অক্টোবর ১০, ২০১৬ ০৭:৪৭ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১০ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। রোববার দিবারাত্রির খেলায় বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে ৩৪ রানে পরাজিত করেছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় বাংলাদেশ দলের এ জয়লাভের খবর আজ সবগুলো দৈনিক গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। টাইগারদের সামনে এখন সিরিজ জয়ের হাতছানি বলেও মন্তব্য করেছে কোনো কোনো পত্রিকা। এই খবর ছাড়া ঢাকা থেকে প্রকাশিত দৈনিকগুলো আরো যেসব খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সেগুলোর কয়েকটির শিরোনাম হচ্ছে-

বাংলাদেশ:

  • ইংল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে হারানোতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • গুলশান হামলার ১০০ দিন: ‘নব্য জেএমবি’ এখনো হুমকি
  • নেশার ঘোর কেটে যাচ্ছে: জঙ্গিদের ধরিয়ে দিচ্ছে জঙ্গিরাই!
  • বিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহবান প্রধানমন্ত্রীর
  • জগদ্দল পাথরের মত চেপে বসে আছে অগণতান্ত্রিক অপশক্তি: খালেদা জিয়া
  • টেকনাফ সীমান্তে বিজিবির অতিরিক্ত সতর্কতা
  • চীনা প্রেসিডেন্টের ঢাকা সফর ঘিরে প্রত্যাশার বেলুন
  • দেনার দায়ে ডুবতে বসেছে বিমান
  • এমসিকিউ অংশের নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল
  • মানসিক রোগীরা প্রায়ই শিকার হচ্ছেন অপচিকিৎসার

ভারত:

  • মহাষ্টমীতে ম্যাশদের ইংল্যান্ড বধ, সিরিজ জেতার হাতছানি
  • নবমী এবং দশমীতে রাজ্য জুড়ে ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা
  • পাক সেনার মুন্ডু কাটা নিয়ে তরজায় এ বার কংগ্রেস-বিজেপি
  • ‘স্বনির্ভর কৃষি প্রকল্প’ চালু করার উদ্যোগ নিল রাজ্য সরকার
  • সার্জিক্যাল স্ট্রাইকে কোমর ভেঙেছে লস্কর জঙ্গিদের

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

গুলশান হামলার ১০০ দিন: নব্য জেএমবি এখনো হুমকি- দৈনিক প্রথম আলো

হলি আর্টিজানের সাম্প্রতিক ছবি

গুলশানে হলি আর্টিজানে হামলা ও হত্যাযজ্ঞ চালিয়ে দেশব্যাপী আতঙ্ক তৈরি করেছিল ‘নব্য জেএমবি’। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কথিত সামরিক শাখার প্রধানসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ জঙ্গি নিহত হওয়ায় সংগঠনটি অনেকটাই বিপর্যস্ত। তা সত্ত্বেও আইএস মতাদর্শী এই গোপন সংগঠনটিকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গুলশান হামলার ১০০ দিনের মাথায় এই জঙ্গিগোষ্ঠী নিয়ে এমন পর্যবেক্ষণ জানালেন জঙ্গিবিরোধী কার্যক্রমে যুক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা। তাঁদের মতে, এই মুহূর্তে গুলশান হামলার মতো বড় ধরনের হামলা চালানোর সামর্থ্য নেই নব্য জেএমবির। তাদের শক্তি ক্ষয় হয়েছে অনেক, জনবল ও নেতৃত্ব-সংকটে পড়েছে। তারপরও সংগঠনটি এখনো ছোটখাটো ঘটনা ঘটানোর সামর্থ্য রাখে।

নেশার ঘোর কেটে যাচ্ছে: জঙ্গিদের ধরিয়ে দিচ্ছে জঙ্গিরাই!- দৈনিক সমকাল

মাত্র কয়েক মাস আগেও গ্রেপ্তারকৃত জঙ্গিদের দফায় দফায় রিমান্ডে এনে দলের কার্যক্রম সম্পর্কে সামান্য তথ্য আদায় করা না গেলেও এখন পলাতক জঙ্গিদের ধরিয়ে দিচ্ছে গোয়েন্দাজালে আটক জঙ্গিরাই। এমনকি মাঠপর্যায়ের জঙ্গিদের নতুন আস্তানার সন্ধান পেতে তারা কেউ কেউ স্বেচ্ছায় 'টোপ' হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদেরই অন্তত দুজনকে কাজে লাগিয়ে শনিবার গাজীপুর ও টাঙ্গাইলের তিনটি জঙ্গি ঘাঁটির সন্ধান পান র‌্যাব এবং কাউন্টার টেররিজম ইউনিটের গোয়েন্দারা।

সংশ্লিষ্টদের ধারণা, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে জঙ্গি দলে ভেড়ানো তরুণদের অনেকেরই নেশার ঘোর কেটে গেছে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে একের পর এক জঙ্গি সদস্য নিহত হওয়ায় তাদের দৃঢ় মনোবল ভেঙে পড়েছে। তাই তাদের অনেকে এখন মাশুল দিয়েই এ জীবন থেকে ফিরে আসতে চাইছে। এরই ধারাবাহিকতায় আটক জঙ্গিদের কেউ কেউ দলের পলাতক সদস্যদের ধরিয়ে দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহবান প্রধানমন্ত্রীর- দৈনিক নয়াদিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচলিত ভ্রান্ত বিশ্বাস ও কুসংস্কারের ঊর্ধ্বে উঠে সর্বস্তরের জনগণের জন্য বিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার মানসিক স্বাস্থ্য সেবাসহ সব ধরণের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির অধিকার ও সুযোগের সমতা বিধানে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৬’ উপলক্ষে আজ প্রদত্ত এক বাণীতে এ আহবান জানান।

তিনি বানীতে বলেন, আওয়ামী লীগ সরকারই ২০০১ সালে শেরে বাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা করে যা ছিল মানসিক স্বাস্থ্যসেবার অগ্রগতিতে একটি মাইলফলক। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, মানসিক রোগ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত করেছি।

জগদ্দল পাথরের মত চেপে বসে আছে অগণতান্ত্রিক অপশক্তি- দৈনিক ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। আজ রাষ্ট্র ও সমাজের সকল স্তরে অগণতান্ত্রিক অপশক্তি জগদ্দল পাথরের মত চেপে বসে আছে। শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করে দেশি-বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সক্ষম হবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

১০ অক্টোবর শহীদ জেহাদ দিবস উপলক্ষে রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রকে ধ্বংস করেছিল স্বৈরশাসক এরশাদ। গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির উপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় নিয়েই জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে। তাই গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে রক্ষা এবং এর বিকাশ সাধন করতে হবে, আর এজন্য আমাদের আরও সংগ্রাম করতে হবে।

চীনা প্রেসিডেন্টের ঢাকা সফর ঘিরে প্রত্যাশার বেলুন- দৈনিক যায়যায়দিন

গণচীনের প্রেসিডেন্ট শি জিং পিং

দীর্ঘ তিন দশক পর বাংলাদেশে আসছেন বর্তমান বিশ্ব অর্থনীতির প্রধান নিয়ামক শক্তি গণচীনের প্রেসিডেন্ট শি জিং পিং। বিশেষজ্ঞরা মনে করছেন, এদেশের উন্নয়নে চীনের ব্যাপক অবদানের জন্য এ সফর শুধু দু'দেশের সরকার নয় বরং দেশ দুটির জনগণের মধ্যকার সম্পর্কেও নতুন মাত্র যোগ করবে। আবার কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গভীর হওয়ার অর্থনৈতিক ক্ষেত্রেও বাড়াবে অতিরিক্ত লেনদেন ও যোগাযোগ।

সূত্র মতে, স্বাধীনতার পর কয়েক বছর বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক ছিল না। তবে দেশটির জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পর্ক কখনোই খারাপ ছিল না। ১৯৭৬ সালে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর থেকে সে সম্পর্ক ক্রমান্বয়ে আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশে চীনা প্রেসিডেন্টের আগমনকে রাজনৈতিক, সাংস্কৃতিক থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষ ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে চীনের শুধু অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিকভাবেই সুসম্পর্ক গড়ে উঠছে না বরং তা দুই দেশের জনগণের মধ্যে স্থায়ী সম্পর্কের ভিত হয়েও কাজ করবে।

দেনার দায়ে ডুবতে বসেছে বিমান- দৈনিক মানবজমিন

এয়ারলাইন্স লিমিটেড। কোম্পানি হওয়ার আগে দেউলিয়াত্বের হাত থেকে বিমানকে রক্ষা করেছে সরকার। কোম্পানি হওয়ার পরও পরিস্থিতি বদলায়নি। দিনে দিনে দেনার পরিমাণ বাড়ছে। দেনা-পাওনার চূড়ান্ত হিসাব থেকে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা, এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্টের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাওনা প্রায় তিনশ’ কোটি টাকা। অথচ রাষ্ট্রীয় এ বিমান সংস্থাটির কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) পাবে দুই হাজার সাতাশ কোটি ৯০ লাখ ৯০ হাজার ৬৬০ টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনিয়ম, দুর্নীতি, সিদ্ধান্তহীনতা আর বাণিজ্যিক পরিকল্পনার অভাবে রাষ্ট্রীয় এ সংস্থাটি মুখ থুবড়ে পড়েছে।

এমসিকিউ অংশের নম্বর কমানোর সিদ্ধান্ত বহাল- দৈনিক নয়াদিগন্ত

এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের নম্বর বণ্টনে পরিবর্তন আনার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সৃজনশীলে সাতটি প্রশ্নই থাকছে। সৃজনশীলে ছয়টির স্থলে সাতটি প্রশ্নের মাধ্যমে ১০ নম্বর বাড়িয়ে ও এমসিকিউতে ১০ নম্বর কমিয়ে সময় বিভাজনের সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

রবিবার সচিবালয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে দেশের শিক্ষাবিদদের নিয়ে গঠিত পরামর্শক কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

প্রসঙ্গত, এসএসসি, দাখিল, এইচএসসি ও আলিম পরীক্ষার সময় ও নম্বর নতুন করে বিভাজন করে গত ১৮ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি। এ বিভাজন অনুযায়ী ১০০ নম্বরের পরীক্ষায় ৩০টি বহু নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) উত্তরের জন্য সময় বরাদ্দ করা হয় ৩০ মিনিট। আগে এক্ষেত্রে ৪০টি প্রশ্নের জন্য ৪০ মিনিট ছিল। অপরদিকে নতুন নিয়মে সৃজনশীল অংশে ছয়টির স্থলে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। আগে ৬টি প্রশ্নের জন্য এ সময় ছিল ২ ঘণ্টা ১০ মিনিট। এ সিদ্ধান্ত ২০১৭ সাল থেকে কার্যকর হবে।

টেকনাফ সীমান্তে বিজিবির অতিরিক্ত সতর্কতা- দৈনিক ইত্তেফাক

কক্সবাজারের টেকনাফে রবিবার বিকেল থেকে সীমান্তে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২  বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবু জার আল জাহিদ।

তিনি  জানান,  মিয়ানমারে অজ্ঞাতনামা গোষ্ঠি মিয়ানমার সীমান্ত পুলিশ ক্যাম্পের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুঠের ঘটনার পর টেকনাফে বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। সব সীমান্ত বিওপি চৌকিতে বিজিবির সদস্যরা বাড়ানো হয়েছে।

তিনি আরো জানান, মিয়ানমার পুলিশ ক্যাম্পের হামলাকারীরা যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ককে সর্তক থাকতে বলেছেন মিয়ানমার পুলিশ। এ ঘটনার তাদের ব্যাপক ক্ষয়-ক্ষতির কথাও জানায়।

আবু জার আল জাহিদ জানান, বিশেষ করে যেন সীমান্ত দিয়ে কোন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি সীমান্তে যাতে কোন লোকজন চলাচল না করে সে ব্যাপারে সবাইকে অবহিত করা হয়েছে। তাছাড়া টেকনাফ সদর  চৌকির বিওপির আওতায় একদিনের মিয়ানমারে যাওয়া-আসা ট্রানজিট ঘাট বন্ধ ছিল।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

সার্জিক্যাল স্ট্রাইকে কোমর ভেঙেছে লস্কর জঙ্গিদের- দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষত ঠিক কবে ভুলতে পারবে পাকিস্তান, সে কথা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই৷ কারণ, ভারতীয় ফৌজের অভিযানের আফটার শকে এখনও কেঁপে কেঁপে উঠছে পাক রেঞ্জার্স ও আইএসআই মদতপুষ্ট লস্কর জঙ্গিরা৷ তবে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এবার লস্কর জঙ্গিদের দাপট অনেকটাই কমতে বাধ্য৷ কারণ, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার৷ সেনার অ্যাসেসমেন্ট রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে৷ রিপোর্টে বলা হয়েছে, জঙ্গিদের লঞ্চপ্যাডে অভিযান চালিয়ে অন্তত ২০ জন লস্কর জঙ্গিকে নিকেশ করা গিয়েছে৷ পাক সেনার কথোপকথনে গোপনে আড়ি পেতে জওয়ানরা এ বিষয়ে নিশ্চিত হয়েছেন৷

পাক সেনার মুন্ডু কাটা নিয়ে তরজায় এ বার কংগ্রেস-বিজেপি- দৈনিক আনন্দবাজার

পাকিস্তানের বিরুদ্ধে সেনা অভিযান নিয়ে নরেন্দ্র মোদীর দল যখন আস্ফালন শুরু করেছে, সেই সময় মনমোহন সিংহ জমানায় ‘আরও বড়’ সেনা হামলার তথ্য সামনে এল। এবং স্বাভাবিক ভাবেই সেই ঘটনার কথা তুলে ধরে প্রতিযোগিতায় নামার চেষ্টা করল কংগ্রেস। দুই ভারতীয় জওয়ানের মুন্ড কেটে নিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে তিন পাকিস্তানি সেনার মুন্ড কেটে এনেছিলেন ভারতীয় জওয়ানরা। ২০১১ সালের সেই ঘটনা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক-উত্তর পরিস্থিতিতে।

২০১১ সালে জুলাই মাসে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা অঞ্চলে পাকিস্তানি ‘বর্ডার অ্যাকশন টিম’ ভারতীয় পোস্টে আকস্মিক হামলা করে দুই জওয়ানের মুন্ডচ্ছেদ করে নিয়ে যায়। তার বদলা নিতে ভারতীয় বাহিনী আটঘাট বেধে সার্জিক্যাল স্ট্রাইক করে পাক অধিকৃত কাশ্মীরে। সে বছরই অগস্টের শেষ দিকে সেই হামলা চালানো হয়েছিল। ভারতীয় সেনা তিন পাকিস্তানি সেনার মুন্ড কেটে নিয়ে আসে বলে শোনা গিয়েছিল। এক সংবাদপত্রে এই খবর প্রকাশের পর সেই সময় এই অপরাশনের দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এস কে চক্রবর্তী এই খবরের সত্যতা স্বীকারও করেছিলেন। তিনি বলেছিলেন, “বদলা নেওয়ার জন্য এই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল।”

স্বনির্ভর কৃষি প্রকল্প চালু করার উদ্যোগ নিল রাজ্য সরকার- দৈনিক সংবাদ প্রতিদিন

শুধু শাকসবজি নয়৷ বাংলায় বহুমুখী কৃষির প্রচলন ঘটিয়ে সব ধরনের ফসলের ক্ষেত্রেই অংশীদারি চাষ চালু করতে চাইছে রাজ্য সরকার৷ আর সেই কাজে পাশে থাকতে আহ্বান জানিয়ে বার্তা গিয়েছে রাজ্যের বণিকসভাগুলির কাছে৷

রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়েছেন, আগামি দিনে বাংলা জুড়ে নিবিড় কৃষি প্রকল্প চালু করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ কৃষি দফতরের পরিকল্পনা, একই জমিতে ধান, মাছ, শাক সবজি, প্রাণী পালন-সহ বিভিন্ন ধরনের চাষ চালু করা৷ প্রকল্পের নামকরণ করা হয়েছে ‘স্বনির্ভর কৃষি প্রকল্প’৷ কৃষি দফতরের পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ, মৎস্য, প্রাণী সম্পদ-সহ সংশ্লিষ্ট অন্যান্য দফতরগুলিকে নিয়ে এই প্রকল্প গড়ে তোলা হবে৷ কৃষিমন্ত্রীর কথায়, গোটা দুনিয়া জুড়ে কৃষিজমির পরিমাণ কমছে৷ আগামিদিনে বহুমুখী কৃষি প্রকল্পের উপরই জোর দিতে হবে৷ একই জমিতে মিলেমিশে বিভিন্ন রকম চাষ করতে হবে৷ গত সপ্তাহে নবান্নে বিষয়টি নিয়ে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লার সঙ্গে দীর্ঘ আলোচনাও হয়েছে পূর্ণেন্দুবাবুর৷ পরে দুই দফতরের সচিব-আধিকারিকদের নিয়ে বৈঠক করে কাজে নেমে পড়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে নবান্ন-সূত্রে খবর৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০