সত্য প্রতিষ্ঠায় আশুরার শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান প্রধানমন্ত্রীর
প্রিয় পাঠক/শ্রোতা! ১২ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- পবিত্র আশুরা আজ
- সত্য প্রতিষ্ঠায় আশুরার শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য : খালেদা জিয়া
- ইমামবাড়া পরিদর্শনে দক্ষিণ সিটি মেয়র
- চীনের প্রেসিডেন্টের সফর: ৪০ বিলিয়ন ডলার ঋণ ও ২৫ চুক্তির ঘোষণা আসছে
- জঙ্গির স্ত্রী রুমির চাঞ্চল্যকর তথ্য: উচ্চপর্যায়ের ব্যক্তিরা ও সরকারি কর্মকর্তা জড়িত
- নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু: রেলপথে মৃত্যুর বড় কারণ কানে মুঠোফোন
- মেঘনায় বুধবার থেকে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ
- জয় দেশের সম্পদ, দলেরও হবেন: নাসিম
ভারত:
- বন্ধু পাকিস্তানের হয়ে তাল ঠুকে যাচ্ছে চিন, আমল দিচ্ছে না দিল্লি
- সরকারের সমালোচনার ফল, পাক সাংবাদিকের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা
- ৪৮ ঘণ্টার গুলির লড়াই শেষ, পাম্পোরে খতম তিন জঙ্গি
- দশেরায় সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা মোদির
- ইছামতীর নিরঞ্জনে মিলল দুই বাংলা
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
পবিত্র আশুরা আজ- দৈনিক প্রথম আলো

আজ বুধবার ১০ মহররম, পবিত্র আশুরা। মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সালের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন।
আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হচ্ছে। নফল রোজা, নামাজ, জিকির-আসকারের ভেতর দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পালন করছেন। দেশব্যাপী বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। পুরান ঢাকার হোসেনি দালানসহ বিভিন্ন স্থান থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হবে। ইসলামিক ফাউন্ডেশন গতকাল বায়তুল মোকাররম মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করে।
সত্য প্রতিষ্ঠায় আশুরার শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সকলের প্রতি আশুরার মহান শিক্ষার প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়েছেন।
আগামীকাল পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। পবিত্র আশুরা মানব ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) ও তার পরিবারবর্গ কারবালা প্রান্তরে শাহাদতবরণ করেন।'
দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্রতম উল্লেখ করে তিনি আরো বলেন, 'তাদের এ আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।'
অন্যায়, অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য : খালেদা জিয়া- দৈনিক নয়াদিগন্ত

পবিত্র আশুরা উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বাণীতে শহীদ ইমাম হোসেন (রা.)সহ কারবালার প্রান্তরে সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের রুহের মাগফিরাত কামনা করেছেন।
তিনি বলেন, ১০ মহররম সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি অত্যন্ত তাৎপর্যময় দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিলো এক শোকাবহ ঘটনা। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদের (সা.) প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং বেদনার্ত করে। সত্য ও ন্যায়ের জন্য তার আত্মত্যাগ বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে।
তিনি বলেন, অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া প্রতিটি মানুষের কর্তব্য। ইসলাম আমাদেরকে সেই শিক্ষাই দেয়। মহানবী (সা.) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তার উম্মত হিসেবে আমাদের কর্তব্য যেকোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠির অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখার দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
ইমামবাড়া পরিদর্শনে দক্ষিণ সিটি মেয়র- দৈনিক মানবজমিন
পবিত্র আশুরা উপলক্ষে হোসেনী দালানসহ আশেপাশের সকল অলিগলিতে নগরবাসীর নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল বিকালে নগরীর হোসেনী দালানে পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তার ব্যবস্থাসহ সকল আয়োজন পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন একথা বলেন। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ডিএমপি, র্যাবসহ সকল নিরাপত্তা সংস্থার সহযোগিতায় নগরীকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে।
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া-সুন্নি সকল সম্প্রদায়ের মানুষ শোকাবহ ও আবেগঘন পরিবেশে এ দিনটি পালন করে থাকেন। এ দিনটিতে শিয়া-সুন্নি ভেদাভেদ ভুলে সকলে ভাবগাম্ভীর্ষ পরিবেশে নফল এবাদত পালন করে থাকেন। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তাজিয়া মিছিলে গত বছরের ন্যায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এ জন্য সিটি করপোরেশন, ডিএমপি, র্যাবসহ সকল নিরাপত্তা সংস্থার সহযোগিতায় নগরীতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু: রেলপথে মৃত্যুর বড় কারণ কানে মুঠোফোন-দৈনিক প্রথম আলো

নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেলওয়ের একটি থানা এলাকায় চলতি বছরের ৯ মাসে ২৩০টি লাশ উদ্ধার হয়েছে। এদের মধ্যে ১০৬ জন মারা যায় মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথ পার হওয়ার সময়। সারা দেশে রেলওয়ের থানা ২৪টি। এ তথ্য জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার সদ্যবিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ।
রেলওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শামসুদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী, গত নয় মাসে সারা দেশে রেলপথ থেকে ৭২৯টি লাশ উদ্ধার করা হয়েছে। অসতকর্তা, হত্যা ও আত্মহত্যার পাশাপাশি মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথ পার হওয়া এসব মৃত্যুর বড় কারণ। তবে ২৪ থানা এলাকায় শুধু মুঠোফোনের কারণে মোট মৃত্যু কত, তা জানা যায়নি।
বর্তমানে ভৈরব থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আবদুল মজিদ বলেন, নারায়ণগঞ্জ থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪২ কিলোমিটার পথে গত সেপ্টেম্বরে এক মাসেই ট্রেন দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২৫ জনেরই মৃত্যু হয়েছে মুঠোফোনে কথা বলতে বলতে রেলপথ পার হওয়ার সময়। আর নয় মাসে লাশ উদ্ধার হয়েছে ২৩০টি। এদের মধ্যে পাঁচজনকে হত্যার পর রেলপথে ফেলে যাওয়া হয়েছিল। অন্যদের মৃত্যু হয়েছে অসতর্কতা, আত্মহত্যাসহ বিভিন্ন কারণে।
চীনের প্রেসিডেন্টের সফর: ৪০ বিলিয়ন ডলার ঋণ ও ২৫ চুক্তির ঘোষণা আসছে- দৈনিক যুগান্তর

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বাংলাদেশ সফরে দু’দেশের মধ্যে ২৫টির বেশি চুক্তি এবং এসব চুক্তির আওতায় ৪০ বিলিয়ন ডলারের বেশি ঋণের ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের মাইলফলক হিসেবে অভিহিত করেছে চীন। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, চীনের প্রেসিডেন্টের সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন ইতিহাস রচনা করবে। কেননা বাংলাদেশে অবকাঠামোসহ বিভিন্ন মেগা প্রকল্পে এত বড় অংকের ঋণ কোনো একক দেশ আগে কখনও দেয়নি। প্রধানত বাণিজ্য ও অর্থনীতি, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এসব ঋণে প্রকল্প হাতে নেয়া হবে।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে থাকবেন দেশটির তিনজন স্টেট কাউন্সিলর, পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং উন্নয়ন ও সংস্কার কমিশনের নির্বাহী চেয়ারম্যানসহ ২৪ সদস্যের প্রতিনিধি দল।
জয় দেশের সম্পদ, দলেরও হবেন: নাসিম- দৈনিক সমকাল

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন এনে সজীব ওয়াজেদ জয় দেশের সম্পদে পরিণত হয়েছেন। আওয়ামী লীগ উপযুক্ত মর্যাদা দিলে তিনি দলেরও সম্পদ হবেন।'
তবে জয় দলের কেন্দ্রীয় কমিটিতে আসবেন কি-না, সে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেবে বলে জানান তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-পরিষদের সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচনের খুব বেশি সময় নেই। ওই নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি নেতাকর্মীদের সংগঠিত করতে এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এই সম্মেলনের মাধ্যমে আগামী নির্বাচনে বিজয়ের পথ অনেকটা সুগম হবে।'
আ. রহমানের স্ত্রী রুমির চাঞ্চল্যকর তথ্য: উচ্চপর্যায়ের ব্যক্তিরা ও সরকারি কর্মকর্তা জড়িত- দৈনিক যুগান্তর

নিউ জেএমবির অর্থনিয়ন্ত্রক আবদুর রহমানের সঙ্গে ‘উচ্চপর্যায়ের’ ব্যক্তিদের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দু-একজন ‘ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা’ আছেন। আছেন চিকিৎসক ও প্রকৌশলীও। চাকরিতে বহাল আছেন, অথচ জঙ্গিদের সঙ্গেও তাদের রয়েছে নিয়মিত যোগাযোগ। আবদুর রহমানের স্ত্রী শাহনাজ আক্তার রুমির কাছ থেকে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। রুমির তথ্য অনুযায়ী, আবদুর রহমানের কাছে নিউ জেএমবির সমন্বয়ক তামিম আহমেদ চৌধুরীও আসত। তামিম ‘বস’ বলে ডাকত আবদুর রহমানকে। তার দেয়া চাঞ্চল্যকর তথ্যে র্যাবের গোয়েন্দারা রীতিমতো বিস্মিত বলে জানা গেছে। তবে সন্দেহভাজন এসব কর্মকর্তা ও ব্যক্তির ওপর কড়া নজর রাখছে র্যাব। তাদের যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে বলেও জানিয়েছে র্যাব।
গত রোববার আশুলিয়ায় অভিযানে গ্রেফতার হয় শাহনাজ আক্তার রুমি। অভিযান চালানোর সময় পাঁচ তলার জানালা দিয়ে লাফিয়ে পালানোর সময় গুরুতর আহত হয়ে মারা যায় আবদুর রহমান। গ্রেফতারের পরদিন রুমিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। মামলাটি তদন্তের স্বার্থে রুমিকে জিজ্ঞাসাবাদ করছে র্যাব।
মেঘনায় বুধবার থেকে ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ- দৈনিক ইত্তেফাক

মা ইলিশ রক্ষায় বুধবার ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এসময়ে লক্ষ্মীপুরের ৩৭ হাজার ৩২৬ জন জেলের প্রত্যেককে ২০ কেজি করে ভিজিএফের চাল সহায়তা দেয়া হবে।
জেলা মৎস্য অফিস সূত্র জানায়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশের প্রজনন ক্ষেত্রে সব মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ। এ আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের জেল অথবা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।
এ নিষিদ্ধ সময়ে জেলার রামগতি উপজেলায় ১৬ হাজার ২০৫ জন, কমলনগরে ১০ হাজার ২৭১ জন, রায়পুরে ৬ হাজার ৩৭জন ও সদর উপজেলার ৪ হাজার ৮১৩ জন নিবন্ধিত জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হবে।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্লাহ জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেরা নদীতে সব ধরনের মাছ শিকার থেকে বিরত থাকবেন বলে তিনি আশা করছেন। এ সময়ে জেলেদের ২০ কেজি করে চাল দিয়ে সহায়তা করা হবে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
ইছামতীর নিরঞ্জনে মিলল দুই বাংলা-দৈনিক আজকাল

অবশেষে এল সেই দিন। দশমী। না চাইলেও আজ পুজো শেষের দিন। প্রতিবারের মতো টাকিতে ইছামতীর জলে মিলে গেল দুই বাংলা। এদিন বাংলাদেশ আর টাকি, দুই বাংলার প্রতিমাই নিরঞ্জন হয় ইছামতীতে। নিরঞ্জনের পর শুভেচ্ছা বিনিময় করেন দুই দেশের মানুষ। সীমানার বেড়াজাল এদিন থাকে না। সীমান্তরক্ষীদের চোখরাঙানিও আলগা।
বন্ধু পাকিস্তানের হয়ে তাল ঠুকে যাচ্ছে চিন, আমল দিচ্ছে না দিল্লি- দৈনিক আনন্দবাজার
গোয়ায় ভারত-চিন শীর্ষ নেতৃত্বের বৈঠক আগামী শনিবার। তারিখ যত এগিয়ে আসছে, ততই বাড়ছে দ্বিপাক্ষিক উত্তাপ। বিষয়— পাকিস্তান! ‘উরি-কাণ্ড’ ও ভারতের ‘সার্জিকাল স্ট্রাইক’-পরবর্তী পর্যায়ে গোটা বিশ্বে পাকিস্তান কার্যত একঘরে হয়ে পড়লেও, স্পষ্টতই বুক ফুলিয়ে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে বেজিং। আজ নিজেদের অক্ষ আরও এক বার স্পষ্ট করে দিয়ে সে দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাক সীমান্ত সিল করে দেওয়ার ভারতীয় সিদ্ধান্ত অযৌক্তিক।
বিদেশ মন্ত্রক ঘরোয়া ভাবে চিনের এই মানসিকতার তীব্র সমালোচনা করছে। মন্ত্রকের এক কর্তার মতে, এই সপ্তাহে গোয়ায় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলনের আগে চাপ তৈরি করার এই চেষ্টা হাস্যকর। সেখানে নয়াদিল্লির সঙ্গে পার্শ্ববৈঠকে বেজিং অবশ্যই পাকিস্তান প্রসঙ্গ তুলবে। তার আগে নেহাতই আসর গরম করার চেষ্টা হিসেবেই একে দেখছে সাউথ ব্লক। ওই কর্তার কথায়, “বেজিং যাদের হয়ে লড়তে নেমেছে, তারা ইতিমধ্যেই গোটা বিশ্বের সামনে সন্ত্রাস প্রশ্নে উলঙ্গ হয়ে গিয়েছে। তা ছাড়া ভারত তার আন্তর্জাতিক সীমান্ত সিল করবে, কি করবে না, সেটা পুরোপুরি ভাবে নির্ধারিত হবে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি বিচার করে। সেখানে কোনও অন্য দেশের নাক গলানোর কোনও প্রশ্নই আসে না।”
সরকারের সমালোচনার ফল, পাক সাংবাদিকের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা- দৈনিক সংবাদ প্রতিদিন
সত্য সংবাদ সামনে আনার মূল্য চোকাতে হচ্ছে পাকিস্তানের সাংবাদিককে। পাক প্রশাসন ও পাক সেনার মধ্যে জঙ্গি দমন নিয়ে তীব্র মতবিরোধ রয়েছে। এমনকী, সেনাবাহিনী পাকিস্তানের বর্তমান সরকারকে নিয়ন্ত্রণ করছে। এই সংবাদ নিজের সংবাদপত্রে লিখেছিলেন সিরিল আলমিডা। আর এই ‘অপরাধে’ই তাঁর দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করল নওয়াজ শরিফের সরকার।
নিজের অবস্থার কথা টুইটারে জানিয়েছেন সিরিল আলমিডা। তাঁর আশঙ্কা, পাক সরকারের বিরুদ্ধে কথা বলায় প্রাণে মেরে ফেলা হতে পারে তাঁকে। এই কারণেই দেশ ছাড়তে চেয়ে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু, পরপর তিনবার তাঁকে ‘এক্সিট কন্ট্রোল লিস্ট’-এ ফেলে দেওয়া হয়েছে।
পাক প্রশাসন অবশ্য এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। সত্যি সংবাদ সবার সামনে আনার জন্য অনুতপ্ত নন সিরিল। তবে টুইটারের নিজের দেশের প্রশাসনিক আধিকারিকদের এই ব্যবহার নিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
৪৮ ঘণ্টার গুলির লড়াই শেষ, পাম্পোরে খতম তিন জঙ্গি- দৈনিক সংবাদ প্রতিদিন

কাশ্মীরে জঙ্গি হানা অব্যাহত৷ আটচল্লিশ ঘণ্টা বাদে পাম্পোরে হামলাকারী ৩ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা৷ শোনা গিয়েছে, জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের বেশ কিছুটা অংশ উড়িয়ে দিতে বাধ্য হয় সেনা৷ ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সিআরপিএফ-এর কনভয়ে হামলা চালায় জঙ্গিরা৷
জানা গিয়েছে, এদিন সিআরপিএফ জওয়ানরা প্রতিদিনের নিয়মমাফিক টহল দিচ্ছিলেন৷ সেই সময়ই আচমকা হামলা চালায় জঙ্গিরা৷ টহলরত জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়া হয়৷ ঘটনায় আট জন আহত হয়েছেন৷ আহতদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান৷ বাকি সাত জনই সাধারণ নাগরিক৷ সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
উরি হামলার পরই ভারতের সার্জিক্যাল স্ট্রাইক বড় আঘাত হেনেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলির আস্তানায়৷ এরপরই কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফে সেনাকে সতর্ক করে দেওয়া হয়েছিল৷ পরপর এই হামলা সেই সতর্কবার্তাকেই বাস্তবে পরিণত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২