অক্টোবর ২১, ২০১৬ ০৮:২৭ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২১ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • কোটায় বিপন্ন মেধা
  • সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • খালেদার জেলে যাওয়ার অপেক্ষায় আছি : এরশাদ
  • আওয়ামী লীগের সম্মেলন কাল: সা. সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের আভাস
  • মির্জা আব্বাসসহ ৩ জনের বিচার শুরু
  • আশুলিয়ায় নিহত জঙ্গিই নিউ জেএমবি প্রধান: র‍্যাব
  • সুন্দরবনকে সন্ত্রাসমুক্ত রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বন্ধ করা হলো সিটিসেল

ভারত:

  • দেশ বিরোধী কাজের অভিযোগ, কাশ্মীরে ১২ সরকারি কর্তা বরখাস্ত
  • সিঙ্গুরের সেই প্রায় দু’শো একর জমির মালিকের হদিসই নেই!
  • সন্ত্রাসমুক্ত পরিবেশে সার্ক সম্মেলন চায় ভারত
  • ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি পাকিস্তানের
  • ডেবিট কার্ডের তথ্য ফাঁসে আতঙ্কের কারণ নেই: অর্থমন্ত্রক

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কোটায় বিপন্ন মেধা- দৈনিক যুগান্তরের ব্যানার শিরোনাম

কোটা পদ্ধতির ‘দৌরাত্ম্যে বিপন্ন হতে বসেছে বিপুলসংখ্যক মেধাবীর ভবিষ্যৎ। প্রায় সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিসহ সরকারের বিভিন্ন চাকরিতে যোগ্যতার মানদণ্ডে ওপরের সারিতে থেকেও কোটার মারপ্যাঁচে ছিটকে পড়ছে এসব মেধাবী। আর সেখানে স্থান করে নিচ্ছে অপেক্ষাকৃত কম মেধাবীরা। আবার কোনো কোনো ক্ষেত্রে কোটা পূরণ না হওয়ায় শূন্যই থেকে যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক পদ। এখানেও স্থান নেই সংশ্লিষ্ট মেধা তালিকার ওপরের সারিতে থাকা মেধাবীদের। এমন পরিস্থিতি আর কয়েক বছর অব্যাহত থাকলে সর্বস্তরে মেধাশূন্যতা দেখা দিতে পারে বলে আশংকা বিশেষজ্ঞদের।

পাবলিক সার্ভিস কমিশনসহ (পিএসসি) সরকারের বিভিন্ন কমিটি ও কমিশন একাধিকবার বর্তমান কোটা পদ্ধতি সংস্কারে প্রয়োজনীয় সুপারিশ করেছে। পাশাপাশি এ সংস্কার ইস্যুতে রাজপথসহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন সময়ে আন্দোলনও হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি বিগত কোনো সরকারই। বর্তমান সরকারও এ ব্যাপারে অদ্যাবধি কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।

সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক যুগান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানিয়ে বলেছেন, দেশের প্রতি ও সমাজের প্রতি সবার মতো সাংবাদিকদেরও দায়িত্ব এবং কর্তব্য থাকে। সেই দায়িত্ব কর্তব্যটাও পালন করতে হবে। তিনি বলেন, আপনি সুবিধা ভোগ করবেন অথচ দায়িত্ব পালন করবেন না, এটা হতে পারে না।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নতুন ভবন ৩১ তলাবিশিষ্ট ‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

প্রেস ক্লাব চত্বরে প্রবেশ করেই প্রধানমন্ত্রী কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ দিন ছিল জাতীয় প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রেস ক্লাবে প্রবেশ করেন তখন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ভেসে আসে- বাংলার বায়ু-বাংলার জল... এবং বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও... গান দুটি। মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মঞ্চে উপবেশন করেই ক্ষীণ কণ্ঠে শিল্পীর সঙ্গে সুর মিলিয়ে গান দুটি গেয়ে যান।

খালেদার জেলে যাওয়ার অপেক্ষায় আছি : এরশাদ- দৈনিক ইত্তেফাক

জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, জাতীয় পার্টি ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। বৃহস্পতিবার রাতে মমিনপুরের পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আমাকে বেগম খালেদা জিয়া জেলে রেখে হত্যা করতে চেয়েছিল। আর সেই আদেশ পালন করার জন্য বেঈমান শাহাবুদ্দিন আমাকে জেলে নিয়েছে। কিন্তু আমাকে হত্যা করতে পারে নাই। এখন আমি অপেক্ষায় আছি বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে কবে জেলে যাবেন তা দেখার জন্য। খুব শিগগিরই খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজা পেয়ে জেলের ভাত খাবেন। তার পুত্র তারেক রহমানও মায়ের সঙ্গে কারাবন্দি হবেন। মানুষ পরিবর্তন চায়। বিএনপির আস্তানা নেই। তারা ছিন্নভিন্ন হয়ে গেছে। এখন শুধু নিশ্চিহ্ন হওয়ার পালা।

জনসভা থেকে রংপুরে তার নির্বাচনী প্রচারণার ঘোষণা দেন। তিনি বলেন, সরকার দেশে বর্তমান গরীব মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করছে তা গরীবদের বঞ্চিত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করে খাচ্ছে। এই কার্যক্রম গরীবদের কোন কাজে লাগছে না।

আওয়ামী লীগের সম্মেলন কাল: সা. সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের আভাস- দৈনিক যুগান্তর

আনন্দমুখর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আগামীকাল উৎসবের আমেজে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। ২২ ও ২৩ অক্টোবর শনি ও রোববার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দু’দিনের এ সম্মেলনের যাবতীয় প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। আলোচনা চলছে দলের আগামী কমিটি নিয়েও। এই প্রথমবারের মতো দলটি অত্যন্ত জাঁকজমকভাবে সম্মেলন আয়োজন করছে। রাজধানী ঢাকাকে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এ উপলক্ষে দেশের সব জেলা আওয়ামী লীগ অফিসও সাজানো হয়েছে বর্ণিল সাজে। বুধবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর থেকেই খবর ছড়িয়ে পড়েছে দলের প্রেসিডিয়াম সদস্য, সাবেক ছাত্রলীগ সভাপতি, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হচ্ছেন। দলের সভাপতি তাকে গ্রিন সিগন্যালও দিয়েছেন বলে গুঞ্জরন রয়েছে। এ সংবাদের ওপর ভিত্তি করে দলের অনেক নেতাই বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের বাসায় গিয়ে তাকে অগ্রিম অভিনন্দনও জানিয়েছেন বলে জানা গেছে। এদিন তিনি চারবার সভাপতির  কার্যালয়ে যান বলেও দলীয় সূত্রে জানা গেছে।

আশুলিয়ায় নিহত জঙ্গিই নব্য জেএমবির প্রধান: র‌্যাব- দৈনিক সমকাল

ঢাকার আশুলিয়ার বাইপাইলের জেএমবির জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে নিহত আবদুর রহমানই নব্য জেএমবি প্রধান শাইখ আবু ইব্রাহিম আল হানিফ বলে র‌্যাব দাবি করেছে। র‌্যাব জানায়, তার  প্রকৃত নাম সারোয়ার জাহান। এর আগে শাইখ আবু ইব্রাহিম আল হানিফের দুই সহযোগী নাসির আহমেদ নয়ন ও হাসিবুল হাসানকে ২৭ লাখ ৭০ হাজার টাকাসহ আটক করে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, এ বিষয়ে সকাল ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের নতুন মিডিয়া সেন্টারে বিস্তারিত জানাবেন ডিজি বেনজীর আহমেদ। প্রসঙ্গত, গত ৮ অক্টোবর আশুলিয়ার বাইপাইলের নব্য জেএমবির একটি জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে আবদুর রহমান। গুরুতর আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ সময় ওই আস্তানা থেকে ৩০ লাখ টাকা, অস্ত্র ও গোলাবারুদ পাওয়া যায়।

বন্ধ করা হলো সিটিসেল- দৈনিক মানবজমিন

সরকারের বকেয়া টাকা পরিশোধ না করায় দেশের প্রথম মোবাইল অপারেটর সিটিসেল বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও প্রশাসন। গতকাল বিকালে রাজধানীর মহাখালীতে অপারেটরটির প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়। এর এক ঘণ্টা পর বিটিআরসির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে সিটিসেল বন্ধের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন  

 ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় তিনি বলেন, বিটিআরসির বকেয়া না দেয়ায় সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয়েছে। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কাছে সরকারের পৌনে পাঁচ শ’ কোটি টাকা পাওনা। এই পাওনা না পেয়ে গত জুলাই মাসে সিটিসেলের কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছিল বিটিআরসি।

মির্জা আব্বাসসহ ৩ জনের বিচার শুরু- দৈনিক নয়াদিগন্ত

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের এক মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ তিনজনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। অপর দুই আসামি হলেন—সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির ও একই মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব বিজন কান্তি সরকার।

আজ বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আমিনুল হক এই তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১ জানুয়ারি সাক্ষ্যগ্রণের দিন নির্ধারণ করেন। একইসাথে আদালত মামলার অপর দুই আসামি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের হিসাবরক্ষক মো. মনসুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমানকে অব্যাহতির আদেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, প্রতিমন্ত্রী থাকা অবস্থায় আলমগীর কবির ২০০৬ সালে ‌'ঢাকা সাংবাদিক সমবায় সমিতি' নামের একটি সংগঠনকে নামমাত্র মূল্যে মিরপুরে সাত একর জমি বরাদ্দ দেয়ার সুপারিশ করেন। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বাজারমূল্যের চেয়ে কম দামে ওই জমি বরাদ্দ দিয়ে রাষ্ট্রের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি করে।

সুন্দরবনকে সন্ত্রাসমুক্ত রাখতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সুন্দরবন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ও ইকনোমিক জোন। এ এলাকাকে সন্ত্রাসমুক্ত রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, এজন্য সরকার এ এলাকায় র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বরগুনায় সার্কিট হাউজ মাঠে বনদস্যুদের এক আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের দস্যু সাগর বাহিনীর প্রধানসহ তার দলের ১৩জন আগ্নেয়াস্ত্রসহ আত্মসমর্পণ করে। এর আগে মন্ত্রী র‌্যাবের একটি হেলিকপ্টারে বরগুনা পৌঁছান। এসময় তার সাথে ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক ড. মোহাম্মদ বশিরুল আলম, বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক, র‌্যাব-৮ এর পরিচালক ইফতেখারুল মাবুদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢামেকের সামনে অ্যাম্বুলেন্স চাপায় আহত আরেকজনের মৃত্যু- দৈনিক সমকাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ফটকে সামনে অ্যাম্বুলেন্স চাপায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম রমজান আলী (৩০)।

এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট পাঁচজন নিহত হলেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই বাচ্চু মিয়া।

গত ১৫ অক্টোবর সকাল সোয়া নয়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের মূল ফটকের সামনে ‘মানব সেবা’ নামের একটি অ্যাম্বুলেন্সের চাপায় অন্তঃসত্ত্বা নারীসহ চারজন নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হন রমজান আলীসহ আরও তিনজন।

ভারতের বন্দরে কন্টেইনার থেকে বাংলাদেশী যুবক উদ্ধার!- দৈনিক নয়াদিগন্ত

চট্টগ্রাম বন্দরের ‘নিশ্চিদ্র’ নিরাপত্তাবলয় দিয়ে জাহাজীকরনকৃত একটি খালি কন্টেইনার থেকে ভারতের বন্দরে উদ্ধার হয়েছে বাংলাদেশী এক যুবক! একটানা প্রায় ১২ দিন না খেয়ে কনটেইনারের ভেতর লুকিয়ে ছিলেন রোহান হোসেন নামের ওই যুবক।

ভারতীয় গনমাধ্যমের খবরে বলা হয় চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারটি গিয়েছিল ভারতের বিশাখাপত্তনাম বন্দরে। সেখানে কনটেইনারের ভেতর থেকে শব্দ শুনে কনটেইনারটি খুলে অসুস্থ অবস্থায় রোহানকে উদ্ধার করে ওই বন্দরের লোকজন। এরপর তাকে স্থানীয় কিং জর্জ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ওয়ান টাউন পুলিশ স্টেশনের কর্মকর্তাদের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন রোহান।

উদ্ধার হওয়া রোহান হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে বলে জানা গেছে। সুত্র জানায়, চট্টগ্রাম বন্দরে তিনি খালি কনটেইনারে ঢুকে পড়েছিলেন। ইতোপূর্বে ২০১১ সালের ১ এপ্রিল চট্টগ্রাম বন্দর থেকে একটি খালি কনটেইনারে ঢুকে সিঙ্গাপুর পাড়ি জমিয়েছিল আল আমিন ও দ্বীন ইসলাম নামের দুই শ্রমিক।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

দেশ বিরোধী কাজের অভিযোগ, কাশ্মীরে ১২ সরকারি কর্তা বরখাস্ত- দৈনিক আনন্দবাজার

দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকা এবং হিংসায় মদত দেওয়ার অভিযোগে ১২ জন সরকারি অফিসারকে বরখাস্ত করল জম্মু-কাশ্মীর সরকার। প্রশাসনের কড়া নজরে রয়েছেন আরও শতাধিক সরকারি কর্তা এবং কর্মচারী।

গত কাল, বুধবার, এঁদের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ জম্মু-কাশ্মীর সিআইডির হাতে আসে বলে দাবি করা হয়েছে। রাজ্য সরকারকে দেওয়া সিআইডির সেই রিপোর্টের ভিত্তিতেই বৃহস্পতিবার তাঁদের বরখাস্ত করা হয়। অপসারিত এই ১২ জনে অধিকাংশই বিভিন্ন সরকারি দফতরে কর্মরত মধ্যম গ্রেডের সরকারি অফিসার। তাঁদের মধ্যে যেমন জমি দফতরের অফিসার রয়েছেন, তেমন কেউ কেউ আবার স্কুল শিক্ষক।

ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুমকি পাকিস্তানের- দৈনিক সংবাদ প্রতিদিন

ভারত পাকিস্তান সামরিক সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই বহু জল্পনা তৈরি হয়েছে৷ উরিতে জঙ্গি হামলার বদলা নিতে ভারতীয় সেনাবাহিনীর সফল সার্জিক্যাল স্ট্রাইকের পর বিশ্ব রাজনীতিতে এই তরজা বেশ নজর কেড়েছে৷ সোজাসুজি না হলেও, পাকিস্তানকে পরোক্ষভাবে যে কোনও ধরনের জঙ্গি কার্যকলাপ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ কিন্তু খুব আশ্চর্যভাবেই এতকিছুর পরেও নিজেদের দোষ স্বীকার করতে নারাজ পাক প্রশাসন৷

তাঁদের তরফ থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ভারত যদি কোনওভাবে সিন্ধু জলবণ্টন চুক্তি লঙ্ঘন করে, তবে তাঁরা ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে৷ শুধু তাই নয়, পাক প্রশাসনের তরফ থেকে ভারতের বিরুদ্ধে কম করে ৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগও আনা হয়েছে৷ পাক বিদেশ মুখপাত্র নাফিস জাকাইরা তাঁর বিবৃতিতে জানান, ভারতে পাক শিল্পীদের কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা খুবই দুঃখজনক ঘটনা৷ জাকাইরা আরও বলেন, কূটনীতির মাধ্যমে ভারত পাকিস্তানকে বিশ্ব রাজনীতি থেকে পৃথক করে রাখার চেষ্টা করছে৷ যেটা খুবই দুঃখজনক৷ পাশাপাশি, ভারত সার্ক সম্মেলনকে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি৷

সিঙ্গুরের সেই প্রায় দুশো একর জমির মালিকের হদিসই নেই!- দৈনিক আনন্দবাজার

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জমি ফেরত দিতে শুরু করেছে প্রশাসন। অথচ সিঙ্গুরের সেই প্রায় দু’শো একর জমির মালিকের হদিসই নেই! বারবার বলা সত্ত্বেও ওঁদের কেউ ক্ষতিপূরণের টাকা নিতে বা জমির দখল নেওয়ার আবেদন জানাতে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন না!

দেখে-শুনে নবান্ন রীতিমতো তাজ্জব। কেন এমন, রহস্যটা খুঁজে বার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ বার তদন্ত করতে চলেছে। এর পিছনে বাম জমানার ‘অনিয়মের’ ছায়া দেখতেও শুরু করেছে প্রশাসনের একাংশ। তাদের মতে, টাটার মোটরগাড়ি কারখানার জন্য সিঙ্গুরের জমি অধিগ্রহণকালেই ক্ষতিপূরণের চেক বিলিতে বড় ধরনের কারচুপি হয়েছিল, যার জেরে এখন কিছু জমির চেক বিডিও অফিসে পড়ে রয়েছে। কারচুপি ফাঁসের ভয়েই অনেকে জমির কাগজপত্র নিতে আসছেন না বলে এই মহলের পর্যবেক্ষণ।

ডেবিট কার্ডের তথ্য ফাঁসে আতঙ্কের কারণ নেই: অর্থমন্ত্রক- দৈনিক সংবাদ প্রতিদিন

৩২ লক্ষ ডেবিট কার্ড বাতিল নিয়ে ব্যাঙ্কগুলির কাছে তথ্য চাইল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ কেন একসঙ্গে এতগুলি কার্ড বাতিল করার প্রয়োজন হল সে বিষয়ে এখনও মন্ত্রক অন্ধকারে৷ যদিও এদিনই অর্থমন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, তথ্য ফাঁস হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সমস্ত তথ্য সুরক্ষিতই থাকবে৷ বেশ কিছুদিন ধরেই গ্রাহকদের কাছে মোবাইলে মেসেজ আসছিল অবিলম্বে এটিএম কার্ডের ‘পিন’ বদলানোর জন্য৷ কারণ হিসাবে বলা হয়েছিল, কার্ডের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে৷ যাঁরা তা পাল্টে ফেলেছেন বা পাল্টাননি এমন অনেকের কাছেই গত কয়েকদিনে ফের মেসেজ৷ নিরাপত্তার কারণেই বন্ধ করে দেওয়া হচ্ছে তাঁদের কার্ডের সমস্ত লেনদেন৷ একই সঙ্গে আশ্বাস বার্তা, শীঘ্রই তাঁদের ডুপ্লিকেট এটিএম কার্ড তাঁদের ঠিকানায় পৌঁছে যাবে৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১