জুন ০২, ২০১৭ ১২:১৩ Asia/Dhaka

২ জুন শুক্রবারের বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • নারায়ণগঞ্জে রকেট লঞ্চারসহ বিপুল অস্ত্রশস্ত্র: প্রথম আলোসহ গুরুত্বপূর্ণ সকল দৈনিকেই এসেছে খবরটি
  • মধ্যবিত্তের ওপর করের চাপ বাড়বে: প্রথম আলোর আরেকটি শিরোনাম
  • রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে মান্নার নাগরিক ঐক্য: ইত্তেফাক / মানব জমিন
  • জনগণ আমাদের বিরোধী দল মনে করে না: ফিরোজ রশীদ/ মানব জমিনের আরেকটি শিরোনাম
  • আরো কঠোর হলো যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া: সংবাদ প্রতিদিন
  • ‘সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে’: বিএনপি, নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • কমিশন খেও না, প্রশাসনিক বৈঠকে বিধায়ককে ভর্ত্সনা মমতার: আনন্দবাজার পত্রিকা এবং বর্তমান পত্রিকাসহ আরও অনেক পত্রিকায় এসেছে খবরটি।
  • দিনের শুরুতে সীমান্তের ওপার থেকে গুলিবর্ষণ: ভারতের পালটা আঘাতে হত পাঁচ পাকিস্তানি সেনা: বর্তমান পত্রিকা
  • পাকিস্তানকে শিক্ষা দিতে পরমাণু বোমা ফেলার ডাক বিশ্ব হিন্দু পরিষদ নেতার: সংবাদ প্রতিদিন
  • ভারতীয় বংশোদ্ভুত সমকামীই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী: আজকাল‌

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশ

নারায়ণগঞ্জে রকেট লঞ্চারসহ বিপুল অস্ত্রশস্ত্র:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্ধারকৃত গোলাবারুদ

প্রায় সব পত্রিকাতেই এসেছে খবরটি। প্রথম আলো লিখেছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল ৫ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে দুটি রকেট লঞ্চার, অর্ধশতাধিক রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন আজ সকালে প্রথম আলোকে এই তথ্য জানান।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান শুরু হয়। অভিযান এখনো চলছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।

মধ্যবিত্তের ওপর করের চাপ বাড়বে:

সিপিডি’র বাজেট বিশ্লেষণ

এ খবরটিও প্রায় সব পত্রিকাতেই এসেছে। সিপিডি’র বক্তব্য তুলে ধরে প্রথম আলো এই লিখেছে, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করছে, ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সহজে আদায় করা যায় এমন খাতের ওপর কর বাড়ানো হয়েছে। এতে দেশের সৎ করদাতাদের ওপর করের বোঝা বাড়বে। একই সঙ্গে নতুন বাজেট দেশের মধ্যবিত্ত শ্রেণির ওপর করের চাপ বাড়াবে বলেও মনে করে প্রতিষ্ঠানটি।

রাজধানীর গুলশানের লেক শোর হোটেলে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, যেসব খাত থেকে দ্রুত রাজস্ব তোলা যায়, এমন খাত বেছে নিয়ে সেগুলোর কর বাড়ানো হয়েছে। যেমন ব্যাংকে টাকা রাখায় বা বিমানের টিকিট কেনায় কর বাড়ানো হয়েছে। যারা কর না দিয়ে বিদেশে টাকা নিয়ে যায়, তাঁদের ব্যাপারে নীতিগত কোনো কার্যকর অবস্থান না নিয়ে সৎ করদাতাদের ওপর আরও করের বোঝা চাপানো নৈতিকভাবে ঠিক না। করের চাপটা মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তের ওপর বেশি আসবে।

রাজনৈতিক দল হিসেবে নাগরিক ঐক্যের আত্মপ্রকাশ: মানব জমিন

নাগরিক ঐক্য

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে নাগরিক ঐক্য। শুক্রবার নাগরিক ঐক্যের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মান্না বলেন, একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন পারে স্বল্পমেয়াদে দেশকে এ শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে রক্ষা করতে। শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচন হওয়া মানে গণতন্ত্র নয়। কিন্তু এটাও সত্য সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্রের কথা বলাও হাস্যকর। তাই যত দ্রুত সম্ভব এমন একটি নির্বাচনের দাবি জানাচ্ছি।

কল্যাণমুখী, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করে মান্না বলেন, দীর্ঘমেয়াদে এই দেশকে একটি ওয়েলফেয়ার স্টেটে পরিণত করাই আমাদের লক্ষ্য। আর অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গেই মানুষের সুখ নিশ্চিত করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য। সীমাহীন লুটপাটে দেশের মধ্যে বিশাল পরিমাণ দুর্বৃত্ত পুঁজি তৈরি করেছে। যার শেষ পরিণতি বিদেশে পাচার হওয়া।

আরো কঠোর হলো যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া: সংবাদ প্রতিদিন

যুক্তরাষ্ট্রের ভিসা

যুক্তরাষ্ট্রের ভিসা ভেটিং পদ্ধতিতে (আবেদনকারীর পূর্ববর্তী ইতিহাস যাচাই) আগের চেয়ে আরো বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। এক্ষেত্রে ভিসাপ্রার্থীদের নিরাপত্তা পরীক্ষা ও যাচাই-বাছাইয়ের জন্য নতুন একটি প্রশ্নপত্র তৈরি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।  ভিসার আবেদনকারীদের কাছে ওই প্রশ্নপত্রের মাধ্যমে জানতে চাওয়া হবে, গত ৫ বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের তৎপরতা কেমন ছিল। এছাড়া তাদের ১৫ বছরের জীবনযাপনের তথ্যও জমা দিতে বলা হবে।

জনগণ আমাদের বিরোধী দল মনে করে না: ফিরোজ রশীদ

ফিরোজ রশীদ

মানব জমিনের আরেকটি শিরোনাম। সংসদে নিজ দলের ভূমিকা নিয়ে আবারো ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। তিনি বলেছেন, জনগণ আমাদের বিরোধী দল মনে করে না। মনে করবেই বা  কি করে? আমরা কথা বলতে পারি না। আমি ১৭ অনুচ্ছেদের কারণে  নিজ দলের  বিপক্ষে ভোট দিতে পারি না। তিনি বলেন, সরকার হিমালয়ের উপরে উঠে যদি মনে করে আকাশ খুব কাছে। আসলে আকাশ তো কাছে না।

‘সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে’: বিএনপি

বিএনপি

নয়াদিগন্ত জানিয়েছে,সদ্যঘোষিত বাজেট প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, এটা জনগণের বাজেট নয়, বাংলাদেশের টাকা চুরি করে সরকারের এমপি মন্ত্রীদের বিদেশে বাড়ি করার বাজেট। বর্তমান অবৈধ সরকার আগামী দিনে আবার লুটপাট করার জন্য গতকাল উচ্চাভিলাষী বাজেট দিয়েছে। এটা সাধারণ জনগণের বাজেট নয়। বাংলাদেশের টাকা চুরি করে সরকারের এমপি মন্ত্রীদের বিদেশে বাড়ি করার বাজেট। সেইসাথে বর্তমান সরকারকে আগামী নির্বাচন সহায়ক সরকারের অধীনে দিতে বাধ্য করা হবে বলে তিনি মন্তব্য করেন।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কমিশন খেও না, প্রশাসনিক বৈঠকে বিধায়ককে ভর্ত্সনা মমতার!: আনন্দবাজার পত্রিকা

মমতা বন্দ্যোপাধ্যায়

দু’দিন আগে ব্যারাকপুরে প্রশাসনিক বৈঠকে তিনি দলের নেতাদের দাঁড় করিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সতর্ক করেছিলেন। বৃহস্পতিবার হুগলির প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দাগলেন দলের এক শ্রেণির নেতার ‘কমিশন’ খাওয়া নিয়ে।

এ দিন তারকেশ্বর ডিগ্রি কলেজের ওই বৈঠকে কিছুটা আবদারের সুরে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত (তপন) মজুমদার বলতে শুরু করেন, “চুঁচুড়ায় আমি একটা স্টেডিয়াম করছি। বাজেট ২১ কোটি টাকা। পাঁচ কোটি রাজ্যসভার এক সাংসদ দিয়েছেন। কাজ শেষ করতে আরও টাকা প্রয়োজন।”

স্টেডিয়ামের বাজেট শুনেই মুখ্যমন্ত্রী মেজাজ সপ্তমে তুলে বিধায়কের উদ্দেশে বললেন, ‘‘একদম বাজে কথা বলবে না। কমিশন খেও না। তা হলেও স্টেডিয়ামটা হয়ে যাবে। সব কিছুর একটা সীমা আছে।’

দিনের শুরুতে সীমান্তের ওপার থেকে গুলিবর্ষণ: ভারতের পালটা আঘাতে হত পাঁচ পাকিস্তানি সেনা: বর্তমান পত্রিকা

অরুণ জেটলি

জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও সীমান্ত বরাবর একের পর এক সেক্টরে চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে রীতিমতো গুলি, মর্টার, গ্রেনেডের লড়াই। সেই উত্তপ্ত আবহে পাকিস্তানের লাগাতার আগ্রাসী আক্রমণের সবথেকে কঠোর জবাব আজ ভারত দিয়েছে। ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে রজৌরি জেলার নৌসেরা সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ৫ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। এরা প্রত্যেকেই পাকিস্তানের সেনাবাহিনীর কোর ফোর্সের অন্তর্গত বর্ডার অ্যাকশন টিমের সদস্য (ব্যাট)। আহত হয়েছে আরও ৬ জন। একদিকে আজ যখন কাশ্মীর সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তখন দিল্লিতে প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কোনওরকম কথা বলার মতো অবস্থা এখন নয়। 

পাকিস্তানকে শিক্ষা দিতে পরমাণু বোমা ফেলার ডাক বিশ্ব হিন্দু পরিষদ নেতার: সংবাদ প্রতিদিন

দেশের শান্তি বজায় রাখতে হলে পাকিস্তানে ফেলা হোক পরমাণু বোমা। লাগাতার সন্ত্রাস রুখতেই এই দাওয়াই দিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ নেতা আচার্য ধর্মেন্দ্র। তাঁর মতে, এভাবেই দেশের শান্তি-শঙ্খলা বজায় রাখা সম্ভব।

প্রতিবেশী দেশ নয়, পাকিস্তানকে শত্রু দেশ হিসেবে ব্যাখ্যা করেছেন বর্ষীয়াণ ভিএইচপি নেতা। তাঁর কথায়, সন্ত্রাসের আঁতুরঘর পাক মুলুক। সেখানে পরমাণু বোমা ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

ভারতীয় বংশোদ্ভুত সমকামীই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী: আজকাল‌

লিও ভারাদকার

ইতিহাস বলে ইতিহাস। মাত্র ৩৮ বছর বয়সে ভারতীয় বংশোদ্ভুত চিকিৎসক লিও ভারাদকার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। তিনিই হবেন বিশ্বের তরুণতম প্রধানমন্ত্রী। ভারতীয় শরণার্থী বাবা আর আইরিশ মায়ের সন্তান ভারাদকার ২২ বছর বয়সে রাজনীতিতে আসেন। ২৭ বছর বয়সে সাংসদ হন। ৩৬ বছর বয়স বয়সে প্রকাশ্যে স্বীকার করেন তিনি সমকামি। ভারাদকার এখন সামাজিক নিরাপত্তা মন্ত্রী।

পার্সটুডে/নাসির মাহমুদ/২