মে ২৬, ২০১৭ ১১:৩০ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৬ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • বাংলাদেশকে গোরস্থানে পরিণত করা হয়েছে: খালেদা জিয়া-ইত্তেফাক
  • ব্যাপক লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন-ইত্তেফাক
  • খুলনায় দুর্বত্তদের গুলিতে দেহরক্ষীসহ বিএনপি নেতা নিহত-মানবজমিন
  • মূর্তি অপসারণের বিষয়টি সরকারের এখতিয়ারে নেই : কাদের-নয়া দিগন্ত
  • ভাস্কর্য সরানোর বিক্ষোভে কাঁদানে গ্যাস, আটক ৪-প্রথম আলো
  • সন্ধ্যায় আটক, রাতে 'বন্দুকযুদ্ধে' নিহত-যুগান্তর
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাঁজা খেতে গিয়ে ধরা খেলেন এএসআই-এনটিভিবিডি অনলাইন

ভারতের শিরোনাম:

  • হাসপাতালে নিয়ে যেতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না এই ট্যাক্সিচালক-সংবাদ প্রতিদিন
  • অপরাধমুক্ত রাজ্য অসম্ভব:‌ যোগীর মন্ত্রী-আজকাল
  • চার নদী নিয়ে ভোগাচ্ছে ঢাকা, মোদীকে মুখ্যমন্ত্রী-আনন্দবাজার
  • সিপিএম ও বিজেপি গুন্ডামি করছে, আমি সব বুঝে নেব: মমতা-বর্তমান

 

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

সুপ্রিমকোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কিত খবর আজকের সব দৈনিকে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে।

প্রথম আলোর শিরোনাম-ভাস্কর্য সরানোর বিক্ষোভে কাঁদানে গ্যাস, আটক ৪।

সুপ্রিম কোর্ট চত্ত্বর থেকে ভাস্কর্য সরানোর বিক্ষোভে কাঁদানে গ্যাস, আটক ৪

খবরটিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে আজ শুক্রবার দুপুরে বের করা বিক্ষোভ মিছিলে কাঁদানে গ্যাসের শেল ও রঙিন পানি ছুড়ে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে আটক করেছে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা থেকে ভোর চারটা পর্যন্ত ভাস্কর্য সরানোর কাজ হয়। এ সময় সুপ্রিম কোর্টের ফটকের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দল সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্যটি সরানোর দাবি জানিয়ে আসছিল। আর নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গ্রিক গডেসের মূর্তি অপসারণের বিষয়টি সরকারের এখতিয়ারে নেই। এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।’

বাংলাদেশকে গোরস্থানে পরিণত করা হয়েছে: খালেদা জিয়া-ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

খুলনায় বিএনপি নেতা আলাউদ্দিন মিঠুকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘এই হত্যাকাণ্ড কাপুরুষোচিত। দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের হত্যার মাধ্যমে হাত রক্তে রঞ্জিত করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটিকে এখন গোরস্থানে পরিণত করা হয়েছে।’

খুলনা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠু

আজ এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে খুলনা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠুকে বৃহস্পতিবার রাতে গুলি চালিয়ে হত্যা করা হয়। এতে তার এক সহযোগীও নিহত হন। খালেদা জিয়া বলেন, মিঠুকে নির্মম কায়দায় হত্যা সরকারের ধারাবাহিক প্রাণঘাতী নৃশংসতারই আরেকটি বহিঃপ্রকাশ। সরকারকে হুঁশিয়ার করে বিএনপি চেয়ারপারসন বলেন, রক্তপাত ঘটিয়ে জীবন কেড়ে নিয়ে ভীতির সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ আর বসে থাকবে না, দুঃশাসন মোকাবেলায় অব্যাহত রক্তপাতের কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে প্রতিহত করবে।

বাংলাদেশে তীব্র দাবহদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। তারই সাথে পাল্লা দিয়ে চলছে লোডশেডিং । এ বিষয়ে দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। 

শিরোনাম এরকম-ব্যাপক লোডশেডিংয়ে দুর্বিষহ জনজীবন 

বাংলাদেশে ভয়াবহ লোডশেডিং

প্রতিবেদনে মূল ফোকাস করা হয়েছে যেসব বিষয়ের প্রতি তা হচ্ছে-জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে ** শীতকালের বদলে গরমে সংস্কার কাজ করায় সংকট বেড়েছে ** শনিবার নাগাদ পরিস্থিতি উন্নতির আশা বিদ্যুত্ প্রতিমন্ত্রীর।

বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মের দাবদাহ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। কিন্তু গ্যাস সংকট, সঞ্চালন টাওয়ার ভেঙে পড়া এবং একযোগে অন্তত ১০টি বিদ্যুেকন্দ্রে সংস্কার কাজ চলাসহ বিভিন্ন কারণে চাহিদার বিপরীতে প্রয়োজনীয় বিদ্যুত্ সরবরাহ করতে পারছে না বিতরণ সংস্থাগুলো।

বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত দুই দিনে এ লোডশেডিংয়ের পরিমাণ ৪২৮ থেকে ৯৭৯ মেগাওয়াট দাবি করলেও প্রকৃতপক্ষে প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুত্ ঘাটতির কবলে পড়েছে দেশ। গ্রাম ও মফস্বল শহরগুলোতে দিনে অন্তত ১২ ঘণ্টা এবং ঢাকাসহ বড় শহরগুলোতে এলাকাভেদে ২ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে।

গত এক সপ্তাহ ধরে সারাদেশে চলছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষকে স্বস্তি দিতে পারত নিরবচ্ছিন্ন বিদ্যুত্। কিন্তু উত্পাদন ঘাটতি ও সঞ্চালন-বিতরণ ব্যবস্থার দুর্বলতার কারণে সেটিও সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় বিদ্যুত্ না পেয়ে গরমে হাঁসফাঁস করা মানুষ হতাশ ও ক্ষুব্ধ হয়ে উঠছেন।এর আগে গত  ২২ মে চারদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন। আজ শুক্রবার সেই সময়সীমা পার হচ্ছে।বিদ্যুত্ না পেয়ে দেশের বিভিন্ন স্থানে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। কয়েকটি স্থানে বিদ্যুেকন্দ্র ও অফিসগুলো ঘেরাও করা হয়েছে ।দুর্বিষহ দুর্ভোগে জনজীবন, শিল্পকারখানায় স্থবিরতা। স্বাভাবিক কার্যক্রমও থমকে গেছে।

সার্বিক বিদ্যুত্ সরবরাহ পরিস্থিতি নিয়ে গতকাল বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, শনিবার নাগাদ বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার বাড়ছে। সড়ক দুর্ঘটনায় কয়েকটি মর্মান্তিক মৃত্যুর খবর ছাপা হয়েছে দৈনিক যুগান্তরসহ বেশ কয়েকটি দৈনিকে। 

সড়কে মামা-ভাগনে নিহত দেশে ফিরলেও বাড়ি যাওয়া হলো না প্রবাসীর।

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা: ঘরে ফেরা হলোনা প্রবাসীর

নীলফামারীর জলঢাকায় শুক্রবার ভোরে সড়কে প্রাণ হারিয়েছেন বিদেশ ফেরত মামা এবং তার ভাগনে। আর কালের কণ্ঠের খবর- ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সিএনবি এলাকায় বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান রানা (২২) ও মাইক্রোবায়োলজি বিভাগের আরাফাত (২২)। শুক্রবার দুপুর ১টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

যুগান্তরের আরেকটি খবর-সন্ধ্যায় আটক, রাতে 'বন্দুকযুদ্ধে' নিহত

সাভারে বন্দুকযুদ্ধে নিহত মুক্তার হোসেন মুক্তি

সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মুক্তার হোসেন মুক্তি (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে সাভারের বিরুলিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। ডিবির দাবি, মুক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে নারী পাচার ও মাদক বিক্রিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। নিহতের পরিবারের দাবি, ডিবি পরিচয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে মুক্তার হোসেনকে তুলে নেয়া হয়। শুক্রবার ভোরে তার নিহতের খবর দেয়া হয়।

প্রকল্পের সময় বাড়িয়ে অপচয় হচ্ছে জনগণের টাকা-এনটিভিবিডি অনলাইন

উন্নয়ন প্রকল্পের সময় বাড়িয়ে খরচ বাড়ানোর মাধ্যমে জনগণের করের টাকা অপচয় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ব্যাংক ও পুঁজিবাজার দুর্নীতির কারণেও জনগণের টাকার অপচয় হচ্ছে বলেও মনে করেন তিনি। 

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য। আলোচনা সভায় বক্তারা ‘জাতীয় বাজেট, জন-অংশগ্রহণ ও বিকেন্দ্রীকরণ’ বিষয়ে আলোচনা করেন। 

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘কয়েক বছর ধরে আমরা জেলা বাজেটের তাগিদ দিচ্ছি। অর্থমন্ত্রী এ বিষয়ে প্রতিশ্রুতিও দিয়েছেন। কিন্তু তিনি তা ভুলে গেছেন। ফলে জনগণের চাওয়ার প্রতিফলন ছাড়াই নির্ধারিত হচ্ছে দেশের উন্নয়নসহ অন্য সব কর্মকাণ্ডের বাজেট। এক পাক্ষিক এই বাজেট জনগণের মধ্যে বৈষম্য তৈরি করছে।’

শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

চার নদী নিয়ে ভোগাচ্ছে ঢাকা, মোদীকে মুখ্যমন্ত্রী-আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

দু’মাস আগে শেখ হাসিনার সফরের সময়ে তিস্তা চুক্তি নিয়ে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন তিনি। তিস্তার বদলে তোর্সার জল দিতে চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রস্তাব ঘিরে বিতর্কও হয়েছিল যথেষ্ট। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের উপর থেকে বাম আমলের ঋণের বোঝা কমানোর জন্য মমতা আবেদন করলেন ঠিকই। কিন্তু একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা নিয়ে জোরদার অভিযোগ জানালেন মুখ্যমন্ত্রী। তাঁর অনুরোধ, দ্বিপাক্ষিক স্তরে এর সমাধান হোক। পাশাপাশি মমতার ক্ষোভ, ‘‘ইলিশ দেওয়া তো বাংলাদেশ বন্ধ করেই দিয়েছে। মালদহ-মুর্শিদাবাদের আমও এখন ওখানে রফতানি করা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কারণ আমদানি শুল্ক দ্বিগুণ করে দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছি।’’অনেকের মতে, তিস্তা চুক্তির ভবিষ্যৎ যে আরও তলানিতে গিয়ে ঠেকছে, মমতার অভিযোগ তারই ইঙ্গিত দিচ্ছে।

অপরাধমুক্ত রাজ্য অসম্ভব:‌ যোগীর মন্ত্রী-আজকাল

উত্তর প্রদেশের নগর উন্নয়নমন্ত্রী সুরেশ খান্না

বুলন্দশহর গণধর্ষণকাণ্ডে অখিলেশ যাদব সরকারকে জেরবার করে ছেড়েছিলেন। ক্ষমতায় এলে উত্তরপ্রদেশকে অপরাধমুক্ত করে দেখাবেন বলে বিস্তর হাঁক পেড়েছিলেন বিজেপি নেতারা। কিন্তু ক্ষমতায় আসার পর দু’মাস পেরোতেই সুর বদল যোগী সরকারের। উত্তরপ্রদেশের মতো এতবড় রাজ্য থেকে অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী সুরেশ খান্না। কোনওদিন অপরাধমুক্ত রাজ্যের প্রতিশ্রুতি দেননি বলেও দাবি করলেন। বৃহস্পতিবার রাতে গ্রেটার নয়ডার জেওয়ার-বুলন্দশহর হাইওয়েতে একই পরিবারের চার মহিলাকে গণধর্ষণ করে ৬ দুষ্কৃতী। বাধা দিতে এলে পরিবারের কর্তাকে গুলি করে খুন করে তারা।

চিন সীমান্ত ঘেঁষে এশিয়ার দীর্ঘতম নদীসেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী-আনন্দবাজার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশের দীর্ঘতম সেতুর উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।চিন সীমান্তের কাছে ব্রহ্মপুত্র নদের উপর ৯.১৫ কিমি দীর্ঘ এই সেতুর উদ্বোধনের ফলে অসম-অরুণাচলের মধ্যে যাতায়াত করতে ৫ ঘন্টা সময় কম লাগবে। সেতুতে থাকছে তিনটি লেন। শুক্রবার অসমের পূর্বতম প্রান্তের তিনসুকিয়া জেলায় এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে মোদী সরকারের তৃতীয় বর্ষপূর্তির উদযাপনও শুরু করল। শুধু অসম-অরুণাচলের মধ্যে যাতায়াতের সময় কমে যাওয়া নয়, প্রতিরক্ষার ক্ষেত্রেও এই সেতুর বিশেষ গুরুত্ব রয়েছে। এই সেতুর উপর দিয়ে ৬০ টন (প্রায় ৬০ হাজার কিলোগ্রাম) ওজনের ব্যাটল ট্যাঙ্কও চলাচল করতে পারবে।

হাসপাতালে নিয়ে যেতে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন না এই ট্যাক্সিচালক-সংবাদ প্রতিদিন

ওলা কিংবা উবের-এর প্রসঙ্গ উঠলেই অনেকে মুখ বেঁকান। এখন তো প্রায়দিনই নানান ধরনের অভিযোগ পাওয়া যায়। কিন্তু এর মধ্যেই যে কয়েকজন ব্যতিক্রম রয়েছে, সেটা প্রমাণ করে দিলেন ম্যাঙ্গালোরের ওলা গাড়ির চালক সুনীলকে। কিন্তু কী এমন করেছেন তিনি যার জন্য সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সেলিব্রিটি বনে গিয়েছেন তিনি? জানা গিয়েছে, ওলা চালালেও যখনই কোনও রোগীকে হাসপাতালে ছাড়তে যান সুনীল, তিনি কোনও ভাড়া নেন না। এর মাধ্যমে তিনি মানুষের কিছুটা সাহায্য করেন। এমনটাই দাবি ওই ওলা চালকের।

গুজরাটে গরুর আধার তৈরি শুরু-আজকাল

গুজরাটে গরুর আধার কার্ড তেরি শুরু

গুজরাটে গরুর পরিচয়পত্র তৈরির প্রস্তুতি তুঙ্গে। প্রযুক্তিবিদদের একটি দল ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। গরুর কানে বিশেষ ধরনের ডিজিটাল চিপ প্রতিস্থাপন করছেন তাঁরা। তাতে রেডিও ফ্রিকোয়েন্সি শণাক্তকরণ যন্ত্র ব্যবহার করা হচ্ছে। যাতে ১২ সংখ্যার একটি বিশেষ শনাক্তকরণ নম্বর থাকবে। যার মাধ্যমে নজরদারি চালিয়ে বেআইনিভাবে গরু পাচার আটকানো সম্ভব হবে। এবং তাদের স্বাস্থ্য ও দুধের উৎপাদন ক্ষমতার ওপরও নজর রাখা যাবে। বর্তমানে গুজরাটে প্রায় ৬০ লক্ষ গরু–বাছুর রয়েছে। প্রথম দফায় ৩৭,০০০ গরুর পরিচয়পত্র তৈরি হবে। খরচ পড়বে প্রায় ২ কোটি ৮০ লক্ষ টাকার মতো।

সকলের চোখের সামনে কুপিয়ে খুন, ছবি তুলতেই ব্যস্ত মানুষ!-আনন্দবাজার

প্রকাশ্যে কুপিয়ে হত্যা অন্ধ্রপ্রদেশে

অটোরিকশা থেকে টেনে নামিয়ে  মারুতি রেড্ডি নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে ১১ বার কুপিয়ে খুন করলেন তাঁরই এক পরিচিত ব্যক্তি। গতকাল ভয়ানক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার প্রোদাতুর শহরে। প্রকাশ্য দিবালোকে ব্যস্ত রাস্তায় ওই ব্যক্তিকে কোপানো হচ্ছে, আর পথচলতি মানুষ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দেখছে! হামলাকারীকে কেউ আটকানোর চেষ্টা পর্যন্ত করলেন না। উল্টে কেউ কউ আবার গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে।#

 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬