অক্টোবর ১৭, ২০১৬ ০৬:৩৭ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১৭ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • মোদির সঙ্গে বৈঠকে তিস্তা ইস্যু তুললেন শেখ হাসিনা
  • জঙ্গিবাদের অর্থদাতাদের খুঁজে বের করুন, বিমসটেক নেতাদের প্রধানমন্ত্রী
  • কাউন্সিল ঘিরে আওয়ামী লীগে সাজ সাজ রব: অংশ নেবেন ১৩১৪০ কাউন্সিলর, ডেলিগেট
  • বিজয়ের গল্প শোনাতে বিএনপিকে দাওয়াত দিচ্ছে আ'লীগ
  • সিন্ডিকেটে জিম্মি ঢামেক হাসপাতাল
  • ঢামেক হাসপাতাল: অ্যাম্বুলেন্স সংকটে লাশ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
  • ২০১৮ সালের মধ্যে নেপালের সঙ্গে রেল যোগাযোগ: বাণিজ্যমন্ত্রী
  • পুলিশের ডিআইজি পর্যায়ের ১২ কর্মকর্তার রদবদল
  • ধানমন্ডি থেকে ড্যাব নেতা দোলন গ্রেফতার
  • ছবি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু

ভারত:

  • উরিতে হামলা চালাতে মই দিয়ে কাঁটাতার ডিঙোয় জঙ্গিরা
  • সিঙ্গুরে জমির দখল দেওয়া মমতার সবুজ সংকেতের অপেক্ষায়
  • বাংলাদেশ-রাশিয়ায় যাতায়াত ভিসা ছাড়াই
  • ভারতের পাশে থাকার আশ্বাস হাসিনার
  • বাঘ-গরুকে এক ঘাটে জল খাওয়াবে সুন্দরবনের নয়া প্রকল্প!

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

মোদির সঙ্গে বৈঠকে তিস্তা ইস্যু তুললেন শেখ হাসিনা-দৈনিক যুগান্তর

ভারতের গোয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকে সার্ক, সীমান্ত সমস্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সহযোগিতার পাশাপাশি তিস্তা ইস্যু তুলে ধরেন শেখ হাসিনা। ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে সাইডলাইনে হাসিনা-মোদির মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফরিদ হোসেন টেলিফোনে যুগান্তরকে বলেন, ‘ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়েছে। বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি তিস্তা ইস্যু নিয়ে কথা হয়। এ সমস্যা সমাধানে ভারতের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়েছে বলে তিনি জানান।’

শেখ হাসিনা ভারতের পর্যটন নগরী গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে রোববার যোগ দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বিমসটেক নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন শেখ হাসিনা।

জঙ্গিবাদের অর্থদাতাদের খুঁজে বের করুন, বিমসটেক নেতাদের প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

জঙ্গিবাদের অর্থ ও প্রশিক্ষণদাতাদের খুঁজে বের করতে বিমসটেক নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার ভারতের গোয়ায় বিমসটেকের নেতাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।  

প্রধানমন্ত্রী বলেন, বিমসটেকের মধ্যে আমরা জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে। বিমসটেক সম্মেলনের সভাপতিত্ব করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমসটেকের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও বক্তব্য রাখেন।

জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা তৈরিতে তরুণদের জন্য, পরিবারের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। বিমসটেকের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, সাধারণভাবেই বলা যায় আমাদের উন্নতির ধারাটা ধীর। তবে গ্রাউন্ডওয়ার্ক করা হয়ে গেছে, এখন সময় সেটাকে এগিয়ে নেয়ার। বিমসটেকের ১৪টি সহযোগিতার ক্ষেত্র ছাড়াও আগামী ৫ বছরে আমাদের বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, সংযোগ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগ বৃদ্ধি করতে হবে।

কাউন্সিল ঘিরে আওয়ামী লীগে সাজ সাজ রব: অংশ নেবেন ১৩১৪০ কাউন্সিলর, ডেলিগেট- দৈনিক মানবজমিন

জোর প্রস্তুতি চলছে আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের। গোটা রাজধানীতে সাজসাজ রব। কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন সম্মেলনে অংশ নেবেন ১৩,১৪০ কাউন্সিলর ও ডেলিগেট। ইতিমধ্যে এদের অনেকেই রাজধানীতে আসতে শুরু করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কাউন্সিলর ও ডেলিগেটদের থাকার জন্য এরই মধ্যে রাজধানীর বিভিন্ন হোটেলে বুকিং দেয়া হয়েছে। সম্মেলন ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের সড়কে এখন সাজ সাজ রব। সম্মেলন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোকেও সাজানো হচ্ছে রঙিন সাজে।

বিজয়ের গল্প শোনাতে বিএনপিকে দাওয়াত দিচ্ছে আ'লীগ- দৈনিক যুগান্তর

এবার বিএনপিকে বিজয়ের গল্প শোনাবে আওয়ামী লীগ। আর তাই দলটির ২০তম জাতীয় সম্মেলনে মাঠের এই বিরোধী দলকে দাওয়াত দিচ্ছে তারা।

রোববার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়েছেন। এদিন সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক, অভ্যর্থনা, মঞ্চ সাজ-সজ্জা ও খাদ্য উপ-কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক নাসিম।

তিনি বলেন, 'সম্মেলনে ১৪ দলের শরীকদের পাশাপাশি বিএনপিকেও দাওয়াত দেয়া হচ্ছে। আমরা চাই তারা আসুক। এসে আমাদের বিজয়ের কথা শুনুক এবং তারা নিজেদের চক্রান্তের কথা শুনুক।'

২০১৮ সালের মধ্যে নেপালের সঙ্গে রেল যোগাযোগ: বাণিজ্যমন্ত্রী- দৈনিক সমকাল

২০১৮ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে নেপালের সরাসরি রেল যোগাযোগ শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে আন্তঃসংযোগ প্রকল্পের আওতায় এই রেল যোগাযোগ স্থাপন করা হবে। গতকাল রোববার সচিবালয়ে নেপালের বাণিজ্যমন্ত্রী রোমি গাওচান তাসাকালির সঙ্গে বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে বিবিআইএন চুক্তির আওতায় নেপাল ২০১৮ সালের মধ্যে মংলা থেকে ভারতের সিনবাদ হয়ে নেপালের বীরগঞ্জ পর্যন্ত রেলপথ ও তাদের নাগরিকদের জন্য স্থল ভিসা চেয়েছে। আর বাংলাদেশ চেয়েছে নেপালে উৎপাদিত জলবিদ্যুৎ ও রফতানি পণ্যে শুল্কমুক্ত সুবিধা।

সিন্ডিকেটে জিম্মি ঢামেক হাসপাতাল- দৈনিক মানবজমিন

সিন্ডিকেটে জিম্মি দেশের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রম। এখানে সেবা নিতে আসা রোগীদের কোনো না কোনো সিন্ডিকেটের খপ্পরে পড়তে হয়। হাসপাতালে ভর্তি, আসন পাওয়া, পরীক্ষা-নিরীক্ষা প্রতি পদে ভোগান্তির শিকার হতে হয় এই সিন্ডিকেটের কারণে। সেবার নামে ‘নির্দয় অ্যাম্বুলেস’ সেবা নিয়ে হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে একটি বড় সিন্ডিকেট। এরা একই সঙ্গে রোগীদের নানাভাবে প্রতারিত করে। বিভিন্ন হাসপাতালের এজেন্ট হিসেবেও কাজ করে। আর এসব সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। অসহায় রোগীকে ঘিরে তারা গড়ে তুলেছেন নানা কিসিমের বাণিজ্য। হাসপাতালের অ্যাম্বুলেন্সের সেবা প্রতিষ্ঠানটির কর্মচারীদের গড়া সিন্ডিকেটের কব্জায়। হাসপাতালে রোগীকে জিম্মি করে কর্মচারীরা অ্যাম্বুলেন্স বাণিজ্যে লিপ্ত হচ্ছেন। তাদের সঙ্গে সখ্য তৈরি করে হাসপাতালটির আশপাশে কিছু বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবসায়ীও দেদারছে বাণিজ্য করে যাচ্ছে। তারা কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না। কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিন্ডিকেটটি তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।

চালকদের ধর্মঘট: অ্যাম্বুলেন্স সংকটে লাশ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বোন রাহেলা বেগমের লাশ নিয়ে জাকির হোসেন যাবেন গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদর থানার মোল্লাকান্দি। রাহেলা গতকাল রোববার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। স্বজনরা চাচ্ছিলেন, যত দ্রুত সম্ভব মরদেহ গ্রামের বাড়ি নিতে। তবে অ্যাম্বুলেন্স না পাওয়ায় লাশ নিয়ে তাদের দীর্ঘ সময় হাসপাতালের করিডোরে অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত রাত ৭টার পর অ্যাম্বুলেন্স ভাড়া করে তারা গ্রামের বাড়ির দিকে রওনা হতে পেরেছেন। শুধু রাহেলার স্বজনরা নন, গতকাল ঢামেক হাসপাতালে ছিল অ্যাম্বুলেন্স সংকট। ঢামেক কেন্দ্রিক বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো গতকাল কোনো রোগী ও লাশ বহন করেনি। উল্টো রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে তারা ধর্মঘটের ডাক দিয়েছে। গত শনিবার ঢামেকের জরুরি বিভাগের ফটকে অ্যাম্বুলেন্স চাপায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন। মর্মন্তুদ ওই ঘটনার পর থেকে হাসপাতালের সামনে অবৈধভাবে গড়ে ওঠা স্ট্যান্ডে বেসরকারি অ্যাম্বুলেন্স দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। এর প্রতিবাদে গতকাল তারা রোগী ও লাশ পরিবহন থেকে বিরত থাকেন। ঢামেকের মাত্র ছয়টি নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে একটি অকেজো। সরকারি অ্যাম্বুলেন্সের অপ্রতুলতার সুযোগে ঢামেকের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কিছু কর্মচারী বেসরকারিভাবে অ্যাম্বুলেন্সের রমরমা ব্যবসা শুরু করেন। শনিবার 'মানব সেবা' নামে যে অ্যাম্বুলেন্সটি দুর্ঘটনা ঘটায় সেটির মালিক ঢামেকের কর্মচারী মাহফুজ।

ধানমন্ডি থেকে ড্যাব নেতা দোলন গ্রেফতার- দৈনিক ইত্তেফাক

বিএনপি সমর্থক চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর নেতা কাজী মাজহারুল ইসলাম দোলনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে কলাবাগান থানা পুলিশ আদালতের ওয়ারেন্ট এর ভিত্তিতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।  

সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। কাজী মাজহারুল ইসলাম দোলন বিএনপির গত কমিটিতে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য রাখা হয়েছে তাকে। জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮টার দিকে কলাবাগান থানা পুলিশ ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৩৯ নম্বর বাসা থেকে দোলনকে গ্রেফতার করে। রাতে তাকে কলাবাগান থানায় আটক রাখা হয়।  

পুলিশ সূত্র জানিয়েছে, ২০১৫ সালের ৯ মার্চ রাজধানীর তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর- ১২। ওই মামলাটি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। সম্প্রতি তদন্ত কর্মকর্তা আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। পরে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের ডিআইজি পর্যায়ের ১২ কর্মকর্তার রদবদল- দৈনিক ইত্তেফাক

পুলিশের ডিআইজি ও এডিশনাল ডিআইজি পর্যায়ে ১২ জন কর্মকতাকে রদবদল করা হয়েছে। রবিবার স্বরাষ্ট মন্ত্রনালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ জারি করা হয়।

পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানিয়েছেন, পুলিশ সদর দফতর ঢাকার ডিআইজি আতিকুল ইসলামকে হাইওয়ে পুলিশের ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) শেখ মারুফ হাসানকে বরিশাল রেঞ্জের ডিআইজি, সিলেট মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার মাইনুল হাসানকে পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরো ঢাকার অতিরিক্ত ডিআইজি, ঢাকা পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদকে বরিশাল অতিরিক্ত পুলিশ কমিশনার, ঢাকা পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মাহবুব আলমকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট (অতিরিক্ত ডিআইজি), রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট (চলতি দায়িত্বে) শেখ ওমর ফারুককে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমাডেন্ট (অতিরিক্ত ডিআইজি), পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি জহিরুল ইসলাম ভুঁইয়াকে সিআইডির অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানীকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি|

এছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফজলুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. বখতিয়ার আলমকে রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি এবং বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়েদুর রহমানকে পিবিআই ঢাকার অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে বলেও জানান তিনি।

ছবি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু- দৈনিক নয়াদিগন্ত

রবিবার সকালে মোবাইলে ট্রেনের ছবি তুলতে গিয়ে অপর একটি ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর ভূইয়াপাড়া সংলগ্ন রেল লাইনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো ভাদুঘর ভূইয়াপাড়া এলাকার কাউছার মিয়ার ছেলে শুভ (১১) ও আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪)। এ ঘটনায় রিপন (১২) নামে গুরুতর আহত আরেক শিশুকে ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ছানাউল হক জানান, সকালে ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় বাড়ির পাশে রেল লাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল। এ সময় রেললাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় তারা মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে বিপরীত দিকে থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত রিপনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

উরিতে হামলা চালাতে মই দিয়ে কাঁটাতার ডিঙোয় জঙ্গিরা- দৈনিক আনন্দবাজার

নিয়ন্ত্রণরেখায় কাঁটাতার দিয়ে বিদ্যুৎ বইছে। ছুঁলেই মৃত্যু। তাই সেই কাঁটাতার টপকে উরির সেনাঘাঁটিতে হামলা চালাতে কাঠের মই কাজে লাগিয়েছিল জইশ -ই-মহম্মদের জঙ্গিরা।

১৮ সেপ্টেম্বর উরি হামলা নিয়ে তদন্তের রিপোর্টে সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণরেখায় সালামাবাদ নালার কাছে কাঁটাতার টপকে কাশ্মীরে ঢুকেছিল চার জন জইশ-ই-মহম্মদ জঙ্গি। কাঠের মই দিয়ে বৈদ্যুতিক কাঁটাতারের উপরে কার্যত ফুটব্রিজ বানিয়ে ফেলেছিল তারা। তাই বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, গ্রেনেড লঞ্চার, খাবারদাবার নিয়ে ঢুকে পড়তে অসুবিধা হয়নি।

উরির জবাবে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনা। পাশাপাশি নিয়ন্ত্রণরেখা পেরিয়ে কী ভাবে জইশ জঙ্গিরা ভারতে ঢুকে পড়েছিল, তারও তদন্ত চালাচ্ছিলেন সেনা গোয়েন্দারা।

সিঙ্গুরে জমির দখল দেওয়া মমতার সবুজ সংকেতের অপেক্ষায়- দৈনিক বর্তমান

সিঙ্গুরে প্রায় ৯৯৭ একরের মধ্যে ৮৭০ একর জায়গা চাষিদের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলেই যে কোনও মুহূর্তেই তা চাষিদের হাতে তুলে দেওয়া হবে। রবিবার সিঙ্গুরে এসে একথা বলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিনি প্রথম দিন থেকেই এখানকার কাজ দেখভাল করছেন। এদিনও সিঙ্গুরে এসে দীর্ঘক্ষণ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন। তাতে ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেলেই গোপালনগর মৌজার জমি চাষিদের দখল দিয়ে দেওয়া হবে। ট্রাক্টর চালিয়ে ওই মৌজার জমি চাষযোগ্য করে দেওয়া হয়েছে। এদিন পার্থবাবুর সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী তপন দাশগুপ্ত ও অসীমা পাত্র। পার্থবাবু বলেন, সোমবার নবান্ন খুলছে।

বাংলাদেশ-রাশিয়ায় যাতায়াত ভিসা ছাড়াই- দৈনিক আনন্দবাজার

বিশ্বের বৃহত্তম দেশ হয়েও জনসংখ্যায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে রাশিয়া। সে দেশের মাটিতে মানুষ মাত্র সাড়ে চোদ্দ কোটি, যেখানে বাংলাদেশে বিশ কোটি। সবার ওপরে মানুষ। অন্য সম্পদ তার কাছে কিছু না। সেই জনশক্তির জোরে এগোচ্ছে বাংলাদেশ। টেক্কা দিচ্ছে উন্নত দেশকেও। আর পাঁচ বছরে মধ্যম আয়ের দেশ হবে। পরের ধাপে উন্নত দেশের সারিতে। বাংলাদেশের অগ্রগতি রাশিয়ার নজরে। তারা বরাবরই বাংলাদেশের শুভাকাঙ্খী। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় পাশে ছিল। রাশিয়া তখন দ্য ইউনিয়ন অব সোভিয়েত সোস্যালিস্ট রিপাবলিক। রাষ্ট্রনেতা লিওনিড ব্রেজনেভ। সেই সময় সোভিয়েত ইউনিয়নের সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়ামে চেয়ারম্যান ছিলেন নিকোলাই পদগরনি। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সঙ্গে ছিল তাঁর হার্দিক সম্পর্ক। আমেরিকায় রিপাবলিকান নেতা প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তখন পাকিস্তান দরদী। মুক্তি যুদ্ধের রাশ টানতে সপ্তম নৌবহর পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কথাটা পদগরনির কানে তুলতেই তুলকালাম। পাল্টা ব্যবস্থা নিতে তৈরি মস্কো। পশ্চাৎপদ আমেরিকা। বন্ধুত্বের পরীক্ষা তো বিপদের দিনেই। সেই মৈত্রী আজ সুদে আসলে বেড়েছে অনেকটাই।

রাশিয়া দু’হাত বাড়িয়ে বাংলাদেশিদের বরণ করতে প্রস্তুত। দু’দেশের মানুষের যাওয়া আসায় আর ভিসার দরকার নেই। পাসপোর্ট থাকলেই হল। যোগাযোগে তার চেয়ে উদার ব্যবস্থা আর কী হতে পারে। আপাতত সুযোগটা সীমাবদ্ধ থাকবে কূটনৈতিক আর অফিসিয়াল পাসপোর্টধারীদের মধ্যে। তাদের যাতায়াতটা সড়গড় হলে সুযোগটা সর্বজনীন হবে। বাংলাদেশিরা তখন নির্দ্বিধায় শুধু পাশপোর্ট হাতে নিয়েই ঢাকা থেকে উড়ে গিয়ে মস্কো বা সেন্টপিটার্সবার্গে নামতে পারবেন। সেখান থেকেও রাশিয়ার মানুষ ঢাকা সফর করতে পারবেন ভিসা ছাড়াই। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে গিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী এএইচ মাহমুদ আলি আর রুশ বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ২২ সেপ্টেম্বর ভিসা চুক্তিতে সই করেছেন। সব ইস্যুতেই রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার পাশে বাংলাদেশ।

ভারতের পাশে থাকার আশ্বাস হাসিনার- দৈনিক সংবাদ প্রতিদিন

ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রত্যাশিতভাবেই ভারত পাশে পেল তিন প্রতিবেশী– ভুটান, মায়ানমার ও বাংলাদেশকে৷ রবিবার ভুটান, মায়ানমার সন্ত্রাস ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে উরিতে পাক জঙ্গিদের হামলার নিন্দা করেছে৷ সম্মেলনের পর ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট করেই বলেছেন, “বাংলাদেশের মাটিতে আমরা সন্ত্রাসী কার্যকলাপ হতে দেব না৷” মায়ানমারের বিদেশমন্ত্রী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী আং সান সু কি বলেছেন, উরির ঘটনার প্রেক্ষিতে আমরা ভারতের অবস্থানের প্রতি সহানুভূতিশীল এবং ভারতের পদক্ষেপ সমর্থন করি৷ এই উগ্রপন্থাকে দমন করতে আমাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে৷ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে জানিয়েছেন, ভারত মাসের পর মাস ভয়াবহ জঙ্গি হামলার শিকার হচ্ছে৷ এটা মেনে নেওয়া যায় না৷ ভুটান ভারতে সব ধরনের জঙ্গি হামলার কড়া নিন্দা করছে এবং ভারতের অবস্থানকে সমর্থন করছে৷

বাঘ-গরুকে এক ঘাটে জল খাওয়াবে সুন্দরবনের নয়া প্রকল্প!

এমনটাও সম্ভব? সেচ দফতরের হিসাব অনুযায়ী আয়লায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার ১০৭ কিলোমিটার জুড়ে মিষ্টি জলের পুকুর খোঁড়া হবে? খবর যদি সত্যি হয়, তবে মিষ্টি জল পেয়ে বাঘের স্বভাব বদলাতে শুরু করবে৷ মেজাজ তো ঠান্ডা হবেই৷ বাঘে-গরুতে এক ঘাটে জল খাওয়ার জোগাড় হবে!

আসলে জলসম্পদ উন্নয়ন দফতর চাইছে আয়লা-বিধ্বস্ত এলাকায় গভীর পুকুর কেটে মিষ্টি জল ধরে রাখতে৷ মন্ত্রী সৌমেন মহাপাত্র বলছেন, “আয়লায় বাঁধ নির্মাণের জন্য যেখানে মাটি কাটা হয়েছে, সেই এলাকার গভীরতাই আরও বাড়িয়ে তাকে পুকুরের আকার দেওয়া হবে৷” নবান্নের সায় মিললে, সেচ দফতরের কাজ করে যাওয়া সেই জায়গা থেকেই শুরু করবে জলসম্পদ উন্নয়ন দফতর৷

এই খবরেই রীতিমতো চমকে গিয়েছেন ডব্লুডব্লুএফের কর্মকর্তা, একাধিক পরিবেশ বিশেষজ্ঞ মায় বন দফতরের শীর্ষ আধিকারিকরাও৷ তাঁরা বলছেন, মিষ্টি জল পেয়ে ধীরে হলেও বাঘের স্বভাবে বদল আসবে৷ মজার বিষয় হল, বাঘসুমার করতে আর হন্যে হয়ে বাঘের পায়ে পায়ে ঘুরতে হবে না৷ মিষ্টি জলের এই পুকুরের পাশেই মিলবে তাদের পায়ের ছাপ৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭