আগাম ব্যবস্থা নেওয়ায় ‘মোরা’য় ক্ষতি কম: প্রধানমন্ত্রী
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৩১ মে বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ১৫ ফেব্রুয়ারি ও ৫ জানুয়ারির নির্বাচন দেখতে চায় না ইসি : ইসি সচিব-ইত্তেফাক
- আগাম ব্যবস্থা নেওয়ায় ‘মোরা’য় ক্ষতি কম: প্রধানমন্ত্রী-প্রথম আলো
- প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম- সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান অতিরঞ্জিত: কাদের
- শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদা জিয়ার-যুগান্ত
- ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা-মানবজমিন
- মওদুদের নাইকো মামলার কার্যক্রম ৩ মাস স্থগিত-নয়া দিগন্ত
- ট্র্যাইব্যুনাল বাগেরহাটের ১৩ জনের অভিযোগ আমলে নিল-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
- গরুকে জাতীয় পশু করার সুপারিশ-রাজস্থান হাইকোর্টের –আজকাল
- আজকালের অন্য একটি খবর- দিল্লি বিধানসভায় আক্রান্ত কপিল মিশ্র
- হামলাকারীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভে উত্তাল আইআইটি-মাদ্রাজ-আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
ঘূর্ণিঝড় ’মোরা’য় ক্ষয়ক্ষতি এবং সরকারি উদ্যোগ নিয়ে খবর ছাপা হয়েছে জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে। এনটিভি বিডি অনলাইনের খবর ‘মোরায়’ প্রাণ গেল আটজনের। সরকারি বিভিন্ন দপ্তর থেকে পাওয়া তথ্যে জানা গেছে। আর
প্রথম আলোর খবর-আগাম ব্যবস্থা নেওয়ায় ‘মোরা’য় ক্ষতি কম: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগাম ব্যবস্থা নেওয়ায় ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষয়ক্ষতি আশঙ্কার চেয়ে কম হয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোরার খবর পেয়ে তিনি অস্ট্রিয়া বসেই আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকার আগাম ব্যবস্থা নেওয়ায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। তবে বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে ব্যবস্থা যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে, নিশ্চয়ই সেগুলো করে দেওয়া হবে। খাদ্যের অভাব তাদের হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। ইত্তেফাকের একটি খবরে বলা হয়েছে, অবিলম্বে ঘূর্ণিঝড়-দুর্গত এলাকায় ত্রাণ পাঠানোর আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
এদিকে ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের সীমানায় ভারতীয় নৌ-বাহিনীর একটি জাহাজ ‘মোরা’য় নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে ভারতীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে।
শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত খালেদা জিয়ার-যুগান্তর
বুধবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই দাওয়াত কার্ড পৌঁছে দেন বিএনপির একটি প্রতিনিধি দল।
আগামী ৫ জুন আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এতে অংশ নেয়ার জন্য বিএনপির চেয়ারপারসনের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রেসিডিয়াম সদস্যদের জন্য ইফতারের দাওয়াত কার্ড পাঠানো হয়।
সাভারে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন-যুগান্তর
সাভারের ফুটপাত থেকে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ করে তারা।ব্যবসায়ীরা জানায়, হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকার ফুটপাতের ফলের দোকানগুলো থেকে প্রতিদিন দোকানপ্রতি চার’শ থেকে পাঁচ’শ টাকা করে চাঁদা তোলে পুলিশ। সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম এ চাঁদাবাজির টাকা নেয়। কেউ চাঁদার টাকা না দিলে পুলিশের ওই এসআই ব্যবসায়ীদের মারধর করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে ব্যবসায়ীরা অভিযোগ করেন।
বাংলাদেশ প্রতিদিনে এ সম্পর্কে লেখা হয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এসআই শাহ আলম বলেন, আরে ভাই আমাদেরও তো পেট আছে, চাঁদা না নিলে খাবো কি করে? এদিকে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্য গোলাম নবী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান অতিরঞ্জিত: কাদের-প্রথম আলো
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনা ক্রমান্বয়ে কমেছে। কোনো কোনো প্রতিষ্ঠান ও সংস্থা সড়ক দুর্ঘটনা নিয়ে অতিরঞ্জিত পরিসংখ্যান প্রকাশ করে, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আজ বুধবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আব্দুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সড়ক পরিবহনমন্ত্রী বলেন, পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে ২ হাজার ৫৬৬টি দুর্ঘটনায় ২ হাজার ৪৬৩ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রী জানান, জাতিসংঘের এসডিজি অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় হতাহত হওয়ার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারবদ্ধ।
জঙ্গি বিষয়ক একটি খবর । যুগান্তরসহ প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে,
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটকের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এমপি আগামীকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের চতুর্থ এবং ব্যক্তিগত এগারতম বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করতে যাচ্ছেন তিনি। একাধারে নয় বার বাজেট দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। আইন আদালত বিষয়ক মানবজমিনের খবর-মেয়র মান্নানের দায়িত্ব পালনে বাধা নেই।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব পালনে বাধা নেই অধ্যাপক এম এ মান্নানের। মেয়র পদ হতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়। এই রায়ের আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ মেয়র মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে রায় দেয়।
ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা- মানবজমিন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর শ্লোগান দেয়ায় গণজাগরণ মঞ্চের নেতা ড. ইমরান এইচ সরকারসহ দুই জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আগামী ১৬ জুলাই তাদেরকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের নেতা গোলাম রাব্বানি বাদী হয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। এতে বলা হয়, 'ভাস্কর্য নিয়ে অপরাজনীতি' শীর্ষক মশাল মিছিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান দেন ইমরান এইচ সরকার। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের মানহানি হয়েছে।
মওদুদের নাইকো মামলার কার্যক্রম ৩ মাস স্থগিত-নয়া দিগন্ত
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে আপিল বিভাগ।ব্যারিস্টার মওদুদ আহমদের আবেদনের প্রেক্ষিতে আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানি করেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
১৫ ফেব্রুয়ারি ও ৫ জানুয়ারির নির্বাচন দেখতে চায় না ইসি : ইসি সচিব-ইত্তেফাক
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এবং ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আগামী একাদশ সংসদ নির্বচান হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
গরুকে জাতীয় পশু করার সুপারিশ-রাজস্থান হাইকোর্টের –আজকাল
কেন্দ্রের কাছে গরুকে জাতীয় পশু করার সুপারিশ করল রাজস্থান হাইকোর্ট। গো হত্যার শাস্তি তিন বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন করতে বলেছে আদালত। রাজস্থানের রাজধানী জয়পুরের কাছে সরকারি হিঙ্গোনিয়া গো শালায় গত বছর ১০০–র বেশি গুরুর মৃত্যু হয়। সেই নিয়ে একটি মামলা দায়ের হয়েছিল রাজস্থান হাইকোর্টে। বুধবার সেই মামলার পর্যবেক্ষণে বিচারপতি মহেশচন্দ্র শর্মা এই সুপারিশ করেন। রাজস্থানের মুখ্যসচিব এবং অ্যাডভোকেট জেনারেলকে বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন তিনি।
গো হত্যার শাস্তি বিভিন্ন রাজ্যে ভিন্ন। রাজস্থানে যেমন গো হত্যার শাস্তি ১০ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানা। গরু, বাছুর, বকনা বাছুর, ষাঁড় এবং বলদ জবাই করা সেখানে নিষিদ্ধ।
আজকালের অন্য একটি খবর- দিল্লি বিধানসভায় আক্রান্ত কপিল মিশ্র
দল থেকে বহিষ্কারের পর প্রথম বিধানসভায় গিয়েছিলেন কপিল মিশ্র। অধিবেশন কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে তাঁর দিকে তেড়ে আসেন আপ বিধায়করা। কপিল মিশ্রকে অধিবেশন কক্ষ থেকে বের করার জন্য মরিয়া হয়ে মারধর শুরু করেন অন্যান্য আপ বিধায়করা। কপিলকে বাঁচাতে এগিয়ে আসেন বিরোধী দলের বিধায়করা। পরিস্থিতি এমনই হয় যে দুই দলের মধ্যে রীতিমত সংঘর্ষ বেধে যায়। ধস্তাধস্তি চলতে থাকে। বেশ কিছুক্ষণ অরাজক পরিস্থিতির পর মার্শাল প্রয়োগ করে অধিবেশনের বাইরে বের করে দেওয়া হয় বহিস্কৃত আপ বিধায়ক কপিল মিশ্রকে। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার কারণেই এই হামলা বলে জানিয়েছেন তিনি। বিধানসভা থেকে বেরিয়ে কপিল মিশ্র বলেন,‘বিধানসভায় আমাকে বলতে না দেওয়ার প্রতিবাদে রামলীলা ময়দানে বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছিলাম। তারপরেই ওঁরা আমার দিকে তেড়ে আসেন, আমার মুখে,বুকে কিল ঘুসি মারতে থাকেন। অনেকে লাথিও মেরেছেন।’ প্রতিবাদে কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবি জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন কপিল।
এই প্রথম নয়, এর আগেও দল থেকে বহিষ্কারের পর নিজের বাড়িতে আনশন আন্দোলন চলাকালীন কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে আক্রান্ত হয়েছিলেন কপিল মিশ্র।
ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলবে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী-সংবাদ প্রতিদিন
অভিভাবকদের অভিযোগকে গুরুত্ব দিয়ে বেসরকারি শিক্ষাতেও ‘ছাত্রবন্ধু’ ব্যবস্থা চালুর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও লাগাম পরাতে শুরু করল রাজ্য সরকার৷ বুধবার টাউন হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে প্রথমেই সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বেসরকারি স্কুলগুলিতে ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলছে৷ এটা চলবে না।
হামলাকারীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভে উত্তাল আইআইটি-মাদ্রাজ-আনন্দবাজার
বিক্ষোভে উত্তাল হয়ে উঠল আইআইটি-মাদ্রাজ ক্যাম্পাস। বিফ ফেস্টিভ্যাল আয়োজন করায় মঙ্গলবার ক্যাম্পাসেই আক্রান্ত হয়েছিলেন পিএইচডি ছাত্র সুরজ আর। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। আজ, বুধবার সেই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হল চেন্নাইয়ের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটিতে। রেভলিউশনারি স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ ফ্রন্ট (আরএসওয়াইএফ)-সহ অন্তত চারটি সংগঠন বিক্ষোভ শুরু করেছে। হামলাকারীদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভে যোগ দিয়েছেন আইআইটি ছাত্রদের বিরাট অংশ। কলেজ গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
গবাদি পশু হত্যার উপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার, তার প্রতিবাদেই আইআইটি-মাদ্রাজ ক্যাম্পাসে বিফ ফেস্ট আয়োজন করেন প্রতিষ্ঠানটির কয়েক জন পড়ুয়া।
টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র-সংবাদ প্রতিদিন
লোকে জানত এখানে টেলিশপিংয়ের কাজ হয়৷ কিন্তু আদতে তার আড়ালেই চলত সেক্স চ্যাট করে টাকা হাতানোর চক্র৷ একেবারে উত্তর ২৪ পরগনা জেলার সদর শহর বারাসতের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে এমনই এক বিরাট মাপের দেহব্যবসা ও প্রতারণাচক্র চালাত এক বেনামী সংস্থা৷ সম্মানজনক চাকরি দেওয়ার নাম করে মহিলাদের ডেকে আনা হত৷ তারপর ফাঁদে ফেলে তাঁদের দিয়ে ফোনে ‘সেক্স চ্যাট’ করতে বাধ্য করা হত বলে অভিযোগ৷ সম্প্রতি এই ফাঁদে পা দিয়েছিলেন ছয় চাকরিপ্রার্থী তরুণী৷ কিন্তু বরাত জোরে বেঁচে যান তাঁরা৷ মঙ্গলবার তাঁদের মাধ্যমেই সেই চক্রের গোপন কারবার ফাঁস হল৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩১