ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! ৯ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বাংলাদেশের তিনটি স্থানে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ১১ জঙ্গি নিহত হওয়ার খবরটিকে আজ ঢাকা থেকে প্রকাশিত প্রায় সবগুলো দৈনিক শীর্ষ শিরোনামের মর্যাদা দিয়েছে। কোনো কোনো পত্রিকা খবরটিকে ব্যানার শিরোনাম করেছে। এই খবর ছাড়া ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলো আরো যেসব খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সেগুলোর কয়েকটির শিরোনাম হচ্ছে-
বাংলাদেশ:
- নজরদারিতে মেজর জিয়া, যে কোনো সময় গ্রেফতার : স্বরাষ্ট্রমন্ত্রী
- বিএনপি-জামায়াত জঙ্গি তত্পরতার সাথে সম্পৃক্ত: হাছান মাহমুদ
- তথ্য ফাঁস হওয়ার ভয়ে উগ্রবাদীদের মেরে ফেলা হচ্ছে: বিএনপি
- ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী
- সাম্প্রদায়িকতার সৃষ্টিকারীদের বিষদাঁত ভেঙে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বিএনপি সংস্কারপন্থিদের দলে 'ফিরিয়ে' নেবে
- চোখ খুলেছেন খাদিজা, হাত-পা নাড়ছেন
- ১০ টাকার চাল বিক্রিতে অনিয়মের অভিযোগ
- টাইগারদের সিরিজ বাঁচানোর লড়াই আজ
ভারত:
- বাংলাদেশে জে এম বি প্রধান আকাশ সহ ১১ জঙ্গি নিকেশ
- নবগ্রামে সেনা ঘাঁটির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি
- বালুচিস্তান তুললে খালিস্তান তুলব: পাকিস্তান
- কিশোরের মৃত্যু, ফের উত্তপ্ত কাশ্মীর
- ‘সন্ত্রাসবাদ বলতে বিশ্ব বোঝে ব্র্যান্ড পাকিস্তান’
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জঙ্গিবিরোধী অভিযানে নিহত ১১- দৈনিক প্রথম আলো
গুলশানের হলি আর্টিজানে হামলার ১০০ দিন পূর্ণ হওয়ার আগে গতকাল এক দিনেই পুলিশ ও র্যাবের তিনটি অভিযানে নিহত হয়েছেন সন্দেহভাজন ১১ জঙ্গি। এ নিয়ে গত তিন মাসে সাতটি অভিযানে নিহত হলেন নব্য জেএমবির ২৫ জঙ্গি।
এ ছাড়া গতকাল সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় র্যাবের আরেকটি অভিযানের সময় পাঁচতলা বাড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। র্যাবের দাবি, আবদুর রহমান ওরফে নাজমুল হক নামের এই ব্যক্তি জঙ্গিদের অর্থ জোগানদাতা।
গতকাল শনিবার গাজীপুরে দুটি পৃথক অভিযানে নয়জন এবং টাঙ্গাইলে একটি অভিযানে দুজন নিহত হন। এই ১১ জনের মধ্যে কেবল তিনজনের নাম জানাতে পেরেছে র্যাব-পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অনলাইন নিউজ পোর্টাল ডিএমপি নিউজে বলা হয়, পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের একজন ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত। তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগের ‘অপারেশন কমান্ডার’ ছিলেন। ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, তামিম চৌধুরী নিহত হওয়ার পর এই আকাশ সংগঠনের নেতৃত্ব দিচ্ছিলেন।
অন্যদিকে র্যাব জানায়, গাজীপুরে তাদের অভিযানে নিহত দুজনের নাম হলো মো. রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। এর মধ্যে তৌহিদ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্র এবং রাশেদ এবার এসএসসি পাস করেছে। র্যাব বলছে, তারা এই নাম বাড়ির মালিকের কাছ থেকে পেয়েছে। এটা প্রকৃত নাম কি না, সে বিষয় তারা নিশ্চিত নয়।
মেজর জিয়াকে যেকোনো সময় ধরা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কথিত সামরিক শাখার প্রধান মেজর জিয়াউল হক ওরফে মেজর জিয়া গোয়েন্দা সংস্থার নজরদারিতে রয়েছেন। যেকোনো সময় তাকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর জিয়া আমাদের নজরদারিতে আছেন। তাকেও আমরা যেকোনো সময় ধরে ফেলব। তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী জড়িত ব্যক্তিদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। অনেকে ধরাও পড়েছে। বাকিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। গাজীপুর ও টাঙ্গাইলের অভিযান নিয়মিত অভিযানেরই অংশ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী- দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মের নাম নিয়ে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি, নিয়ে যাচ্ছি, আগামীতেও নিয়ে যাব। জঙ্গিবাদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না।
শনিবার বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসব পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সকলের তরে সকলে আমরা, আমরা মানবের তরে। আসুন সবাই মিলে একসঙ্গে দেশকে গড়ে তুলি। এভাবেই আমরা দেশকে পরিচালিত করছি।
শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম। ইসলামে জঙ্গিবাদের জায়গা নেই। যারা এসব করে তারা ধর্মবিরোধী কাজ করে।
তথ্য ফাঁস হওয়ার ভয়ে উগ্রবাদীদের মেরে ফেলা হচ্ছে : নজরুল ইসলাম- দৈনিক নয়াদিগন্ত
নিজেদের সম্পৃক্ততার কথা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে বিচারের মুখোমুখি না করে উগ্রবাদীদের ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো এমন তথ্য পাওয়া যেত যাতে সরকারের জন্য বিব্রতকর হয়, তাদের সম্পৃক্ততার কথা প্রকাশ হয়ে পড়ে, এজন্যই উগ্রবাদীদের মেরে ফেলা হচ্ছে। আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশনেত্রী ফোরাম এ সভার আয়োজন করে।
বিএনপি-জামায়াত জঙ্গি তত্পরতার সাথে সম্পৃক্ত: হাছান মাহমুদ- দৈনিক ইত্তেফাক
বিএনপি-জামায়াত জঙ্গি তত্পরতার সাথে জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বিএনপি-জামায়াত এ দেশে আগুন সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু সেই তত্পরতায় ব্যর্থ হয়ে এখন তারা সম্পৃক্ত হচ্ছে জঙ্গিবাদে।
শনিবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে এ সভা আয়োজন করেন।
হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা জঙ্গি দমন করে পৃথিবীর ইতিহাসে উদারণ সৃষ্টি করেছেন। আজ থেকে ২ মাস আগে এ দেশে জঙ্গি তত্পরতা খুবই ভয়াবহ আকারে বেড়েছিলো। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার সুদৃঢ় নেতৃত্বের মাধ্যমে জঙ্গি দমন করতে পেরেছেন।
চোখ খুলেছেন খাদিজা-দৈনিক মানবজমিন
ছিয়ানব্বই ঘণ্টা পর্যবেক্ষণের পর সাড়া দিয়েছেন খাদিজা আক্তার নার্গিস। চিকিৎসকদের পরীক্ষায় সাড়া দিয়ে চোখ খুলেছেন। হাত-পা নাড়িয়েছেন। চিকিৎসকরা বলছেন তাদের চেষ্টা আর সৃষ্টিকর্তার কৃপায় খাজিদার জীবনে ফেরার লক্ষণ এটি। একইভাবে খাদিজার স্বজনরা জানিয়েছেন, তাকে নড়াচড়া করতে দেখেছেন তারা। এতে তারাও আশা দেখছেন। গতকাল দুপুরে খাদিজার সর্বশেষ অবস্থা সাংবাদিকদের জানান, স্কয়ার হাসপাতালের নিউরো সার্জন ডা. রেজাউস সাত্তার ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী কনসালটেন্ট ডা. মির্জা নাজিম উদ্দিন। ডা. রেজাউস সাত্তার বলেন, অস্ত্রোপচারের পর খাদিজা আক্তার নার্গিসকে ৭২ ঘণ্টা অবজারভেশন করার পরে আরো কিছু সময়ে অবজারভেশনে রাখা হয়েছিল। অবজারভেশনে রাখার উদ্দেশ্য চিকিৎসারই অংশ।
বিএনপি সংস্কারপন্থিদের দলে 'ফিরিয়ে' নেবে- দৈনিক সমকাল
মাঠ জরিপসহ নানা হিসাব-নিকাশ কষে দলের সংস্কারপন্থি নেতাদের ব্যাপারে 'নমনীয়' হয়েছে বিএনপির হাইকমান্ড। ওই সব 'বাদ' দেওয়া নেতাদের অধিকাংশকে আনুষ্ঠানিকভাবে দল থেকে বহিষ্কার করা না হলেও বাস্তবত দলে তাদের কোনো ভূমিকা নেই। তাদের দলে 'ফিরিয়ে আনা'র সিদ্ধান্ত নেবেন চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সংসদ নির্বাচনে এমন কয়েকজন নেতাকে মনোনয়ন দিতে পারেন তিনি। ইতিমধ্যে ওই সব নেতাকে সবুজসংকেত দেওয়া হয়েছে। দলের দু'জন শীর্ষস্থানীয় নেতাকে তাদের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দিয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে পাঁচজন নেতার সঙ্গে যোগাযোগ করে দলের চেয়ারপারসনের মনোভাব জানিয়েছেন তারা। তাদের স্ব-স্ব নির্বাচনী এলাকায় তৎপর হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। তবে পদপদবি ও মনোনয়ন দেওয়ার আগ পর্যন্ত শুধু আশ্বাসে ভরসা পাচ্ছেন না তারা।
বিএনপির হাইকমান্ডের গোপন এ সিদ্ধান্তে নাখোশ দলের 'কট্টরপন্থি' অংশের কয়েকজন শীর্ষ নেতা। তারা বলছেন, চেয়ারপারসন এখনও দলের আসল ও নকল লোক চিনতে পারছেন না। তবে দলের উদারপন্থি নেতারা বলছেন, বিএনপি নেত্রী দেশের সংকটময় অবস্থায় দল-মত নির্বিশেষে যে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে আগে দলের ভেতর ঐক্য প্রয়োজন। তাই খালেদা জিয়া দলের ভেতর বিভেদের রেখা মুছে ফেলতে চান। সংস্কারপন্থি হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী-এমপিদের আসনে জনপ্রিয় ওই সব নেতাকে প্রয়োজন বলে তিনি মনে করেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
নবগ্রামে সেনা ঘাঁটির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি- দৈনিক আজকাল
পশ্চিমবঙ্গের নবগ্রামে সেনা ঘাঁটির উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। পূর্বাঞ্চলে এই ধরনের ঘাঁটির প্রয়োজনের কথা অনেকদিন ধরেই জানিয়ে আসছিল সেনা। অবশেষে মুর্শিদাবাদে সেই ঘাঁটি তৈরি করা হল। আজ উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন ইস্টার্ন কমান্ডের পক্ষে জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল প্রবীণ বক্সী। তাছাড়া রাজ্যের প্রতিনিধি এবং সাংসদরা। ৩২ মাস আগে এই ঘাঁটির ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন রাষ্ট্রপতি। এত দ্রুত কাজ শেষ করার জন্য তিনি সেনাকে ধন্যবাদ জানান।
কিশোরের মৃত্যু, ফের উত্তপ্ত কাশ্মীর- দৈনিক বর্তমান
ফের অশান্ত কাশ্মীর। শ্রীনগরে ভারতীয় সেনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে প্রাণ হারায় ১২ বছর বয়সী এক কিশোর। নিহতের নাম জুনেইদ আহমেদ। শুক্রবার রাতে সেনার সঙ্গে সংঘর্ষে টিয়ার গ্যাসের শেল ফেটে এবং ছররা বন্দুকে আহত হয়েছিল সে। গুরুতর আহত অবস্থায় তাকে শের-ই-কাশ্মীর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে সে মারা যায়। ময়নাতদন্তে তার বুক ও মাথা থেকে প্রায় চার ডজন ছররা পাওয়া গিয়েছে। তারপর থেকেই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় জনতা। দফায় দফায় তাদের সঙ্গে সেনার সংঘর্ষ চলছে। কাশ্মীরের এক পুলিসকর্তা বলেছেন, ‘শুক্রবার শ্রীনগরের বেশ কয়েকটি জায়গায় ঝামেলা হওয়ার আশঙ্কা ছিল। তাই কার্ফু জারি করা হয়। শ্রীনগরের শহরতলি সাদিপোরায় সেনা টহল দেওয়ার সময় তাদের সঙ্গে সংঘর্ষ লাগে স্থানীয় বাসিন্দাদের। সেখানেই আহত হয় জুনেইদ।‘ গত জুলাই মাসে জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। তিন মাসে জুনেইদকে নিয়ে মৃতের সংখ্যা পৌঁছল ৯০-তে। আহত ১০০০-এরও বেশি।
‘সন্ত্রাসবাদ বলতে বিশ্ব বোঝে ব্র্যান্ড পাকিস্তান’- দৈনিক সংবাদ প্রতিদিন
সন্ত্রাসবাদ ও জঙ্গিদের মদত জোগানোর পাকিস্তানি নীতির কড়া সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ অর্থমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদ বলতে গোটা বিশ্বই এখন ‘ব্র্যান্ড পাকিস্তান’কে বোঝে৷ কারণ বিশ্বের যে কোনও জায়গায় সন্ত্রাসবাদী কাজের সঙ্গে কোনও না কোনওভাবে পাকিস্তানের নাম জড়িয়ে রয়েছে৷
আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্ব ব্যাঙ্কের এক বৈঠকে যোগ দিতে জেটলির নেতৃত্বে এক ভারতীয় প্রতিনিধিদল আমেরিকা সফরে রয়েছেন৷ ওয়াশিংটনে জেটলি বলেন, “সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান যে ব্যবস্থা নিয়েছে প্রয়োজনের তুলনায় তা নিতান্তই নগণ্য৷ চলতি বছরের নভেম্বর মাসে ইসলামাবাদে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল৷ কিন্তু দক্ষিণ এশিয়ার একাধিক দেশ ওই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ এ থেকেই প্রমাণ হয় যে, দক্ষিণ এশিয়াতেও পাকিস্তান একঘরে হয়ে পড়েছে৷ সন্ত্রাসবাদীদের মদত দেওয়া পাকিস্তানের নীতি হয়ে দাঁড়িয়েছে৷ বিশ্বের যে কোনও জায়গায় বড় ধরনের জঙ্গি হামলায় পাকিস্তানের নাম জড়িয়ে যাচ্ছে৷ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ক্ষেত্রে একটাই নাম উঠে আসছে, সেটা হল ব্র্যান্ড পাকিস্তান৷ সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা এতটাই তুচ্ছ যে বিশ্বের কোনও দেশই তাদের কথা শুনতে চায় না৷”
বালুচিস্তান তুললে খালিস্তান তুলব: পাকিস্তান- দৈনিক আজকাল
কাশ্মীর প্রসঙ্গে হালে পানি না পেয়ে এবার ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানোর হুমকি দিল পাকিস্তান। কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে যাতে পাশে পাওয়া যায় তার জন্য জনমত গড়ে তুলতে ওয়াশিংটন গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিশেষ দূত মুশায়েদ হুসেন সইদ এবং শেরজা মনসব। কিন্তু ওয়াশিংটন স্পষ্ট করে দিয়েছে গিলগিট–বালুচিস্তান, পাক অধিকৃত কাশ্মীর, সিন্ধু প্রদেশে পাকিস্তানের বিরুদ্ধেই মানবাধিকার ভঙ্গের অভিযোগ রয়েছে। এরপরই সইদ বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি বালুচিস্তান প্রসঙ্গ তুলেছেন। আমরাও খালিস্তান, নাগাল্যান্ড, ত্রিপুরা, আসাম সিকিম বা মাও বিরোধী অভিযানের কথা তুলতে পারি। কিন্তু আমরা তা করি না। কারণ প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা ঠিক নয়।’
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯