অক্টোবর ১৫, ২০১৬ ০৭:৫৬ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৫ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দু’দিনব্যাপী বাংলাদেশ সফর ছিল শুক্রবার টক অব দ্যা কান্ট্রি। ৩০ বছর পর চীনের কোনো প্রেসিডেন্টের বাংলাদেশ সফর এবং বেইজিংয়ের সঙ্গে ঢাকার ১,৩৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষরকে বাংলাদেশের জন্য বিশাল অর্জন হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। আজ ঢাকা থেকে প্রকাশিত সবগুলো দৈনিক শীর্ষ শিরোনামের পাশাপাশি ছোট-বড় নানা শিরোনামে এ সংক্রান্ত খবর ও বিশ্লেষণ প্রকাশ করেছে।

  • চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর: নতুন মাত্রায় দুই দেশের বন্ধুত্ব
  • চীনের সঙ্গে ১ হাজার ৩’শ ৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর
  • খালেদা-জিনপিং বৈঠক: ভূ-রাজনীতিতে বাংলাদেশের সমর্থন আশা করে চীন
  • বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: ফখরুল
  • ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলন আজ শুরু: তিস্তা চুক্তি ত্বরান্বিত করার ওপর জোর দেবেন শেখ হাসিনা
  • ৪৫ শতাংশ বিদ্যালয়ের শিক্ষক সৃজনশীল প্রশ্ন করতে পারেন না
  • ভূমি মন্ত্রী: চার বিশ্বাসঘাতক মীরজাফর,গোলাম আযম,মোশতাক ও জিয়া
  • আল-আকসার সাথে ইহুদি ধর্মের কোনো সম্পর্ক নেই : ইউনেস্কো
  • বাজার থেকে ১৮ হাজার কোটি টাকা তুলে নিলো বাংলাদেশ ব্যাংক
  • রামপাল প্রকল্প বাতিল করতে কর্মসূচি দেবে বিএনপি: দুদু

ভারত:

  • সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকলেও সার্ক সম্মেলন বয়কট করার কারণ ভিন্ন, হাসিনার মন্তব্যে তোলপাড়
  • জয়েশ প্রধান মাসুদ আজাহারের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে এনআইএ
  • জঙ্গিরা নয়, পাকিস্তানের সেনাই তাদের পরমাণু নিরাপত্তার শত্রু: মেনন
  • শ্রীনগরে ফের জঙ্গি হানা, নিহত ১ জওয়ান
  • রাশিয়াকে কাছে টানতে পুতিনের সঙ্গে ৩৯ হাজার কোটি টাকার সামরিক চুক্তি করছেন মোদি

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর: নতুন মাত্রায় দুই দেশের বন্ধুত্ব- প্রথম আলো

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ‘সহযোগিতার কৌশলগত অংশীদারত্বে’ নিয়ে যেতে রাজি হয়েছে বাংলাদেশ ও চীন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বৈঠকে এ বিষয়ে মতৈক্য হয়েছে। এর ফলে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করেন বিশ্লেষকেরা।

বৈঠক শেষে যৌথ ঘোষণায় ২০১৭ সালকে বন্ধুতার বছর হিসেবে অভিহিত করা হয়েছে।

চীনা প্রেসিডেন্ট দুই দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। তাঁদের বৈঠকের পর দুই দেশ ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। এ ছাড়া চীনের অর্থায়নে ছয়টি প্রকল্পের ফলক উন্মোচন করা হয়েছে।

দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি চালুর লক্ষ্যে দুই দেশ যৌথ সমীক্ষা চালাতে সম্মত হয়েছে। বন্ধুত্বকে এগিয়ে নিতে দুই দেশ ২০১৭ সালকে ‘বিনিময় ও বন্ধুতার’ বছর হিসেবে অভিহিত করেছে। তবে চীনের প্রেসিডেন্টের এই সফরে বাংলাদেশকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ কত, তা জানানো হয়নি।

চীনের সঙ্গে ১ হাজার ৩শ ৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর- দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ চায়না বিজনেস ফোরাম’ এর বৈঠক

বাংলাদেশ ও চীনের ৩০টি কোম্পানির মধ্যে ১ হাজার ৩’শ ৬০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ওই চুক্তি স্বাক্ষর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এর আগে উভয় দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ চায়না বিজনেস ফোরাম’ এর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

এফবিসিসিআই এর সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে আয়োজিত ওই বৈঠকে চীনের আন্তর্জাতিক সম্প্রসারণ বিষয়ক কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট চ্যং ঝু ছাড়াও আরো ৫০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খালেদা-জিনপিং বৈঠক: ভূ-রাজনীতিতে বাংলাদেশের সমর্থন আশা করে চীন- দৈনিক মানবজমিন

উন্নয়ন ও ভূ-রাজনীতিতে চীন যে ভূমিকা রাখছে, বাংলাদেশ তার পাশে থাকবে- খালেদা জিয়ার কাছে এই প্রত্যাশা ব্যক্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের একথা জানান। মির্জা আলমগীর বলেন, বৈঠকে খালেদা জিয়া আশা করেন, বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রম, বিশেষ করে উন্নয়ন কাজে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে এবং পাশে থাকবে। চীন আশা করে, ভূরাজনৈতিক ক্ষেত্রে চীন যে ভূমিকা পালন করছে, বিশেষ করে উন্নয়ন ক্ষেত্রে, বাংলাদেশ তাতে তীব্র সমর্থন যোগাবে। বিএনপি মহাসচিব বলেন, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

খালেদা-শি জিনপিং বৈঠক: বাংলাদেশ-চীন সম্পর্ক আরও সুদৃঢ় হবে: ফখরুল- দৈনিক যুগান্তর

দেশ সফররত চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।   

বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা বলেছেন। তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের বন্ধন ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন উভয় নেতা।  শুক্রবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিকাল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় সন্ধ্যা ৬টার পর।

ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলন আজ শুরু: তিস্তা চুক্তি ত্বরান্বিত করার ওপর জোর দেবেন শেখ হাসিনা- দৈনিক প্রথম আলো

ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে তিস্তা চুক্তি ত্বরান্বিত করার ওপর জোর দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি অভিন্ন নদীগুলোর অববাহিকার যৌথ ব্যবস্থাপনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরব সাগরতীরের রাজ্য গোয়ায় আজ শনিবার দুদিনের এ সম্মেলন শুরু হচ্ছে। সম্মেলনের প্রতিপাদ্য হলো ‘ব্রিকস-বিমসটেক: একটি অংশীদারত্বের সুযোগ’।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের একটি ফ্লাইটে কাল রোববার সকাল আটটায় ঢাকা ছাড়বেন এবং সকাল ১০টা ৪৫ মিনিটে (ভারতীয় সময়) গোয়া পৌঁছাবেন। বিকেলে বিমসটেক লিডারস রিট্রিট এবং ব্রিকস-বিমসটেক লিডারস আউটরিচ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি। সোমবার সকালেই ঢাকায় ফিরে যাবেন।

৪৫ শতাংশ বিদ্যালয়ের শিক্ষক সৃজনশীল প্রশ্ন করতে পারেন না- দৈনিক প্রথম আলো

দেশের ৪৫ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন তৈরি করতে পারেন না। ৪০ শতাংশ বিদ্যালয় ‘কম মেধাবী’ শিক্ষার্থী চিহ্নিত করে পদক্ষেপ নেয় না। প্রায় ২৮ শতাংশ বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ।

এমন চিত্র উঠে এসেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সর্বশেষ ‘একাডেমিক সুপারভিশন প্রতিবেদনে’। গত মে মাসে সারা দেশের ৯টি শিক্ষা প্রশাসনিক অঞ্চলের ৬ হাজার ৪৪২টি মাধ্যমিক বিদ্যালয় সুপারভিশন করে এই প্রতিবেদন করা হয়েছে। প্রতিবেদনটি চূড়ান্ত করে এখন পরবর্তী পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে দেওয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে মাধ্যমিক বিদ্যালয় আছে ১৮ হাজার ৫৯৮টি।

গত নভেম্বরে করা একাডেমিক সুপারভিশন প্রতিবেদনে বলা হয়েছিল, প্রায় ৪১ শতাংশ বিদ্যালয়ের শিক্ষক সৃজনশীল প্রশ্ন করতে পারেন না। অর্থাৎ ছয় মাস পর পরিস্থিতির অবনতি হয়েছে।

ভূমি মন্ত্রী: চার বিশ্বাসঘাতক মীরজাফর,গোলাম আযম,মোশতাক ও জিয়া- দৈনিক ইত্তেফাক

'বাংলার ইতিহাসে চারজন জঘন্যতম বিশ্বাস ঘাতক হল মীরজাফর আলী খাঁ, গোলাম আযম, খোন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান। এই চার জঘন্য ব্যক্তির বিশ্বাসঘাতকতায় বাঙ্গালি জাতি দীর্ঘদিন পরাধীন থেকে দুঃখ, কষ্ট, লাঞ্ছনা ভোগ করেছে।' শুক্রবার সকালে বাস টার্মিনালে আয়োজিত ঈশ্বরদী পৌরসভার থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌর এলাকায় পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও এনভায়রন মেন্টাল স্যানিটেশন ২য় পর্ব প্রকল্পের অধীনে পানি সরবরাহ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ একথা বলেন।

তিনি এ সময় বলেন, আজ জাতির জনকের কণ্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে মায়ের মমতা, বোনের স্নেহ-ভালবাসা দিয়ে বাঙ্গালি জাতিকে দুঃখ-দুর্দশার হাত হতে মুক্ত করে আজ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

আল-আকসার সাথে ইহুদি ধর্মের কোনো সম্পর্ক নেই : ইউনেস্কো- দৈনিক নয়াদিগন্ত

আল-আকসা মসজিদ

জেরুসালেমের আল-আকসা মসজিদ এবং আল বুরাক (ওয়েস্টার্ন ওয়ালের সাথে ইহুদি ধর্মের কোনো সম্পর্ক নেই বলে ইউনেস্কো রায় দিয়েছে। এই ভোটাভুটির বিপুল গুরুত্ব রয়েছে। কারণ এর মাধ্যমে জেরুসালেমের ওপর ইহুদি ধর্মের আধ্যাত্মিক দাবি নস্যাৎ হয়ে গেল। আর ফিলিস্তিনিদের দাবি আরো জোরদার হলো।

এই দাবি নিয়ে জাতিসঙ্ঘ সংস্থাটিতে ২৪ সদস্য পক্ষে ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় মাত্র ৬টি। আর ২৬ সদস্য ভোটদানে বিরত থাকে। মিসর, আলজেরিয়া, মরক্কো, লেবানন, ওমান, কাতার, সুদান ও ফিলিস্তিন এই প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবটিতে বলা হয়, আল-আকসা মসজিদ এবং এর আঙিনা কেবল মুসলমানদের জন্যই পবিত্র।

ইসরাইলি কূটনীতিকরা এই প্রস্তাবের বিরোধিতা করা কিংবা অন্তত ভোটদানে বিরত থাকার জন্য ইউনেস্কো সদস্যদের রাজি করানোর চেষ্টা করে।

রামপাল প্রকল্প বাতিল করতে কর্মসূচি দেবে বিএনপি: দুদু- দৈনিক সমকাল

সুন্দরবনের অদূরে বাগেরহাটে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করতে বিএনপি সম্ভাব্য সবরকম কর্মসূচি দেবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সরকারের নেওয়া সব ধরনের প্রকল্পকে ‘অবৈধ’ আখ্যায়িত করে তিনি বলেন, যারা এ ধরনের চুক্তি করছে, উন্নয়ন প্রকল্পের নামে লুটপাট করছে, আগামী দিনে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে এসব প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, 'দেশে বিদ্যুতের প্রয়োজন আছে। বিএনপি নেত্রী এই প্রকল্প সুন্দরবন থেকে সরিয়ে তা অন্য স্থানে করতে বলেছেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে তিনি বলেন, 'ইনু সাহেব জাসদের চারখণ্ডের একভাগের সভাপতি। এবার কাউন্সিলে সেটিও দুই ভাগে বিভক্ত হয়েছে। তার মুখে বিএনপির সমালোচনা মানায় না। 

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে থাকলেও সার্ক সম্মেলন বয়কট করার কারণ ভিন্ন, হাসিনার মন্তব্যে তোলপাড়- দৈনিক বর্তমান

‘সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গে ভারতের পাশে থাকলেও, সার্ক সম্মেলন বয়কট করার কারণ ভিন্ন’, চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের সফরের আগে এই মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে কূটনৈতিক মহলে। শুধুমাত্র বিনিয়োগ টানার জন্য বেজিংকে খুশি করতে ভারতের সঙ্গে সাময়িক দূরত্ব তৈরি করার জন্য এই মন্তব্য কি না, উঠছে সেই প্রশ্নও। শুক্রবার বিকালে ২৩ ঘণ্টার বাংলাদেশ সফরে আসেন জিনপিং। বিগত তিন দশকে এই প্রথম কোনও চীনা প্রেসিডেন্ট পা রাখলেন বাংলাদেশে। তাই তাঁকে স্বাগত জানানোয় কোনও খামতি রাখেনি হাসিনা প্রশাসন।

জঙ্গিরা নয়, পাকিস্তানের সেনাই তাদের পরমাণু নিরাপত্তার শত্রু: মেনন- দৈনিক আনন্দবাজার

পাকিস্তানের পরমাণু কর্মসূচির নিরাপত্তা শুধু সন্ত্রাসবাদী দৌরাত্ম্যের কারণে অনিশ্চিত নয়। সে দেশের পরমাণু নিরাপত্তার পক্ষে সবচেয়ে বড় বিপদ সে দেশের সেনাই। এমনই মনে করছেন ভারতের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। ভারতের বিদেশনীতি সংক্রান্ত বিষয় নিয়ে মেননের লেখা একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইতেই প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই আশঙ্কা প্রকাশ করেছেন।

পরমাণু অস্ত্র ব্যবহার করার পদ্ধতি এবং প্রক্রিয়া অত্যন্ত জটিল। বিশেষ প্রশিক্ষণ না থাকলে পরমাণু অস্ত্র প্রয়োগ করা কারও পক্ষে সম্ভব নয়। তাই জঙ্গিরা কখনও পাকিস্তানের পরমাণু অস্ত্রাগার কব্জা করতে পারলেও, পরমাণু বোমা ব্যবহার করে নাশকতা চালানো তাদের পক্ষে কঠিন বলে মেনন মনে করছেন। বরং জিহাদের জিগিরে উন্মাদ কোনও পাইলট বা কোনও ব্রিগেডিয়ার, পরমাণু অস্ত্রের অপপ্রয়োগ করতে পারেন বলে শিবশঙ্কর মেনন তাঁর বইতে লিখেছেন। তাঁর মতে, পাক সামরিক বাহিনীর কট্টরবাদী এবং অন্ধ ভারত-বিদ্বেষী কর্মীরাই সে দেশের পরমাণু নিরাপত্তার পক্ষে সবচেয়ে বিপজ্জনক।

শ্রীনগরে ফের জঙ্গি হানা, নিহত ১ জওয়ান- দৈনিক সংবাদ প্রতিদিন

ফের ভারতীয় সেনার উপর হামলা জঙ্গিদের৷ ৮ এসএসবি (সশস্ত্র সীমা বল) জওয়ান ডিউটি থেকে সিআরপিএফ ক্যাম্পে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷

উরি হামলা পরবর্তীতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই লাগাতার জঙ্গি হানা চলছে৷ পাম্পোরে এক সরকারি প্রতিষ্ঠান দখল করে হামলা করে জঙ্গিরা৷ প্রায় ৫৫ ঘণ্টা লড়াই করে তবে জঙ্গি নিকেশ সম্ভব হয়৷ তারপরই এসএসবি জওয়ানদের উপর নেমে এল এই হামলা৷ জানা যাচ্ছে, শুক্রবার শ্রীনগরের কাছেই জকৌরায় পেট্রলিং শেষে ক্যাম্পে ফিরছিলেন জওয়ানরা৷ তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷ ঘটনায় শহিদ হন এক জওয়ান, আহত হয়েছেন আরও সাত এসএসবি জওয়ান৷ যদিও জঙ্গিদের তখনই পাকড়াও করা সম্ভব হয়নি৷ গুলি করে ফেরার হয়েছে জঙ্গিরা৷ তবে পুরো এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা৷ সেনা সূত্রে খবর, চারজন জওয়ানের আঘাত বেশ গুরুতর৷

রাশিয়াকে কাছে টানতে পুতিনের সঙ্গে ৩৯ হাজার কোটি টাকার সামরিক চুক্তি করছেন মোদি- দৈনিক বর্তমান

আমেরিকার শিবিরভুক্ত হয়ে যাওয়ায় ভারতের উপর ক্ষুব্ধ রাশিয়া বিগত কয়েকমাস ধরেই পাকিস্তান ও চীনের সঙ্গে নয়া সখ্য স্থাপন করে আন্তর্জাতিক শক্তির সমীকরণ বদলের আভাস দেওয়ায় ভারতের উদ্বেগ বেড়েছে বলাই বাহুল্য। ঠিখ যখন মনে করা হচ্ছিল এতদিনের মিত্ররাষ্ট্র রাশিয়াকে ভারত হারাতে চলেছে তখনই আচমকা রাশিয়াকে ভারতের পাশেই রেখে দেওয়ার জন্য নরেন্দ্র মোদির সরকার মাস্টারস্ট্রোক দিতে চলেছে। অর্থনৈতিকভাবে কোণঠাসা রাশিয়াকে ৩৯ হাজার কোটি টাকার একটি সামরিক চুক্তি দিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং এমন একটি মেগা ডিল হতে চলেছে যেদিকে গোটা দুনিয়া সবিস্ময়ে তাকিয়ে। ব্রিকস সম্মেলনের ফাঁকে আগামীকাল গোয়ায় ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদির বৈঠকের পরই ওই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫