জুন ০১, ২০১৭ ১১:১৪ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১ জুন বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • সাত মাস পর বাসায় ‘অপহৃত’ চিকিৎসক ইকবাল-ইত্তেফাক
  • ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট উপস্থাপন-প্রথম আলো
  • ধর্ষণের আলামত পায়নি ফরেনসিক বিভাগ-কালের কণ্ঠ
  • কক্সবাজারে এখনো নিখোঁজ দেড় শতাধিক জেলে-যুগান্তর
  • ষোড়শ সংশোধনী: আপিলের রায় যেকোনো দিন-মানবজমিন
  • নির্বাচনী বাজেট জনকল্যাণে আসবে না : মির্জা ফখরুল-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • নোট বাতিলে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি, ফেসবুকে কেন্দ্রকে কটাক্ষ মমতার-সংবাদ প্রতিদিন
  • আলোচনার সুযোগ হারিয়েছে পাকিস্তান–আজকাল
  • যাদবকে ছাড়াতে প্রাক্তন পাক গুপ্তচরকে অপহরণ! তথ্য চাইল ইসলামাবাদ-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

বাজেট নিয়ে আজকের সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে লিড শিরোনাম করা হয়েছে। 

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

প্রথম আলোর খবরে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের ৪৬তম, আওয়ামী লীগ সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রীর একাদশ বাজেট প্রস্তাব এটি। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ নাম দিয়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা, যা চলতি অর্থবছরের মূল বাজেট ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা থেকে ২৬ শতাংশ বেশি। 

নির্বাচনি বাজেট জনকল্যাণে আসবে না : মির্জা ফখরুল-নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেয়া বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না। রাজনৈতিক স্বার্থে দেয়া বাজেট বাস্তবায়ন অসম্ভব। এই সরকার সামনে নির্বাচনকে রেখে রাজনৈতিকভাবে বাজেটকে ব্যবহার করছে। কোন কোন খাতে এই ব্যবহার হচ্ছে? স্বাস্থ্যখাতের অবস্থা ভালো না, শিক্ষা খাতের অবস্থা ভালো না।

কক্সবাজারে এখনো নিখোঁজ দেড় শতাধিক জেলে-যুগান্তর

বিস্তারিত খবরে বলা হয়েছে, কক্সবাজারে ঘূর্ণিঝড় মোরার তাণ্ডবে ১১টি মাছ ধরার ট্রলারসহ দেড় শতাধিক জেলে এখনো নিখোঁজ রয়েছে। বোট মালিক সমিতি এবং কোস্টগার্ড নিখোঁজ জেলেদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালাচ্ছে। বুধবার রাতে কুতুবদিয়ার পশ্চিম সাগর থেকে নৌবাহিনী এবং ফিশিং বোটের লোকজন ২৫ জেলেকে উদ্ধার করেছে। তবে নিখোঁজের বিষয়ে কোনো তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আব্দুর রহমান।

সাত মাস পর বাসায় ‘অপহৃত’চিকিৎসক ইকবাল-ইত্তেফাক

‘অপহৃত’চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদ

সাত মাস আগে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে ‘অপহৃত’চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদ লক্ষ্মীপুরে তার বাসায় ফিরেছেন। বুধবার দিবাগত রাতে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের নতুন গো-হাটা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন জানান, রাত সাড়ে ১১ টার দিকে ইকবালকে চোখ বাঁধা অবস্থায় ঢাকা-রায়পুর সড়কের পাশে ফেলে যাওয়া হয়। ২০১৬ সালের ১৫ অক্টোবর রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির মোড় থেকে ইকবাল মাহমুদ অপহৃত হন। বলে পরিবার দাবি করে।

ধর্ষণের আলামত পায়নি ফরেনসিক বিভাগ-কালের কণ্ঠ/প্রথম আলো

ধর্ষণের আলামত পায়নি ফরেনসিক বিভাগ

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ।

আজ রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফরেনসিক রিপোর্ট নিয়ে যান। হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সোহেল মাহমুদ জানান, ধর্ষণের ঘটনায় যেসব আলামত থাকার কথা তার কোনোকিছুই মেলেনি। ৭ মে বনানী থানায় ধর্ষণের মামলায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়।

ষোড়শ সংশোধনী: আপিলের রায় যেকোনো দিন-মানবজমিন

বাংলাদেশের হাইকোর্ট

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর যেকোনো দিন রায় দেবেন আপিল বিভাগ।

আজ ১১তম দিনে শুনানি শেষে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এই শুনানি হয়। বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে পাস হয়। একই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়। সংবিধানের এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন।

শিশুদের শৈশব রক্ষায় বাংলাদেশ পিছিয়ে-কালের কণ্ঠ

শিশুদের শৈশব রক্ষায় বাংলাদেশের ঘাটতি রয়েছে। সম্প্রতি পরিসংখ্যানে প্রকাশ, বাংলাদেশ শিশুদের শৈশব রক্ষায় বিশ্বে ১৩৪ তম। আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘স্টোলেন চাইল্ডহুড রিপোর্ট’ অনুষ্ঠানে এমন তথ্য জানায় সেভ দ্য চিলড্রেন। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং ভারতের পেছনে। তবে নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এগিয়ে।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

নোট বাতিলে ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি, ফেসবুকে কেন্দ্রকে কটাক্ষ মমতার-সংবাদ প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

গত বছরের নভেম্বর মাসে নোট বাতিলের জেরে ধাক্কা খেল দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার। চলতি বছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির বৃদ্ধি ৬.১ শতাংশে নেমেছে। যার জেরে গোটা ২০১৬-১৭ আর্থিক বর্ষের আর্থিক বৃদ্ধির হার নেমেছে ৭.১ শতাংশে। নিজের ফেসবুক পেজে কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেছেন মমতা। তিনি লেখেন, নরেন্দ্র মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধানেতর জেরেই ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি।

আলোচনার সুযোগ হারিয়েছে পাকিস্তান-আজকাল

ভারত সুসম্পর্কই রাখতে চেয়েছিল। কিন্তু পিছন থেকে ছুরি মারা বরাবরের অভ্যেস পাকিস্তানের। নিজেদের দোষেই আলাপ–আলোচনার সুযোগ খুইয়েছে তারা। মন্তব্য কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলির। কেন্দ্রে বিজেপির তিন বছর পূর্তিতে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। সেখানেই সন্ত্রাস নিয়ে পাকিস্তানের বিরুদে তোপ দেগেছেন। তিনি বলেছেন, ‘ক্ষমতায় এসেই পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চেয়েছিলাম আমরা। কিন্তু তার প্রতিদানে পাঠানকোট বায়ুসেনাঘাঁটিতে হামলা ঘটিয়েছে পড়শি দেশ। উরির সেনা ছাউনিতে হামলা চালিয়েছে। আলাপ–আলোচনার যে পরিবেশ তৈরি হয়েছিল, তা অত্যন্ত দক্ষ হাতে শেষ করে দিয়েছে ইসলামাবাদ। 

যাদবকে ছাড়াতে প্রাক্তন পাক গুপ্তচরকে অপহরণ! তথ্য চাইল ইসলামাবাদ-আনন্দবাজার

যাদবকে ছাড়াতে প্রাক্তন পাক গুপ্তচরকে অপহরণ! তথ্য চাইল ইসলামাবা

রাওয়ালপিন্ডি থেকে লাহৌর। সেখান থেকে ওমান হয়ে নেপালের কাঠমান্ডু। তার পর ফের বিমানে ভারত-নেপাল সীমান্ত ঘেঁষা লুম্বিনি। এই লুম্বিনিতে পৌঁছেই হঠাৎ যেন শেষ হয়ে গিয়েছিল পথ। কারণ, তার পর থেকেই আর কোনও খোঁজ মেলেনি পাক সেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মহম্মদ হাবিব জাহিরের।

পাকিস্তানের দাবি, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ লুম্বিনি থেকে তুলে নিয়ে গিয়েছে লেফটেন্যান্ট কর্নেল হাবিব জাহিরকে। কুলভূষণ যাদবকে ছাড়ানোর জন্যই নাকি পণবন্দি করা হয়েছে পাক সেনার ওই প্রাক্তন কর্তাকে। ইসলামাবাদ অন্তত তেমনই বলছে।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১