এবার প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না আওয়ামী লীগ
প্রিয় পাঠক/শ্রোতা! ২৫ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশ:
- জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি : ওবায়দুল কাদের
- মন্ত্রিসভার বৈঠকে ফুরফুরে মেজাজে কাদের, চুপচাপ সৈয়দ আশরাফ
- মানুষের মন জয় করে ভোটার বাড়াতে হবে: প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক: মির্জা ফখরুল
- এবার প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না আওয়ামী লীগ
- দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াবে: সজীব ওয়াজেদ জয়
- বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাচ্ছে : গওহর রিজভী
- তিস্তা চুক্তি না হলে দুই দেশেরই ক্ষতি: সিকিমের মুখ্যমন্ত্রী
- ২ বছরের মধ্যে নতুন ঢাকা উপহার দেয়া হবে: আনিসুল হক
- ‘একটি বাড়ি একটি খামার’: একদিকে দুর্নীতি অন্যদিকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব
- ঢাকা টেস্টে নতুন মুখ মোসাদ্দেক-শুভাশীষ
ভারত:
- টাটাগোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে অপসারিত সাইরাস
- অন্যায় দেখলেই প্রতিবাদ করুন: মুখ্যমন্ত্রী
- সিপিএম-কংগ্রেস জোট ভেঙে গেল,আলাদা প্রার্থী দু’পক্ষেরই
- শহরে জ্বলছে ‘রাবণের চিতা’, মারাত্মক দূষণে কমছে গড় আয়ু
- ওড়িশায় গুলিযুদ্ধে হত ২৪ মাওবাদী
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি : ওবায়দুল কাদের- দৈনিক নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ পাওয়াকে নিজের পরিশ্রমের পুরস্কার এবং রাজনীতিবিদ হিসেবে জীবনের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের কাদের বলেছেন, আমি আমার পরিশ্রমের পুরস্কার পেয়েছি। রাজনীতির জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সর্বোচ্চ স্বীকৃতি আমাকে দিয়েছেন। আমি আমার নেত্রীর কাছে, অভিভাবকের কাছে কৃতজ্ঞ। তাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই।
দলের ২০তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আজ সোমবার ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আশরাফুল ইসলামের কাছ থেকে আমার নামের প্রস্তাব আসাটাই ছিল এবারের সম্মেলনের বড় চমক। আর সৈয়দ আশরাফুল ইসলামের সাত বছরের অভিজ্ঞতা ও সুচিন্তিত দায়িত্ব পালন তাকে এই দায়িত্বে অনুপ্রেরণা যোগাবে।’
সংবাদ সম্মেলনে দলের চার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা: দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান এবং সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
মানুষের মন জয় করে ভোটার বাড়াতে হবে: প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষের মন জয় করে ভোটার বাড়াতে হবে। ২১ বছর ধরে আওয়ামী লীগকে ছোট করা হয়েছে। গীবত গেয়েছে বিরোধীরা। আর এখন আওয়ামী লীগের প্রশংসা করে লোকে। তিনি বলেন, বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত দেশে পরিণত করবো। এটাইতো বঙ্গবন্ধু চেয়েছিলেন।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়লেই বুঝতে পারবেন একজন মানুষ কীভাবে সারাজীবন আত্মত্যাগ করেছেন। আমরা আরো ডকুমেন্ট প্রকাশ করবো। যাতে আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে সব জানা যাবে।
আজ সোমবার গণভবনে বিকাল ৫টার দিকে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন-মান উন্নত করছি। রাস্তাঘাট তৈরি করছি। আপনারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে এসব বলবেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক: মির্জা ফখরুল- দৈনিক সমকাল

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলীয় সভাপতি শেখ হাসিনার দেওয়া বক্তব্য 'গণতন্ত্রের জন্য বিপজ্জনক' বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'কাউন্সিলের শেষ সেশনে আওয়ামী লীগ সভানেত্রী পরিষ্কার বলেছেন, বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। সেই সঙ্গে এটাও বলেছেন, আগামীবার আওয়ামী লীগকে যেকোনো মূল্যে ক্ষমতায় আসতেই হবে। এসব কথা গণতন্ত্রের জন্য বিপজ্জনক কথা। এ কথাগুলো থেকে এটা পরিষ্কার হয়ে গেছে, তাদের লক্ষ্য কী এবং তারা কী করতে চান?'
এই পরিস্থিতিতে 'গণতন্ত্রকে ফিরিয়ে আনতে' দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবার প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না আওয়ামী লীগ- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

আগামী নির্বাচন নিয়েও প্রশ্ন উঠুক—আওয়ামী লীগ সেটা চাইছে না। গণতন্ত্রের ঘাটতি নিয়ে পথচলার সমালোচনা মুছতে চায় দলটি। এ জন্য এখন থেকেই মাঠের রাজনীতিতে জোর দিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে দলটির ২০তম জাতীয় সম্মেলনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে সবাইকে এখনই নির্বাচনী প্রচারে নামতে বলেছেন। গত রোববার তিনি বলেছেন, ‘আমি কখনোই চাইব না, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে কোনো প্রশ্ন উঠুক।’
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সম্মেলনের এই দিকনির্দেশনা থেকে বোঝা যায়, মেয়াদের মধ্যভাগ পার হওয়ার পর সরকার গণতন্ত্রের ঘাটতি পূরণের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। কারণ, বিগত নির্বাচনে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা। তারপরও সব দিক থেকে সরকার এখন বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিদেশিদের কাছে সরকারের গ্রহণযোগ্যতা বেড়েছে। দেশের বড় বিরোধী দল বিএনপিকে রাজনৈতিকভাবে তছনছ করে দিতে পেরেছে সরকার। বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীও প্রায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের মতো চলছে। সংসদে বিরোধী দল জাতীয় পার্টি ঝিমিয়ে পড়েছে। বাম দলগুলো অনৈক্য ও বিভ্রান্তির জালে ঘুরপাক খাচ্ছে। রাজনীতিতে এই সুবিধাজনক অবস্থার মধ্যে সরকারি দল আওয়ামী লীগ তৃণমূলে ঝাঁকুনি দিয়েছে গত শনি ও রোববারের সম্মেলনের মাধ্যমে।
দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াবে: সজীব ওয়াজেদ জয়- দৈনিক ইত্তেফাক

সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘আইটি-কাম প্রশিক্ষণ ইন্সটিটিউট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সজীব ওয়াজেদ বলেন, ‘আমাদের আওয়ামী লীগ সরকারের যে স্বপ্ন; জাতির জনকের স্বপ্ন ছিল একটি সোনার বাংলা গড়ে তোলা। সোনার বাংলার অর্থটা কি, স্বপ্নটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের সকল মানুষ নিজের পায়ে দাঁড়াবে।’ তিনি বলেন, ‘অন্য কোন দেশ বা অন্যকোন জাতির উপর আমরা নির্ভরশীল হব না। আমরা নিজেদের মেধায়, নিজেদের পরিশ্রমে, আমরা নিজেদের উন্নয়ন করবো।’
সেই উদ্দেশে এ ধরনের প্রশিক্ষণ ইন্সটিটিউট গড়ে তোলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগটা করে দিচ্ছে।
বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাচ্ছে : গওহর রিজভী- দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা আজ এগিয়ে আসছেন বলে তিনি মন্তব্য করেন।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানী লিমিটেড ও মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প প্রতিষ্ঠান প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং করে নতুন বোতল তৈরির কারখানা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলি, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও বিপিসিএল’র ব্যবস্থপনা পরিচালক খালেদ এম ইউসুফ এবং চেয়ারম্যান খান মোহাম্মদ আহসান প্রমুখ বক্তব্য রাখেন।
গওহর রিজভী আরো বলেন, সরকার দেশের পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টি রেখে পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে। পরিবেশভিত্তিক শিল্পকারখানা যাতে প্রয়োজনীয় ইনসেনটিভ পায় সে ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন।
তিস্তা চুক্তি না হলে দুই দেশেরই ক্ষতি: সিকিমের মুখ্যমন্ত্রী- দৈনিক প্রথম আলো
সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং মনে করেন, আর সময় নষ্ট না করে তিস্তা চুক্তি করে ফেলা দরকার। না হলে বাংলাদেশ ও ভারত দুই দেশেরই ক্ষতি। আর চুক্তিটা হয়ে গেলে দুই দেশেরই লাভ।
গত রোববার সন্ধ্যায় দিল্লিতে সিকিম হাউসে বসে প্রথম আলোকে দেওয়া একান্ত এক সাক্ষাত্কারে এ কথা বলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ছোট পাহাড়ি রাজ্য সিকিমের পরপর পাঁচ দফার মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে গেলে জ্যোতি বসুকে হারিয়ে দেশের কোনো রাজ্যে সবচেয়ে বেশি সময় ধরে মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড গড়বেন তিনি।
তিস্তা চুক্তি সম্পন্ন হলে কেন লাভ ও না হলে কেন ক্ষতি, ৬৬ বছর বয়সী এই মুখ্যমন্ত্রী তা-ও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘গোটা পৃথিবী আজ সহযোগিতার ডানায় ভর দিয়ে কোথায় এগিয়ে চলেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। দুটো দেশ ক্রমেই কাছাকাছি আসছে। নির্ভরশীল হচ্ছে। তিস্তা বাংলাদেশের কাছে একটা স্পর্শকাতর বিষয়। এর মীমাংসা হয়ে গেলে এই সম্পর্ক আরও ভালো হবে। তাতে দুই দেশেরই লাভ। দুই দেশ নতুন উদ্যমে আরও এগোতে পারবে।’
২ বছরের মধ্যে নতুন ঢাকা উপহার দেয়া হবে: আনিসুল হক- দৈনিক সমকাল

আগামী দুই বছরের মধ্যে একটি নতুন ঢাকা শহর উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
তিনি বলেন, একটি নিরাপদ, সবুজ, পরিচ্ছন্ন, মানবিক, স্মার্ট ও স্বাস্থ্যকর আবাসস্থল হিসেবে ঢাকা মহানগরীকে গড়ে তোলার লক্ষ্যে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঢাকা শহর প্রতিদিন বদলাচ্ছে। আগামী দুই বছরের মধ্যে একটি নতুন ঢাকা শহর উপহার দেয়া যাবে।
ডিএনসিসি, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মিলিত আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সোমবার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
তিনি জানান, দেহের বিভিন্ন অঙ্গের মতো শহরটাকে পরিচ্ছন্ন রাখতে হলে নিজেদের আবাসস্থল এবং চারপাশ পরিষ্কার করতে হবে। এছাড়া নগরীর পরিবেশ বাসযোগ্য রাখতে প্রত্যেকের বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য তিনি উপস্থিত শিক্ষার্থীদের অনুরোধ জানান।
‘একটি বাড়ি একটি খামার’: একদিকে দুর্নীতি অন্যদিকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব- দৈনিক যুগান্তর

প্রকল্পের মেয়াদ চার বছর বাড়ানোর প্রস্তাব একনেকে উঠতে পারে আজ * অনেক স্থানেই হতদরিদ্রের সুবিধা ভোগ করছেন ক্ষমতাসীন দলের সচ্ছল নেতাকর্মী ঋণের মোটা অংকের অর্থ খেলাপি। দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘একটি বাড়ি একটি খামার’-এ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে সংশ্লিষ্টদের।
প্রকল্প চালুর পরপরই উত্থাপিত এসব অভিযোগের মধ্যে রয়েছে, অনেক স্থানেই হতদরিদ্রের ঋণ সুবিধা চলে গেছে সমাজের প্রভাবশালী ও সচ্ছল ব্যক্তিদের পকেটে। শুধু তাই নয়, প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও তা ছাড়াই দেয়া হচ্ছে প্রকল্পের ঋণ। এর মধ্যে কেউ কেউ কিস্তি শোধ না করে তারা চলে গেছেন বিদেশে। এমনকি নীতিমালা ভঙ্গ করে ঋণের টাকা খরচ করা হচ্ছে ভিন্ন খাতে। বিদ্যমান পরিস্থিতিতে ঋণের মোটা অংকের টাকা খেলাপি হয়েছে।
এছাড়া কোনো কোনো স্থানে হতদরিদ্রের গরু, ছাগল ও ঢেউটিন জনপ্রতিনিধির স্বজন ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পেয়েছেন বলেও অভিযোগ সংশ্লিষ্টদের। পাশাপাশি ১০ একর জমি, দোতলা বাড়ি, বাজারে ২৩টি পাকা দোকানের মালিকও হয়েছেন প্রকল্পের সমিতির সদস্য। যা নীতিমালার সুস্পষ্ট লংঘন। বিধান অনুযায়ী সর্বোচ্চ এক একর জমির মালিকই এ সমিতির সদস্য হতে পারবেন। যুগান্তরের বিভিন্ন জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
ঢাকা টেস্টে নতুন মুখ মোসাদ্দেক-শুভাশীষ- দৈনিক যুগান্তর

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হাসান সৈকত। এছাড়া নতুন এক পেসার ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন। তিনি হলেন শুভাশীষ রায়।
এছাড়া ইনজুরির কারণে দলে জায়গা পাননি পেসার শফিউল ইসলাম। সোমবার সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি। দলের অন্য সদস্যরা হলেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকবি আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। চট্টগ্রামে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর
টাটাগোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে অপসারিত সাইরাস- দৈনিক বর্তমান

টাটা ডট কম নামের নিজেদের কোম্পানির মিডিয়ায় এক সাক্ষাৎকারে সম্প্রতি টাটা সনসের চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি বলেছিলেন, স্বল্পকালীন নয়, আমরা আগামী দেড়শো বছরের জন্য টাটা গোষ্ঠীর বিজনেস প্ল্যান রেডি রাখছি। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু টাটা সাম্রাজ্যে আচমকাই অঘটন। সম্পূর্ণ বিনা নোটিসে ৪৮ বছরের সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল। যিনি আগামী দেড়শো বছরের এগিয়ে যাওয়ার প্ল্যান করছিলেন, তাঁর নিজের মেয়াদ চার বছরও পূর্ণ হল না। আজ টাটা গ্রুপের তরফে আচমকা ডাকা বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১২ সালে সাইরাস মিস্ত্রিকে যেমন টাটা সনসের চেয়ারম্যান পদে বসিয়ে রতন টাটা সরে গিয়েছিলেন, ঠিক সেই নাটকীয়তার রেশ ধরেই চার বছর পর আজ সাইরাসকে সরিয়ে দেওয়া হল। এবং ফের চেয়ারম্যান পদে অভিষিক্ত হলেন আদি অকৃত্রিম টাটা গোষ্ঠীর প্রধান মুখ রতন টাটা। চার মাসের জন্য। আবার নতুন কোনও চেয়ারম্যান মনোনীত করতে পাঁচ সদস্যের এক উচ্চপর্যায়ের কমিটিও গঠিত হয়েছে। সেই কমিটিতে আছেন খোদ রতন টাটা, বেণু শ্রীনিবাসন, রণেন সেন, লর্ড কুমার ভট্টাচার্য এবং অমিত চন্দ্র।
অন্যায় দেখলেই প্রতিবাদ করুন: মুখ্যমন্ত্রী- দৈনিক আজকাল

অন্যায় দেখলেই প্রতিবাদ করুন, রাজ্যে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটতে দেবেন না। সোমবার নবান্নের সামনে দমকলের নতুন গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যবাসীকে সতর্ক করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের আনন্দ যেন অন্যের বিড়ম্বনার কারণ না হয় সেদিকে বিশেষ নজর রাখার অনুরোধ করেছেন খোদ মুখ্যমন্ত্রী। দীপাবলি আলোর উৎসব। প্রচুর বাজি পোড়ান হয়। সবার সুবিধা–অসুবিধার দিকে নজর রেখে সাবধানে উৎসব পালন করার আবেদনের পাশাপাশি আনন্দ উদ্যাপন যেন নিয়ন্ত্রণহীন না হয়, এমন পরামর্শও দিয়েছেন তিনি। রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখারও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, ধর্মে ধর্মে বিভেদ করে যারা ধ্বংস করে, তারা সৃষ্টি করতে পারে না। আমরা সৃষ্টি চাই। রাজ্যের সম্প্রীতি ব্যাহত করার চক্রান্ত চলছে। তাই কোনও প্ররোচনাতেই পা না দিতে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শহরে জ্বলছে ‘রাবণের চিতা’, মারাত্মক দূষণে কমছে গড় আয়ু- দৈনিক সংবাদ প্রতিদিন

রাবণের চিতা- জঞ্জালের পাহাড় থেকে ওঠা ধিকিধিকি ধোঁয়া দেখে অনেকেই কটাক্ষ করে বলেন এ কথা৷ তবে এ চুল্লি কোনওদিনই নেভে না৷ কেননা জঞ্জালের শেষ নেই৷ আর তাই ধাপার আগুন চাপা থাকে না৷ শহরবাসীর কাছে এ অবশ্য নতুন কিছু নয়৷ তবে এই আগুন আর দূষণ কিন্তু নতুন তথ্য জোগাচ্ছে পরিবেশ কর্মীদের৷ জানা যাচ্ছে৷ ধাপা ও পাশ্ববর্তী অঞ্চলের মানুষদের গড় আয়ু কমছে ব্যাপক হারে৷ দূষণের বিষবাষ্পে মাত্র ৫০ বছরেই পৃথিবীর মায়া কাটাচ্ছেন বহু মানুষ৷
জজ্ঞাল জমা করতে ধাপার মাঠের জন্ম সেই ব্রিটিশ আমলে৷ ঔপনিবেশিক কলকাতায় শহর ঘুরে একটা জঞ্জালের ট্রেন গিয়ে সব আবর্জনা ফেলে আসত শহরের পূর্বপ্রান্তের এই ফাঁকা জায়গায়৷ শহরের সে চিত্র অবশ্য আমূল বদলে গিয়েছে এতদিনে৷ বেড়েছে জনবসতি৷ শহরের পূর্বপ্রান্তের এই অঞ্চল এখন রীতিমতো ঝাঁ চকচকে৷ কিন্তু চকচকে ত্বকে ব্রনর মতো আজও একই জায়গায় থেকে গিয়েছে ধাপা৷ বরং বেড়েছে আয়তন৷ বেড়েছে জঞ্জালের পরিমানও৷ প্রতিদিন প্রায় ৪ মেট্রিক টন জঞ্জাল এসে জমা হচ্ছে এখানে৷ গার্হস্থ্য জঞ্জাল থেকে মৃত পশুর দেহ- হেন জিনিস নেই যা এখানে পাওয়া যায় না৷
সিপিএম-কংগ্রেস জোট ভেঙে গেল,আলাদা প্রার্থী দু’পক্ষেরই: দৈনিক বর্তমান
রাজ্যের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে বাম-কংগ্রেস সখ্যের অবসান হল। মূলত, তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি রোখার লক্ষ্যে মাস ছ’য়েক বিধানসভা ভোটের প্রেক্ষিতে রাজ্যস্তরে চির প্রতিপক্ষ এই দুই শিবির আসন বোঝাপড়া করেছিল। কিন্তু তমলুক ও কোচবিহার লোকসভা এবং মন্তেশ্বরের বিধানসভা আসনের উপনির্বাচনে একতরফাভাবে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে বামফ্রন্ট। তারই জেরে সোমবার দলীয় বৈঠকে ওই তিন আসনে প্রদেশ কংগ্রেসও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বস্তুত জোটের ইতি ঘটল বলেই রাজনৈতিক মহলের ব্যাখ্যা। হাইকমান্ডের কাছে প্রার্থীদের তালিকা এদিনই পাঠানো হয়েছে। বিধানসভা ভোটে জোটের ভরাডুবির পর থেকেই সংশ্লিষ্ট মহলে বিতর্ক দানা বাঁধতে শুরু করে।
ওড়িশায় গুলিযুদ্ধে হত ২৪ মাওবাদী- দৈনিক আনন্দবাজার
অন্ধ্র এবং ওড়িশা পুলিশের যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হলেন ২৪ জন মাওবাদী। তাঁদের মধ্যে ৭ জন মহিলা ছাড়াও রয়েছেন শীর্ষ মাওবাদী নেতা গজরলা রবি ওরফে উদয় এবং চলপতি ওরফে আপ্পা রাও।
আজ ভোরে ওড়িশার মালকানগিরি জেলার চিত্রকোণ্ডায় এই অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ পুলিশের মাওবাদী দমন বাহিনী ‘গ্রেহাউন্ড’ এবং ওড়িশা পুলিশ। মাওবাদীদের পাল্টা গুলিতে জখম হন ‘গ্রেহাউন্ড’-এর দুই সিনিয়র কম্যান্ডো। চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাঁদের বিশাখাপত্তনমের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় আবুবকর নামে এক কম্যান্ডোর।
মালকানগিরির এসপি মিত্রভানু মহাপাত্র জানান, বৈঠক করার জন্য প্রায় ১০০ জন মাওবাদীদের একটি দল চিত্রকোণ্ডার জঙ্গলে জমায়েত হয়েছেন— গোয়েন্দাদের এই রিপোর্টের উপর ভিত্তি করে গত কাল গভীর রাত থেকে যৌথ ভাবে তল্লাশি অভিযান শুরু করে অন্ধ্র ও ওড়িশার পুলিশ। আজ ভোরে মাওবাদীদের সঙ্গে যৌথবাহিনীর গুলির লড়াই হয়।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫