ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একমত বিজিবি প্রধান
প্রিয় পাঠক/শ্রোতা! ৮ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের জয়ের জন্য শেষ ৫১ বলে প্রয়োজন ছিল মাত্র ৩৮ রান। হাতে তখনো ৬টি উইকেট। এরকম একটি ম্যাচে হেরে যাওয়ার বিষয়টি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যেমন মেনে নিতে পারেনি তেমনি মেনে নিতে পারেনি ঢাকা থেকে প্রকাশিত কোনো পত্রিকাই। আজ পত্রিকাগুলোর এ সংক্রান্ত খবরের শিরোনামগুলো ছিল এরকম- ‘যেভাবে জেতা ম্যাচ হারল বাংলাদেশ’, ‘এই ম্যাচেও টাইগারদের এমন হার’, ‘তীরে এসে তরী ডুবালেন টাইগাররা’, ‘জিততে জিততে এমন হার!’ ‘হাতের মুঠো থেকে বেরিয়ে গেল জয়’, ‘এই ম্যাচেও টাইগারদের এমন হার’, ‘মেনে নিতে পারছেন না মাশরাফি।’
এই খবর ছাড়া ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলো আরো যেসব খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সেগুলোর কয়েকটির শিরোনাম হচ্ছে-
বাংলাদেশ:
- ব্যাংক খাতে আতঙ্ক, সাড়ে ছয় মাসে ৭০ কর্মকর্তা গ্রেপ্তার
- ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একমত বিজিবি প্রধান: গরু চোরাচালান বন্ধ হলে সীমান্ত হত্যা কমবে
- আগামী জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতি নিচ্ছেন ছাত্রদলের অর্ধশত সাবেক নেতা
- খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আলটিমেটাম তথ্যমন্ত্রীর
- ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবক আটক
- আশুরায় তিন স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার
- রামপাল প্রকল্পের প্রযুক্তি সেকেলে, নেতিবাচক প্রভাব রোধে অনুপযুক্ত: বিশেষজ্ঞদের অভিমত
- বাংলাদেশ-ভারত মৈত্রী নষ্ট করাই তেল-গ্যাস রক্ষা কমিটির উদ্দেশ্য: হাসান মাহমুদ
- পেট্রাপোল বন্দরে বুধবার পর্যন্ত আমদানী রফতানী বন্ধ
- ঠাকুর দেখতে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়
ভারত:
- তিন তালাক অচল: কেন্দ্রকে সুপ্রিম কোর্ট
- পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের খোঁজ নিন, রাহুলকে তোপ অমিতের
- ‘দালালি’ নিয়ে দিনভর যুদ্ধে কংগ্রেস-বিজেপি
- ২০১৮-র মধ্যে ‘লেজার ওয়াল’ দিয়ে সিল হবে পাক-সীমান্ত
- গুলশানের রক্ত আর জঙ্গিদের বারুদের গন্ধ উপেক্ষা করে ৭১ ফুটের প্রতিমায় মেতেছে বাংলাদেশ
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আশুরায় তিন স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার- দৈনিক সমকাল

পবিত্র আশুরা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হবে এই ধর্মীয় অনুষ্ঠান।
বৃহস্পতিবার সকাল ১১টায় পুরান ঢাকার হোসেনি দালান পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।তিনি বলেন, প্রথম স্তরে চাংখারপুলে আর্চওয়ে বসিয়ে তল্লাশি করা হবে। এরপর মাঝখানে এবং সর্বশেষ ভেতরে গেটে তল্লাশি করা হবে।
গতবার আশুরা অনুষ্ঠানে হোসেনি দালানে বোমা হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে উল্লেখ করে কমিশনার বলেন, 'অতীতে ভুলত্রুটি মাথায় রেখে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। এছাড়া হলি আর্টিজান আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা এখন অনেক বেশি বাস্তববাদী। কোনও ধরনের নাশকতা করার সুযোগ নেই।'
তিনি বলেন, ৪০০ বছর ধরে শিয়া-সুন্নিরা একসঙ্গে আশুরা পালন করছেন। কখনও অঘটন ঘটেনি। গত বছরের হামলা যে ঘটবে তা ছিল চিন্তার বাইরে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন: প্রস্তুতি নিচ্ছেন ছাত্রদলের অর্ধশত সাবেক নেতা- দৈনিক যুগান্তর

রাজনীতিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি এরই মধ্যে ঘোষণা দিয়েই নির্বাচনী প্রচারে নেমে পড়েছে। নির্বাচনকে সামনে রেখে মাঠের বিরোধী দল বিএনপিও নানা হিসাব কষতে শুরু করেছে। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে- এমনটাই মনে করছেন দলটির সব স্তরের নেতাকর্মী। নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলীয় মনোনয়ন পেতে সার্বিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা। সিনিয়র নেতাদের পাশাপাশি ছাত্রদলের সাবেক অর্ধশত নেতা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন। বিগত সময়ে ছাত্রদলের সাবেক অনেক নেতা মনোনয়ন পাওয়ায় তারা আশাবাদী হয়ে উঠছেন।
অতীতে দলের অনেক নেতা এমপি-মন্ত্রী হয়ে অনেক সুযোগ-সুবিধা ভোগ করলেও দলের দুর্দিনে তাদের রাজপথে দেখা যায়নি। আগামী নির্বাচনে এসব সুবিধাবাদী মনোনয়ন দৌড়ে ছিটকে পড়তে পারেন। গত আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়ায় অনেক তরুণই হাইকমান্ডের নজর কাড়তে সক্ষম হন। ভবিষ্যতে দল ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া যায়- এমন মেধাবী ও মাঠপর্যায়ে জনপ্রিয় সাবেক ছাত্রনেতাদের একটি তালিকা তৈরি করছে হাইকমান্ড। দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য।
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে একমত বিজিবির প্রধান: গরু চোরাচালান বন্ধ হলে সীমান্ত হত্যা কমবে- দৈনিক প্রথম আলো

বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যার অন্তত ৯৫ শতাংশই ঘটছে গরু চোরাচালানের কারণে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা এটা মনে করেন। তাঁরা মনে করেন, চোরাচালান বন্ধ করা গেলে সীমান্ত হত্যার পাশাপাশি নানা ধরনের অপরাধ কমে যাবে।
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গতকাল শুক্রবার রাজধানীর পিলখানায় বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি দিল্লিতে শেষ হওয়া বৈঠকে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানেরা গরু চোরাচালান বন্ধ হলে সীমান্ত হত্যা কমবে বলে একমত পোষণ করেন।
খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আলটিমেটাম তথ্যমন্ত্রীর- দৈনিক যুগান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খালেদা জিয়ার দাবিকৃত সারাদেশে জেলে পাঠানো ৭২ হাজার নেতাকর্মী, গুলিতে নিহত ১ হাজার নেতাকর্মী এবং গুম হওয়া ৫০০ নেতাকর্মীর তালিকা প্রকাশ করতে এ আলটিমেটাম দেন তিনি।
আর তা যদি না করতে পারেন তাহলে জাতির কাছে বিএনপি নেত্রীকে মাফ চাইতে বলেন তথ্যমন্ত্রী। শুক্রবার সকালে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের একটি সড়ক উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া ও ফখরুল সাহেবরা মিথ্যাচারের রাজনীতি করছেন। তিনি বলেন, খালেদা জিয়া যদি আগে থেকে বুঝতেন- এতিমের টাকা চুরি করলে, মানুষ পোড়ালে, জঙ্গি হামলা করলে মামলা হয়, তাহলে উনি এ ধরনের অপরাধ কাজে লিপ্ত হতেন না। তিনি যদি না বুঝে এসব করে থাকেন সেটা তার ভুল। কোনো রাজনৈতিক দলকে হয়রানি করা হচ্ছে না দাবি করে তথ্যমন্ত্রী বলেন, সরকার খালেদা জিয়াসহ কারও বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক পদক্ষেপ নেয়নি।
ব্যাংক খাতে আতঙ্ক, সাড়ে ছয় মাসে ৭০ কর্মকর্তা গ্রেপ্তার- দৈনিক প্রথম আলো
গত সাড়ে ছয় মাসে ৭০ জন বিভিন্ন পর্যায়ের ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে আর্থিক খাতে বড় জালিয়াতির হোতা হিসেবে পরিচিত অনেকেরই তারা নাগাল পায়নি। এ নিয়ে ব্যাংক খাতে একধরনের আতঙ্কও তৈরি হয়েছে।
সর্বশেষ গত বৃহস্পতিবার বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় জনতা ব্যাংকের দুই উপমহাব্যবস্থাপক (ডিজিএম) গ্রেপ্তার হন। বিসমিল্লাহ গ্রুপের যে মামলায় দুই ডিজিএম গ্রেপ্তার হলেন, সেই একই মামলার অন্যতম আসামি মো. আবদুস সালাম আজাদ বর্তমানে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলা থাকা সত্ত্বেও সরকার তাঁকে পদোন্নতি দিয়েছে।
এদিকে রাষ্ট্রমালিকানাধীন তিন ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসামি হলেও তাঁদের এখনো হেফাজতে নিতে পারেনি দুদক। তাঁরা হলেন সোনালী ব্যাংকের হুমায়ূন কবির, বেসিক ব্যাংকের কাজী ফখরুল ইসলাম ও অগ্রণী ব্যাংকের সৈয়দ আবদুল হামিদ। তবে এমডিদের নামে মামলা করা হলেও সোনালী ও বেসিক ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় এই ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। যদিও দেশের ইতিহাসে এ দুটি সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
তিন তালাক অচল: কেন্দ্রকে সুপ্রিম কোর্ট- দৈনিক আজকাল

ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে তিন তালাকের জায়গা হতে পারে না বলে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল কেন্দ্র। মুসলিম সমাজে প্রচলিত তিন তালাক নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন মুসলিমদের এই বিচ্ছেদের রীতিরই ঘোরতর বিরোধিতা করে কেন্দ্র জানাল, ভারতের সংবিধান নারী, পুরুষ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে। সেখানে তিন তালাকের মতো রীতি মুসলিম মহিলার মৌলিক অধিকার খর্ব করে। তাদের বঞ্চিত করে। তিন তালাকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মুসলিম সমাজকর্মীরা।
বিষয়টি এখন সর্বোচ্চ আদালতের বিবেচনাধীন। এক দিকে যেমন তিন তালাক মহিলাদের অধিকার খর্ব করছে বলে যুক্তি দেওয়া হচ্ছে, অন্যদিকে আবার এ দেশের সংবিধান সমস্ত নাগরিককে স্বাধীন ধর্মাচরণের অধিকার দিয়েছে। বিয়ে, বিচ্ছেদ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে প্রত্যেক ধর্মের নিজস্ব দেওয়ানি বিধি রয়েছে।
তাই সংখ্যালঘুদের এই তিন তালাকের বিষয়ে কতটা হস্তক্ষেপ করা যেতে পারে, সেই নিয়েও ভাবনাচিন্তা শুরু করে সুপ্রিম কোর্ট। এ বিষয়ে মত চায় কেন্দ্রেরও। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তার পর কেন্দ্রীয় আইনমন্ত্রক তাদের বক্তব্য জানিয়েছে। এ ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ঘটনা হল, এই প্রথম মুসলিম ধর্মগুরুদের বিরুদ্ধে গিয়ে কোনও অভিমত দিল কেন্দ্র। মুসলিমদের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আগেই জানিয়েছে, সংখ্যালঘুদের ধর্মাচরণের বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারে না।
পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের খোঁজ নিন, রাহুলকে তোপ অমিতের-দৈনিক সংবাদ প্রতিদিন

সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান সমস্যার কতটা সমাধান হযেছে তা লক্ষ টাকার প্রশ্ন৷ কিন্তু এ মুহূর্তে এই ইস্যুতে ঘরোয়া রাজনীতি সরগরম৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী যখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগে মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন, তখন পাল্টা নিন্দায় নামলেন অমিত শাহ৷
সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য সামনে আসার সঙ্গেই সঙ্গেই মোদির হয়ে প্রচারে আসরে নেমছিল বিজেপি-আরএসএস৷ পাল্টা হিসেবে কংগ্রেস, আপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্ট্রাইকের প্রমাণের কথা বলে৷ তখনই তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তোলা হয়৷ সেনার সাহসে তাদের বিশ্বাস নেই কি না৷ তোলা হয় সে প্রশ্নও৷ এরপরই রাহুল মোদির বিরুদ্ধে তোপ দেগে বলেন, সেনার মৃত্যু নিয়ে আসলে রাজনীতি করছেন মোদি৷ তারই জবাব দিয়ে এদিন অমিত শাহ জানালেন, “অনেক রাজনৈতিক দলই সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে৷ ভারতীয় সেনাকে অসম্মানসূচক কথা যাঁরা বলছেন তাঁদের নিন্দা করি৷ এত যাঁরা প্রমাণ চাইছেন তাঁরা বরং পাকিস্তানে চলে যান, ওরাই ভাল বুঝিয়ে দিতে পারবে কী হয়েছিল৷”
২০১৮-র মধ্যে ‘লেজার ওয়াল’ দিয়ে সিল হবে পাক-সীমান্ত- দৈনিক সংবাদ প্রতিদিন

জঙ্গি অনুপ্রবেশ রুখতে ভারত-পাকিস্তান সীমান্ত সিল করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ ইজরায়েল ও ফিলিপিন্স সীমান্তের মতো উঁচু দেওয়াল ও ‘লেজার ওয়াল’ দিয়ে ঘেরা হবে নিয়ন্ত্রণরেখা, আন্তর্জাতিক সীমানা৷ জম্মু-কাশ্মীরের উরি সেক্টরে হামলার পর সীমান্তে লাগাতার পাক জঙ্গিদের হামলা ও অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠক শেষে তিনি জানান, ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সীমান্ত সিল করা হবে ‘লেজার ওয়াল’ দিয়ে৷ পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবে স্বরাষ্ট্রমন্ত্রক৷ সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক হিসাবে এই কাজের গতিবিধির উপর নজর রাখা হবে৷
এদিকে, উৎসবের মরশুমে মেতেছে রাজধানী৷ ক’দিন পরেই নবরাত্রি৷ এর মধ্যেই নাশকতার আতঙ্ক ছড়াল দিল্লিতে৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরে অনুপ্রবেশকারী দুই পাক জঙ্গি দিল্লিতে ঘাঁটি গেড়েছে৷ পুজোর সময়ই বড় রকমের হামলার ছক কষেছে তারা৷ ইতিমধ্যেই রাজধানীর প্রতিটি রাস্তা, জনবহুল এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে৷ সর্বত্র জারি হয়েছে রেড অ্যালার্ট৷ জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে৷ এদিকে এদিন দুপুরে গুজরাতের পোরবন্দরে নৌসেনা ঘাঁটিতে বিস্ফোরণের শব্দে চাঞ্চল্য ছড়িয়েছে৷ পাঠানকোটের মতো কোনও জঙ্গি হামলা হল কি না তা খতিয়ে দেখছে পুলিশ৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, কোনও বিস্ফোরণ নয়, এটি শব্দবাজির আওয়াজ৷
গুলশানের রক্ত আর জঙ্গিদের বারুদের গন্ধ উপেক্ষা করে ৭১ ফুটের প্রতিমায় মেতেছে বাংলাদেশ- দৈনিক বর্তমান
দেশপ্রিয় পার্কে ৮৮ ফুটের দুর্গাপ্রতিমা তাক লাগিয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এই রেকর্ড ছুঁতে না পারলেও, দর্শনার্থীদের চমকে দিতে এবার বাংলাদেশের নোয়াখালির চৌমুহনীর বিজয়া সর্বজনীন দুর্গামন্দির তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে বানিয়েছে দেশের মধ্যে সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা। ৭১ ফুট দীর্ঘ প্রতিমা! সাততলা একটি ভবনের সমান! একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করেই এই প্রতিমা নির্মাণ। দাবি পুজো আয়োজক কমিটির। বাঁশ, খড়, কাঠ আর লোহার রড দিয়ে বানানো হয়েছে প্রাথমিক কাঠামো। এরপর কাদামাটির প্রলেপ। কয়েক স্তর লেপে শুকানোর পর তাতে দেওয়া হয়েছে সিমেন্টের আস্তরণ। লক্ষ্মীর উচ্চতা ৪৫ ফুট, সরস্বতী ৪০ ফুট, গণেশ ৩৫ ফুট এবং কার্তিকের উচ্চতা ৩০ ফুট। আর এই বিশালাকৃতির পুজোর মঞ্চ তৈরিতে খরচ হয়েছে ৩৫ লক্ষ টাকা। প্রতিমা নির্মাণে নেতৃত্ব দিয়েছেন শরীয়তপুর জেলা থেকে আসা প্রতিমা কারিগর অমলকৃষ্ণ পাল।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮