছিল কংগ্রেস। সমর্থন করেছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া এবং রাহুল গান্ধীও। কিন্তু বৃহস্পতিবার সকলকে অবাক করে দিয়ে এই নিয়ে প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করলেন রাহুল। হঠাৎ এভাবে অবস্থান বদল করে রাহুলের মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন উপলক্ষে ‘‌দেওরিয়া টু দিল্লি কিসান র‌্যালি’‌র শেষে এদিন রাহুল রাজধানীতে এক জনসভায় বলেন, ‘‌আমাদের জওয়ানরা রক্ত দিয়েছেন। হিন্দুস্থানের জন্য সার্জিক্যাল স্ট্রাইক করেছেন। কিন্তু মোদি জওয়ানদের রক্তের পিছনে লুকিয়ে বসে আছেন। ওঁদের রক্ত নিয়ে মোদি দালালি করছেন।’‌

কুপওয়ারা, হান্দওয়ারা ও নওগাঁয় হামলার চেষ্টা রুখে দিল সেনাবাহিনী, নিহত ৭ জঙ্গি- দৈনিক বর্তমান

কাশ্মীরে একযোগে তিন জায়গায় জঙ্গি হামলার চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। একদিকে কুপওয়ারা, অন্যদিকে নওগাঁ ও হান্দওয়ারা। সেনাবাহিনীর পালটা গুলিতে মারা পড়েছে ৩ সশস্ত্র জঙ্গি। ৪ জঙ্গিকে সেনা খতম করেছে নওগাঁতে। একেবারে উরির কায়দায় ফের সেনা শিবিরে হামলার চেষ্টা হল এদিন। এবার কুপওয়ারায় ও হান্দওয়ারায়। উরির মতোই একেবারে কাকভোরে কুপওয়ারার একটি সেনা শিবিরে ঢুকে পড়ল তিনজন সশস্ত্র জঙ্গি। যদিও সেনাবাহিনী সতর্ক থাকায় জঙ্গিদের হামলার এই চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে মারা পড়েছে তিন জঙ্গি। পাশাপাশি হান্দওয়ারাতেও সেনা শিবির লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেখানে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলছে বলে জানিয়েছে পুলিশ। একইভাবে নওগাঁতে হামলার চেষ্টা ব্যর্থ করা গিয়েছে। সবমিলিয়ে মারা পড়েছে চার জঙ্গি। কুপওয়ারায় হামলাকারীদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, ওষুধ, শুকনো খাবার ও ম্যাপ উদ্ধার হয়েছে।

সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে কেজরিকে বাঁদর বললেন রাম গোপাল!- দৈনিক সংবাদ প্রতিদিন

রাজনীতিকরা এমনটা করেই থাকেন! একজন কোনও কাজের জন্য বাহবা পেলে তাঁকে ছোট করতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন বিরোধীপক্ষের সবাই! দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সেটাই করেছেন। সবাই যখন উরি হামলার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইকের প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই বোমাটি ফাটিয়েছেন দাবি! দাবি করেছেন, সেই সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও প্রকাশ করা হোক! ভাবটা এমন- এটাও যেন তাঁর চিরশত্রু নরেন্দ্র মোদির ছলনা! দেশবাসীকে সার্জিক্যাল স্ট্রাইকের নামে কুমির দেখানো!

সবাই যখন এই দাবির জন্য কোণঠাসা করছেন কেজরিওয়ালকে, ঠিক তখনই আরও একটা বোমা ফাটল! ফাটালেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা। সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ার জন্য কেজরিওয়ালকে বাঁদর আখ্যা দিলেন তিনি! এ মর্মে টুইটও করলেন! তাও আবার একখানা নয়, গুণে গুণে ঠিক তিনখানা!

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭