মে ২৩, ২০১৭ ১২:৪৭ Asia/Dhaka

শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি । আজ ২৩ মে মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • বিদ্যুৎখাতে কতটুকু উন্নয়ন হয়েছে জনগণের কাছে তা পরিষ্কার: খালেদা জিয়া-ইত্তেফাক
  • তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গেলে দুর্নীতি হ্রাস পাবে -প্রধান তথ্য কমিশনার-মানবজমিন
  • ১৭ বিচারকের বিদেশ সফরে সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা-নয়া দিগন্ত
  • নির্বাচন, উন্নয়ন ও গণতন্ত্র--প্রথম আলো
  • জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা-খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১ জুন-প্রথম আলো
  • উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত–কালের কণ্ঠ 
  • 'উচ্চ আদালতও নিজেদের কব্জায় নিতে চায় সরকার-প্রধান বিচারপতি-যুগান্তর
  • দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ পত্রিকায় লেখালেখি : বাণিজ্যমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন
  • সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি-আবদুল্লাহ আল নোমান-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • আগামী বছর বিদ্যুৎহীন থাকবে না দেশের কোনও গ্রাম, ঘোষণা মোদির-সংবাদ প্রতিদিন
  • ভারতে প্রাক্তন আরজেডি নেতার মৃত্যুদণ্ড-আজকাল
  • বিজেপির মদতে বীরভূমে অস্ত্রের ভাণ্ডার: মমতা-দৈনিক বর্তমান

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বিদ্যুৎখাতে কতটুকু উন্নয়ন হয়েছে জনগণের কাছে তা পরিষ্কার: খালেদা জিয়া-ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘বিদ্যুৎখাতে কতটুকু উন্নয়ন তারা (সরকার) করেছে তা জনগণের কাছে আজ আবারো পরিষ্কার হয়ে গেছে।’ দেশব্যাপী দুর্বিষহ লোডশেডিংয়ের মধ্যে মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা লিখেছেন। বিএনপি চেয়ারপারসন লিখেছেন, ‘আইন বিচার বিভাগ অচল করে দিয়েছে আওয়ামী লীগ। শিক্ষা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, প্রশ্নপত্র ফাঁস আওয়ামী লীগের নতুন সংযোজন।’

তিনি আরো লেখেন, সন্ত্রাস দমনের নামে আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড ঘটাচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে আগামীতে আরেকটি প্রহশনের নির্বাচন করতে চায় শাসক গোষ্ঠীরা।

রূপকল্প ২০৩০ নিয়ে মাঠে নামবেন খালেদা জিয়া-ফখরুল: ইত্তেফাক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রূপকল্প ২০৩০ নিয়ে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে বিএনপি। সারা দেশে রূপকল্প ছড়িয়ে দিতে নানা কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। দল গোছানোর কাজ শেষ হলে মাঠে নামবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়াও।বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি আরও বলেন, বিষয়ভিত্তিক সেমিনারের পাশাপাশি প্রতি জেলায় এ নিয়ে সভা করবে দলটি। বিএনপি যে ইতিবাচক রাজনীতি করে তা দেখাতেই নির্বাচনকালীন সহায়ক সরকারের আগে ভিশন টুয়েন্টি-থার্টি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি-আবদুল্লাহ আল নোমান-বাংলাদেশ প্রতিদিন

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান

নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে না। সেই সঙ্গে বিএনপি সহায়ক সরকারের দাবি আদায় করবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এবং খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে খালেদার কার্যালয়ে তল্লাশি'-হানিফ-যুগান্তর

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ

রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থেই আইন অনুযায়ী খালেদা জিয়ার  কার্যালয়ে পুলিশ তল্লাশি চালায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

হানিফ বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে বিএনপির গুলশান কার্যালয় থেকে জ্বালাও-পোড়ার ডাক দেয়া হয়। তারা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে হত্যা করেছে। তাই (তল্লাশির বিষয়ে) বিএনপি জোরগলায় কোনো কিছু বলার অধিকার রাখে না বলে মনে করেন আওয়ামী লীগের এই মুখপাত্র। 

দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ পত্রিকায় লেখালেখি : বাণিজ্যমন্ত্রী-এনটিভিবিডি অনলাইন

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

দ্রব্যমূল্য নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখির কারণেই জিনিসপত্রের দাম বাড়ছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, এসব লেখালেখি বাদ দিলেই দ্রব্যমূল্য আর বাড়বে না।

আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। আসন্ন রমজান মাস উপলক্ষে সারা দেশের বাজারে জিনিসপত্রের বাড়তি দামের কারণ সম্পর্কে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

দৈনিক সংবাদ প্রতিদিন এ সম্পর্কে লিখেছে, বাণিজ্যমন্ত্রী বলেছেন, দেশে কোনো পণ্যের ঘাটতি নেই। সরবরাহও পর্যাপ্ত রয়েছে। ফলে রমজানে পণ্যের দাম প্রশ্নই ওঠে না। কিন্তু ব্যবসায়ীরা রোজাকে তাদের ব্যবসার কেন্দ্র তৈরি করেছে। আমি গ্যারন্টি দিয়ে বলতে পারি রোজায় ভোগ্যপণ্যের দাম বাড়বে না। '

উচ্চ আদালতও নিজেদের কব্জায় নিতে চায় সরকার-প্রধান বিচারপতি-যুগান্তর

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

সরকার নিম্ন আদালতের মতো উচ্চ আদালতও নিজেদের কব্জায় নিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। মঙ্গলবার সংবিধানের ষোড়শ সংশোধনীর আপিল শুনানিকালে তিনি এ মন্তব্য করেন। এদিন প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানি হয়।

নির্বাচন, উন্নয়ন ও গণতন্ত্র--প্রথম আলো

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ

 

বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ তার একটি মন্তব্যধর্মী লেখায় বলেছৈন, সরকারি দলের প্রাত্যহিক প্রচারণার প্রকৃতি দেখে মনে হচ্ছে নির্বাচনের আর মাত্র মাসখানেক বাকি। অথচ নেতারাই বলছেন, সরকারের মেয়াদ শেষ হওয়ার এক মিনিট আগেও ক্ষমতা ছাড়বেন না এবং সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। তাতে বাংলাদেশের মানুষ গুনে দেখছে নির্বাচন হতে আরও অন্তত দেড় বছর দেরি। 

উপপ্রধান সরকারি দল জাতীয় পার্টির প্রস্তুতির পাঁয়তারা আরও প্রবল। ভবিষ্যতে তারা সরকার গঠন করবে, এই প্রত্যয় থেকে একটি ৫৮-দলীয় জোটও গঠন করেছে। ওই জোট বিজয়ী হলে প্রধান দল থেকে জনা ২৫ এবং অন্যান্য দল থেকে ৩-৪ জন করে সদস্যকে যদি মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়, তা হলে মন্ত্রিসভার সদস্যসংখ্যা দুই থেকে আড়াই শ ছাড়িয়ে যাবে। এবং সেই অনুপাতে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা যাঁরা নিযুক্ত হবেন, তাঁদের সংখ্যাও ২৫-এর কম হওয়া অসম্ভব।

সরকারে বাম ঘরানার দুই-আড়াইটি দল আছে। তারা সরকারি জোটের সি-টিম।  নির্বাচিত প্রধান দল যা দেবে তাতেই তারা সন্তুষ্ট। নির্বাচনে খাড়া করে যদি পাস করিয়ে আনে তাতেই আনন্দ, আর যদি নির্বাচন-টির্বাচনের ঝামেলায় না জড়িয়ে টেকনোক্র্যাট কোটায় প্রাপ্তিযোগ ঘটে তাতেও পরমানন্দ। মন্ত্রী হওয়া নিয়ে কথা, কী প্রক্রিয়ায় হওয়া গেল, তা বিবেচ্য নয়।

আগামী নির্বাচনের প্রসঙ্গেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান সংসদের সদস্যদের উদ্দেশে বলেছেন, ২০১৪-তে কীভাবে তাঁরা সংসদ সদস্য হয়েছেন তা তাঁরা ভালোই জানেন, আগামী নির্বাচন সে রকম হবে না। অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। জনগণের ভোটে পাস করে আসতে হবে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ও বিনা ভোটে নয়। তাঁর কথা শোনার পর অনেকের রাতের ঘুম হারাম হওয়ার জো! অনেকে ব্যবসা-বাণিজ্যে ঠিকমতো মন দিতে পারছেন না। চার-পাঁচটা মুঠোফোন অনবরত বাজতে থাকলেও ধরছেন না। মন খারাপ।

বিএনপি তাদের ভিশন নিয়ে ভীষণ ব্যস্ত। বাংলাদেশের জনগণ ভীষণ উদ্বিগ্ন দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না—এই চিন্তায়, ভিশন-টিশন নিয়ে তারা মাথা ঘামায় না। অনেকেই জানেন, ২০৩০ কিংবা ২০৪১ সাল পর্যন্ত তাঁরা ইহলোকে থাকবেন না। সুতরাং সেই সময় বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ হলেই কি, জাতিসংঘের ভেটো প্রদানকারী স্থায়ী সদস্য হলেই কি এবং এক নম্বর পরাশক্তি হলেই কি? মানুষ দেখতে চায় আগামীকাল, আগামী মাসে বা আগামী বছরে বাংলাদেশের কি অবস্থা দাঁড়াবে।

উন্নয়ন বাধাগ্রস্ত না করেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করুক, সেটাই সাধারণ মানুষের দাবি। 

রেইনট্রিতে দুই শিক্ষার্থী ধর্ষণ-বাবার টাকায় আয়েশেই কাটছে সাফাতের জেলজীবন-যুগান্তর

গুলশানে ২ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি সাদমান সাকিফ

আলোচিত ধর্ষণ মামলার আসামি সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ পাঁচ দিন ধরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন বেশ আয়েশেই। এরই মধ্যে স্বজনদের কেউ তাদের সঙ্গে দেখা করতে না গেলেও আরামে দিন যাপনে তাদের জন্য এক দিনেই ৭০ হাজার টাকা পাঠানো হয়েছে।

নিরাপদ দূরত্বে থেকে সাফাতের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ তার কারাবন্দি ছেলের হাতখরচের জন্য শনিবার এ টাকা প্রিজনার্স ক্যাশে (পিসি) জমা করে দেন লোকমারফত। তবে দিলদার বা তার স্ত্রী কেউ ছেলেকে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে দেখতে যাননি।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা-খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১ জুন-প্রথম আলো

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা-খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানি ১ জুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ শুনানির নতুন তারিখ পড়েছে আগামী ১ জুন। আজ মঙ্গলবার ঢাকার বিশেষ জজ ৫–এর বিচারক আখতারুজ্জামান আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে এই দিন ধার্য করেন।

এর আগে খালেদা জিয়ার পক্ষে আদালতে তাঁর আইনজীবীরা সময় আবেদন করেন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, আদালতের কাছে সময় চাইলে আদালত শুনানির নতুন এই দিন ঠিক করেন।

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গেলে দুর্নীতি হ্রাস পাবে -প্রধান তথ্য কমিশনার-মানবজমিন

প্রধান তথ্য কমিশনার ড. গোলাম রহমান বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গেলে রাষ্ট্রের সকল স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। আর এতে করে দেশে দুর্নীতি হ্রাস পাবে। সুশাসন প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী হবে। কেননা তথ্য জনগণকে ক্ষমতায়িত করে। গতকাল রাজধানী ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে কনসাস কনজ্যুমার সোসাইটির সদস্যদের উদ্দেশ্যে আয়োজিত কর্মশালায় কমিশানর এ কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে তিনি আরো বলেন, তথ্য অধিকার আইন তথ্য জানার অধিকারকে আইনগত স্বীকৃতি দিয়েছে। একটি অফিসে কি কি কাজ হয়, অফিসটি কি ধরনের সেবা দিচ্ছে, কি ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে প্রভৃতি বিষয়ে জানতে সহায়তা করে।

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

প্রাক্তন আরজেডি নেতা অশোক সিং মৃত্যুদণ্ড

অশোক সিং হত্যা মামলায় প্রাক্তন আরজেডি সাংসদ প্রভুনাথ সিংকে মৃত্যুদণ্ড। হাজারিবাগ জেলা আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ২২ বছর আগে খুন হন জনতা দলের সাংসদ অশোক সিং। তাঁকে খুনের অভিযোগে গত সপ্তাহে প্রভুনাথ ও তার ২ ভাইকে গ্রেপ্তার করা হয়। সেই মামলার শুনানিতে মঙ্গলবার সকালে তাদের দোষী সাব্যস্ত করেছেন জেলা ও দায়রা আদালতের অতিরিক্ত বিচারক সুরেন্দ্র শর্মা। আদালত রায় ঘোষণা করার পরই তাদের হাজারিবাগ সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছে। ১৯৯৫ সালের ৩ জুলাই ছাপরা জেলার মাসরাখে নিজের বাড়িতে খুন হন জনতা দল সাংসদ অশোক সিং।

আগামী বছর বিদ্যুৎহীন থাকবে না দেশের কোনও গ্রাম, ঘোষণা মোদির-সংবাদ প্রতিদিন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

২০১৮-য় দেশের আর কোনও গ্রাম বিদ্যুৎহীন থাকবে না। মঙ্গলবার গুজরাটে আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের বৈঠকে উপস্থিত হয়ে এ কথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৫২ তম আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের বার্ষিক বৈঠক এবার তাঁর নিজের শহরে। তাই নিজ-ভূমে দাঁড়িয়েই এদিন প্রশাসনের দীর্ঘ তিন বছরের কাজের খতিয়ান তুলে ধরলেন। সেই সঙ্গে জানালেন, আসন্ন একগুচ্ছ পরিকল্পনার কথা। রেল ও সড়ক পরিষেবার উন্নতি এবং গ্যাস পাইপ লাইন বাড়াতেও মোটা অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে বলে জানান মোদি।

উত্তরপ্রদেশ থেকে উঠতে চলেছে সংরক্ষণ প্রথা-আজকাল

উত্তরপ্রদেশ থেকে উঠতে চলেছে সংরক্ষণ প্রথা

উত্তরপ্রদেশের প্রাক্তন সরকার দ্বারা চালু হওয়া বিভিন্ন প্রকল্পে সংখ্যালঘু সংরক্ষণ এবার বন্ধ করতে চলেছে বর্তমান যোগী আদিত্যনাথের সরকার। উত্তপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিভিন্ন প্রকল্পে সংখ্যালঘুদের সুবিধা দেওয়ার জন্য সংরক্ষণ চালু করেছিলেন। এবার সেই প্রথাই বন্ধ করতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির শাসনকালে ৮৫টি প্রকল্পের প্রতিটিতে সংখ্যালঘুদের জন্য ২০ শতাংশ করে সংরক্ষণ দেওয়া হয়েছিল।

উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারেই বিজেপি ঘোষণা করেছিল যে জাতি–ধর্ম নয়, যোগ্যতার মাপকাঠিতে সকলকে বিচার করা হবে এ রাজ্যে। এমনকী, উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ দায়িত্ব নেওয়ার পরে অখিলেশ যাদবের আমলে যে সব প্রকল্প শুরু হয়েছিল তা সব পুনরায় যাচাই করা হয়।

বিজেপির মদতে বীরভূমে অস্ত্রের ভাণ্ডার: মমতা-দৈনিক বর্তমান

বিজেপির মদতে বীরভূমে অস্ত্রের ভাণ্ডার:  অভিযোগ মমতার

বীরভূমের হিংসাদীর্ণ নানুর-পাড়ুইসহ আশপাশের এলাকায় কেন্দ্রের শাসকদল বিজেপি’র মদতেই বোমা-আগ্নেয়াস্ত্রের ভাণ্ডার গড়ে উঠছে বলে সরাসরি অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বোলপুরে বীরভূম জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের শাসকদল মুঙ্গের থেকে লোক এনে অস্ত্রশস্ত্র বানাচ্ছে। এসব চলবে না। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই বিষয়ে তাঁর সরকার যে কড়া পদক্ষেপ নিতে চলেছে, তাও স্পষ্ট করে দেন তিনি। বৈঠকে উপস্থিত পুলিশকর্তাদের প্রতি তাঁর নির্দেশ, বোমার কারখানা বানাতে দেব না। নানুর-পাড়ুই নিয়ে বিস্তর অভিযোগ। থানার ওসি, আইসি থেকে আইজি পর্যন্ত সবাইকে বলছি, চোখ-কান খোলা রাখুন। বোমার কারখানা চলবে না।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩