ডিসেম্বর ০৭, ২০১৬ ১৫:২৮ Asia/Dhaka

পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ৭ ডিসেম্বর বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • শাকিলের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি: চিকিৎসক-ইত্তেফাক
  • চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহার করবে ভারত-যুগান্তর
  • ভোটারদের দ্বারে প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি-প্রথম আলো
  • মুরগি-মাছের খাদ্যে ট্যানারি বর্জ্যের ব্যবহার বন্ধের রায় বহাল-কালের কণ্ঠ
  • ভোট দিতে পারবো তো?’ সাখাওয়াতকে ভোটারদের জিজ্ঞাসা-মানবজমিন
  • মুফতি হান্নানসহ তিন আসামির ফাঁসির আদেশ বহাল-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে সাসপেন্ড ছয় বিমানচালক-সংবাদ প্রতিদিন
  • রাজ্য সরকারের বিরুদ্ধে যৌথভাবে  অনাস্থা আনলো বামফ্রন্ট, কংগ্রেস-গণশক্তি
  • কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে ১৫ মুখ্যমন্ত্রীর-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মারা যাওয়া সম্পর্কিত খবর আজকের প্রায় সব দৈনিকে বিশেষভাবে ছাপা হয়েছে। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মারা গেছে

 

এ সম্পর্কে ইত্তেফাকের খবর- শাকিলের ময়নাতদন্ত বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে সকাল সেয়া ১০টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ প্রতিদিনের খবর-শাকিলের মৃত্যু বিষক্রিয়ায় নাকি স্বাভাবিক তা জানতে ভিসেরা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। ময়নাতদন্ত শেষে তিনি এ কথা জানান। শাকিলের মৃত্যু-৬ রেস্টুরেন্টের ৬ জনকে জেরা করার খবর দিয়েছে মানবজমিন।
প্রথম আলোর একটি খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানীর একটি রেস্তোরাঁ থেকে শাকিলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, কেউ তা নিশ্চিত করে বলতে পারেননি। 

২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ দেওয়া হবে : প্রধানমন্ত্রী-কালের কণ্ঠ

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিদ্যুৎ ও জ্বালানিসাশ্রয়ী হবার জন্য জনগণকে আহ্বান জানিয়ে বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের চলমান গতি অব্যাহত রাখার মাধ্যমে আমাদের রূপকল্প ২০২১ অনুযায়ী আগামী ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুত দিতে পারব। তিনি বাসাবাড়িসহ সর্বত্র অহেতুক বিদ্যুৎ ও গ্যাস অপচয় না করার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

প্রশাসনে শিগগিরই বড় রদবদল আসছে-ডিসেম্বরের মধ্যে ১২ সচিবের বিদায়-ইত্তেফাক

 

প্রশাসনের শীর্ষ পর্যায়ের সচিবের পদে বড় রদবদল হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই এই রদবদল হতে পারে। তবে শুধু রদবদলই নয়-অনেক কর্মকর্তা নতুন করে সচিবের দায়িত্বেও আসতে পারেন। ইতোমধ্যে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিবের পদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ড. মোজাম্মেল হক খানকে বদলি করা হয়েছে।

চট্টগ্রাম-মংলা বন্দর ব্যবহার করবে ভারত:বাংলাদেশ-ভারতের বৈঠক-যুগান্তর

বাংলাদেশ-ভারতের পতাকা

 

ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুযোগ দেওয়াসহ চারটি বিষয়ে চুক্তি হচ্ছে বাংলাদেশ ও ভারতের নৌসচিব পর্যায়ের বৈঠকে। 
সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার সকালে নৌসচিব পর্যায়ের বৈঠকে শুরু হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আশোক মাধব রায় ও ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেদেশের নৌসচিব রজিভ কুমার।

মুরগি-মাছের খাদ্যে ট্যানারি বর্জ্যের ব্যবহার বন্ধের রায় বহাল-কালের কণ্ঠ

মুরগি ও মাছের খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বুধবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন।
২০১০ সালের ২৬ জুলাই জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ বিষয়ে একটি রিট মামলা দায়ের করেছিলেন।
আবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য ব্যবহার করে তৈরি করা খাদ্য মুরগি ও মাছ উভয়ের জন্যই অস্বাস্থ্যকর। এসব অস্বাস্থ্যকর খাদ্য দিয়ে চাষ করা মুরগি ও মাছ খেলে মানুষেরও মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

শিশুর ওজনের ১০ শতাংশের বেশি স্কুলব্যাগ নয়: হাইকোর্ট-ইত্তেফাক/প্রথম আলো/যুগান্তর

প্রাইমারি স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ওজনের এক দশমাংশের বেশি নয় এমন ওজনের ব্যাগ বহনের বিষয়ে আইন প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট

 

প্রাইমারি স্কুলে অধ্যয়নরত শিক্ষার্থীদের ওজনের এক দশমাংশের বেশি নয় এমন ওজনের ব্যাগ বহনের বিষয়ে আইন প্রণয়নের জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায়ের কপি প্রাপ্তির ছয় মাসের মধ্যে সরকারকে আইন প্রণয়ন করতে বলা হয়েছে।
এক রিট আবদেনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাশের ডিভিশন বেঞ্চ বুধবার এই রায় দেয়।
ভোটারদের দ্বারে প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি-প্রথম আলো
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিরামহীন প্রচার চালাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলছেন, তিনি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে সবুজ নগরী করতে চান। পরিকল্পিত নগরী হিসেবে গড়তে চান।
বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলছেন, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন, অপহরণের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন তিনি, ভবিষ্যতে থাকবেন। এ সম্পর্কে মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে-ভোট দিতে পারবো তো? সাখাওয়াতকে এমন জিজ্ঞাসা ভোটারদের।

নান্দাইলে রিয়াজুল হক‘গুম মানবাধিকারের চরম লঙ্ঘন’-প্রথম আলো

গুমের ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। তিনি বলেছেন, কমিশন এটি সমর্থন করে না। গুমের অভিযোগ এলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

মুফতি হান্নানসহ তিন আসামির ফাঁসির আদেশ বহাল-বাংলাদেশ প্রতিদিন
হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিন আসামির আপিল খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার সকালে এই রায় ঘোষণা করে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপন। এদিকে এই রায়ের ফলে এই তিন আসামি সামনে রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ পাবে।

পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

রাজ্য সরকারের বিরুদ্ধে যৌথভাবে  অনাস্থা আনলো বামফ্রন্ট, কংগ্রেস-গণশক্তি

বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে অনাস্থা আনলো। মঙ্গলবার দু’পক্ষের একাধিক বিধায়ক স্বাক্ষর করে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। বুধবার প্রশ্নোত্তর পর্বের পরে অনাস্থা প্রস্তাবটি সভায় উল্লেখ করে কমপক্ষে ৩০ জন বিধায়কের সমর্থন যাচাই করতে পারেন। যদি তারপর অনাস্থা প্রস্তাবটি গৃহীত হয়, তাহলে সেটি নিয়ে বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে পেশ করে দিনক্ষণ ঠিক করা হবে।
গণশক্তির অন্য একটি খবর-আর্থিক জরুরি অবস্থার নামিয়ে এনেছেন মোদী অভিযোগ ইয়েচুরির
সাম্প্রদায়িক আক্রমণের পাশাপাশি মোদী সরকার দেশবাসীর ওপরে আর্থিক জরুরি অবস্থার আক্রমণ নামিয়ে এনেছে বলে অভিযোগ করলেন সি পি আই (এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে সাসপেন্ড ছয় বিমানচালক-সংবাদ প্রতিদিন

 

মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটে সাসপেন্ড ছয় বিমানচালক

 

গত বুধবার পাটনা থেকে ফেরার পথে জ্বালানি কম থাকায় জরুরি অবতরণ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে৷ আর কয়েক মিনিট দেরি হলে প্রাণ সংশয় হতে পারত তাঁর৷ আর তার জেরে মঙ্গলবার ছ’জন বিমানচালককে নির্বাসিত করল বেসামরিক বিমান পরিবহণ দফতর (ডিজিসিএ)৷

কম জ্বালানি থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে বিমান চালানোর অপরাধে সাসপেন্ড করা হল ইন্ডিগো, স্পাইস জেট এবং এয়ার ইন্ডিয়ার মোট ছ’জন বিমানচালককে৷

কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে ১৫ মুখ্যমন্ত্রীর-আজকাল

কর্মরত মুখ্যমন্ত্রী হিসেবে মৃত্যু হয়েছে জয়ললিতার। এর পরেই দলের মধ্যে ক্ষমতার রাশ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। শশিকলা নটরাজনকে দেওয়া হবে দলের দায়িত্ব। আর আগের মতই প্রশাসন চালাবেন ও পিন্নারসেলভাম। এই সমঝোতার ফলে ক্ষমতার দ্বৈত কেন্দ্র তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। এর আগেও অন্তত ১৫ জন মুখ্যমন্ত্রীর কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছে। আর সেসব রাজ্যে টানাপড়েন দেখা গিয়েছিল।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭