নভেম্বর ১০, ২০১৬ ১৪:২৯ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ১০ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় : প্রধানমন্ত্রী-ইত্তেফাক
৫ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ বিশ্ববিদ্যালয় ছাত্রীর-যুগান্তর
৭০ থেকে নেমে ২২ শতাংশে দ‌রিদ্রতা : অর্থমন্ত্রী-কালের কণ্ঠ
খালেদার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর-মানবজমিন
রামপাল প্রতিরোধে মাঠে নামার বিকল্প নেই: গয়েশ্বর- প্রথম আলো
সিয়াটলে ট্রাম্পবিরোধী বিক্ষোভে গুলি, আহত ৫- নয়া দিগন্ত
সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জাপার -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:
সিঙ্গুরে ভাল কাজের জন্য কর্মীদের বিদেশ ভ্রমণের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর - সংবাদ প্রতিদিন
নোট বদলের জন্য তিন দিন সময় বাড়ালো সি ই এস সি-গণশক্তি
উত্তরপ্রদেশে একা লড়বে সমাজবাদি পার্টি -আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় : প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। যে দলের জন্মই হয়েছে অবৈধ ক্ষমতা দখলকারীর হাতে, যারা নির্বাচনী ব্যবস্থাকেই কলুষিত করে গেছে— সেই বিএনপির মুখে গণতন্ত্রের ছবক শুনলে সত্যিই হাসি পায়। দেশে নাকি গণতন্ত্র নেই! বিএনপি কি জিয়াউর রহমানের মতো প্রতি রাতের কারফিউ গণতন্ত্র চায়? ২০৪১ সালের মধ্যে কেমন বাংলাদেশ দেখতে চাই, তারই একটি রূপরেখা তৈরি করে লিখিত আকারে জমা দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

হাইকোর্টে জামিন পেলেন মান্না-ইত্তেফাক

মাহমুদুর রহমান মান্না

 

গুলশান থানার একটি মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে জামিন দিয়েছে হাইকোর্ট। জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করে বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মোহম্মদ আতাউর খানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
তবে হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মোহম্মদ বশিরুল্লাহ।

রামপাল প্রতিরোধে মাঠে নামার বিকল্প নেই: গয়েশ্বর-প্রথম আলো

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে অন্য দেশের স্বার্থে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। তিনি বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র প্রতিরোধে মাঠে নামার কোনো বিকল্প নেই।

আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর এই মন্তব্য করেন। গয়েশ্বর চন্দ্র অভিযোগ করেন, সরকার এখন দেশকে নিয়ে বাজি খেলছে। বিদ্যুতের জন্য যতটা না রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন ক্ষমতায় টিকে থাকার জন্য। তিনি দাবি করেন, রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র একটি পরিত্যক্ত প্রকল্প। এই ধরনের প্রকল্প ভারতে করতে পারেনি। শ্রীলঙ্কায় পারেনি। সবশেষে বাংলাদেশের ওপর এই প্রকল্প চাপানো হয়েছে।

প্রথম আলোর অন্য একটি রাজনৈতিক খবরের শিরোনাম: বিএনপি নীতিহীন দল, আপনারা শিক্ষা নিন: হানিফ/কালের কণ্ঠ

মাহবুব উল আলম হানিফ

 

বিস্তারিত খবরে বলা হয়েছে, বিএনপিকে নীতিহীন ও নীতিবিবর্জিত দল উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এই নির্বাচন থেকে আপনারাও শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। হানিফ বলেন, আপনারা এই নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করুন। জনগণই ক্ষমতার উৎস। তিনি বলেন, যেখানেই নির্বাচন হয় তখনই তাদের (বিএনপি) মধ্যে একটা ষড়যন্ত্রের ছাপ দেখা যায়। বিএনপি কখনোই ষড়যন্ত্রের বাইরে চিন্তা করতে পারে না। তিনি বলেন, যারা বিদেশি প্রভুদের দিকে তাকিয়ে থাকে তাদের হতাশ হওয়া ছাড়া উপায় নেই। ভুল রাজনীতির জন্য তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আওয়ামী লীগকে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন পরামর্শের বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জাপার-বাংলাদেশ প্রতিদিন
সংবিধান অনুযায়ী স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে ‌এখন আলোচনা হচ্ছে। বাংলাদেশের সংবিধানে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা থাকলেও সে নির্দশনা কখনো মানা হয়নি। বিধিবহির্ভূতভাবে কমিশন গঠন করা হয়। আর সে কমিশন নির্বাচন অনুষ্ঠান করতে গিয়ে ক্ষমতাসীন দলের প্রতি আনুগত্য দেখিয়ে থাকে। তাই দেশে গণতন্ত্র ধরে রাখতে স্বাধীন নির্বাচন কমিশন গঠন প্রয়োজন বলে মত দেন তিনি। 
মার্কিন নির্বাচনের খবর আজও দৈনিকগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। এ সম্পর্কে যুগান্তরের শিরোনাম-নজিরবিহীন বিক্ষোভে মার্কিনিরা'ট্রাম্পকে প্রেসিডেন্ট মানি না'। ভোট বেশি পেয়েও হারলেন হিলারি- এটি প্রথম আলোর শিরোনাম।

৭০ থেকে নেমে ২২ শতাংশে দ‌রিদ্রতা : অর্থমন্ত্রী- কালের কণ্ঠ

আবুল মাল আব্দুল মুহিত

 

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দরিদ্রতা দূ‌রীকর‌ণ এবং উন্নয়‌ন অগ্রযাত্রার সাফল্য দেখে ‌আমাদের অভিনন্দন জানিয়ে গেছেন বিশ্বব্যাংকের প্রে‌সিডেন্ট জিম ইয়ং কিম। গত ৪০ বছরে দেশে দ‌রিদ্রতা ৭০ থেকে ২২ শতাংশ নেমে এসেছে। দেশের উন্নয়ন এখন ঊর্ধ্বমুখী। আজ বৃহস্প‌তিবার সকাল ১০টায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে দেশের প্রথম ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

সিঙ্গুরে ভাল কাজের জন্য কর্মীদের বিদেশ ভ্রমণের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর-সংবাদ প্রতিদিন

মমতা ব্যানার্জী

 

কৃষকদের জমি ফিরিয়ে দিয়ে দাবিহীন বাকি ৭১ একরে সিঙ্গুরের মানুষের জন্য নতুন করে কিছু করতে চায় রাজ্য সরকার৷ তবে তা হবে সম্পূর্ণ তাঁদের ইচ্ছাকে মর্যাদা দিয়েই৷ বুধবার সিঙ্গুরে দাঁড়িয়ে এই তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

তিনি জানান, ৯৯৭ একর জমির মধ্যে ৮৪৩ একর জমির জরিপের কাজ শেষ৷ সুপ্রিম কোর্টের রায় মেনে নির্ধারিত সময়ের আগেই জমি চাষযোগ্য করে তোলা হয়েছে৷ এ সবই সিডি করে আদালতে জমা দেবে রাজ্য৷ কিন্তু এরমধ্যে ৭১ একর জমির মালিকদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি৷ চেক যাঁরা তুলে নিয়ে গিয়েছিলেন তাঁরা কেউ জমির পরচা নিতে আসেননি৷ বোঝা যাচ্ছে, সব ঠিকঠাক হয়নি৷ আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত সময়, তার মধ্যে আবেদন করতে হবে৷ কিন্তু এরপর আইন অনুয়ায়ী ওই জমি রাজ্য সরকারের ভূমি দফতরের হাতে চলে যাবে।

নোট বদলের জন্য তিন দিন সময় বাড়ালো সি ই এস সি-গণশক্তি

ভারতে নোট সংকট

 

বাতিল নোটের সমস্যার পরিপ্রেক্ষিতে গ্রাহকদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দিলো সি ই এস সি এবং রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। পাঁচশো ও হাজার টাকার নোট বাতিলের কেন্দ্রীয় সরকারি ঘোষণার পরে বুধবার কলকাতায় সি ই এস সি-র বিল জমা নেওয়ার কাউন্টারগুলিতে সমস্যা দেখা দেয়। দৈনিকটির অন্য আরো দুটি খবরের শিরোনাম এরকম-টাকা বদলের জন্য ব্যাংকে লম্বা লাইন। হাসপাতাল থেকে বাজার দিনভর হয়রান মানুষের।

উত্তরপ্রদেশে একা লড়বে সমাজবাদি পার্টি-আজকাল

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে একাই লড়বে সমাজবাদী পার্টি। বৃহস্পতিবার স্পষ্ট করে জানিয়েদিলেন সপা প্রধান মুলায়ম সিং যাদব। তবে কোনও দল যদি সপার সঙ্গে মিশে যেতে চায় তাকে স্বাগত জানানো হবে। আগামী বছর বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। তার আগেই পারিবারিক কলহে জেরবার সমাজবাদী পার্টি। কাকা শিবপাল যাদবের সঙ্গে প্রার্থী নিয়ে বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০