খালেদা জিয়ার বক্তব্য যেন চোরের মায়ের বড় গলা : হাছান মাহমুদ
পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৪ নভেম্বর শুক্রবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
পাইকারি বাজারে জমজমাট নকল ওষুধের ব্যবসা-ইত্তেফাক
নাসিরনগরে হিন্দুপল্লীতে ফের দুর্বৃত্তের আগুন-যুগান্তর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট-সমকাল
সমাবেশের জন্য বিকল্প জায়গা চাইবে বিএনপি- প্রথম আলো
হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগে রাজধানীতে বিক্ষোভ : মন্ত্রীর পদত্যাগ দাবি- নয়া দিগন্ত
বঙ্গবন্ধু ও চার নেতার খুনিদের রক্ষক ও পৃষ্ঠপোষক বিএনপি : ইনু - কালের কণ্ঠ
পুলিশ ও প্রশাসনের অবহেলায় হামলা ভাংচুর লুটপাট- যায় যায় দিন
ছয় সার কারখানার পাঁচটিই বন্ধ-বাংলাদেশে প্রতিদিন
ভারতের শিরোনাম:
১২ স্কুলছাত্রীকে গণধর্ষণ, ধৃত প্রধান শিক্ষক-সহ সাত- সংবাদ প্রতিদিন
কেন্দ্রের নির্দেশে ‘অফ এয়ার’ হচ্ছে এক চ্যানেল -গণশক্তি
রাম কিসানের পরিবারকে হেনস্থা নিয়ে আবার সরব রাহুল -আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...
ছয় সার কারখানার পাঁচটিই বন্ধ-বাংলাদেশে প্রতিদিন
উৎপাদন নেই চিটাগাং ইউরিয়া, কাফকো আশুগঞ্জ, পলাশ, ফেঞ্চুগঞ্জ সার কারখানায়
কৃষি উৎপাদনের অন্যতম উপাদান ইউরিয়া সারের চাহিদা পূরণে শঙ্কা দেখা দিয়েছে। সাত মাস ধরে গ্যাসের অভাবে ছয়টির মধ্যে পাঁচটি সার কারখানা বন্ধ। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, কারখানা বন্ধ থাকায় তার চেয়ে অন্তত ৫ লাখ মেট্রিক টন ইউরিয়া কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ে চিঠি লিখেছে প্রতিষ্ঠানটি। কৃষকের চাহিদা মেটাতে ডিলার পর্যায়ে সারের বিক্রয়মূল্য স্থির রেখে টনপ্রতি অন্তত ৪ হাজার টাকা ভর্তুকি বাড়ানোর প্রস্তাব করেছে বিসিআইসি।
আসন ভাগাভাগি প্রশ্নে ২০ দলে জটিলতা কম-যুগান্তর
নিবন্ধন বাতিল হওয়ায় আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর। তাই নির্বাচনে আসন ভাগাভাগি প্রশ্নে জোটের মধ্যে দ্বন্দ্ব বা টানাপোড়েন সৃষ্টির আশংকা কম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামায়াতের শীর্ষ নেতাদের বেশ কয়েকজনের ফাঁসি ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। মূলত তাদের কারণেই মনোনয়ন ভাগাভাগিতে ঝামেলার সৃষ্টি হতো। এবার সেই আশংকাও থাকবে না। জামায়াত নির্বাচনে অংশ নিতে না পারায় তাদের দলের নেতাদের স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে হবে। সে ক্ষেত্রে মনোনয়ন নিয়ে দরকষাকষির সুযোগ কম থাকবে। এ কারণে বিএনপির হাইকমান্ডও স্বস্তিতে থাকবে।
আগামী নির্বাচনে জামায়াত সরাসরি অংশ নিতে না পারায় জোটের অন্য দলগুলোও তাদের প্রত্যাশিত আসন পাওয়ার ব্যাপারে আশাবাদী। এখন থেকেই তারা তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোটের প্রধান শরিক বিএনপির নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
নাসিরনগরে হিন্দুপল্লীতে ফের দুর্বৃত্তের আগুন-যুগান্তর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দুপল্লীতে আবারও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ ইকবাল হোসেন।
তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে সংকরপাড়ার ২টি, বণিকপাড়ার ১, ঠাকুরপাড়ার ১টি ও পশ্চিমপাড়ার ১টি ঘর পুড়ে গেছে।
আতংক ছড়ানোর জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, যায় যায় দিন শিরোনাম করেছে- পুলিশের কোনো গাফিলতি দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত প্রতিবেদন বলছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ছিল সুপরিকল্পিত। পুলিশ ও প্রশাসনের অবহেলায় হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে। আর নয়া দিগন্ত লিখেছে- হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগে রাজধানীতে বিক্ষোভ : মন্ত্রীর পদত্যাগ দাবি।
সমাবেশের জন্য বিকল্প জায়গা চাইবে বিএনপি-প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ৭ নভেম্বর সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প জায়গা চাইবে। তিনি আশা করছেন, তাঁরা সেখানে সমাবেশ করার অনুমতি পাবেন।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশ করতে দেয়া হবে না।
প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম: খালেদা জিয়া বললেন
১০ টাকার চালে হরিলুট চলছে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, ‘১০ টাকা কেজি দরে চাল বিক্রির ক্ষেত্রে হরিলুট চলছে। গরিবেরা বঞ্চিত হচ্ছেন।‘গতকাল বৃহস্পতিবার এক টুইটে খালেদা জিয়া এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘হতদরিদ্রদের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল সারা দেশে আওয়ামী লীগের সচ্ছল লোকেরা লুটেপুটে খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত।’
এদিকে এ সম্পর্কে ইত্তেফাকের একটি খবরের শিরোনাম এরকম যে, খালেদা জিয়ার বক্তব্য যেন চোরের মায়ের বড় গলা : হাছান মাহমুদ
সরকারের গৃহীত ১০ টাকা কেজি দরে দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের কাছে চাল বিক্রয়ের প্রকল্প নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া বক্তব্য যেন চোরের মায়ের বড় গলা। খালেদা জিয়াকে অনুরোধ করবো- আগে আয়নায় নিজের চেহারা দেখুন। আপনার বড় পুত্র দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে ফেরারি আসামি।আর আপনি এতিমদের টাকা আত্মসাতের দায়ে অভিযুক্ত।
পাইকারি বাজারে জমজমাট নকল ওষুধের ব্যবসা-ইত্তেফাক
জীবন রক্ষাকারী ওষুধ নকল ও ভেজাল নিয়ন্ত্রণে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। ভেজালকারীদের এ দোর্দণ্ড প্রতাপ কেন? এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বেড়ায় ক্ষেত খেলে বেড়া দিয়ে লাভ নেই। ভেজাল ও নকল ওষুধ যারা নিয়ন্ত্রণকারী প্রশাসন তাদের মধ্যে এক শ্রেণির কর্মকর্তা নিয়মিত মাসহারা পেয়ে আসছে। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার কারণে ভেজাল নকল ওষুধ পাইকারি বিক্রেতার প্রভাব দিন দিন বেড়ে চলছে। এখন নিয়ন্ত্রণহীন। কিডনি, ক্যান্সার, ডায়াবেটিস, লিভার রোগসহ বিভিন্ন রোগে ওষুধ পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে প্রকাশ্যে। এ ছাড়া এন্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের নকল ওষুধ পাইকারি ও খুচরা বিক্রি হয়ে আসছে। দেশি ও বিদেশি নামি-দামি কোম্পানির উত্পাদিত কিডনি, ক্যান্সার, ডায়াবেটিস, লিভার রোগের এবং এন্টিবায়োটিকসহ বভিন্ন ধরনের ওষুধ হুবহু নকল ও ভেজাল করে এ সকল ওষুধ দেশের বৃহত্তম ওষুধের মার্কেট মিটফোর্ডে পাইকারি বিক্রি হয়ে আসছে। এ সকল মার্কেট থেকে নকল ও ভেজাল ওষুধ সারাদেশে যাচ্ছে। ঐ সকল ওষুধের গায়ে লেভেল কিংবা প্যাকেট দেখে আসল ও নকল বুঝার উপায় নেই। মাঝে মাঝে ওষুধ প্রশাসন অধিদফতরে তত্ত্বাবধানে মিটফোর্ডসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ভেজাল ও নকল ওষুধ বিক্রেতাকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনাও হয়ে থাকে। ব্যবসায়ীদের সঙ্গে ঐ অভিযান পরিচালনাকারীদের লেনদেনের সখ্যতা দীর্ঘদিনের। এ মোটা অঙ্কের উেকাচ জায়েজ করতে মাঝে মাঝে লোক দেখানো অভিযান বলে ওষুধ বিক্রেতাকারীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে দাবি করা হয়।
ক্যান্সার, কিডনি, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিত্সকগণ বলেন, এ ধরনের নকল ও ভেজাল ওষুধ রোগীদের ব্যবহারে মৃত্যু দ্রুত নিশ্চিত। নকল ও ভেজাল ওষুধ সেবনে প্রতিদিন অনেক রোগীর নিরবে প্রাণহানি ঘটছে। নকল ও ভেজাল ওষুধ উত্পাদন এবং বাজারজাতকারী জেনেশুনে রোগীদের হত্যা করে আসছে। বিশ্বের প্রায় সকল দেশে ভেজাল ওষুধ ও খাদ্য উত্পাদন এবং বাজারজাতকারীদের মৃত্যুদণ্ড রয়েছে। কোনো কোনো দেশ প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। এ কারণে ঐ সব দেশে ওষুধ কিংবা খাদ্যসামগ্রীসহ কোনো পণ্য নকল ও ভেজাল উত্পাদন অথবা বাজারজাত করার সুযোগ নেই বলে বিশেষজ্ঞ চিকিত্সকরা জানান।
এদেশে হাজার হাজার রোগীর হত্যাকারী নকল ও ভেজাল ওষুধ উত্পাদন কিংবা বাজারজাতকারীদের জন্য মৃত্যুদণ্ড ছাড়া তাদের নিয়ন্ত্রণে কোনো বিকল্প নেই বলে চিকিত্সকদের দাবি।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ভেজাল ও নকল ওষুধ উত্পাদন কিংবা বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চলছে। এ অবস্থা চলমান। তাদের কোনো অবস্থায় ছাড় নেই বলে তিনি জানান।
র্যাব মহাপরিচালক-দ্বন্দ্ব নয়, ভালো কাজে থাকবে প্রতিযোগিতা: যুগান্তর
ইতালির নাগরিক সিজারি তাভেল্লা হত্যাকাণ্ড এবং নিউ জেএমবির আমীর আবদুর রহমান ওরফে সারোয়ার জাহানকে নিয়ে সৃষ্ট র্যাব-পুলিশের দ্বন্দ্ব সম্প্রতি অবসান হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের কঠোর নির্দেশের পর এ সমস্যার সমাধান হয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) জঙ্গি দমন নিয়ে কাজ করে।
এ প্রসঙ্গে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বৃহস্পতিবার যুগান্তরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, পুলিশের আমব্রেলায় কাজ করে র্যাব। আর র্যাব ও পুলিশে কোনো দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বিতা নেই। কনটেস্ট (প্রতিযোগিত) থাকবে, তবে কনফ্লিক্ট (দ্বন্দ্ব) নয়।
বঙ্গবন্ধু ও চার নেতার খুনিদের রক্ষক ও পৃষ্ঠপোষক বিএনপি : ইনু - কালের কণ্ঠ
জেল হত্যাকাণ্ডের নিন্দা না জানিয়ে খালেদা জিয়া ও বিএনপি 'খুনিদের পক্ষ নিয়েছেন' বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাসদের একাংশের সভাপতি ইনু এ মন্তব্য করেন। তিনি বলেন, "জেলখানার ভেতর নির্মমভাবে জাতীয় চার নেতাকে হত্যার বিষয়ে দলমত নির্বিশেষে সবাই নিন্দা জানিয়েছেন। কেবলমাত্র খালেদা জিয়া ও বিএনপি নিন্দা জানায়নি, বিবৃতিও দেয়নি। জেলহত্যার নিন্দা না জানিয়ে খালেদা জিয়া খুনিদের পক্ষ নিলেন। এটা গণতন্ত্রের জন্য দুঃখজনক।"
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
শিক্ষকদের বিকৃত যৌন লালসার শিকার হতে হল ১২ জন নাবালিকা আদিবাসী ছাত্রীকে৷ দিনের পর দিন আবাসিক স্কুলের ভিতরে দশ জন শিক্ষক ছাত্রীদের গণধর্ষণ করত বলে অভিযোগ৷ এই ‘ভক্ষক’ শিক্ষকদের ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে তিন কিশোরী৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলার হিভারখেড়ার একটি আবাসিক স্কুলে৷ বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে নিনাধি আশ্রম আবাসিক স্কুলের প্রধান শিক্ষক, স্কুল পরিচালন কমিটির সভাপতি-সহ সাত শিক্ষক ও শিক্ষাকর্মী, ঝাড়ুদার ও রাঁধুনিকে৷ আরও তিন শিক্ষকের খোঁজ চলছে৷ শিক্ষকদের এমন বীভৎস আচরণের কথা শুনে শিউরে উঠছেন সকলে৷
রাম কিসানের পরিবারকে হেনস্থা নিয়ে আবার সরব রাহুল-আজকাল
দিল্লি: প্রাক্তন সেনানীদের সঙ্গে দেখা করে এক পদ এক অবসর ভাতা (ও আর ও পি) বিষয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সুর আরও একপ্রস্ত চড়ালেন রাহুল গান্ধী। তাঁর কথায়, প্রাক্তন সেনাকর্মীরা জানিয়েছেন অর্থ নিয়ে তাঁদের আন্দোলন নয়। তাঁদের এই আন্দোলন সমাজে শ্রদ্ধা প্রতিষ্ঠার জন্য। হরিয়ানার ভিওয়ানি গ্রামের ৭০ বছরের প্রাক্তন সেনাকর্মী রাম কিসান গ্রেওয়ালের আত্মহত্যার ঘটনা সামনে আসার পরই নতুন করে ও আর ও পি নিয়ে বিতর্ক শুরু হয়।
কেন্দ্রের নির্দেশে ‘অফ এয়ার’হচ্ছে এক চ্যানেল-গণশক্তি
মোদীর রাজত্বে মিডিয়ারও ‘আচ্ছে দিন’ উধাও। সন্ত্রাসবাদী হামলার খবর করে কেন্দ্রের তোপের মুখে পড়ে গোটা একদিনের জন্য সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হচ্ছে সর্বভারতীয় এক হিন্দী চ্যানেল। এনডিটিভি ইন্ডিয়ার শাস্তি ঘোষণার সাথে সাথেই ভোপালের এনকাউন্টার নিয়ে বিস্ফোরক তথ্য সহ খবর চাপের মুখে তুলেই নিলো সিএনএন নিউজ ১৮। এদিনে ঘটনায় সংবাদ মাধ্যমে গভীর প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, সংবাদ মাধ্যম এখন কার্যত জরুরী অবস্থার মধ্যে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪