মে ২১, ২০১৭ ১২:০৪ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি । আজ ২১ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • নরসিংদীর ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ, আত্মসমর্পণ ৫ -ইত্তেফাক
  • রানা প্লাজার মালিকসহ ১০ জনের বিচার শুরু-মানবজমিন
  • বঙ্গবন্ধু মেডিকেলে ১৪০ চিকিৎসকের চাকরি পুনর্বহালের নির্দেশ-নয়া দিগন্ত
  • স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি-প্রথম আলো
  • গোয়েন্দা তথ্যে খালেদার কার্যালয়ে অভিযান: কাদের –কালের কণ্ঠ
  • অকেজো হয়ে যাচ্ছে বিচার বিভাগ আপনি সরকারকে এটা জানাবেন: প্রধান বিচারপতি-যুগান্তর
  • ব্যাংকে পড়ে আছে পৌনে তিন লাখ কোটি অলস টাকা -বাংলাদেশ প্রতিদিন
  • আমরা সন্দেহ করছি বিপদে ফেলার জন্য তারা কিছু রেখে গেছে কিনা:নজরুল-দৈনিক দিনকাল

ভারতের শিরোনাম:

  • আদিত্যনাথের বক্তব্য সবার আবেগের প্রতিধ্বনি: বিজেপি-সংবাদ প্রতিদিন
  • কুলভূষণ মামলায় পরাজয় হয়নি, দাবি পাকিস্তানের-আনন্দবাজার
  • কুলভূষণ যাদবকে নিয়ে আশঙ্কা বাড়ছে-আজকাল  

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি-প্রথম আলো

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগ এনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে দলটি।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন। বিএনপি যখন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার উদ্যোগ শুরু করেছে, ভিশন-২০৩০ দিয়েছে, এরপর এ ধরনের আগ্রাসন গণতন্ত্রের ন্যূনতম ভবিষ্যৎ নষ্টের পাঁয়তারা এবং এটা উসকানিমূলক আচরণ। এটি দেশের রাজনীতির জন্য অশনিসংকেত।’ দৈনিক দিনকারের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা সন্দেহ করছি, তারা আমাদের সংকটে ফেলার জন্য কোনো কিছু রেখে গেছে কি না তা নিয়ে আমরা দুশ্চিন্তাগ্রস্ত। জনগণের ভোটবিহীন সরকারই এ ধরনের অপকর্ম করতে পারে।

গোয়েন্দা তথ্যে খালেদার কার্যালয়ে অভিযান: কাদের-কালের কণ্ঠগোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘হঠাৎ কী কারণে খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান, সেটা নিয়ে আমি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজির সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে জানিয়েছেন যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।’ আজ ধানমন্ডিতে দলীয় নেতাদের মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নরসিংদীর ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শেষ, আত্মসমর্পণ ৫ –ইত্তেফাক

নরসিংদীর জঙ্গি আস্তানায় অভিযান শেষ, ৫ জনের আত্মসমর্পণ

নরসিংদীর গাবতলী উত্তরপাড়ায় সন্দেহভাজন ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল সোয়া ১০ টায় অভিযান শুরু হয় এবং মাত্র ২০ মিনিটের মধ্যে সকাল ১০ টা ৩৫ মিনিটে এ অভিযান শেষ হয়। এসময় বাড়ির ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ জঙ্গি এক এক করে র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন।ইত্তেফাকের অন্য একটি খবর বলা হয়েছে- ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে বাঁচান। আমরা নিরপরাধ। আমরা আওয়ামী কর্মী। আমরা ষড়যন্ত্রের শিকার। প্লিজ আমাদেরকে বাঁচান। আমরা সাধারণ ছাত্র। প্লিজ আমাদেরকে উদ্ধার করুন। প্লিজ প্লিজ প্লিজ।’ নরসিংদীর গাবতলীর উত্তরপাড়ায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আবু জাফর মিয়া নামের এক ছাত্র কথাগুলো এভাবেই প্রকাশ করেছেন।

 অকেজো হয়ে যাচ্ছে বিচার বিভাগ সরকারকে এটা জানাবেন: অ্যাটর্নি জেনারেলকে -প্রধান বিচারপতি-যুগান্তর

বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

আইন মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে বিচার বিভাগ অকেজো হয়ে যাচ্ছে, সমাধানে বিষয়টি সরকারকে জানানোর জন্য অ্যাটর্নি জেনারেলকে বলেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা।রোববার ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানির সময় তিনি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উদ্দেশে একথা বলেন।একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাইকোর্টের রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত করেন প্রধান বিচারপতির নেত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ। এ সময়ের মধ্যে রায়ের কপি পেলে নিয়মিত লিভ টু আপিল করারও নির্দেশ দেন আদালত।

রানা প্লাজার মালিকসহ ১০ জনের বিচার শুরু-মানবজমিন

রানা প্লাজার মালিকসহ ১০ জনের বিচার শুরু

সাভারে রানা প্লাজা ভবন নির্মাণের দুর্নীতির মামলায় সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরু করার জন্য অভিযোগ গঠন করেছেন আদালত। রবিবার (২১ মে) ঢাকার বিভাগীয় বিশেষ বিচারক আতোয়ার রহমান অভিযোগ গঠনের এই আদেশ দেন।মামলার অভিযুক্তরা হলেন সোহেল রানার বাবা আব্দুল খালেক, মা মর্জিনা বেগম, সোহেল রানা, রেফায়েতউল্লাহ, উত্তম কুমার রায়, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, রফিকুল হাসান, ফারজানা ইসলাম ও আব্দুল মুত্তালিব।আগামী ৫ জুলাই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত। এর আগে এই মামলার অভিযোগপত্রভুক্ত ১০ জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। বাকি ছয়জনকে আদালত অব্যাহতি দেন।

শিক্ষকতায় কিছু অসৎ লোক ঢুকে গেছেন-শিক্ষামন্ত্রী-প্রথম আলো

শিক্ষকতায় কিছু অসৎ লোক ঢুকেছেন বলে শিক্ষামন্ত্রীর মন্তব্য

শিক্ষকতায় কিছু অসৎ লোক ঢুকে গেছেন বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘তাঁরা ক্লাসে পড়ান না। কিন্তু বাড়িতে টাকা দিয়ে পড়ান। সংখ্যায় কম হলেও কিছু শিক্ষক পরীক্ষাকেন্দ্রে এমসিকিউ প্রশ্নের উত্তর বলে দিচ্ছেন। এর চেয়ে কুশিক্ষা আর কী হতে পারে?’ আজ রাজধানীর ব্যানবেইজ ভবনে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। কিন্তু এটা আজকের দিনে যথেষ্ট নয়। মান আরও বাড়াতে হবে। সরকার এখন সে কাজটিই করছে। এ জন্য শিক্ষকেরাই হলেন নিয়ামক শক্তি, তাঁরাই আসল শিক্ষাটা দেবেন।

বঙ্গবন্ধু মেডিকেলে ১৪০ চিকিৎসকের চাকরি পুনর্বহালের নির্দেশ-নয়া দিগন্ত

বিএসএমএমইউএতে  ১৪০ চিকিৎসকের চাকরি পুনর্বহলে রায় দিয়েছে আপিল বিভাগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৪০ চিকিৎসকের চাকরি পুনর্বহালে রায় দিয়েছে আপিল বিভাগ। রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ রায় দেয়। চাকরির ধারাবাহিকতাসহ এসব চিকিৎসককে অবিলম্বে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এসব চিকিৎসকরা যতদিন চাকরি থেকে বাইরে ছিলেন ওই সময়ে অবৈতনিক ছুটি হিসেবে গণ্য হবে বলে রায়ে উল্লেখ করা হয়। চাকরি ফিরে পেতে এসব চিকিৎসকদের ৫টি রিভিউ আবেদন নিষ্পত্তি করে আপিল বিভাগ এ রায় ঘোষণা করলেন।

ব্যাংকে পড়ে আছে পৌনে তিন লাখ কোটি অলস টাকা -বাংলাদেশ প্রতিদিন

ব্যাংকে পৌনে তিল লাখ কোটি অলস টাকা পড়ে আছে

বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা অলস পড়ে আছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই টাকা বিনিয়োগযোগ্য কিন্তু বিনিয়োগ হয়নি, অব্যহূত রয়েছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশি তিনটি কোম্পানির বিদেশে বিনিয়োগ অনুমতির বিষয়ে মতামত দিতে গিয়ে অতিরিক্ত এই তারল্যের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, ‘বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় যথেষ্ট উদ্বৃত্ত তারল্য রয়েছে— যার পরিমাণ ২ লাখ ৭৭ হাজার ৯৫৬ কোটি টাকা, যা অব্যবহূত অবস্থায় রয়েছে। জিডিপির সংশোধিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ন্যূনতম স্থানীয় বিনিয়োগ ৩২ শতাংশ হওয়া প্রয়োজন। এ পর্যায়ে স্থানীয় বিনিয়োগকে উৎসাহিত না করে বিদেশে বিনিয়োগের সুযোগ প্রদান করা যথাযথ হবে কি-না তা সতর্ক বিবেচনার দাবি রাখে।

মানসিক স্বাস্থ্যে বাজে প্রভাব ফেলে ইনস্টাগ্রাম!-যুগান্তর

মানসিক স্বাস্থ্যে বাজে প্রভাব ফেলে ইনস্ট্রাগ্রাম

কমবয়সীদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলার ক্ষেত্রে ছবি শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম সবচেয়ে বাজে সামাজিক মাধ্যম হিসেবে আখ্যা পেয়েছে।যুক্তরাজ্যে এক জরিপে এমন তথ্য প্রকাশ করা হয়। রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথের করা এই জরিপে ১৪-২৪ বছর বয়সী ১৪৭৯ জনের উপর ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ফেসবুক ও টুইটার ব্যবহারে তাদের সুস্থ থাকা ও স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ে সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়। খবর আইএএনএস'র।

জরিপে অংশগ্রহণকারীদের ১৪টি স্বাস্থ্য ও সুস্থ থাকা বিষয়ে প্রতিটি প্লাটফর্মকে নাম্বার দিতে বলা হয়। এই রেটিংয়ের ফলাফলে দেখা যায়, মানসিক স্বাস্থ্যে প্রভাবের ক্ষেত্রে ইউটিউব সবচেয়ে ইতিবাচক ভূমিকা রাখে, তারপর টুইটার ও ফেসবুক।সবচেয়ে কম স্কোর পায় স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম। জরিপের প্রতিবেদনে বলা হয়, কমবয়সীদের ‘মানসিক স্বাস্থ্য খারাপ হওয়া সামাজিক মাধ্যম ত্বরান্বিত করতে পারে।’ প্রায় ৯০ শতাংশ কমবয়সী সামাজিক মাধ্যম ব্যবহার করেন- যা অন্য যে কোনো বয়সীদের চেয়ে বেশি। এ কারণে তাদের ওপর প্রভাবের ঝুঁকিটাও বেশিই থাকে।  

শ্রোতা/ পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কুলভূষণ মামলায় পরাজয় হয়নি, দাবি পাকিস্তানের-আনন্দবাজার

কুলভূষণ মামলায় পরাজয় হয়নি, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলায় পাকিস্তানের পরাজয় হয়েছে, এ কথা বলা উচিত নয়। এমনটাই দাবি করল পাকিস্তান। শনিবার পাক বিদেশ দফতরের উপদেষ্টা সরতাজ আজিজের আরও দাবি,  কুলভূষণ যাদবকে ভারতীয় দূতাবাসের সঙ্গে দেখা করা নিয়ে কোনও নির্দেশই দেয়নি আন্তর্জাতিক আদালত।কুলভূষণ মামলায় একে আন্তর্জাতিক আদালতের রায় বিপক্ষে গিয়েছে। অন্য দিকে, নিজের দেশেই বিরোধী দল, আইনজীবী এবং সর্বোপরি সংবাদমাধ্যমের সমালোচনায় চাপে পাকিস্তান। ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিক কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশের পর শনিবার ইসলামাবাদ জানিয়েছিল, আন্তর্জাতিক আদালতে এই মামলা নতুন করে সাজাতে আরও শক্তিশালী আইনজীবীদের দল গঠন করা হবে। আরও এক ধাপ সুর চড়িয়ে সরতাজ আজিজ জানান, ভিয়েনা কনভেনশনের যে শর্তের কথা আন্তর্জাতিক আদালতে তুলে ধরা হয়েছিল তা যথাযথ নয়।

কুলভূষণ যাদবকে নিয়ে আশঙ্কা বাড়ছে-আজকাল

‘ভাঙব তবু মচকাব না।’ কুলভূষণ যাদবকে নিয়ে এখনও এই পথেই হাঁটছে পাকিস্তান। আন্তর্জাতিক আদালতের স্থিতাবস্থার নির্দেশ মেনে নিলেও, ভারতীয় কনস্যুলারকে এখনও পর্যন্ত কুলভূষণের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি তারা।

আদিত্যনাথের বক্তব্য সবার আবেগের প্রতিধ্বনি: বিজেপি-সংবাদ প্রতিদিন

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের জন্যই জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ। না হলে এগুলি পাকিস্তানের অংশ হয়ে যেত। কয়েকদিন আগে একথা বলে বিতর্কে তৈরি করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই প্রসঙ্গে এবার আদিত্যনাথের পাশে দাঁড়াল বিজেপি। জানাল এটা কারওর ব্যক্তিগত মত নয়, সবার আবেগের প্রতিধ্বনি।সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক বিবৃতিতে বিজেপি নেত্রী শাইনা এনসি বলেন, ‘আদিত্যনাথ যে কথাটি বলেছে, সেটা সবার আবেগের বহিঃপ্রকাশ।

শরিক দলকে সাসপেন্ড গিলানির‌-আজকাল

জম্মু–কাশ্মীরে অর্থের বিনিময়ে হিংসা ছড়ানোর অভিযোগে আরও বিতর্কে বিচ্ছিন্নতাবাদী দলগুলি। শনিবার থেকে হুরিয়ত ন্যাশনাল ফ্রন্টের দুই নেতা নইম খান এবং ফারুক দার ওরফে বিট্টা কারাটের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনআইএ। তারপরই ন্যাশনাল ফ্রন্টকে সাসপেন্ড করেন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি। তিনি বলেন, নইম সহ সব হুরিয়তের সহযোগী সব বিচ্ছিন্নতাবাদী দলকেই তাদের নিজস্ব মত রাখতে বলা হয়েছিল। কিন্তু হায়দরপোরাতে পুলিস কোনও বৈঠকের অনুমতি না দেওয়ায়, দলের চেয়ারম্যান হিসেবে ভেটো জারি ক’রে তিনি ন্যাশনাল ফ্রন্টের সদস্যপদ সাসপেন্ড করেছেন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২১