অক্টোবর ২৮, ২০১৬ ০৪:৪০ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৮ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • গুলিস্তানে হকার উচ্ছেদ, দফায় দফায় সংঘর্ষ:পিস্তল দিয়ে ফাঁকা গুলি
  • মানুষের ভেতরকার পশুত্বটা যেন জেগে না ওঠে: প্রধানমন্ত্রী
  • জঙ্গি দমনে পুলিশের সাফল্য প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারের কথামতো অভিযোগপত্র সাজিয়েছে পুলিশ: রিজভী
  • নির্বাচন করতে হলে সরকারকে সংলাপে বসতে হবে: ফখরুল
  • বিএনপির কাজ সংবাদ সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ: ওবায়দুল কাদের
  • রামপালের বিরোধিতাকারীরা অভিজ্ঞ নন: জ্বালানি প্রতিমন্ত্রী
  • ও আমার জুনিয়র, ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না: র‍্যাবের মহাপরিচালক
  • সাহসী ও সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন জরুরি : বি চৌধুরী
  • সুযোগ পেলে এবার আর হাতছাড়া করবো না: মুশফিক

ভারত:

  • গোল্লায় যাচ্ছে বাড়ির ছেলেরা, চোলাইয়ের ভাটি ভাঙলেন মহিলারা
  • উত্তরপ্রদেশকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর জন্য বেছে নিলেন অমিত শাহ
  • চরবৃত্তির দায়ে আটক পাক দূতাবাস কর্মী
  • কেজরিকে খুনের হুমকি ফোন দিল্লি পুলিশের কাছে
  • সহকর্মীর গুলিতে এফোঁড়–‌ওফোঁড় হলেন আই জি–‌র নিরাপত্তাকর্মী

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

গুলিস্তানে হকার উচ্ছেদ, দফায় দফায় সংঘর্ষ:পিস্তল দিয়ে ফাঁকা গুলি-দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

গুলিস্তানে ডিএসসিসির উচ্ছেদ অভিযান চলার সময় হকারদের অস্ত্র হাতে ধাওয়া করেন একদল যুবক। (বাঁয়ে) হাতে অস্ত্র উঁচিয়ে ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন (গোলাপি জামা গায়ে) এবং পাশে অস্ত্র হাতে ছাত্রলীগের ওয়ারী থানা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান l ছবি: প্রথম আলো

রাজধানীর গুলিস্তানে গতকাল বৃহস্পতিবার ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ও একদল যুবকের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। কয়েকটি ফাঁকা গুলিও হয়েছে। দুই যুবকের হাতে দেখা গেছে পিস্তল ও রিভলবার। তাঁদের একজনকে ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে।

সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হলেও নগরের ব্যস্ততম ওই এলাকায় চলাচলকারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। রাজধানীর ভেতরে ও আশপাশের গন্তব্যে চলা গণপরিবহনের প্রধান কেন্দ্র গুলিস্তান। এ সংঘর্ষের কারণে এখানে প্রায় তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। আশপাশের সড়কগুলোতেও সৃষ্টি হয় তীব্র যানজট।

আগ্নেয়াস্ত্রধারী দুজনের মধ্যে একজন হলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। অন্যজন ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। এঁদের মধ্যে সাব্বির হোসেন দাবি করেন, তিনি সেখানে গেলেও তাঁর সঙ্গে কোনো অস্ত্র ছিল না।

মানুষের ভেতরকার পশুত্বটা যেন জেগে না ওঠে: প্রধানমন্ত্রী- দৈনিক মানবজমিন

মানুষের ভেতরের মানবিক গুণাবলী জাগিয়ে তুলে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মানুষের ভেতরের সুপ্রবৃত্তিগুলো যেন জাগ্রত হয়। পশুত্ব যেন জেগে না ওঠে। প্রধানমন্ত্রী গতকাল  সকালে তার সরকারি বাসভবন গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের সুরক্ষায় পরিচালিত ‘চাইল্ড হেল্প লাইন (সিএইচএল)’ উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, অন্যের ক্ষতি করতে গেলে সেই ক্ষতিটা যে নিজের হতে পারে, সেই চিন্তা করে নিজের ভেতরের মানবিক গুণাবলী জাগিয়ে তুলতে হবে। মানুষের ভেতরের সুপ্রবৃত্তিগুলো যেন জাগ্রত হয়, পশুত্বটা যেন জেগে না ওঠে সে বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। সমাজ  কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বাল্যবিবাহ প্রসঙ্গে অভিভাবকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ছেলে-মেয়ের বিয়ে দিলেই সমস্যার সমাধান হলো না। বরং তাদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে হবে। বাবা-মাকে এই জিনিসটা বুঝতে হবে। চাইল্ড হেল্প লাইন চালু প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে সমাজে অপরাধ প্রবণতা কমে যাবে।

জঙ্গি দমনে পুলিশের সাফল্য প্রশংসনীয়: স্বরাষ্ট্রমন্ত্রী- দৈনিক প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি দমনে পুলিশ যে সাফল্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। পুলিশের এই কৃতিত্বপূর্ণ অবদান শুধু দেশেই নয়, বিশ্ববাসীরও কাছেও প্রশংসিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সম্মেলনকক্ষে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আপনারা (পুলিশ) ছাড় দেবেন না। আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’ তিনি বলেন, পুলিশ বাহিনীতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন হয়েছে। জনসেবাধর্মী পুলিশি ব্যবস্থা ধরে রাখার জন্য আপনাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক দিনব্যাপী অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের কথামতো অভিযোগপত্র সাজিয়েছে পুলিশ: রিজভী- দৈনিক প্রথম আলো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইতালীয় নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ড নিয়ে র‍্যাব ও পুলিশের বিতর্কে ফাঁস হয়ে গেছে যে এটা একটা ষড়যন্ত্র। তিনি অভিযোগ করেন, সরকার যেভাবে বলেছে, পুলিশ সেভাবে অভিযোগপত্র সাজিয়েছে।

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এ কথা বলেন। রিজভী বলেন, র‍্যাবের ডিজি বলেছেন, তাবেলা হত্যার সঙ্গে নব্য জেএমবি জড়িত। তারপর সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান বলেছেন, এটার সঙ্গে বিএনপির কাইয়ূম ও তাঁর ভাইয়েরা জড়িত। তাঁদের এই বিতর্কে প্রমাণ হলো যে তাবেলা হত্যায় বিএনপির নেতা কাইয়ূম ও মতিনকে জড়িত করাটা একটা ষড়যন্ত্র। সরকার যেভাবে বলেছে, পুলিশ সেভাবে অভিযোগপত্র সাজিয়েছে।

নির্বাচন করতে হলে সরকারকে সংলাপে বসতে হবে: ফখরুল- দৈনিক সমকাল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হলে সরকারকে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে হবে। আলোচনার মধ্য দিয়ে সমঝোতা তৈরি না হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না।'

বৃহস্পতিবার বিকেলে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবকে নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন তিনি।

বিএনপির কাজ সংবাদ সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হতাশাগ্রস্ত একটি দল। তারা শুধু ঘরে বসে সংবাদ সম্মেলন করেন। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে ’৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

‌‘আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্র বা কোনো অর্জন নেই’- বিএনপি’র এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এটা আগে প্রমাণ করুক। বিএনপির মধ্যেই কোনো গণতন্ত্র নেই, অথচ তারা আবার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ সুশৃঙ্খল ও  বৃহৎ একটি দল। তিনি বলেন,  আমাদের কাউন্সিলে সম্পূর্ণ গণতন্ত্র মেনে নেতা নির্বাচিত করা হয়েছে। কাউন্সিল নিয়ে জনগণের যথেষ্ট আগ্রহ ছিল।

রামপালের বিরোধিতাকারীরা অভিজ্ঞ নন: জ্বালানি প্রতিমন্ত্রী- দৈনিক মানবজমিন

রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতাকারিদের পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুপুরে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এনার্জি পাওয়ার নামে একটি ম্যাগাজিন পত্রিকা ‘মেগা প্রজেক্ট ডিবেট’ শীর্ষক এ গোলটেবিল আলোচনার আয়োজন করে। প্রতিমন্ত্রী বলেন, রামপালে ১৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। ইউনেস্কো থেকে যারা এসেছিলেন তাদের সকলেই মাইক্রোবায়োলজিস্ট। তাদের কারোরই কয়লাভিত্তিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই। আবার আমাদের দেশেও যারা রামপালের বিরোধিতা করছেন তারাও এ বিষয়ে অভিজ্ঞ নন।

নসরুল হামিদ বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় যারা ঝড় তুলছেন তারা কারা তা জানি, তাদের পরিচয় ও ছবিও আমাদের কাছে আছে। তাদের নাম এখানে বলতে চাই না। কিন্তু, তাদের সঙ্গে লিংক কাদের, তাদেরও ছবি আছে। এরা বিএনপি-জামায়াতের অ্যাক্টিভিস্ট। এতেই বোঝা যায়, রামপাল নিয়ে যে আন্দোলন তা সম্পূর্ণ পলিটিসাইজ হয়েছে।

ও আমার জুনিয়র, ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না- দৈনিক যুগান্তর

কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামের দিকে ইঙ্গিত করে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ‘ও আমার জুনিয়র অফিসার। আমার স্নেহের। ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না।’ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।   

সচিবালয়ে অপরাধ বিষয়ক ত্রৈমাসিক সভায় যোগ দেয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্তে ৩০ মিনিট সাক্ষাত করেন র‌্যাবের মহাপরিচালক।  সাক্ষাত শেষে বেনজীর আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি যা বলেছি তথ্য প্রমাণ দিয়েই বলেছি। এ নিয়ে বিভ্রান্তির কিছু নেই। আমি পাল্টা কোনও মন্তব্য করবো না। ও ফাঁদে পা দিতে পারে, কিন্তু আমি কোনো ফাঁদে পা দেবো না।  

মনিরুল ইসলামের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘ও আমার জুনিয়র অফিসার। আমার স্নেহের। ওর বিরুদ্ধে কিছু বলতে চাই না।’  সম্প্রতি ইতালির নাগরিক তাভেল্লা সিজার হত্যায় নব্য জেএমবির আমির আব্দুর রহমান জড়িত বলে বক্তব্য দেন বেনজির।  অথচ ঢাকা মহানগর পুলিশ বিএনপি নেতা আব্দুল কাইয়ুমসহ সাত জনকে আসামী করে চার্জশীট দিয়েছে। 

সাহসী ও সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন জরুরি : বি চৌধুরী- দৈনিক নয়াদিগন্ত

৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল বলে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন বলে দাবি করেছেন সাবেক রাস্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এমতাবস্থায় বর্তমানে একটি সাহসী ও সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন জরুরি দরকার বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। "আর নয় ২৮ অক্টোবর নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবী" শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করলে চলবে না। তার এ কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় ৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। তার এ স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ জানাই।

সুযোগ পেলে এবার আর হাতছাড়া করবো না: মুশফিক- দৈনিক ইত্তেফাক

চট্টগ্রাম টেস্টে জয়ের সুযোগ হাতের নাগালে পেয়েও, তা হাতছাড়া করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে জয়ের সুযোগ পেলে, এবার আর হাতছাড়া করবেন না বলে হুংকার দিলেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মুশি, ‘আমাদের মূল লক্ষ্য দল হিসেবে ঢাকা টেস্টেও ভালো খেলা। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। তারপরও যদি জয়ের সুযোগ পাই তবে অবশ্যই এবার হাতছাড়া করবো না।’ চট্টগ্রাম টেস্টে জয়ের টার্গেট ২৮৬ রান পেয়েছিলো বাংলাদেশ। সেই লক্ষ্যে ১৪০ রানে ৫ উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় টাইগাররা।

তবে ঢাকা টেস্টে জয়ের সুযোগ পেলে এবার আর হাতছাড়া করবেন না বলে হুংকার দিয়ে দিলেন মুশফিকুর। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য দল হিসেবে ঢাকা টেস্টেও ভালো খেলা। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই। এবারও জয়ের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করবো আমরা। তারপরও যদি জয়ের সুযোগ পাই তবে অবশ্যই এবার হাতছাড়া করবো না।’

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

গোল্লায় যাচ্ছে বাড়ির ছেলেরা, চোলাইয়ের ভাটি ভাঙলেন মহিলারা- দৈনিক সংবাদ প্রতিদিন

বারবার অনুরোধ করেও কাজ হয়নি৷ অবশেষে চোলাই মদের ভাটি ভেঙে গুঁড়িয়ে দিলেন আদিবাসী গ্রামের মহিলারা৷ বুধবার নবগ্রাম থানার শিবপুর গ্রাম পঞ্চায়েতের জামাইপাড়া, শ্বশুরপাড়া গ্রামের গজিয়ে ওঠা এইসব ভাটি ভেঙে নজির গড়লেন খয়রাগাছি গ্রামের আদিবাসী মহিলারা৷ পাশাপাশি অভিযোগ উঠেছে, এই মহিলাদের অভিযানে বারবার স্থানীয় প্রশাসনকে ডাকা হলেও তাদের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি৷ সন্ধের পর অবশ্য এলাকায় যান আধিকারিকরা৷

জামাইপাড়া আর শ্বশুরপাড়া৷ নবগ্রাম থানার এই দুটি পাড়ায় চোলাই মদের রমরমা৷ এই চোলাইয়ের কারবার করতে গিয়ে বেশ কয়েকবার উত্তেজনা ছড়িয়েছে এলাকায়৷ তারপরেও প্রশাসনকে শক্ত হতে দেখা যায়নি বলে অভিযোগ৷ এদিকে, এই দুই গ্রামের পাশেই খয়রাগাছির বাসিন্দাদের অভিযোগ, এলাকায় চোলাই মদের রমরমা৷ বাড়ির ছেলেগুলো গোল্লায় যাচ্ছে এই কারণে৷ খয়রাগাছির মহিলাদের অভিযোগ, ঘরের ছেলেগুলো দিনভর যা আয় করে দিনের শেষে মদের ঠেকে গিয়েই শেষ করে আসে৷ এ নিয়ে স্থানীয় প্রশাসন, গ্রাম পঞ্চায়েতের কাছে দরবার করে কোনও সুরাহা না পেয়ে শেষপর্যন্ত খয়রাগাছি গ্রামের কয়েকশো মহিলাদের ক্ষোভ আছড়ে পড়ে চোলাই তৈরির ওই গ্রাম দুটির উপর৷

উত্তরপ্রদেশকে সার্জিক্যাল স্ট্রাইক-এর জন্য বেছে নিলেন অমিত শাহ- দৈনিক আনন্দবাজার

গৃহযুদ্ধে নড়বড়ে সমাজবাদী পরিবার। অস্তিত্ব রক্ষায় এখন ধর্মনিরপেক্ষতার নামে মহাজোটের চেষ্টা চলছে। ঠিক এই সময়টাকেই উত্তরপ্রদেশে “সার্জিক্যাল স্ট্রাইক”-এর জন্য বেছে নিলেন অমিত শাহ।

ছেলে ও ভাইয়ের বিবাদ ধামাচাপা দিয়ে আপাতত উত্তরপ্রদেশে ‘মহাগঠবন্ধন’ তৈরির কাজ শুরু করেছেন মুলায়ম সিংহ যাদব। তাঁর দূত হয়ে ভাই শিবপাল যাদব পৌঁছে গিয়েছেন শরদ যাদব, অজিত সিংহের কাছে। এই দুই নেতার মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে সনিয়া গাঁধীর সঙ্গেও। মুলায়ম যখন লখনউয়ের তখত থেকে বিজেপিকে দূরে রাখতে ব্যস্ত, সেই সময় তাঁর গড়ে ঢুকে একেবারে সার্জিক্যাল স্ট্রাইকের কায়দায় আক্রমণ শানিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সমাজবাদী পার্টির দুর্গ বলে পরিচিত এটাওয়াতে বিশাল জনসভায় আজ অমিত শাহ একই সঙ্গে সমাজবাদী পার্টি-বিএসপি-কংগ্রেসকে আক্রমণ করেন।  তাঁর দাবি, উত্তরপ্রদেশে এ বার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি।

চরবৃত্তির দায়ে আটক পাক দূতাবাস কর্মী- দৈনিক বর্তমান

দেড় বছরে বেশিরভাগ ক্ষেত্রেই প্রক্রিয়া ছিল ‘ডেড ড্রপস’। অর্থাৎ সরাসরি দেখা না করে আলাদা করে দু’পক্ষ হাজির হয়ে যেত। আগে থেকে বলে দেওয়া নির্ধারিত স্থানে প্যাকেটের মধ্যে নথি বা প্রয়োজনীয় তথ্য এক বা একাধিক চর ফেলে রেখে চলে যেত। এবং কাছাকাছি থাকা আইএসআই গুপ্তচর কিছুক্ষণের মধ্যে সেটি হস্তগত করে ফিরে যেত দিল্লির পাকিস্তান দূতাবাসে। তবে মাঝেমধ্যে দিল্লি এবং দিল্লির বাইরে স্পাই নিয়োগ করতে ও নিযুক্ত স্পাইদের কাজকর্ম মনিটর করতে দুপক্ষের দেখাসাক্ষাৎ হত। সেরকমই একটি সাক্ষাৎকারের দিন ছিল গতকাল বুধবার। দিল্লি চিড়িয়াখানায় লেপার্ডের খাঁচার সামনে ছিল অ্যাপয়েন্টমেন্ট। যথারীতি সেই সাক্ষাৎকার সাঙ্গ হয় এবং রাজস্থানের যোধপুর থেকে আসা দুই গুপ্তচর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তুলে দিয়েছিল মেহমুদ আখতারের কাছে। কে এই মেহমুদ আখতার? দিল্লির পাকিস্তান দূতাবাসে কর্মরত ভিসা বিভাগের কর্মী। চিড়িয়াখানায় যে এই গোপন লেনদেন হচ্ছে তার আগাম সোর্স মারফৎ খবর ছিল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে।

কেজরিকে খুনের হুমকি ফোন দিল্লি পুলিশের কাছে দৈনিক সংবাদ প্রতিদিন

আবারও কেজরিওয়ালকে প্রাণনাশের হুমকি ফোন এল পুলিশের কাছে৷ ইতিমধ্যেই যে নিজের ক্ষমতা এবং কাণ্ডকারখানার দরুন দিল্লির মুখ্যমন্ত্রী বিরোধী রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের চক্ষুশূল হয়ে উঠেছেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ এবার যেন তারই প্রমাণ মিলল আবার৷

দিল্লি পুলিশের কাছে ফোন করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে খুন করার কথা বলল এক মদ্যপ ব্যক্তি৷ ফোনে সে কেজরিকে খতম করার হুমকি দেয়৷ এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়৷ পরে পুলিশের তরফ থেকে খোঁজ নেওয়া হলে জানা যায়, ওই ব্যক্তি নাকি মদ্যপ এবং মানসিক বিকারগ্রস্ত৷ কিন্তু এমন হলেও, হঠাৎ সে বেছে বেছে কেন কেজরিকেই খুন করতে চাইলেন তা নিয়ে প্রশ্ন উঠছে৷ তার প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েও জানা গিয়েছে, সে মানসিক বিকারগ্রস্ত এবং মদ্যপ৷ ওই ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

সহকর্মীর গুলিতে এফোঁড়‌ওফোঁড় হলেন আই জি‌র নিরাপত্তাকর্মী- দৈনিক আজকাল

সহকর্মীর এ কে ৪৭ থেকে গুলিতে এফোঁড়–ওফোঁড় হয়ে গেলেন এক পুলিসকর্মী। আশঙ্কাজনক অবস্থায় জখম ওই পুলিসকর্মী সুজিত বর্মনকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। গুলি চালানোয় অভিযুক্ত বিপিন লামা ঘটনার পর আত্মসমর্পণ করেছে। পুলিস তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে শিলিগুড়ির দাগাপুরের কাছে পিনটেল ভিলেজের পুলিস ব্যারাকে। এই দুই পুলিসকর্মী উত্তরবঙ্গ পুলিসের ইনস্পেক্টর জেনারেল (‌আই জি)‌ তথা এ ডি জি নটরাজন রমেশবাবুর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ডিউটি সেরে তাঁরা দু’‌জনে ব্যারাকে যাওয়ার পরই এই ঘটনা। তবে এদিন রাতে আই জি তাঁর বাংলোতে ছিলেন না। পুলিস সূত্রেই জানা গেছে, দু’‌জনের মধ্যে বচসা চলাকালীন এ কে ৪৭ তাক করে সুজিতকে গুলি চালিয়ে দেয় বিপিন। পেটের ডান পাশে গুলি লেগে ও–‌পাশ দিয়ে বেরিয়ে যায়। তবে কেন গুলি চালাল, তা নিয়ে এখনও পুলিসের কোনও কর্তাই মুখ খুলতে চাননি। গোটা ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীকে জানিয়েছে দিল্লি পুলিশ৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮