অক্টোবর ২২, ২০১৬ ০৮:২৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২২ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু আজ: বর্ণিল উৎ​সবের সম্মেলন
  • আওয়ামী লীগের কাউন্সিল : নিরাপত্তায় সোয়াটসহ ১০ হাজার পুলিশ
  • তোপের মুখে পড়বেন মন্ত্রী এমপিরা: ক্ষোভে ফুঁসছে তৃণমূল
  • সম্মেলনে আসা ভারতের দুই অতিথি মানিকগঞ্জে সংবর্ধিত
  • শান্তি দীর্ঘস্থায়ী করতে হলে গণতন্ত্র সুসংহত করা প্রয়োজন: স্পিকার
  • বিরোধী দল শূন্য করতে সরকারের গ্রেপ্তার কৌশল – ফখরুল
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৫০ ভাগ কাজ সম্পন্ন: তারানা
  • কর্মীদের পাওনা শোধের দায়িত্ব সিটিসেলেরই: তারানা
  • স্বজন ভুলে যাচ্ছেন খাদিজা
  • সাতক্ষীরায় দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে মা নিহত

ভারত:

  • জঙ্গি নিশানায় নবান্নসহ বহু গুরুত্বপূর্ণ স্থান
  • বিএসএফের জবাবে খতম ৭ পাক রেঞ্জার্স
  • ঢাকায় আওয়ামি লিগ সম্মেলনে যাচ্ছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়
  • জিতলে সরকার হবে অখিলেশ যাদবেরই নেতৃত্বে, ঘোষণা অবশেষে
  • তাইল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে কবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু আজ: বর্ণিল উৎসবের সম্মেলন- দৈনিক প্রথম আলো

বর্ণিল আয়োজনে আজ শনিবার শুরু হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন। সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে কাউন্সিলর, ডেলিগেট ও বিদেশি অতিথিরা ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। সম্মেলন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান, রাজধানীর বিভিন্ন সড়ক, প্রবেশমুখ এবং ঢাকার বাইরের জেলাও সেজেছে নানা রঙের বাতি আর পোস্টার-ব্যানারে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নেবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন হবে দ্বিতীয় দিন রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। ওই অধিবেশনে নতুন কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হবে। এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’।উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া দেশের সাবেক কূটনীতিক ও রাষ্ট্রদূত, খ্যাতনামা বুদ্ধিজীবী এবং সাংবাদিকেরাও আমন্ত্রণ পেয়েছেন।

গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে দেখা যায়, সম্মেলন সফল করার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানকে।নেতাদের বসার জন্য স্থাপন করা হয়েছে দৃষ্টিনন্দন নৌকা আকৃতির বিরাট মঞ্চ। ১৬৫ ফুট দৈর্ঘ্য ও ৬৫ ফুট প্রস্থের এই মঞ্চে স্থাপন করা হয়েছে ডিজিটাল প্রদর্শনী।

তোপের মুখে পড়বেন মন্ত্রী এমপিরা: ক্ষোভে ফুঁসছে তৃণমূল- দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সম্মেলনে এবার তোপের মুখে পড়তে পারেন ক্ষমতাসীন অনেক মন্ত্রী-এমপি ও বিতর্কিত নেতারা। কথা বলার সুযোগ পেলে তৃণমূলের নেতারা ক্ষোভের বিস্ফোরণ ঘটাবেন এই সম্মেলনে। তারা বঞ্চনা ও উপেক্ষার কথা তুলে ধরবেন। দলীয় এমপির অসাংগঠনিক কর্মকাণ্ড ও আত্মীয়-স্বজনদের অনিয়ম-দুর্নীতির কথা বলতে চান তারা। বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দলে নিয়ে পেশিশক্তি প্রদর্শন, আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের অবহেলা এবং মামলা-হামলার বর্ণনা দিতে চান। পৌর ও ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে এসব নেতার ভূমিকা কী ছিল তা নেত্রীর সামনে তুলে ধরতে চান। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

সোহরাওয়ার্দী উদ্যানে আজ সকালে সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরের খাবার বিরতির পর শুরু হবে কাউন্সিল অধিবেশন। চলবে আগামীকাল পর্যন্ত। সম্মেলনে যোগদানে ইচ্ছুক সারা দেশ থেকে দলীয় নেতাকর্মীরা এরই মধ্যে ঢাকা এসে পৌঁছেছেন। তারা দল বেঁধে বিভিন্ন হোটেলে অবস্থান করছেন। চলছে শলাপরামর্শ। সুযোগ পেলে কী কথা বলবেন, তা ঝালাই করে নিচ্ছেন তারা। তবে তার আগে নেত্রীর (সভানেত্রী শেখ হাসিনা) মনোভাব বুঝে নিতে চান ঢাকায় আগত নেতারা। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতাদের মনের কথা শুনতে চান দলের সভানেত্রী। এরপর থেকেই মূলত প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলের নেতারা। তাই কোনো কোনো নেতার আপত্তি সত্ত্বেও সম্মেলনে মাঠপর্যায়ের নেতাদের বক্তৃতা দেয়ার প্রস্তুতি রাখা হয়েছে। তবে জেলার সভাপতি-সাধারণ সম্পাদকদের কতজন এ সুযোগ পাবেন, তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্টদের।

আওয়ামী লীগের কাউন্সিল : নিরাপত্তায় সোয়াটসহ ১০ হাজার পুলিশ- দৈনিক ইত্তেফাক

ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের নিরাপত্তায় সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর মোট দশ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তার নির্দেশনা দেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে শিকার হওয়ার হুমকি নেই। সারাদেশ থেকে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেবেন। তিনি বলেন- আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তুত আছে।

এদিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও কাউন্সিলের নিরাপত্তায় যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের স্বেচ্ছাসেবকরা একসঙ্গে কাজ করে নিরবচ্ছিন্ন এবং সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে। এছাড়া কাউন্সিলের জন্য রাজধানীর কয়েকটি সড়ক বন্ধ থাকতে পারে। ফলে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার।

সম্মেলনে আসা ভারতের দুই অতিথি মানিকগঞ্জে সংবর্ধিত- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনে অংশ নিতে আসা ভারতীয় দুই জনপ্রতিনিধিকে মানিকগঞ্জে উঞ্চ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার  দুপুরে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে মানিকগঞ্জে আসেন ভারতের পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক সভাপতি ও  রাজ্যসভার সদস্য অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য এবং  রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জীর পুত্র লোক সভার সদস্য অভিজিৎ মুখার্জী।

অতিথিরা মানিকগঞ্জ সার্কিট হাউজে জেলার নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে চা চক্রে যোগ দেন। সেখানে বন্ধুপ্রতিম দেশের এই ২ নেতাকে উঞ্চ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সুভাস সরকারসহ বিভিন্ন দলের নেতাকর্মীবৃন্দ। এসময় অতিথিরা বলেন, বাংলাদেশ আমাদের দীর্ঘ দিনের পরীক্ষিত বন্ধু। বিগত ১০ বছরে এদেশের অনেক উন্নতি হয়েছে।

শান্তি দীর্ঘস্থায়ী করতে হলে গণতন্ত্র সুসংহত করা প্রয়োজন: স্পিকার- দৈনিক ইত্তেফাক

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, 'শান্তি দীর্ঘস্থায়ী করতে হলে গণতন্ত্র সুসংহত করা প্রয়োজন।' তিনি শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা, ঐক্য ও সমঅধিকার প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান।

স্পিকার শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে ইউনিভার্সিটি পিস ফেডারেশন বাংলাদেশ আয়োজিত ২০তম 'সাউথ এশিয়ান পিস ইনিশিয়েটিভ (এসএপিআই)' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, 'বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও দেশে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে।' তিনি শান্তি প্রক্রিয়ায় সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত-করণের ওপর গুরুত্বারোপ করেন।

বিরোধী দল শূন্য করতে সরকারের গ্রেপ্তার কৌশল ফখরুল- দৈনিক মানবজমিন

সরকার দেশকে বিরোধী দল শূন্য করতে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিরোধী নেতৃবৃন্দকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন-নিপীড়নের পন্থা অবলম্বন করেছে। এর একমাত্র লক্ষই হচ্ছে দেশকে বিরোধী দলশূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা। আর সেটিরই আরো একটি নিষ্ঠুর বহিঃপ্রকাশ ঘটলো ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলকে গ্রেপ্তারের মধ্য দিয়ে। এটি নিঃসন্দেহে দেশের বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে মানসিক ও রাজনৈতিকভাবে পর্যুদস্ত করার জন্য সরকারের ধারাবাহিক কূটকৌশল। তিনি অবিলম্বে রেজাউল করিম পলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

দেশের ৯৯ ভাগ মানুষ রামপালের বিপক্ষে: আনু মুহাম্মদ- দৈনিক সমকাল

তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ নিয়ে ভোট হলে দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ এর বিরুদ্ধে ভোট দেবেন। এর মধ্যে আওয়ামী লীগের লোকও থাকবে। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন বাংলাদেশের গর্ব ও প্রকৃতিবান্ধব সুন্দরবনের সন্নিকটে কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণ হলে ওই অঞ্চলের বায়ু, পানি ও পরিবেশ নষ্ট হবে। এর ফলে আওয়ামী লীগের সদস্যরাও রেহাই পাবেন না।

তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ময়মনসিংহ জেলা আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় মূল বক্তব্য উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। শুত্রক্রবার শহরের মালগুদাম রোড সিপিবি কার্যালয়ের সামনে সংগঠনের আহ্বায়ক মোকছেদুর রহমান জুয়েলের সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য আবুল হাসান রুবেল, আসাদুজ্জামান মাসুম, ডা. শামসুল আলম, কাজী সালাহ উদ্দিন, শেখ বাহার মজুমদার, তপন সাহা, অধ্যাপিকা লিলা রায় প্রমুখ।

কর্মীদের পাওনা শোধের দায়িত্ব সিটিসেলেরই: তারানা- দৈনিক সমকাল

কার্যক্রম বন্ধ হওয়া দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধের দায়িত্ব তাদেরকেই নিতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, 'সিটিসেলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার দায়দায়িত্ব সিটিসেলেরই। এ বিষয়ে সব দায়দায়িত্ব সিটিসেলকেই নিতে হবে। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জ ভবনে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বর্তমান অবস্থা ও দেশব্যাপী স্থাপিত অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, 'বারবার সুযোগ দেওয়ার পরও বিটিআরসির পাওনা শোধ না করায় সিটিসেলের কার্যক্রম বন্ধ করা হয়েছে। একটি কোম্পানি কোথা থেকে ‍ঋণগ্রহণ করবে, সেই ঋণ কীভাবে পরিশোধ হবে বা কর্মচারীদের বেতন-ভাতা তারা কীভাবে পরিশোধ করবে—এটা একান্তই সেই কোম্পানির দায়িত্ব। সেই হিসেবে সিটিসেলের কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধের দায়-দায়িত্ব সিটিসেলের। এই দায়িত্ব সিটিসেলকেই গ্রহণ করতে হবে।'

বঙ্গবন্ধু স্যাটেলাইটের ৫০ ভাগ কাজ সম্পন্ন: তারানা- দৈনিক ইত্তেফাক

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, "বাংলাদেশের প্রথম স্যাটেলাইট 'বঙ্গবন্ধু-১' এর ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।" প্রতিমন্ত্রী বলেন, 'বঙ্গবন্ধু -১ এর ইঞ্জিনিয়ারিং কাজ ৪৩ ভাগ, এন্টিনা তৈরির কাজ ৫৬ ভাগ এবং যোগাযোগ ও সার্ভিস মডুলসের ৬৫ ভাগ কাজ হয়েছে।'

প্রতিমন্ত্রী তারানা হালিম শুক্রবার সকালে বিটিসিএল গুলশান-১ এক্সচেঞ্জ অফিসে স্যাটেলাইট ও বিটিসিএল'র অপটিক ফাইবার নেটওয়ার্ক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন।

তিনি স্যাটেলাইট সিস্টেম রিকয়ারমেন্ট রিভিউ (এসআরআর) প্রিলিমিনারি ডিজাইন রিভিউ (পিডিআর) এর উল্লেখ করে বলেন, 'আগামী বছরের ১৬ ডিসেম্বর মহাকাশে এটি উৎক্ষেপনের পর আমরা ২০১৮ সালের মার্চ মাস থেকে বাণিজ্যিক অপরেশন শুরু করব।'

স্বজন ভুলে যাচ্ছেন খাদিজা- দৈনিক সমকাল

সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা বেগম নার্গিসের ডান হাতে অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে স্বজনদের চিনতে পারলেও মাঝে মাঝে ভুলে যাচ্ছেন তিনি। খাদিজার মামা আবদুল বাছেত সমকালকে জানান, খাদিজার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক ভালো। ডাকলে সাড়া দিচ্ছে। মাঝে মাঝে স্বজনদের চিনতে পারলেও আবার ভুলে যাচ্ছে।

তবে এতে উৎকণ্ঠিত না হওয়ার পরামর্শ দিয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস এবং মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের পরামর্শক মির্জা নাজিম উদ্দিন সমকালকে বলেন, এটি পুনর্বাসন প্রক্রিয়া, ধীরে ধীরে সবাইকে চিনতে পারবেন। কয়েকদিন আগেও খাদিজাকে নল নিয়ে খাওয়ানো হচ্ছিল, এখন তিনি চিবিয়ে খেতে পারছেন।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

জঙ্গি নিশানায় নবান্নসহ বহু গুরুত্বপূর্ণ স্থান- দৈনিক বর্তমান

নবান্নসহ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, প্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র ও ধর্মীয়স্থানে জঙ্গিহানার আশঙ্কায় নিরাপত্তা আরও জোরদার করার পরামর্শ দিল ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)। শুক্রবার দুপুরে নবান্নে এসে রাজ্যের স্বরাষ্ট্র ও পুলিশ বিভাগের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে এই আশঙ্কার কথা জানিয়ে, কী ভাবে সতর্ক হতে হবে, তাও বাতলে দিয়ে যান এনএসজি প্রধান সুধীর প্রতাপ সিং। এরই পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক নিরাপত্তার বিষয়টিও নিয়ে বৈঠক করেন এনএসজি প্রধান। নবান্ন সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তার ক্ষেত্রে রাজ্যের এই সচিবালয়ে বেশ কিছু খামতির উল্লেখ করেছে এনএসজি। এমনকী মুখ্যমন্ত্রীর দপ্তরসহ তাঁর অফিসঘরের নিরাপত্তা আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন জঙ্গি দমনকারী এই এলিট সংস্থার কর্তা।

ঢাকায় আওয়ামি লিগ সম্মেলনে যাচ্ছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়- দৈনিক আনন্দবাজার

আওয়ামি লিগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠেছে ঢাকা। শনি ও রবিবার (২২ ও ২৩ অক্টোবর) সম্মেলনে বিদেশি অতিথিদের যোগদান নিয়েও ঢাকায় মানুষের মধ্যে প্রচুর আগ্রহ। আওয়ামি লিগের যুগ্ম সাধারণ সম্পাদক, অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ও প্রাক্তন বিদেশমন্ত্রী দীপু মনি জানিয়েছেন, সবচেয়ে বেশি অতিথি থাকছেন ভারতের। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ভারতের অন্যান্য নেতৃবৃন্দকে। কিন্তু কাজের চাপ থাকায় এবার আসতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ১৯৯৯ সালে আওয়ামি লিগের জাতীয় সম্মেলনে যোগদানই নয়, এক সপ্তাহ ঢাকায় গিয়ে ছিলেনও তিনি। এবার তাঁর প্রতিনিধি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার পিএস সুকান্ত আচার্য।

বিএসএফের জবাবে খতম ৭ পাক রেঞ্জার্স- দৈনিক সংবাদ প্রতিদিন

“এনকাউন্টারে ওদের মেরে ফেলবেন না৷ ওরা ভুল করে বিপথগামী হয়েছে৷ ওরা আমাদের ঘরের ছেলে৷ ওদের বুঝিয়ে-সুঝিয়ে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনুন৷ এই কাজ করতে সরকার সবরকমভাবে আপনাদের সাহায্য করবে৷” হাতে অস্ত্র তুলে নেওয়া বিপথগামী কাশ্মীরি যুবকদের প্রসঙ্গে শুক্রবার রাজ্য পুলিশের কাছে এই আর্জি জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ এদিকে, মেহবুবার এই আর্জির মধ্যেই পাকিস্তানের উপর বড় আঘাত হানল বিএসএফ৷ শুক্রবার সকাল সাড়ে ন’টা নাগাদ জম্মুর কাঠুয়া জেলার হীরানগর সেক্টরের ববিয়াপোস্ট দিয়ে রাজ্যে জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করে পাক সীমান্তরক্ষীবাহিনী ‘পাকিস্তান রেঞ্জার্সের’ জওয়ানরা৷ সঙ্গে সঙ্গে দূরপাল্লার মেশিনগান ও ভারি মর্টার দেগে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে বিএসএফ৷ কয়েক ঘণ্টা তীব্র গুলি যুদ্ধের পর বিএসএফ এক বিবৃতিতে জানায়, তাদের পাল্টা গুলিতে সাত জন পাক রেঞ্জার্স নিহত হয়েছে৷ খতম হয়েছে এক পাক জঙ্গিও৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাক রেঞ্জার্সের আউটপোস্টটি৷

তাইল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে কবাডি বিশ্বকাপের ফাইনালে ভারত- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রো কবাডির দৌলতে বর্তমানে এ দেশে কবাডির জনপ্রিয়তা আগের থেকে অনেকটাই বেড়েছে৷ তাই চলতি কবাডি বিশ্বকাপে ভারত কেমন খেলছে, সে বিষয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ নেহাত কম নয়৷ আর তাই শুক্রবার ভারত এবং তাইল্যান্ডের কবাডি ম্যাচকে কেন্দ্র করেও দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে৷

শুক্রবারের কবাডি বিশ্বকাপের এই সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং তাইল্যান্ড৷ এই ম্যাচেই তাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল অনুপ কুমার অ্যান্ড কোম্পানি৷ এদিন ম্যাচে শুরু থেকেই খেলার রাশ ছিল ভারতের হাতে৷ আর তাই তারুণ্যের প্রাচুর্যে ভরা তাইল্যান্ড দল বহু চেষ্টা সত্ত্বেও ভারতের বিরুদ্ধে কড়া প্রতিরোধ গড়ে তুলতে পারেনি৷ এই পারফরম্যান্সে ভর করেই আহমেদাবাদে জয়ের মুখ দেখল ভারতীয় কবাডি দল৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২