মে ২৮, ২০১৭ ১১:২৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২৮ মে রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • হল ছাড়ছেন জাবি শিক্ষার্থীরা, ছাত্রলীগের বিক্ষোভের ডাক-ইত্তেফাক
  • ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১-প্রথম আলো
  • বাংলাদেশে চীনা রণতরীর নোঙরে ‘দিল্লির উদ্বেগ’-যুগান্তর
  • সুপ্রিম কোর্টেই প্রতিস্থাপিত হলো ভাস্কর্য-এনটিভিবিডি অনলাইন
  • আমরা বিস্মিত হতবাক বাকরুদ্ধ: আহমদ শফী-মানবজমিন
  • চাকরি ছেড়েই এমপি প্রার্থী-আরপিও সংশোধনে তোড়জোড় চালাচ্ছেন আমলারা -বাংলাদেশ প্রতিদিন
  • ফুলবাড়ীয়ায় গোয়াল ঘরে বৃদ্ধা মা: শিয়ালের কামড়ে আহত-নয়া দিগন্ত
  • খালেদা জিয়ার বিরুদ্ধে বড়পুকুরিয়া মামলা চলবে-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • মন্ত্রী আসবেন হাসপাতালে, বের করে দেওয়া হল রোগীদের!-সংবাদ প্রতিদিন
  • অশান্ত কাশ্মির, বন্‌ধ, জারি নিষেধাজ্ঞা-আজকাল
  • আজকালের অন্য একটি খবরের শিরোনাম- ফের নারী নিগ্রহ যোগীর রাজ্যে
  • সিবিএসই (দ্বাদশ)-কলাবিভাগ থেকে প্রথশ হয়েছে রক্ষা গোপাল, নম্বর পেয়েছে ৯৯.৬ শতাংশ-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা সম্পর্কিত খবরটি আজকের সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষভাবে ছাপা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এ সম্পর্কে বাংলাদেশ প্রতিদিনের খবরে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ক্যাম্পাসের পরিস্থিতিকে শান্ত করতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা বহাল রেখেছে প্রশাসন। হল ত্যাগের নির্দেশে রোববার সকাল থেকেই ক্যাম্পাস ছেড়ে যেতে শুরু করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

আর ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে। অন্যদিকে হল ছাড়ার নির্দেশের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে বেলা ১১টার দিকে বিক্ষোভের ডাক দিয়েছে শাখা ছাত্রলীগ। শনিবার পুলিশি হামলার পর সার্বিক পরিস্থিতে আতঙ্কিত হয়ে পড়ছে শিক্ষার্থীরা। যার ফলে সাধারণ শিক্ষার্থীরা ভয়েই হল ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন তারা। প্রথম রোজাতেই এমন হয়রানির শিকার হওয়ায় অনেক শিক্ষার্থীই ক্ষোভ প্রকাশ করেছেন।

চাকরি ছেড়েই এমপি প্রার্থী-আরপিও সংশোধনে তোড়জোড় চালাচ্ছেন আমলারা -বাংলাদেশ প্রতিদিন

একাদশ সংসদ নির্বাচনে আমলাদের জন্য প্রার্থিতা প্রাপ্তির পথ খুলে যাচ্ছে! দলীয় প্রার্থী হতে তিন বছর সদস্য পদ থাকার বিধানটি বিলোপের পর এবার সরকারি চাকরি ছাড়ার সময়ের বাধ্যবাধকতাও তুলে দেওয়ার জন্য ‘দৌড়ঝাঁপ’ শুরু হয়েছে। ইতিমধ্যে কয়েকজন সাবেক আমলা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, দশম সংসদের নির্বাচনের আগ মুহূর্তে দলীয় সদস্য পদে (তিন বছর) থাকার বিধানটি বিলুপ্ত করে দেওয়া হয়। এবার প্রার্থী হতে সরকারি কর্মকর্তাদের অবসর বা পদত্যাগের পর তিন বছর পার করার বিধানটি বিলোপ করার প্রস্তাব নিয়ে জোর তৎপরতা রয়েছে। নির্বাচন বিশ্লেষকরা বলছেন— আলোচনা ছাড়াই দলীয় সদস্যপদ থাকার বিধানটি তুলে দেওয়া হয়েছে। এতে ডিগবাজি ও মনোনয়ন বাণিজ্যের পথ খুলেছে। 

সুপ্রিম কোর্টেই প্রতিস্থাপিত হলো ভাস্কর্য-এনটিভিবিডি অনলাইন

ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্যটি অপসারণের দুদিনের মাথায় আবার সুপ্রিম কোর্টেরই আরেকটি স্থানে পুনঃস্থাপিত করা হয়েছে। আগে সেটি ছিল সুপ্রিম কোর্টের ফটকের সামনে, এখন সেটি সর্বোচ্চ আদালতের অ্যানেক্স ভবনের সামনে বসানো হয়েছে।

গতকাল শনিবার রাত ১১টা থেকে ভাস্কর্যটি পুনঃস্থাপনের কাজ শুরু হয়ে ১টার দিকে শেষ হয় বলে গণমাধ্যমকে জানান এর ভাস্কর মৃণাল হক।এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ভাস্কর্যটি অপসারণ করা হয়। এ নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ ও নানা আলোচনা-সমালোচনার মধ্যেই এটি প্রতিস্থাপন করা হলো।

এদিকে যুগান্তরের খবরে বলা হয়েছে, গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করায় সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভ ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।  রোববার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাইনউদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন।

আর মানবজমিনের খবরের শিরোনাম- আমরা বিস্মিত হতবাক বাকরুদ্ধ: আহমদ শফী

হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমেদ শফী

এক বিবৃতিতে হেফাজতের আমীর বলেছেন, দেবি থেমিসের ভাস্কর্য অপসারিত হয়েছে জেনে অসুস্থ শরীরেও আনন্দ পেয়েছিলাম এবং দেশবাসীর সঙ্গে শুকরিয়া জ্ঞাপন করছিলাম। কিন্তু মাত্র দু’দিনের মাথায় যখন দেশবাসী রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমযানকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছিলো, প্রথম রোযার তারাবীহ আদায় করে প্রশান্ত চিত্তে ঘরে ফিরেছিল, তখনই দেশবাসীর সাথে আমিও জানতে পারলাম থেমিস সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে পুনঃ স্থাপিত হয়েছে। এমন সংবাদে সমগ্র দেশবাসীর সঙ্গে আমরা বিস্মিত হতবাক এবং বাকরুদ্ধ।

হেফাজত আমীর বলেন, আমাদের সকল আবেদন নিবেদন এবং শান্তিপুর্ণ দীর্ঘ আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে থেমিসের পুনঃস্থাপন এটাই প্রমাণ করে, এদেশের মানুষের সম্মিলিত আকাংখাকে সরকার বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না।

ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১-প্রথম আলো

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। সংঘর্ষের সময় ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আজ সকাল নয়টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নিহত হন ছরো মাতুব্বর (৩৫) নামের এক ব্যক্তি। তাঁর বাড়ি লক্ষণদিয়া গ্রামে।

ইত্তেফাকের রাজনীতি বিষয়ক ২টি খবর এরকম-

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার চরম আতঙ্ক উৎকণ্ঠায় ভুগছে। খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করায় আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে।গতকাল তিনি এ মন্তব্য করেন।

আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, হত্যা, ক্যু, ষড়যন্ত্র ও বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে  বলেছেন, নিজেদের অপকর্মের জন্য বাংলার মানুষের কাছে ক্ষমা চান।গতকাল এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আর বাংলাদেশ প্রতিদিনের আজকের খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো হাওয়া ভবন, খাওয়া ভবন নেই, দেশ চালায় আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশে চীনা রণতরীর নোঙরে ‘দিল্লির উদ্বেগ’-যুগান্তর

বাংলাদেশ উপকূলে ভিড়েছে চীনা নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ

বাংলাদেশ উপকূলে ভিড়েছে চীনা নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ। চার দিনের শুভেচ্ছা সফরে যুদ্ধজাহাজের এই বহরটি গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। নৌবহরটিকে বন্দরে স্বাগত জানান বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশে অবস্থানরত চীনা কর্মকর্তারা। চীনা এ বহরে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার চাংচুন ও গাইডেড মিসাইল ফ্রিগেট ঝিংজু। চিনা নৌবাহিনীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও চিন নৌবাহিনীর মধ্যে বিরাজমান গভীর বন্ধুত্ব আরও শক্ত হবে বলে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আশা করা হচ্ছে। কলকাতা টোয়েন্টিফোর নামে একটি অনলাইন পত্রিকার খবরে বলা হয় বাংলাদেশ উপকূলে চীনা নৌবাহিনীর উপস্থিতি কিছুটা হলেও ভারতের উদ্বেগ বাড়িয়েছে। প্রতি মুহূর্তে বহরটির দিকে কড়া নজর রাখছেন ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা।

‘ফুলবাড়ীয়ায় গোয়াল ঘরে বৃদ্ধা মা: শিয়ালের কামড়ে আহত’

গোয়ালঘরে বৃদ্ধ মা: শিয়াল কামড়িয়ে ক্ষত-বিক্ষত করল

দৈনিক নয়াদিগন্তে প্রকাশিত মর্মান্তিক এ প্রতিবেদনটিতে বলা হয়েছে, ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাত্রিযাপনের জন্য রেখে যাওয়ার পর ৩/৪টি শিয়াল কামড়িয়ে ক্ষত বিক্ষত করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটলেও কোনো চিকিৎসা করানো হয়নি বৃদ্ধা মায়ের। রোববার সকালে খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান বৃদ্ধা মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বৃদ্ধা মায়ের এমন করুণ পরিণতি একটু দেখতে ভিড় করছে মানুষ। 

উপজেলার পুটিজানা ইউনিয়নের তেজপাটুলী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের তিন ছেলে বিয়েশাদি করে এখন আলাদা থাকে। তিন ছেলের কাছেই বৃদ্ধা মা বিবি মরিয়ম (৮৫) এখন বোঝা। তবে ফেলতে না পারায় মোখলেছুর রহমান, মোবারক হোসেন, মারফত মিয়া- এই তিন ছেলে পালাক্রমে তিন মাস করে দায়সারাভাবে ভরনপোষণ করেন বৃদ্ধা মা বিবি মরিয়মকে। বড় ছেলে মোখলেছুরের বাড়িতে তিন মাস পার হওয়ার পর ছোট ছেলে মারফতের বাড়িতে বৃদ্ধা মাকে পাঠিয়ে দেয়া হয়। ছোট ছেলে মারফতের মনে রাগ জন্মে মায়ের ওপর। কারণ এখন তার থাকার কথা মেঝ ছেলে মোবারকের বাড়িতে। এ কারণেই মারফত তার অসুস্থ বৃদ্ধা মাকে থাকার ঘরের পাশে বেড়াহীন পলিথিন দিয়ে তৈরি গোয়াল ঘরে রেখে আসেন। গভীর রাতে ৩/৪ টি শিয়াল ঘুমের মধ্যে অসুস্থ বৃদ্ধা মাকে হাঁটুর নিচে কামড়িয়ে আহত করে। অসুস্থ বৃদ্ধা মায়ের আহাজারিতে আশপাশের লোকজন এসে শিয়ালদের হাত থেকে রক্ষা করে। সুচতুর পুত্র মারফত বিষয়টি ধামাচাপা দিতে চিকিৎসা ছাড়াই বাড়িতে মাকে রেখে দিয়েছেন।

আইন আদালত বিষয়ক কালের কণ্ঠসহ প্রায় সব দৈনিকের কয়েকটি খবর তুলে ধরছি। 

উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে আনার বিষয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সোমবার।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতে এ মামলা চলতে আর বাধা থাকল না। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

মন্ত্রী আসবেন হাসপাতালে, বের করে দেওয়া হল রোগীদের!-সংবাদ প্রতিদিন

মন্ত্রীমশাই হাসপাতাল পরিদর্শন করতে আসছেন বলে কথা। তাই শুধু হাসপাতাল চত্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই তো হবে না, হাসপাতালে রোগীর চাপও যে তেমন নেই, সেটাও তো মন্ত্রীমশাইকে বোঝাতে হবে। তাই অগত্যা তড়িঘড়ি বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে গেল হাসপাতাল কর্তৃপক্ষ। যাদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থা রীতিমতো সংকটজনক। তবে এভাবেও যে অবস্থা পুরোপুরি সামাল দেওয়া গেল, এমনটা নয়। তাই অনেকেই আবার অক্সিজেন সিলিন্ডার বা স্যালাইনের বোতল নিয়ে প্রখর রোদে হাসপাতালে মাঠেই দাঁড়িয়ে থাকতে হল। এমনই অমানবিক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রার সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজে। শনি্বার হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখতে সরোজিনী নাইডু মেডিক্যাল কলেজে যান উত্তরপ্রদেশের কারিগরী ও স্বাস্থ্য শিক্ষামন্ত্রী আশুতোষ ট্যান্ডন।

অশান্ত কাশ্মির, বন্‌ধ, জারি নিষেধাজ্ঞা-আজকাল

ফের অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা নিয়ন্ত্রণরেখায়। রবিবার ভোররাতে জম্মু–কাশ্মীরের পুঞ্চ জেলার কেজি সেক্টরে পাক অধিকৃত কাশ্মীরের দিক থেকে এক অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করছিল। সতর্ক করলেও না শোনায় তাকে গুলি করে মারে সেনাবাহিনীর শিখ ব্যাটেলিয়নের জওয়ানরা। অনুপ্রবেশকারীর দেহও উদ্ধার করেছে সেনা। এ কথা জানিয়েছেন সেনা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা। গত শুক্র এবং শনিবারই ত্রাল এবং রামপুরে দুটি অনুপ্রবেশের ছক রুখে দেয় সেনা। দুদিন ধরে দুই জায়গায় টানা সংঘর্ষে বুরহান ওয়ানির উত্তরসূরি সবজার ভাট্‌ সহ ১০ জঙ্গিকে খতম করে সেনাবাহিনী।

ছেলেদের মধ্যে প্রথম কে?’ প্রশ্ন ঘুরিয়ে দিল অণ্বেষা-রক্ষারা-সংবাদ প্রতিদিন

Image Caption

যে কোনও পরীক্ষায় ফলাফল ঘোষণা হলেই এতদিন অবধারিতভাবে বলা হত, মেয়েদের মধ্যে প্রথম হয়েছে অমুক৷ এতদিনের সে গতানুগতিক অভ্যাসে লেগেছে ধাক্কা৷ এ বছর উঠছে উল্টো প্রশ্ন- ছেলেদের মধ্যে প্রথম কে? এরকম প্রশ্নই ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায়৷ আর দান ঘুরিয়ে দেওয়ার সে কৃতিত্ব অণ্বেষা-রক্ষাদেরই৷

পিঠোপিঠি দু’দিনে ফলপ্রকাশ হয়েছে মাধ্যমিক ও সিবিএসই-র৷ দুই পরীক্ষাতেই শীর্ষস্থান অধিকার করেছে মেয়েরা৷ মাধ্যমিকে প্রথম হয়েছে বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুলের অন্বেষা পাইন৷ সাতশোর মধ্যে ৬৯০ পেয়েছে সে৷ দীর্ঘদিন পর মাধ্যমিকে সমস্ত পড়ুয়াদের মধ্যে কোনও ছাত্রী প্রথম স্থান অধিকার করল৷ ঠিক তার পরেরদিন সিবিএসই-র রেজাল্টেও দেখা গেল চমক৷ এবার সবাইকে হারিয়ে শীর্ষ স্থান দখল করেছে রক্ষা গোপাল৷ নয়ডার অ্যামিটি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী সে৷ নম্বর পেয়েছে ৯৯.৬ শতাংশ৷

ফের নারী নিগ্রহ যোগীর রাজ্যে-আজকাল

গত বৃহস্পতিবার যমুনা এক্সপ্রেসওয়ের ঘটনার রেশ মেলানোর আগেই ফের নারী নিগ্রহের খবর উত্তর প্রদেশে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে ১২ থেকে ১৪ জনের একদল তরুণ দুই তরুণীকে শারীরিকভাবে নিগ্রহ করছে। তরুণীরা তাদের ছেড়ে দেওয়ার আবেদন করলেও তারা কর্ণপাত করেনি। উল্টে তারা তরুণীদের অশ্লীল, কটূ কথা বলে হাসতে হাসতে গোটা ঘটনার ভিডিও তুলছে সেলফোনে। ওই তরুণরাই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে।   

ঘটনাটির কোন দিন ঘটেছে তা এখনও নির্দিষ্টভাবে জানা না গেলেও ঘটনাস্থল রামপুর জেলা। ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে রাজ্য সরকারের প্রতি। ফুটেজ দেখে তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিস।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮