মে ১৯, ২০১৭ ১৩:৩০ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। ১৯ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই যথারীতি বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • চেয়ারম্যানের অভিযোগ: ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান শপথ ভেঙেছেন / প্রথম আলো
  • বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল: ৬৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আছে
  • ভাঙচুরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে তমালসহ গ্রেফতার ১১: ইত্তেফাক
  • প্রশ্ন ফাঁসের অভিযোগে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত: মানব জমিন
  • ‘গরীব-দুঃখিদের মুখে হাসি ফোটাতেই শেখ হাসিনার রাজনীতি: নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • তিন তালাক প্রথা মানি না, আদালতেই বলল মেয়েরা: আনন্দবাজার পত্রিকা
  • রোজভ্যালি মামলা: ২৫ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়: বর্তমান পত্রিকা

প্রিয় শ্রোতা / পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশ।

চেয়ারম্যানের অভিযোগ: ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান শপথ ভেঙেছেন:

আরাস্তু খান

প্রথম আলো জানিয়েছে ‘ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম ব্যাংকের গোপনীয়তা ভেঙেছেন। পরিচালক হওয়ার সময় তিনি গোপনীয়তা রক্ষার যে শপথ করেছিলেন, তা লঙ্ঘন করেছেন। ব্যাংক নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আমি তাঁকে পদত্যাগ করতে বলব না, উনি নিজে সরে গেলে সমস্যা নেই।’

ইসলামী ব্যাংক নিয়ে সৃষ্ট জটিলতার জবাব দিতে গিয়ে ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল: ৬৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আছে

প্রথম আলোর আরেকটি শিরোনাম। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সাড়ে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা আছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশ দূতাবাস এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করছি। ভুটান ও নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি এগিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে বিদ্যুৎ আনতে মিয়ানমারকেও রোড হিসেবে ব্যবহারের আলোচনা চলছে।

ভাঙচুরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে তমালসহ গ্রেফতার ১১: ইত্তেফাক জানিয়েছে,

ঈশ্বরদী শহরে দুইটি বাড়ি ও তিনটি দোকান ভাঙচুরের ঘটনায় উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। তমাল শরিফ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফের ছেলে। 

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মন্ত্রীর শহরের বাড়ি থেকে তমালকে গ্রেফতার করা হয়। একই সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব সরকারের বাড়িতে পুলিশ যেয়ে তাকে পায়নি। পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির এই অভিযানের নেতৃত্ব দেন। পাবনার পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রশ্ন ফাঁসের অভিযোগে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত: মানব জমিন

ফাঁস হওয়া প্রশ্নপত্র

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিকেলের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পদে নিয়োগের বাছাইপর্বের সকাল ভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ৩টায় আরেক ভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই নিয়োগের বাছাইপর্বের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরে আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে রাতে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া যায় বলে একাধিক পরীক্ষার্থী গণমাধ্যমকে জানান।

ঢাবি ছাত্রীর মৃত্যু সেন্ট্রাল হাসপাতালের পরিচালক গ্রেফতার: নয়াদিগন্ত

সেন্ট্রাল হাসপাতাল

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এ এম কাশেমকে গ্রেফতার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় তাকে আটক করা হয়েছে বলে ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) জানিয়েছেন।

জানা যায়, গত বুধবার জ্বর নিয়ে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিয়া আক্তার চৈতি। চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মারা যান চৈতি। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঢাবির অভিযোগ, ওই হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কারণে চৈতির মৃত্যু হয়েছে।

এবারে ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

তিন তালাক প্রথা মানি না, আদালতেই বলল মেয়েরা: আনন্দবাজার পত্রিকা

কাল্পনিক ইমেজ

হতে পারে তিন তালাক পাপ কাজ। কিন্তু মুসলিম মহিলারা এই প্রথা মেনে নিচ্ছেন। সুপ্রিম কোর্টে এমনটাই যুক্তি দিয়েছিলেন মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের আইনজীবী কপিল সিব্বল। এজলাস জুড়ে সমস্বরে মহিলাকণ্ঠে আওয়াজ উঠল, ‘‘নো-ও-ও-ও-ও।

শেষ হলো সুপ্রিম কোর্টে তিন তালাক নিয়ে ছ’দিনের শুনানি। তবে আজ কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্টের পাঁচ ধর্মের পাঁচ বিচারপতির বেঞ্চ। আপাতত কয়েক দিনের মধ্যে রায় দেওয়ার কোনও সম্ভাবনাও নেই। আইনজীবীরা বলছেন, রায় ঘোষণা হতে পারে সেই জুলাই মাসে।

রোজভ্যালি মামলা: ২৫ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়: বর্তমান পত্রিকা

সুদীপ বন্দ্যোপাধ্যায়

রোজভ্যালিকাণ্ডে অবশেষে জামিন পেলেন সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্বকে উড়িয়ে শুক্রবার ভুবনেশ্বর আদালতে সুদীপের শর্তাধীন জামিন মঞ্জুর করা হয়। এদিন ২৫ লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাসপোর্ট জমা রাখতে হবে সুদীপকে। এছাড়া আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মামলার সাক্ষীদের কোনওভাবেই প্রভাবিত করতে পারবেন না সুদীপ। মনে করা হচ্ছে, আগামী দু’দিনের মধ্যেই ছাড়া পাবেন তিনি। তবে শোনা যাচ্ছে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে সিবিআই। অপরদিকে, স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনে খুশি হয়েছেন বলে জানিয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, স্বামীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন তিনি। অন্যদিকে আজ মুখ্যমন্ত্রী কোর কমিটির বৈঠক শেষে জানিয়েছেন, সুদীপদার শরীর খুব খারাপ। আমি চাই উনি ফিরে এসে কিছুদিন বিশ্রাম নিন।

মসজিদে আক্রান্ত হয়ে আরএসএস-কে দুষলেন বরকতি: সংবাদ প্রতিদিন

সদ্য অপসারিত হয়েছেন ইমাম পদ থেকে৷ তারপরই আক্রান্ত হয়েছেন নিজের খাসতালুকে৷ টিপু সুলতান মসজিদেই তাঁর উপর চড়াও হয়েছে কেউ কেউ৷ আক্রান্ত হয়ে আরএসএস-এর দিকেই আঙুল তুলেছেন প্রাক্তন ইমাম৷ তাঁর দাবি, কোনও ধার্মিক মুসলমান ইমামের গায়ে হাত তুলতে পারে না৷ মসজিদে যাঁরা ঢুকেছিলেন তাঁরা বহিরাগত, আরএসএস-এর লোক৷

টিপু সুলতান মসদিজের পদ থেকে বরখাস্ত হওয়া ইমাম বরকতি

গত বুধবার টিপু সুলতান মসদিজের ইমাম পদ থেকে বরখাস্ত হয়েছেন বরকতি৷ একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ জোরদার হচ্ছিল৷ প্রাক্তন ইমামের উপর ক্ষুব্ধ ছিলেন ইসলাম ধর্মাবলম্বীদের একাংশ৷ পরে মসদিজ কর্তৃপক্ষ জানায়, বরকতির মন্তব্যের সঙ্গে মসজিদ একমত নয়৷ মুসলিমরা পাকিস্তান চায় না, বরং তাঁরা ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতিতেই আস্থা রাখে৷ বরকতি আরএসএস-এর হাত শক্ত করছেন বলেই অভিযোগ ওঠে৷ মসজিদ চত্বরেই মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরির নেতৃত্বে হয় প্রতিবাদ সভা৷ এরপরই বরখতিকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়৷

পার্সটুডে/নাসির মাহমুদ/১৯