মূর্তি সরিয়ে ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে: আইনমন্ত্রী
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৭ মে শনিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- সাভারের ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণের শব্দ-ইত্তেফাক
- দেশে প্রতিদিন ১৪ জন মা প্রসবজনিত কারণে মৃত্যুবরণ করেন-মানবজমিন
- অনৈতিক সরকারের দেশ শাসনের অধিকার নেই : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
- ভাস্কর্য সরানো নিয়ে-সরকার সাংঘাতিক ভুল পথে হাঁটছে–শাহদীন মালিক-প্রথম আলো
- মূর্তি সরিয়ে ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে: আইনমন্ত্রী-যুগান্তর
- নড়াইলে নির্বাচনি সহিংসতা: আ.লীগের আরো একজন নিহত-এনটিভিবিডি অনলাইন
-
আ’লীগ ক্ষমতায় আছে বলেই মন খুলে কথা বলতে পারেন- হাছান মাহমুদ এনটিভিবিডি অনলাইন
ভারতের শিরোনাম:
- ভুয়া চিকিৎসক কাণ্ডে এবার বেলভিউকে নোটিস সিআইডির-সংবাদ প্রতিদিন
- কসাইয়ের জন্য গরু কেনাবেচা নিষিদ্ধ কেন্দ্রীয় সরকার-আজকাল
- ভারত নিয়ন্ত্রণে জম্মু কাশ্মীরে ৮ জঙ্গি নিহত -আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
সুপ্রিম কোট চত্ত্বর থেকে ভাস্কর্য সরানো নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য ও আলোচনা সমালোচনা অব্যাহত রয়েছে। এ সম্পর্কে যুগান্তরের খবরের শিরোনাম-
মূর্তি সরিয়ে ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান করা হয়েছে: আইনমন্ত্রী
বিস্তারিত খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্য সরানোয় বহির্বেশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হয়নি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এতে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সম্মান দেখানো হয়েছে বলে মনে করেন তিনি।
আর ভাস্কর্য সরানো নিয়ে-সরকার সাংঘাতিক ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক। প্রথম আলোয় প্রকাশিত খবরটিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানো নিয়ে শাহদীন মালিক বলেছেন, এ ঘটনা উগ্র ধর্মীয় গোষ্ঠীর সঙ্গে সরকারের আপসকামিতার ইঙ্গিত।
আজ জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, বিশিষ্ট আইনজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ভোটের স্বার্থে এখন সস্তাভাবে ধর্মকে অপব্যবহার করার চেষ্টা চলছে। তিনি এর নিন্দা জানিয়েছেন। এদিকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় গ্রেফতার করা ৪ জনের নামে মামলা হয়েছে বলে প্রায় সব অনলাইনে খবর এসেছে।
আ’লীগ ক্ষমতায় আছে বলেই মন খুলে কথা বলতে পারেন- হাছান মাহমুদ এনটিভিবিডি অনলাইন
খবরটিতে বলা হয়েছে, দেশের প্রগতিশীলদের উদ্দেশ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ আজ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আপনার মন খুলে কথা বলতে পারেন, সমালোচনা করতে পারেন। আওয়ামী লীগ না থাকলে কথা বলতে পারতেন না। আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, ‘আপনারা এমন কথা বলবেন না যাতে করে নিজেদের মধ্যে বিভেদ তৈরি হয় এবং প্রতিক্রিয়াশীলরা সে সুযোগটা নেয়।’
অনৈতিক সরকারের দেশ শাসনের অধিকার নেই : মির্জা ফখরুল-নয়া দিগন্ত
ক্ষমতাসীন সরকারকে অনৈতিক, বেআইনি আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের জন্ম বেআইনিভাবে। সংবিধান মোতাবেক যেভাবে সরকার হওয়ার কথা সেভাবে হয়নি। আজ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব বলেন। তিনি বলেন, বেআইনি সরকার এবং অনৈতিক সরকার। তাদের কোনো অধিকার নেই এই দেশকে শাসন করবার। আর ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেছেন, ইভিএমে ভোটগ্রহণ মানবে না বিএনপি।
নড়াইলে নির্বাচনি সহিংসতা: আ.লীগের আরো একজন নিহত-এনটিভিবিডি অনলাইন
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়ালো দুজনে। নিহত ব্যক্তির নাম বদরুল ইসলাম (৫১)। তিনি পেড়লী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
নির্বাচনি উত্তাপ ছড়াবে ইফতার রাজনীতি-যুগান্তরের প্রতিবেদন
প্রতিবেদনটিতে লেখা হয়েছে, প্রতি বছর পবিত্র রমজান এলেই শুরু হয় এক ধরনের ইফতার রাজনীতি। তবে এবার নানান কারণে তা ভিন্নমাত্রা ছড়াবে। বিশেষ করে জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকি থাকলেও এরইমধ্যে যে নির্বাচনি ডামাডোল শুরু হয়েছে, তার ঢেউ গিয়ে লাগবে ইফতার পার্টিতে। সহজ করে বললে বলতে হবে- রজমান মাসজুড়ে প্রধান রাজনৈতিক দলগুলো তাদের সব পর্যায়ের শুভাকাক্সক্ষীদের সঙ্গে সম্পর্কটা নবায়ন করে নেবে। যেহেতু আগাম নির্বাচনের সম্ভাবনাটা কেউ উড়িয়ে দিচ্ছেন না, তাই এবার মাহে রমজানে বিশেষ উত্তাপ ছড়াবে ভোটের রাজনীতি।
দেশে প্রতিদিন ১৪ জন মা প্রসবজনিত কারণে মৃত্যুবরণ করেন- মানবজমিন
বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, দেশে প্রতিদিন গড়ে ১৪ জন মা প্রসবজনিত কারণে অনাকাক্সিক্ষত মৃত্যুবরণ করছেন। এখনো শতকরা ৪২ শতাংশ প্রসব দক্ষ এবং অবশিষ্ট প্রসব বাড়িতে অশিক্ষিতদের হাতে হচ্ছে। প্রতিবছরে ৩০ থেকে ৩২ লাখ প্রসব হয় বাংলাদেশে। এর মধ্যে দেড় থেকে ২ লাখ সরকারি হাসপাতালে প্রসব হয়। বাড়িতে হয় ২১ লাখ প্রসব। বাকি প্রসব হয় বেসরকারি প্রতিষ্ঠানে। ১১ থেকে ১২ শতাংশ হয় সিজারিয়ানের মাধ্যমে। আজ স্বাস্থ্য ও পবিরবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালিক এ তথ্য জানিয়েছেন।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
ভুয়া চিকিৎসক কাণ্ডে এবার বেলভিউকে নোটিস সিআইডির-সংবাদ প্রতিদিন
ভুয়া চিকিৎসক কাণ্ডে এবার বেলভিউ হাসপাতালকে নোটিস জারি করেছে সিআইডি৷ বেলভিউ কর্তৃপক্ষের বয়ান রেকর্ড করছেন সিআইডি- কর্মকর্তারা ৷ গতকাল সিআইডি-র জালে ধরা পড়ে এক ভুয়া চিকিৎসক ৷ উচ্চমাধ্যমিক পাস না করেও দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চর্ম রোগের চিকিৎসা করতেন নরেন পাণ্ডে নামে এই ভুয়া ডাক্তার ৷ এণ্টালির চেম্বার থেকে রোগী সেজে তাঁকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা৷
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে ৮ জঙ্গি নিহত –আনন্দবাজার
বুরহান ওয়ানির উত্তরসূরীসহ জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে আলাদা দুই বন্দুকযুদ্ধে ৮ জঙ্গির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে জঙ্গি সবজার ভাটও। বুরহান ওয়ানির মৃত্যুর পর সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধান ছিল সবজার ভাট।
কসাইয়ের জন্য গরু কেনাবেচা নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার-আজকাল
কসাইয়ের জন্য খোলা বাজারে গরু কেনাবেচা নিষিদ্ধ করল কেন্দ্র সরকার। শুক্রবার এই নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশিকার ফলে দেশে গবাদিপশু নিধনের উপর রাশ টানা যাবে। নির্দেশিকায় বলা হয়েছে, গরু কেনার আগে লিখিত ভাবে ক্রেতাকে জানাতে হবে, তিনি গরুটি কসাইয়ের জন্য কিনছেন না।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭