মে ২২, ২০১৭ ১২:১৩ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি । আজ ২২ মে সোমবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম:

  • তাপপ্রবাহ আরো চারদিন অব্যাহত থাকতে পারে-ইত্তেফাক
  • রেইনট্রির এমডিকে দেয়া নোটিসের কার্যকারিতা স্থগিত-মানবজমিন
  • চাকমা রাজা ত্রিদিব রায়ের নাম মুছে ফেলার নির্দেশ-নয়া দিগন্ত
  • উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট আরও বাড়ল-প্রথম আলো
  • রমজানে বার-ক্লাবে জুয়ার আসর বসলে কঠোরভাবে দমন-সাঈদ খোকন–কালের কণ্ঠ
  • বিশ্বে শান্তি স্থাপনে শেখ হাসিনার প্রস্তাবনা -বাংলাদেশ প্রতিদিন
  • বিএনপিই বাংলাদেশে অপরাজনীতির সূচনা করছে: কাদের -মানব কণ্ঠ
  • কয়লাখনি দুর্নীতি মামলা: খালেদার আপিলের ওপর আদেশ ২৮ মে -সমকাল

ভারতের শিরোনাম:

  • কাশ্মীর সমস্যার সমাধানে কিছুই করেনি বিজেপি সরকার, কটাক্ষ কংগ্রেসের -সংবাদ প্রতিদিন
  • বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙার চেষ্টা-আনন্দবাজার
  • নবান্ন অভিযানে আটক ৫ বিধায়ক-আজকাল

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বিশ্বে শান্তি স্থাপনে শেখ হাসিনার প্রস্তাবনা -বাংলাদেশ প্রতিদিন

বিশ্বে শান্তি স্থাপনে শেখ হাসিনার প্রস্তাবনা

বিশ্বে শান্তি স্থাপনে আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন। এগুলো হলো- প্রথমত, অবশ্যই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে  হবে। দ্বিতীয়ত, সন্ত্রাসী ও তাদের অঙ্গ সংগঠনগুলোর প্রতি অর্থের যোগান বন্ধ করতে হবে।তৃতীয়ত, ইসলামী উম্মাহর মধ্যে বিভক্তি দূর করতে হবে। আর চতুর্থত, সংলাপের মাধ্যমে আন্তর্জাতিক সংকটগুলোর শান্তিপূর্ণ সমাধানের পথ বের করতে হবে যাতে সকল পক্ষই তাদের নিজ নিজ সাফল্যের দিকটি নিশ্চিত করতে পারে।সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রবিবার আরব ইসলামিক আমেরিকান সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্পর্কে ইত্তেফাকের খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। শেখ হাসিনার এ আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশে আসার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

বিএনপিই বাংলাদেশে অপরাজনীতির সূচনা করছে : কাদের -মানব কণ্ঠ

বিএনপিই বাংলাদেশে অপরাজনীতির সূচনা করছে-ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, বিএনপি বাংলাদেশে অপরাজনীতির সূচনা করছে। যারা শুরু করে, তারই আবার বিদায় করে দিতে চায়! সোমবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।কাদের বলেন, দেখলাম বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া রোববার একটি টুইট করেছে। সেখানে বেগম জিয়া বলেছেন, অপরাজনীতি বিদায় করতে চান। আমি বলবো, বাংলাদেশে যত অপরাজনীতি হয়েছে, সব বিএনপিই করেছে। কারণ দেশে অপরাজনীতি শুরু করেছে বিএনপি। আমি বিনয়ের সঙ্গে বলতে চাই অপরাজনীতি নিয়ে আপনার (খালেদা) কণ্ঠে বড় বড় সুন্দর কথা মানাই কি?কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে দলের মধ্যে বিভেদ সৃষ্টি যাতে না হয় সে বিষয়ে সবাইকে সর্তক দৃষ্টি রাখতে হবে। আজ আমাদের টার্গেট দু’টি। একটি হলো আগামী আগামী জাতীয় সংসদ নির্বাচন। অন্যটি হলো প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘ভিশন-২০২১’ বাস্তবায়ন করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা।

তাপপ্রবাহ আরো চারদিন অব্যাহত থাকতে পারে-ইত্তেফাক

তাপপ্রবাহ আরো ৪ দিন থাকবে

দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থা আরও চারদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বাসসকে জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ সম্পর্কে প্রথম আলোর শিরোনাম গরম সহজে কমছে না। এনটিভিবিডি অনলাইন লিখেছে, একে তো প্রচুর জলীয় বাষ্পসহ তাপমাত্রা, তার ওপর প্রবল বাতাসের আর্দ্রতা- এই দুইয়ে মিলেই হাঁস-ফাঁস অবস্থা এখন সারা দেশের। প্রকৃতি আরেকটু চড়লেই তাপমাত্রা চলে যাবে ‘প্রবল তাপপ্রবাহে’।

আর বাংলাদেশ প্রতিদিনের খবরের শিরোনাম এরকম যে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে আরও ৪-৫ দিন লাগবে' বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিস্তারিত খবরে বলা হয়েছে, আশুগঞ্জের বিদ্যুৎ সঞ্চালন লাইন ভেঙে পড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তবে সঞ্চালন লাইন মেরামত করতে ৬-৭ মাস লাগবে বলেও জানান তিনি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট আরও বাড়ল-প্রথম আলো

সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে উত্তরাঞ্চলে ডাকা পূর্বঘোষিত ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। এ ধর্মঘট চলবে ৭২ ঘণ্টা।আজ দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আবদুল মান্নান ধর্মঘটের এই সময় ঘোষণা করেন। সময় বাড়ানোয় আগামী বুধবার সকাল পর্যন্ত এই ধর্মঘট চলবে। দ্বিতীয় দিনের মতো পণ্য পরিবহন ধর্মঘটের কারণে উত্তরবঙ্গ থেকে সারা দেশে খাদ্যশস্য ও সবজি সরবরাহ বন্ধ রয়েছে। এ ধর্মঘটে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।

থানা হাজতে মৃত্যুর দায় এড়াতে পারে না পুলিশ-যুগান্তর

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, থানা হাজতে আসামির মৃত্যু যেভাবেই হোক, এর দায় এড়াতে পারে না পুলিশ। সোমবার সকালে সিলেট কারাগার পরিদর্শন শেষে জৈন্তাপুর থানায় আসামির মৃত্যুর বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।রিয়াজুল হক বলেন, থানা হাজতে মৃত্যুর শাস্তি শুধু প্রত্যাহার হতে পারে না। আরও কঠোর শাস্তি দিতে হবে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, এ ঘটনায় তদন্ত কমিটি পাঠানো হবে।তিনি জানান, যারা দীর্ঘদিন ধরে বিনা বিচারে জেল খাটছেন তাদের খোঁজ-খবর নিচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।

ধর্ষণ মামলায় শিক্ষক ফেরদৌসের জামিন বাতিল-যুগান্তর

ছাত্রীকে যৌন হয়রানির মামলায় রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ।একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।

কয়লাখনি দুর্নীতি মামলা: খালেদার আপিলের ওপর আদেশ ২৮ মে –সমকাল

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে খারিজ করে দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৮ মে রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর  বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট আবেদনটি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন খালেদা জিয়া।

রমজানে বার-ক্লাবে জুয়ার আসর বসলে কঠোরভাবে দমন-সাঈদ খোকন–কালের কণ্ঠ

আসন্ন পবিত্র রমজানে কোনো বার বা ক্লাবে মদ ও জুয়ার আসর বসলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।মঙ্গলবার (২২ মে) দুপুরে নগর ভবনে রমজান উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

মেয়র বলেন, রমজানে বার ও ক্লাবে মদ ও জুয়ার আসর বসলে তা কঠোরভাবে দমন করা হবে। যতো প্রভাবশালী হোক না কেন, কাউকে এ বিষয়ে ছাড় দেওয়া হবে না।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙার চেষ্টা-আনন্দবাজার

বামেদের নবান্ন অভিযান নিয়ে সংঘর্ষ

১৮ দফা দাবি নিয়ে নবান্নমুখী বামেরা। ‘বাংলা বিপন্ন, চলো নবান্ন’— এই স্লোগান দিয়ে কলকাতা ও হাওড়ার রাস্তায় সারা রাজ্য থেকে লাখতিনেক মানুষকে জড়ো করার পরিকল্পনা রয়েছে বামেদের। সেই অভিযানে প্রথম থেকেই  অশান্তি ্শুরু হয়ে গেল। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে যায় কর্মী-সমর্থকেরা। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়।• হেস্টিংস মোড়ে ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা বামেদের। গার্ডওয়ালের উপরে উঠে পড়লেন বাম কর্মীরা। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ইটবৃষ্টি বাম কর্মীদের।

নবান্ন অভিযানে আটক ৫ বিধায়ক-আজকাল

সোমবার ১১টি বামপন্থী সংগঠনের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার। দুপুর একটায় এই অভিযান শুরু হওয়ার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ের আগেই নবান্নে ঢোকার চেষ্টা করেন সুজন চক্রবর্তী, তন্ময় ভট্টাচার্য সহ পাঁচ বাম বিধায়ক। নবান্নে জোর করে ঢোকার চেষ্টা করায় পুলিসের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। পুলিস ৫ বিধায়কদের আটক করেছে। আটক বিধায়কদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।  দুর্নীতিতে অভিযুক্ত নেতা-মন্ত্রীদের ইস্তাফা থেকে ফসলের ন্যায্যমূল্য-সহ ১৮ দফা দাবিতে কলকাতা ও হাওড়ার পাঁচটি জায়গা থেকে নবান্নের উদ্দেশে সোমবার রওনা দিয়েছেন বাম কর্মী ও সমর্থকরা।

কেজরির বিরুদ্ধে ফের মামলা জেটলির-আজকাল

বিপদ বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর বিরুদ্ধে নতুন করে মানহানির মামলা দায়ের করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরু জেটলি। ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন। গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে আগের মামলাটির শুনানি চলাকালীন, জেটলিকে ‘জালিয়াত’ বলে উল্লেখ করেছিলেন কেজরিওয়ালের আইনজীবী রাম জেঠমালানি। তাতে আদালত কক্ষেই মেজাজ হারান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বিশেষ কারও নির্দেশে ওই শব্দের ব্যবহার করেছেন কিনা জেঠমালানির কাছে তা জানতে চান রেজিস্ট্রার দীপালি শর্মা। জবাবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম নেন তিনি। তারপরই নতুন করে মামলা ঠুকেছেন জেটলি।

কাশ্মীর সমস্যার সমাধানে কিছুই করেনি বিজেপি সরকার, কটাক্ষ কংগ্রেসের -সংবাদ প্রতিদিন

কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকারই কাশ্মীর সমস্যার সমাধান করতে সক্ষম। রবিবার এক জনসভায় এমনটাই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আর সোমবার এই প্রসঙ্গে বিবৃতি দিল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি এই বুলি সবসময় আওড়ায়, কিন্তু যতদিন না তাঁরা ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ হিসাবে গড়ে তোলার আদর্শ থেকে সরে আসছে, ততদিন কাশ্মীরের পরিবেশ শান্ত হবে না। কীভাবে ওই অশান্ত পরিস্থিতি সামলানো হবে সেই পথও খুঁজে পাওয়া যাবে না। এভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র বাক্যবাণে বিঁধল কংগ্রেস।গত তিন বছরে কেন্দ্রের বিজেপি সরকার কাশ্মীর ইস্যু সমাধানে ব্যর্থ। এজন্য মোদি সরকারকে খোঁচা দিয়ে কংগ্রেস নেতা মনিশঙ্কর আইয়ার বলেন, ‘আশা করি কেন্দ্র এই সমস্যা সমাধান করতে নিশ্চয়ই পারবে। কিন্তু ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে যেভাবে উদ্যত হয়েছে কেন্দ্র,  আমার মনে হয় না অতি সহজে কাশ্মীর সমস্যার সমাধান মিলবে।’ এর সঙ্গেই তিনি যোগ করেন, ‘গত তিন বছরে অশান্ত কাশ্মীরের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুই করেনি কেন্দ্র। যা প্রমাণ করে দেয় এই সমস্যার সমাধান কেন্দ্রের কাছে নেই। ওরা বরং পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।’#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২