রামপাল প্রকল্প আবার সরিয়ে নিতে বলল ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ও আইইউসিএন
প্রিয় পাঠক/শ্রোতা! ১৯ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- দারিদ্র্য জয়ের সাফল্য দেখে অভিভূত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট
- সাইবার সক্ষমতা জোরদার করতে প্রধানমন্ত্রীর আহবান
- রামপাল প্রকল্প আবার সরিয়ে নিতে বলল ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ও আইইউসিএন
- তেল-গ্যাস কমিটির মিছিলে জলকামান, কাঁদুনে গ্যাস
- আওয়ামী লীগের আসন্ন ২০তম সম্মেলন থেকেই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু
- ৭ নভেম্বরকে কেন্দ্র করে মাঠে নামবে বিএনপি: পর্যায়ক্রমে ঢাকা ও এর বাইরে সমাবেশের চিন্তা
- ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে উগ্রবাদে জড়ানো হয়: জঙ্গি তানভীর কাদেরী ও মারজানের স্ত্রীর জবানবন্দি
- মা ইলিশ রক্ষা কর্মসূচি ব্যাহত হওয়া আশঙ্কা, চাল পাননি জেলেরা
- মতপ্রকাশের স্বাধীনতা থাকবে নাগরিকের, এনজিও’র নয়: সুরঞ্জিত
- ইংল্যান্ডের ২০ উইকেট নেয়ার সামর্থ্য আছে আমাদের’
ভারত:
- কম পড়ছে ডুবোজাহাজ, চিন্তায় নৌসেনা
- রাজ্যে আরও ৩৪০০ কোটির লগ্নি জিন্দালদের
- জেশপ অগ্নিকাণ্ডে ৯ জনকে গ্রেফতার করল সিআইডি
- ধৃত ৪৪ সন্দেহভাজন, পুলিসকে লস্করের হুমকি
- ট্যাঙ্কার পুড়িয়েও রক্ষা নেই আই এসের
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
দারিদ্র্য জয়ের সাফল্য দেখে অভিভূত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট- দৈনিক মানবজমিন
বাংলাদেশের মানুষের দারিদ্র্য জয়ের সাফল্য ও উদ্যোগ দেখে অভিভূত বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বলেছেন, বাঙালিরা অত্যন্ত পরিশ্রমী। তারা কাজ করতে পারে, পিছিয়ে পড়ে না। কলেরা ও যক্ষ্মা প্রতিরোধে বাংলাদেশ কিভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তা দেখতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশ এর অনুকরণ করে সুফল পেয়েছে। গতকাল বরিশালের উজিরপুর উপজেলার ভরসাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শনকালে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বলেন, এ দেশে দারিদ্র্য বিমোচনে মহিলাদের অগ্রণী ভূমিকা রয়েছে। তারা হাঁস মুরগি ও পশু পালন করে স্বাবলম্বী হয়েছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে আরো অর্থ দেয়ার প্রতিশ্রুতি দেন কিম। তিনি বলেন, গরু পালন, মাছের চাষ করে আজ নারীরা ঘুরে দাঁড়িয়েছে। তাদের ছেলেমেয়েরা আগে স্কুলে যেত না। এখন যাচ্ছে। সবকিছুই ভালো লেগেছে, ভালোর দিকে যাচ্ছে। আমরা ভবিষ্যতে আরো অর্থায়ন করবো।
রামপাল প্রকল্প আবার সরিয়ে নিতে বলল ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ও আইইউসিএন -দৈনিক ইত্তেফাক
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে অটল রয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ও আইইউসিএন। গতকাল মঙ্গলবার ইউনেসকোর ওয়েবসাইটে দেওয়া এক প্রতিবেদনে সংস্থা দুটি প্রকল্পটিকে সুন্দরবনের জন্য মারাত্মক হুমকি উল্লেখ করে তা বাতিল করে অন্যত্র সরিয়ে নিতে আবারও আহ্বান জানিয়েছে।
সংস্থা দুটি আগামী ১ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্প নিয়ে অগ্রগতি প্রতিবেদন ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারে দিতে সরকারকে অনুরোধ করেছে। এতে ওই অঞ্চলের সম্পদ সংরক্ষণের অবস্থার তথ্য থাকতে হবে। আগামী বছর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সভায় সুন্দরবনকে ঝুঁকিপূর্ণ বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে আলোচনা হবে।
গত মাসে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য সুপারিশ করে প্রতিবেদন দেয় ইউনেসকো। গত মার্চে বাংলাদেশ সফর করে যাওয়া ইউনেসকোর বিশেষজ্ঞরা প্রতিবেদনটি দেন। জবাবে ৯ অক্টোবর সরকার লিখিতভাবে ইউনেসকোকে বলেছিল, বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হলে সুন্দরবনের ক্ষতি হবে না। এরপর গতকাল প্রকল্পটি বাতিলের কথা আবারও বলা হলো।
সাইবার সক্ষমতা জোরদার করতে প্রধানমন্ত্রীর আহবান- দৈনিক নয়াদিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইবার সিকিউরিটি বিষয়ে সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেছেন, ডিজিটাল সুবিধা ব্যবহার করে কেউ যেন অপরাধ কার্যক্রম চালাতে না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটালাইজেশনের সঙ্গে সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। সাইবার সিকিউরিটি বিষয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে।... বিশেষ করে আর্থিক খাত এবং গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনভাবেই বিঘিœত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে জনসম্পদ তৈরি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় দেশের সর্ববৃহৎ তথ্য প্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তেল-গ্যাস কমিটির মিছিলে জলকামান, কাঁদুনে গ্যাস- দৈনিক যায়যায়দিন
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লেখা খোলা চিঠি ঢাকার ভারতীয় হাইকমিশনে পৌঁছে দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদুনে গ্যাস, জলকামান ও ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হন।
অবশ্য মিছিল করে চিঠি পৌঁছে দিতে না পারলেও পরে বেলা তিনটার দিকে জাতীয় কমিটির একটি প্রতিনিধি দল গুলশানে ভারতীয় হাইকমিশনে গিয়ে চিঠি দিয়ে আসে। প্রতিনিধি দলে ছিলেন জাতীয় কমিটির নেতা বিডি রহমতুল্লাহ, তানজীমউদ্দিন খান, রেহনুমা আহমেদ, মোশাইদা সুলতানা, কফিল আহমেদ ও কল্লোল মোস্তফা। বিডি রহমতুল্লাহ হাইকমিশনের ভেতরে গিয়ে এক কর্মকর্তার কাছে চিঠিটি পৌঁছে দেন।
আওয়ামী লীগের সম্মেলন থেকেই শুরু আগামী নির্বাচনের প্রস্তুতি: ওবায়দুল কাদের- দৈনিক উত্তেফাক
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থেকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদানকালে এ আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থেকে শুরু হবে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি। তিনি বলেন, নির্ধারিত সময় শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
৭ নভেম্বরকে কেন্দ্র করে মাঠে নামবে বিএনপি: পর্যায়ক্রমে ঢাকা ও এর বাইরে সমাবেশের চিন্তা- দৈনিক নয়াদিগন্ত
আগামী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসকে’ কেন্দ্র করে মাঠের কর্মসূচিতে নামার পরিকল্পনা করছে বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অথবা ঢাকার আশপাশের কোনো জেলায় দিবসটি উপলক্ষে জনসমাবেশ করা হতে পারে, যেখানে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা গেছে, ৭ নভেম্বরের কর্মসূচির মধ্য দিয়ে দীর্ঘ দিন পরে বিএনপির মাঠের কর্মসূচির সূত্রপাত ঘটতে যাচ্ছে। এরপর পর্যায়ক্রমে সারা দেশে সমাবেশ করবেন বিএনপি প্রধান। নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠনে সরকারের ওপর চাপ সৃষ্টিতে জনমত গঠন ও নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবেই এই পরিকল্পনা করা হচ্ছে।
বিএনপি নেতারা বলেছেন, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাজা দেয়ার প্রচেষ্টার প্রতিবাদ ও ৫ জানুয়ারির মতো আবারো একটি সাজানো বা পাতানো নির্বাচনের আশঙ্কাসহ নানা ইস্যুর দিকেই থাকছে কর্মসূচির মূল ফোকাস। এরই মধ্যে বেগম জিয়ার নির্দেশনা তৃণমূলে পৌঁছে গেছে। ফলে দ্রুত তৃণমূলের কমিটিগুলো পুনর্গঠনের কাজ শেষ করার ওপর জোর দিয়েছেন দায়িত্বশীলরা।
ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে উগ্রবাদে জড়ানো হয়: জঙ্গি তানভীর কাদেরী ও মারজানের স্ত্রীর জবানবন্দি- দৈনিক সমকাল
'আমার সোনার সংসার ভেঙেছে। জঙ্গিবাদের কারণে স্বামীকে হারিয়েছি। সন্তানকে হারালাম। আরেক সন্তান কোথায় আছে, জানি না। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আমাকে উগ্রবাদে জড়ানো হয়েছে। আমি অনুতপ্ত। স্বাভাবিক ও সুন্দর জীবনযাপন করতে চাই।' সোমবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা বলেছে নব্য জেএমবির অন্যতম সমন্বয়ক তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা। জঙ্গিবাদের ভুল পথে পা বাড়ানোর জন্য ফাতেমা তার স্বামী কাদেরীকে দায়ী করে।
আরেক জঙ্গি নুরুল ইসলাম মারজানের স্ত্রী প্রিয়তি ওরফে আফরিন জবানবন্দিতে বলেছে, সাদাসিধে ছোট্ট মেয়ে পেয়ে মারজান তাকে ধর্মের নামে অনেক ভুল শিক্ষা দিয়েছে। মারজান বলছিল, পুলিশ তাদের কাজে বাধা দেয়। তারা জঙ্গিদের ওপর আক্রমণ করলে কীভাবে মোকাবেলা করতে হবে, সে কৌশল শেখায়। বলা হয়েছিল, পুলিশ তাদের শত্রু। পুলিশের আক্রমণে মারা গেলে শহীদের মর্যাদা পাব বলে ভুল বোঝানো হয়েছে। হলি আর্টিসানসহ দেশের বিভিন্ন জায়গায় যেসব জঙ্গি হামলা হয়েছে, তার জন্য প্রিয়তি অনুতপ্ত, ব্যথিত ও দুঃখিত। এখন স্বামীর প্রতারণার বিষয়টি স্পষ্ট বুঝতে পারছে সে।
তবে আরেক জঙ্গি বাশারুজ্জামানের স্ত্রী শারমিন ওরফে শায়লা আফরিন জঙ্গিবাদে জড়ানোর ঘটনায় অনুতপ্ত নয়। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানায় অভিযানের পর আটক এই তিন নারী জঙ্গি সোমবার আদালতে জবানবন্দি দিয়েছে। এখন তারা তিনজনই কারাগারে রয়েছে।
মতপ্রকাশের স্বাধীনতা থাকবে নাগরিকের, এনজিও’র নয়: সুরঞ্জিত- দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থার নিবন্ধন বাতিলের বিধান রেখে সংসদে পাস হওয়া আইনের বিরোধিতার সমালোচনা করে বলেছেন, ‘গণমাধ্যমের যে অধিকার আছে, এনজিওর সেটা নেই। ফ্রিডম অব এক্সপ্রেশন নাগরিকের জন্য। এনজিও এখানে অনেক ইনফিরিওয়র।’
গত ৫ অক্টোবর বিলটি পাসের পর এনজিওগুলোসহ তাদের অর্থায়নকারী বিভিন্ন দেশের অব্যাহত সমালোচনার মধ্যে মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। গত বছর সংসদকে নিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের এক বক্তব্যে তীব্র অসন্তোষ জানানোর পর প্রক্রিয়াধীন ওই আইনে বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তবে্যর জন্য নিবন্ধন বাতিলের ওই ধারাটি যুক্ত করেছিল সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি। ওই ধারাটিসহ আইনটি (বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৬) গত ৫ অক্টোবর সংসদে পাস হয়।
ইংল্যান্ডের ২০ উইকেট নেয়ার সামর্থ্য আছে আমাদের: সাকিব- দৈনিক যুগান্তর
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করছেন, ইংল্যান্ডের ২০ উইকেট নেয়ার সামর্থ্য তার সতীর্থদের রয়েছে। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমাদের বোলারদের ২০ উইকেট নেয়ার যোগ্যতা আছে। এখন যদি ফ্লাট উইকেট বানিয়ে দেয়া হয়, সেখানে বোলারদের পক্ষে উইকেট নেয়া সম্ভব হবে না। উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করবে। আমরা দেশের মাটিতে যখন খেলি সাধারণত চেষ্টা করা হয় ফ্লাট উইকেট বানানোর, যাতে ব্যাটসম্যানরা রান করে।’ মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন এই সেরা অলরাউন্ডার। সাকিব জানান, নিজেদের সামর্থ্যরে ওপর আস্থা রেখে প্রস্তুত হচ্ছেন তারা। তিনি বলেন, ‘অবশ্যই জেতার জন্য খেলব। তার জন্য আমাদের অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। সেটা আমরা জানি। ওভাবেই প্রস্তুতি নিচ্ছি।’ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে মাত্র দুই পেসার নেয়া বাংলাদেশ শেষ পর্যন্ত খেলতে পারে এক পেসার নিয়ে। স্পিনারদের জন্য এটা বাড়তি চাপ কিনা জানতে চাইলে সাকিব বলেন, ‘না, চাপের কী আছে। এখন তো আমি অত বেশি বোলিংও করি না আগের মতো। যখন অনেক বেশি বোলিং করতাম তখন এক ধরনের ভূমিকা ছিল, এখন অত বেশি বোলিং করা লাগে না।’
মা ইলিশ রক্ষা কর্মসূচি ব্যাহত হওয়া আশঙ্কা, চাল পাননি জেলেরা- দৈনিক ইত্তেফাক
১২ অক্টোবর থেকে শুরু হয়ে মা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞার আটদিন পেরিয়ে গেলেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা তালিকাভুক্ত সাত হাজার ২৩০ জেলের ভাগ্যে এখনো চাল সহায়তা মেলেনি। জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ ছাড়া অন্য কোনো কাজ না জানায় চরম অর্থ সঙ্কটে মানবেতর জীবন যাপন করছেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ডিমওয়ালা ইলিশ ধরার উপর টানা ২২ দিন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। তাই প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে রায়পুর উপকূলীয় মেঘনা নদী। জেলেরাও মৎস্য অধিদফতরের সহায়তার আশায় নদীতে ইলিশ শিকারে নামছেন না। তাদের এ কষ্ট লাঘবের জন্য সরকার এ ২২ দিনের জন্য খাদ্য সহায়তা বাবদ ভিজিএফ কর্মসূচির আওয়তায় প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেয়ার ঘোষণা দেন। কিন্তু ইউপি চেয়ারম্যান তালিকা দিতে দেরি করায় এখনো জেলেরা চাল পাচ্ছেন না।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
ধৃত ৪৪ সন্দেহভাজন, পুলিসকে লস্করের হুমকি- দৈনিক আজকাল
সোমবার বারামুল্লার সেনা–পুলিসের যৌথ অভিযানে ৪৪ জঙ্গি ধরা পড়ে। এজন্য পুলিসের স্টেশন হাউস অফিসারকে হুমকি দিল পাক জঙ্গি গোষ্ঠী লস্কর–এ–তইবা। সোমবার দুপুর থেকে উত্তর কাশ্মীরের বারামুল্লার ৭০০টি বাড়িতে তল্লাশি চালায় পুলিস, সেনা, বি এস এফ, সি আর পি এফ। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র মণীশ কুমার জানান, সেখান থেকে পেট্রোল বোমা, পাকিস্তান এবং চীনের পতাকা, জইশ জঙ্গিদের লেটারপ্যাড, বেআইনি মোবাইল উদ্ধার হয়েছে। ৪৪ জন সন্দেহভাজন ধরা পড়েছে। জঙ্গিদের বেশ কয়েকটি ডেরাও চিহ্নিত করেছে পুলিস। যদিও স্থানীয়দের দাবি, বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বিক্ষোভে অংশগ্রহণকারী তরুণদের ধরেছে সেনা। যাদের শরীরে ছররা গুলির দাগ রয়েছে, তাদেরই তুলে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বারামুল্লার এস এস পি ইমতিয়াজ হুসেন মির।
জেশপ অগ্নিকাণ্ডে ৯ জনকে গ্রেফতার করল সিআইডি- দৈনিক সংবাদ প্রতিদিন
জেশপ অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের আশঙ্কা আগেই করা হয়েছিল৷ দাহ্য পদার্থ এমনকী বিদ্যুৎ সংযোগ না থাকার পরও কীভাবে বন্ধ কারখানায় আগুন লাগল, তা নিয়ে ধন্দ দেখা দিয়েছিল৷ মঙ্গলবার সিআইডির হাতে ঘটনার তদন্তভার দেয় সরকার৷ এরপরই কারখানার যন্ত্রাংশ চুরির অভিযোগে গ্রেফতার করা হল ৯ জনকে৷
সূত্রের খবর, জেপশের বন্ধ কারখানায় রীতিমতো যাতায়াত ছিল কিছু মানুষের৷ পুজোর সময় পুলিশি প্রহরা থাকলেও, পুজোর পর তা উঠে যায়৷ এরপরই জেশপের ২৮ নম্বর গেটের কাছে আগুন লাগে৷ তদন্তে নেমে কারখানার ভিতরে পাওয়া বিভিন্ন নমুনা থেকে ভিতরে মানুষের যাতায়াতের ব্যাপারে নিশ্চিত হন গোয়েন্দারা৷ জানা যাচ্ছে, কারখানার বিভিন্ন যন্ত্রপাতি কেটে কেটে চুরি করা হয়েছে৷ এই অভিযোগে প্রথমেই ৯ জনকে গ্রেফতার করা হল৷ ৬ জনের বিরুদ্ধে কারখানার যন্ত্রাংশ চুরি, বাকি তিনজনের বিরুদ্ধে ওই যন্ত্রাংশ রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে৷ সিআইডির আনুমান, এই চক্রের সঙ্গে যুক্ত কারখানা কর্তৃপক্ষর একাংশ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই মূলচক্রীদের সন্ধান পাওয়া যাবে বলে মনে করছে তদন্তকারী দল৷
রাজ্যে আরও ৩৪০০ কোটির লগ্নি জিন্দালদের- দৈনিক বর্তমান
শালবনীতে সিমেন্ট কারখানা তৈরি করছে জিন্দাল গ্রুপ। তার শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জিন্দাল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দাল নবান্নে এসে মমতার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে সজ্জন জিন্দাল জানান, আগামী বছর ওই সিমেন্ট কারখানা চালু হয়ে যাবে। এছাড়াও শালবনীতে অতিরিক্ত ৩,৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। অতিরিক্ত সিমেন্ট কারখানার জন্য ৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। পেইন্টস প্ল্যান্টের জন্য ১৫০০ কোটি টাকা, ডাউনস্ট্রিমে স্টিল প্রোডাক্টস-এর জন্য ১০০০ কোটি টাকা, ক্যাপটিভ পাওয়ার সেন্টারের জন্য ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ২০১৮ সালের মার্চ মাসের মধ্যে ওই প্রকল্পগুলি তৈরি করা হবে। ওই প্রকল্পগুলিতে চার হাজার কর্মসংস্থানের সুযোগ হবে। বর্তমানে রাজ্যে শান্তির পরিবেশ চলছে। যা দেশের কোথাও নেই বলে জানান সজ্জন জিন্দাল।
ট্যাঙ্কার পুড়িয়েও রক্ষা নেই আই এসের- দৈনিক আজকাল
বাগদাদ: ইরাকে আই এস-এর সবচেয়ে শক্ত ঘাঁটি মসুলে ক্রমশ কোণঠাসা সন্ত্রাসবাদীরা। অভিযানের তৃতীয় দিনেও দাপট ইরাকি সেনাদেরই। তাদের সঙ্গে যোগ দিয়েছে বায়ুসেনাও। বেছে বেছে জঙ্গিঘাঁটিগুলির ওপরে বোমাবর্ষণ চলছে। বিপাকে পড়ে তেলের ট্যাঙ্কারগুলিতে আগুন ধরিয়ে দিচ্ছে জঙ্গিরা। বিমানহানা ঠেকাতেই এই কৌশল। আগুন লাগানোর ফলে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। তাই বোমাবর্ষণে সমস্যায় পড়তে হচ্ছে ইরাকি বায়ুসেনাকে। তাতেও অবশ্য পুরোপরি রক্ষা পাচ্ছে না জঙ্গিরা। ড্রোনের মাধ্যমে ধোঁয়ায় ঢাকা অঞ্চলগুলিতে নজরদারি চলছে। জঙ্গি ঘাঁটি নজরে এলেই শুরু হচ্ছে বোমাবর্ষণ। ইরাকি সেনার সঙ্গে যোগ দিয়েছে ন্যাটো-ও। ইরাকি বাহিনীর এক কর্তা সাবা আল নুমান বলেছেন, ‘ইরাকি বাহিনী তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং দারুণ সাফল্য পাচ্ছে। তবে কোনও তাড়াহুড়ো করা হচ্ছে না।’
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯