অক্টোবর ১৪, ২০১৬ ১৫:৫০ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৪ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • ঢাকায় শুভেচ্ছায় সিক্ত চীনের প্রেসিডেন্ট: বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে
  • চীনের প্রেসিডেন্টের সফরকে স্বাগত জানালেন খালেদা ভালো কিছুর প্রত্যাশা বিএনপির
  • পুলিশ-র‌্যাবের সম্পর্ক নষ্ট হওয়ার মত ঘটনা ঘটেনি, র‌্যাব পুলিশেরই অংশ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২০তম জাতীয় সম্মেলনের সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে : ওবায়দুল কাদের
  • বাংলাদেশ-ইংল্যান্ড প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা বাতিল
  • একদলীয় শাসনকে চিরস্থায়ী করতেই নির্যাতন চালাচ্ছে সরকার-বিএনপির অভিযোগ
  • শেরপুর সীমান্তে ফের বন্যহাতির আক্রমণ, নিহত ৩
  • আনু মুহাম্মদকে হত্যার হুমকি
  • আশুলিয়ায় নারী পোশাক শ্রমিকের গলা কাটা মৃতদেহ উদ্ধার

ভারত:

  • আফগানিস্তানে বাঁধ দিয়ে জল আটকে দেবে ভারত? আতঙ্কে পাকিস্তান
  • মুখোমুখি হাসিনা-জিনপিং, চিনের থেকে বড় সহযোগিতার আশায় ঢাকা
  • দিল্লি মেট্রোতে চালু হল বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা
  • একমাত্র বি জে পিই দলিতদের জন্য কাজ করে:‌ অমিত শাহ
  • কেরলের শিল্পমন্ত্রী ই পি জয়রাজন ইস্তফা দিলেন
  • ভারতের পাশেই আমেরিকা

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ


হাসিনা-চিন পিং বৈঠক, ২৬ সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর-দৈনিক প্রথম আলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকের পর দুই দেশের মধ্যে ২৬টি বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্টের উপস্থিতিতে নিজ নিজ দেশের পক্ষে দুই দেশের প্রতিনিধিরা চুক্তি ও সমঝোতায় সই করেন। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ছয়টি প্রকল্প।
এর আগে বেলা তিনটায় চীনের রাষ্ট্রপতি সি চিন পিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সফরসঙ্গীদের নিয়ে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুই দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বৈঠকে মিলিত হন। এরপর দুই দেশের মধ্যে ২৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। 


একদলীয় শাসনকে চিরস্থায়ী করতেই নির্যাতন চালাচ্ছে সরকার-বিএনপির অভিযোগ-দৈনিক যুগান্তর


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।  তিনি বলেন, বর্তমান সরকার প্রতিদিন (বিরোধী দলের নেতাকর্মীদের) বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার ও জুলুম নির্যাতন করছে।   সরকারি বাংলা কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক সিটি কমিশনার শামীম পারভেজকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। 
মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপনে জোর দিচ্ছে বাংলাদেশ-দৈনিক ইত্তেফাক
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ূ পরিবর্তনের প্রভাব মনিটরিংসহ অন্যান্য উন্নয়নমূলক প্রয়োজনে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন বিষয়ে বিনিয়োগ করছে। 
 বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের উপর আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম সেশনের ৪র্থ কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আনু মুহাম্মদকে হত্যার হুমকি-দৈনিক মানবজমিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ব্যাপারে গতকাল রাজধানীর রামপুরা থানায় একটি জিডি করেছেন তিনি। অধ্যাপক আনু মুহাম্মদের ধারণা যারা তাকে পছন্দ করেন না তারা তাকে হুমকি প্রদান করে তার কাজকে বন্ধ করে দিতে চায়। বুধবার রাত একটার দিকে বেসরকারি মোবাইল ফোন অপারেটর এয়ারটেলের একটি নম্বর থেকে হুমকি প্রদানের এই মেসেজটি আসে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর


ভোটযুদ্ধ জয়ে অমিতের অস্ত্র সেনা অভিযান-দৈনিক আনন্দবাজার।

আর ঠারেঠোরে নয়। কোনও রকম রাখঢাক না করে সেনা অভিযানকেই উত্তরপ্রদেশে ভোট-যুদ্ধ জয়ের প্রধান হাতিয়ার করছে বিজেপি। দলের শীর্ষ নেতারা জানাচ্ছেন, সভাপতি অমিত শাহ মনে করেন, সার্জিক্যাল স্ট্রাইক-এ সেনা সাফল্য পেলেও নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আক্রমণের সিদ্ধান্তটি ‘রাজনৈতিক’।


রাজনীতি করছে মুসলিম ল বোর্ড:‌ নাইডু- দৈনিক আজকাল

অভিন্ন দেওয়ানি বিধি আর তিন তালাক নিয়ে কেন্দ্র কোনও রাজনীতি করছে না। বরং এই নিয়ে রাজনীতি করছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। অভিন্ন দেওয়ানি বিধি আর তিন তালাকের ইস্যু অকারণে গুলিয়ে ফেলে প্রধানমন্ত্রীকে একনায়কের তকমা দেওয়া হচ্ছে। বললেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর। এই নিয়ে দেশে মুসলিমদের সর্বোচ্চ সিদ্ধান্তগ্রহণকারী সংগঠন এ আই এম পি এল বি–কে বিতর্কে যোগ দেওয়ার ডাকও দিলেন নাইডু। অভিন্ন দেওআযনি বিধি নিয়ে বিরোধী দলগুলিও সরকারকে বিঁধছে। তবে উত্তরপ্রদেশে ভোটের মরসুমে এই নিয়ে বিতর্ক বাড়াতে চাননি শাসকদল সমাজবাদী পার্টি প্রধান মুলায়মসিং যাদব। তাঁর মতে, ‘অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সিদ্ধান্তের বিষয়টি ধর্মীয় নেতাদের ওপর ছেড়ে দেওয়া ভাল।

পাকিস্তানি তারকাদের ছবির প্রদর্শনী বন্ধ! -দৈনিক আজকাল

পাকিস্তানি তারকাদের অভিনীত ছবির প্রদর্শনী নয়। জানিয়ে দিল সিনেমা হল মালিকদের সংগঠন ‘সিনেমা ওনার্স অ্যান্ড এক্সিবিটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’। ‌শুক্রবার দুপুরে মুম্বইয়ে সংগঠনের বৈঠকে মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক ও গোয়া—এই চার রাজ্যে ছবির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জানালেন সংগঠনের সভাপতি নীতিন দাতার। বলেছেন, ‘দেশবাসীর আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানি, অভিনেতা, পরিচালক, সঙ্গীত পরিচালক এবং টেকনিশিয়ান রয়েছেন, এমন কোনও ছবিই দেখানো চলবে না।
কিছুই করেনি কেন্দ্র, তিস্তায় নারাজ মমতা
উরি হামলার পরিপ্রেক্ষিতে ভারতের সার্ক বয়কটের সিদ্ধান্তকে প্রথম সমর্থন করেছিল বাংলাদেশের শেখ হাসিনা সরকার। এখন বাংলাদেশ সরকারের দাবি, ভারত এ বার অবিলম্বে তিস্তা চুক্তিতে সই করুক।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪